
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের নবগঠিত কমিটির নেতাদের মিষ্টিমুখ করাচ্ছেন উপাচার্য—এমন একটি ছবি পত্রিকায় প্রকাশিত হয়েছে। সংগঠনকে গতিশীল করার জন্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে সম্প্রতি। তাতে সংগঠনের গতি তো বাড়েইনি বরং বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেন ভাঙচুর করে তার গতি থামিয়ে দিয়ে সাধারণ শিক্ষার্থীদের ভীতি-আতঙ্ক ও ভোগান্তির মধ্যে ফেলেছেন নতুন কমিটিতে পদবঞ্চিত ছাত্রলীগের নেতা-কর্মীরা। নতুন কমিটিতে যাঁরা পদ পেয়েছেন তাঁরা আনন্দ মিছিল নিয়ে সৌজন্য সাক্ষাৎ করতে গেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে। উপাচার্য ইফতেখার চৌধুরী নবগঠিত কমিটির ‘ত্যাগী, পরিচ্ছন্ন, যোগ্য ও মেধাবী’ নেতাদের অভিনন্দন জানিয়েছেন। এই সৌজন্য সাক্ষাতের সময় সেখানে বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য, প্রক্টর, রেজিস্ট্রার ও পুলিশের কয়েকজন কর্মকর্তাও উপস্থিত ছিলেন।
যখন ছাত্রলীগের নবগঠিত কমিটির নেতা-কর্মীদের সঙ্গে উপাচার্য ‘আনন্দঘন সময়’ অতিবাহিত করছিলেন, তখন ক্যাম্পাসে সাধারণ ছাত্রছাত্রীরা ছিলেন অস্থিরতা ও আতঙ্কের মধ্যে। রোম শহরে অগ্নিকাণ্ডের সময় নিরোর বংশীবাদনের কথাটি এ প্রসঙ্গে মনে পড়ে যায়। এর আগের দিন বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেনে দফায় দফায় হামলা হয়েছে, এমনকি ট্রেনের চালককে ধরে নিয়ে গেছেন ছাত্রলীগের পদবঞ্চিত নেতা-কর্মীরা। রাতে ছাত্রাবাসগুলোতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে, গোলাগুলি হয়েছে। এত কিছুর মধ্যে ছাত্রলীগ নেতাদের সঙ্গে উপাচাের্যর মিষ্টিমুখ পর্ব ও সৌজন্য সাক্ষাতে মিলিত হওয়া ও তাদের অভিনন্দিত করার ঘটনায় তার দৃঢ়চিত্ততার প্রমাণ মেলে না। বরং সরকারি দলের ছাত্রসংগঠনের কাছে একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নির্বাহী ও প্রশাসনের অসহায়ত্ব ও নতজানু মানসিকতার পরিচয়কেই যেন তুলে ধরে।
এদিকে কমিটি নিয়ে অচলাবস্থা দূর করতে ঢাকা থেকে ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক ছুটে এসেছেন চট্টগ্রামে। তাঁরা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের সঙ্গে আলোচনা করেছেন এবং দুই পক্ষের কাছ থেকেই পদবঞ্চিতদের নামের তালিকা সংগ্রহ করেছেন। এতে পরিষ্কার বোঝা যায়, মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের অনুসারীরা দুভাগে বিভক্ত। যাঁরা ছাত্রলীগের অভিভাবক তাঁদের মধ্যেই যদি বিভক্তি থাকে, তাহলে অনুসারী তরুণ ছাত্রদের মধ্যে বিভক্তি, কোন্দল ও সংঘর্ষ যে সহজে দূর হওয়ার নয়—এ কথা সহজেই অনুমেয়। ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে বেশ কিছু সংঘাতের ঘটনার সাক্ষী হতে হয়েছে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-শিক্ষক-অভিভাবকদের। প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রের নিহত হওয়ার ঘটনা তারই সাম্প্রতিক দৃষ্টান্ত।
ছাত্রলীগের কেন্দ্রীয় নেতারা বিশ্ববিদ্যালয়ের পদবঞ্চিতদের কয়েকজনকে নবগঠিত কমিটিতে স্থান দেওয়ার আশ্বাস দিয়েছেন। বিনিময়ে পদবঞ্চিতরা তাঁদের কৃতকর্মের জন্য লিখিতভাবে দুঃখ প্রকাশ করেছেন। বিশ্ববিদ্যালয়ের সাধারণ ছাত্রছাত্রী, প্রশাসন ও রেলওয়ের কর্মীদের কাছে ক্ষমা প্রার্থনা করেছেন। সন্তুষ্ট হয়ে হয়তো ফিরে গেছেন ছাত্রলীগের কেন্দ্রীয় নেতারা। কিন্তু এই আপাত-সমাধান কত দিন ক্যাম্পাসকে শান্ত রাখবে আমরা জানি না। কারণ, এর আগে ছাত্রলীগের অন্তর্দলীয় কোন্দলের কারণে বারবার অশান্ত হয়েছে ক্যাম্পাস। শিক্ষাজীবন ব্যাহত হয়েছে শিক্ষার্থীদের।
বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেনের বগিভিত্তিক নানা নামের সংগঠনগুলো নিষিদ্ধ করেছেন ছাত্রলীগের কেন্দ্রীয় নেতারা। এই সংগঠনগুলো দিনের পর দিন নিজেদের মধ্যে দলাদলি ও সংঘর্ষে লিপ্ত হয়ে সাধারণ শিক্ষার্থীদের জীবনকে দুর্বিষহ করে তুলেছে। কেন্দ্রীয় কমিটির নেতাদের নির্দেশ কতটা অনুসৃত হবে জানি না। তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বারবার উদ্যোগ নিয়েও যে এই সংগঠনগুলোর দৌরাত্ম্য কমাতে পারেনি, সেটা আমরা দেখেছি।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের বক্তব্যে এ বিষয়ে তাঁদের অসহায়ত্বের দিকটি প্রকাশ পায়। ছাত্রলীগের কেন্দ্রীয় নেতাদের সিদ্ধান্তকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেছেন, ‘বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ছাত্রলীগের নেতা-কর্মীদের বগিভিত্তিক রাজনীতি থেকে দূরে রাখার চেষ্টা করেও সফল হয়নি। তাই কেন্দ্রীয় ছাত্রলীগ এ ক্ষেত্রে যে সিদ্ধান্ত নিয়েছে তা অত্যন্ত সময়োপযোগী।’ এই বক্তব্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অসহায়ত্বের দিকটিকে আরও একবার তুলে ধরল।
চট্টগ্রাম সরকারি কলেজের অবস্থা আরও খারাপ। দীর্ঘকাল এই কলেজে ছাত্রশিবিরের একাধিপত্য কায়েম ছিল। অন্য কোনো ছাত্রসংগঠনকে কোনো ধরনের তৎপরতা চালাতে দেয়নি তারা, বরং ভর্তি-বাণিজ্য, কোচিং ব্যবসা, সাংস্কৃতিক কর্মকাণ্ডে নিষেধাজ্ঞা আরোপসহ অনেক অভিযোগ আছে তাদের বিরুদ্ধে। ছাত্রাবাসগুলো তাদের ঘাঁটিতে পরিণত হয়েছিল তো বটেই, আশপাশের এলাকায় বাড়ি ভাড়া নিয়ে মেসে নিজেদের ছাত্রদের আবাসনের ব্যবস্থা করে কার্যত পুরো এলাকার ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছিল ছাত্রশিবির।
আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরও দীর্ঘদিন এই কলেজে নিজেদের অবস্থান ধরে রাখতে সক্ষম হয়েছিল তারা। অতঃপর ২০১৫ সালের ১৬ ডিসেম্বর বিজয় দিবসের দিনে ছাত্রলীগ এই কলেজের দখল নেয়। শিবির বিতাড়িত হওয়ার পর কিছুদিন ছাত্র ইউনিয়ন, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টসহ বেশ কিছু রাজনৈতিক-সাংস্কৃতিক সংগঠনের তৎপরতা দৃষ্টিগোচর হলে মনে হয়েছিল চট্টগ্রাম কলেজে সুষ্ঠু ছাত্ররাজনীতি ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের সুষ্ঠু ধারা ফিরে আসবে। কিন্তু ছাত্রলীগের অন্তর্কোন্দলের কারণে সেই সুষ্ঠু বাতাবরণ তো ফিরে আসেইনি বরং পরিস্থিতি আগের চেয়েও খারাপ হয়েছে।
সম্প্রতি দলীয় শৃঙ্খলা ভাঙার অভিযোগে মহানগর ছাত্রলীগের একজন সহসভাপতিকে বহিষ্কার করা হলে চট্টগ্রাম কলেজের সামনে সড়ক অবরোধ করেছে ছাত্রলীগের একাংশ। এতে দীর্ঘ সময় কলেজের শিক্ষার্থী তো বটেই এলাকাবাসী ও পথচারীদের চরম ভোগান্তি ও ভীতিকর পরিস্থিতির শিকার হতে হয়েছে। অবরোধের সময় চট্টগ্রাম কলেজ ও মুহসীন কলেজে ঢুকে ভাঙচুর করেন বহিষ্কৃত ছাত্রনেতার অনুসারীরা। পরদিন অবশ্য অপরপক্ষ মানববন্ধন করতে গেলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। মহানগর ছাত্রলীগের কোনো নেতা বা কর্মী তাঁদের ভাষায় ‘অন্যায়ভাবে বহিষ্কৃত’ হলে তার বিরুদ্ধে দলীয় কার্যালয়ে গিয়ে এর প্রতিবাদ জানাতে পারত অনুসারীরা; কিন্তু শিক্ষার্থীদের নিয়মিত শিক্ষা কার্যক্রমে বিঘ্ন ঘটানোর কী যুক্তি থাকতে পারে—এ প্রশ্ন প্রায় অরণ্যে রোদনের সমার্থক।
নানা কারণে হতাশ ছাত্র-তরুণদের একটি ক্ষুদ্র অংশ হলেও যে আজ জঙ্গিবাদের বিভ্রান্তির ফাঁদে পা দিচ্ছে, ছাত্ররাজনীতির সাম্প্রতিক নৈরাজ্যকর চিত্র তার অন্যতম কারণ কি না, ভেবে দেখার সময় এসেছে। ছাত্রলীগের মতো সংগঠনগুলোর কর্মকাণ্ডে সৃজনশীলতার অভাব, আদর্শ ও লক্ষ্যহীনতা, অন্তর্দলীয় কোন্দল ও পদপ্রাপ্তির জন্য খেয়োখেয়ি ইত্যাদি দেখে সত্যিকারের মেধাবী তরুণ শিক্ষার্থীরা কি এই রাজনীতির প্রতি আকর্ষণ বোধ করবে?
বিশ্বজিৎ চৌধুরী: কবি, লেখক ও সাংবাদিক।
[email protected]