ছাপা পত্রিকার যুগ পেরিয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সংবাদমাধ্যম
সংবাদমাধ্যম

গত জুনে দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত ওয়ার্ল্ড জার্নালিস্ট কনফারেন্সের মূল থিম ছিল শান্তিপূর্ণভাবে দুই কোরিয়ার এক হওয়া। কিন্তু জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অব কোরিয়ার আয়োজনে যে সম্মেলনে ৫০টি দেশের শ খানেক সাংবাদিক যোগ দিয়েছিলেন, সেখানে গণমাধ্যম বা সাংবাদিকতার ভবিষ্যৎ নিয়ে কোনো আলোচনা হবে না, তা কি হয়! বিশেষ করে ইন্টারনেট, অনলাইন ও ডিজিটাল মিডিয়ার যুগে সাংবাদিকতা যখন বড় এক পরিবর্তন ও এর ভবিষ্যৎ যখন প্রশ্নের মুখোমুখি এসে দাঁড়িয়েছে।
সাংবাদিকতা এখন সত্যিই এক নতুন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। প্রচারসংখ্যা কমে যাওয়া, খরচ চলার মতো বিজ্ঞাপন না পাওয়া ইত্যাদি কারণে যখন অনেক ছাপা কাগজ বন্ধ হয়ে যাচ্ছে, তখন বাজফিড-এর মতো সোশ্যাল শেয়ারিং নিউজ সাইটগুলো হয়তো উদ্যোক্তাদের পুঁজি জোগান দেওয়ার প্রতিষ্ঠান বা ভেনচার ক্যাপিটাল ফার্মগুলো থেকে লাখ লাখ ডলার তুলছে। প্রচলিত অনেক পত্রপত্রিকা নিউজ ওয়েবসাইটের মাধ্যমে যথেষ্ট গ্রাহক বা পাঠক আকৃষ্ট করতে পারলেও এ থেকে এখনো অর্থ আয়ের এমন পথ বের হয়নি, যাতে নিশ্চিন্তে টিকে থাকা যাবে। সাংবাদিকতা ও সাংবাদিকদের তবে হবে কী?
দক্ষিণ আফ্রিকার সেকুনজালো ইনডিপেনডেন্ট পত্রিকার নাইট নিউজ এডিটর কার্লো লেসলি ক্যাম্পবেল সেখানকার সংবাদপত্রের বর্তমান পরিস্থিতি নিয়ে যা তুলে ধরেছেন, তা অনেকটা এ রকম: দক্ষিণ আফ্রিকার এখনকার গণতান্ত্রিক সরকার গণমাধ্যমকে চেপে ধরার চেষ্টা করেও সফল হয়নি, সাংবাদিকেরা এখন অনেকটা বাধাহীনভাবেই কাজ করতে পারছেন। কিন্তু ছাপা সংবাদপত্র এখন এমন পরিস্থিতির মুখোমুখি, যা সরকারের দমনপীড়নের চেয়েও বড় দুঃস্বপ্নের কারণ হয়ে দাঁড়িয়েছে। ইন্টারনেট এবং এই মাধ্যমে দ্রুত ও ব্যাপকভাবে গজিয়ে ওঠা তাৎক্ষণিক নিউজ সাইটগুলো পত্রিকাগুলোর সার্কুলেশন খেয়ে ফেলছে এবং এমন একটি ধারণা তৈরি হচ্ছে যে পেশাগত সাংবাদিকতা কার্যত অপ্রয়োজনীয় হয়ে পড়েছে।
দক্ষিণ আফ্রিকার এই সাংবাদিক তাঁর লিখিত বক্তব্য শেষ করেছেন এভাবে: ‘ইতিমধ্যে প্রধান প্রধান মিডিয়া হাউসগুলো সংবাদ বা প্রতিবেদনে অডিও ও ভিডিও ঢোকানোর জন্য তাদের প্রতিবেদকদের কারিগরিভাবে দক্ষ করে তুলছে, যাতে একজন অনলাইন পাঠককে বাড়তি কিছু দেওয়া যায়। আমাদের প্রতিবেদকেরা এখন টুইটার ব্যবহার করেন এবং পত্রিকা কর্তৃপক্ষ ফেসবুক পেজ চালায়। কিন্তু এখনো আমাদের পুরোনো সংবাদপত্র সূত্রেই টাকাপয়সা আসে এবং তা থেকেই আমরা বেতন পাই।’
সংবাদপত্রের এই দুরবস্থা বিশ্বের সব দেশই টের পেতে শুরু করেছে। একদিকে প্রথাগত সংবাদপত্র, অন্যদিকে ইন্টারনেট ও নিউ মিডিয়ার বিকাশের এই সময়টি বড়ই গোলমেলে। প্রযুক্তিতে এগিয়ে থাকা বা নতুন মিডিয়ার চ্যালেঞ্জ আগেই টের পেতে শুরু করেছে, এমন উন্নত দুনিয়াতেও এখনো পথ খুঁজে ফেরা চলছে। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন সিটি পোস্ট পত্রিকার প্রতিবেদক অ্যারন মিশেল ওয়েনার সম্মেলনে দেওয়া তাঁর লিখিত বক্তব্যে বলেছেন, বিশ্বের অন্যান্য জায়গার মতো যুক্তরাষ্ট্রের সংবাদপত্রও ইন্টারনেটের যুগে একই চ্যালেঞ্জের মুখোমুখি। ২৪ ঘণ্টা খবর দেওয়া মাধ্যমটির সঙ্গে প্রতিযোগিতার পাশাপাশি অর্থ রোজগারের দিকটি নিয়েও সংগ্রাম করতে হচ্ছে। এখন পর্যন্ত কেউ এর যথাযথ ও কার্যকর কোনো সমাধান দিতে পারেনি।
‘জার্নালিজম ইন এ ডিজিটাল এজ’ শিরোনামে বছর পনেরো আগে এক লেখা লিখেছিলেন নিউজউইক ও এবিসি সংবাদমাধ্যমের সাবেক সাংবাদিক ক্রিস্টোফার হার্পার। ইন্টারনেট প্রযুক্তি বিকাশের সঙ্গে সঙ্গে প্রথাগত সংবাদপত্রগুলো কীভাবে এর সঙ্গে খাপ খাওয়ানোর চেষ্টা করছে, সে প্রসঙ্গে তিনি যুক্তরাষ্ট্রের শিকাগো ট্রিবিউন পত্রিকার উদাহরণ টেনেছেন। ছাপা পত্রিকার পাশাপাশি সেই ১৯৯৬ সালেই তারা ডিজিটাল প্রকাশনার প্রতি মনোযোগী হয়। ইন্টারনেট সংস্করণের জন্য তাদের প্রতিবেদকেরা ছাপা পত্রিকার মতো একই গুরুত্ব দিয়ে কাজ শুরু করে। প্রতিবেদকেরা প্রতিবেদন লেখা, ছবি তোলা, ভিডিও ক্যামেরা চালানো—সবই একসঙ্গে করতে শুরু করেন এবং ইন্টারনেট সংস্করণে দিতে শুরু করেন। ছাপা সংস্করণের সব ধরনের খবরের পাশাপাশি বাড়তি তথ্যানুসন্ধানী প্রতিবেদন, প্রযুক্তির খবর, গেমস, তর্কবিতর্কের জন্য গ্রুপ তৈরিসহ নানা কিছু দিতে শুরু করে। ইন্টারনেট সংস্করণে একই মিডিয়া গ্রুপের রেডিও ও টিভি স্টেশনের অডিও ও ভিডিও যুক্ত করে দিতে শুরু করে। এভাবেই শিকাগো ট্রিবিউন পত্রিকাটি বাণিজ্যিক অনলাইন সংবাদপত্র হিসেবে নিজের জায়গা করে নেয়। গ্রাহক হয়ে অর্থ দিয়ে অনলাইনের পত্রিকাটি পড়তে হয়।
হার্পার শিকাগো ট্রিবিউন পত্রিকার যে উদাহরণ দিয়েছেন, তাতে মনে হচ্ছে, পত্রিকার ছাপা সংস্করণ, এর সঙ্গে

অনলাইন সংস্করণ, যেখানে থাকবে অডিও-ভিডিও সবই, থাকবে পাঠক-গ্রাহকদের মতামত দেওয়া, আলোচনা ও তর্কবিতর্কে অংশ নেওয়ার সুযোগ। এই সমন্বয়ই মনে হচ্ছে পত্রিকার সামনের ভবিষ্যৎ।
অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের রয়টার্স ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অব জার্নালিজমের ‘ডিজিটাল নিউজ রিপোর্ট ২০১৪’-এ যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, ইতালি, স্পেন, ডেনমার্ক, জাপান ও ব্রাজিলের শহরাঞ্চলের গ্রাহকদের অনলাইন সংবাদ গ্রহণ, এর ধারা ও পরিবর্তনের বিষয়গুলো তুলনা করা হয়েছে। সমীক্ষাটি বলছে, খবর পাওয়ার জন্য স্মার্টফোন ও ট্যাবলেটের ব্যবহার উল্লেখযোগ্য হারে বেড়েছে। খুব কম মানুষই এখন খবরের জন্য কম্পিউটার ব্যবহার করছে। ২০ শতাংশ মানুষ বলছেন, মুঠোফোনই হচ্ছে খবর পাওয়ার ক্ষেত্রে তাঁদের প্রাথমিক সোর্স। ডিজিটাল খবরের জন্য অর্থ খরচ করে গ্রাহক হওয়ার সংখ্যা বাড়েনি। আর সামাজিক যোগাযোগমাধ্যমগুলোর মধ্যে খবর পাওয়ার জন্য সবখানেই সবচেয়ে গুরুত্বপূর্ণ উৎস হচ্ছে ফেসবুক। সমীক্ষাটি বলছে, মার্কিনরা ছাড়া আর সব দেশের সংবাদ গ্রাহকদের কাছে খবরের নিরপেক্ষতাই সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং খবরের বাজারে পুরোনো ব্র্যান্ডগুলোই (পত্রিকা, অনলাইন, টিভি-রেডিও মিলিয়ে গড়ে ওঠা প্রতিষ্ঠান) শক্তিশালী অবস্থান ধরে রেখেছে। হাফিংটন পোস্ট, বাজফিড বা আপওয়ার্দির মতো মার্কিন সোশ্যাল শেয়ারিং নিউজ সাইটগুলো বাইরের দুনিয়ায়ও নতুন ধারা ও নতুনদের মুখপত্র হিসেবে তরুণদের কাছে জনপ্রিয় হচ্ছে। সমীক্ষা বলছে, বিনোদন সংবাদের চেয়েও উদ্ভট খবর (অড বা বিজার নিউজ) এখন বেশি জনপ্রিয়তা পাচ্ছে।
বিবিসি নিউজ ওয়েবসাইটের প্রতিষ্ঠাতাদের একজন নিক নিউম্যান বর্তমানে রয়টার্স ইনস্টিটিউটের ভিজিটিং রিসার্চ ফেলো হিসেবে কাজ করছেন। এই সমীক্ষার সঙ্গে তিনি যুক্ত ছিলেন এবং ভূমিকাটিও তাঁর লেখা। সেখানে তিনি লিখেছেন, সংবাদ পাওয়ার মাধ্যম বা উপায়গুলো হয়তো দিনে দিনে বদলে যাচ্ছে বা খবর দেওয়ার জন্য নতুন ব্র্যান্ড হয়তো তৈরি হচ্ছে কিন্তু বিশ্বাসযোগ্যতা, তাৎক্ষণিকতা ও প্রাসঙ্গিকতার বিষয়টি এখনো সাফল্যের মূল উপাদান হিসেবে বিবেচিত হচ্ছে। দক্ষিণ আফ্রিকার সাংবাদিক কার্লো লেসলি ক্যাম্পবেল ‘পেশাগত সাংবাদিকতা কার্যত অপ্রয়োজনীয় হয়ে পড়েছে’ বলে যে ভয়ের কথা প্রকাশ করেছেন, রয়টার্স ইনস্টিটিউটের সমীক্ষা তা কিছুটা হলেও দূর করছে।
সাংবাদিকতার গুণগত দিকের ভবিষ্যৎ নিয়ে দ্য টাইমস-এর সাবেক সম্পাদক ও বর্তমানে লন্ডনের সিটি ইউনিভার্সিটির অধ্যাপক জর্জ ব্রুকের লেখা বই আউট অব প্রিন্ট: নিউজপেপারস, জার্নালিজম, অ্যান্ড দ্য বিজনেস অব নিউজ ইন দ্য ডিজিটাল এজ। বইটিতে তিনি ডিজিটাল বা ভবিষ্যৎ সাংবাদিকতার ক্ষেত্রে যে চারটি মূল করণীয় দিক তুলে ধরেছেন, তা বর্তমান পেশাগত সাংবাদিকতার খুব বাইরের কিছু নয়। এগুলো হচ্ছে ১. তথ্য যাচাই, মানে কোনো ঘটনার সত্যতা সম্পর্কে পুরোপুরি নিশ্চিত হওয়া; ২. যথার্থতা নিশ্চিত করা, মানে কোন খবরটি দেওয়া হবে এবং কেন দেওয়া হবে বা হবে না, তার বিচার-বিবেচনা করতে পারা; ৩. সাক্ষ্য–প্রমাণ, তথ্যের সপক্ষে সাক্ষ্য–প্রমাণ হাজির করা, বিশেষ করে ডিজিটাল টেকনোলজির যেকোনো মাধ্যমে প্রতক্ষ্যদর্শীদের বয়ান হাজির করা; ৪. অনুসন্ধান, এ জন্য দক্ষতা, অভিজ্ঞতা, ধৈর্য এবং লুকানো তথ্য প্রকাশ করার মতো সোর্সকে কাজে লাগাতে হবে। তিনি মনে করেন, সাংবাদিকতায় যুক্ত গোষ্ঠী ও প্রতিষ্ঠান এবং প্রশিক্ষিত ও অভিজ্ঞতাসম্পন্ন ব্যক্তিরাই এই চারটি ক্ষেত্রে ভালো করবেন। কারণ, তাঁরা যা দেবেন, একজন ক্রেতা, পাঠক বা গ্রাহক তাঁর ওপর অব্যাহতভাবে এবং নিশ্চিন্তে আস্থা রাখতে পারবেন।
ফলে বিষয়টি এমন দাঁড়াচ্ছে যে পত্রিকা, সংবাদ বা তথ্য পাওয়ার মাধ্যম যে রূপই নিক না কেন সাংবাদিকতা, এর মান, বিশ্বাসযোগ্যতা ও গ্রহণযোগ্যতার বিষয়গুলো একইভাবে গুরুত্বপূর্ণ ও জরুরি বিষয় হিসেবেই থেকে যাবে। পেশাগত সাংবাদিকতার প্রয়োজনীয়তা ও এর ভবিষ্যৎ নিয়ে নাহয় আশ্বস্ত হওয়া গেল, কিন্তু টাকাপয়সা আয়ের পথটি কী হবে? আউট অব প্রিন্ট বইয়ে জর্জ ব্রুক সম্ভাব্য নির্দিষ্ট কোনো সমাধানের পথ দেখাতে পারেননি কারণ, দ্রুত বদলের মধ্য দিয়ে যাওয়া ডিজিটাল যুগ সম্পর্কে এখনো অনেক কিছু জানার বাকি আছে। নতুন যুগের সংবাদমাধ্যমের জন্য একটি ‘টেকসই বিজনেস মডেল’ এখনো তৈরি হওয়ার প্রক্রিয়ার মধ্যে রয়েছে। তিনি মনে করেন, বাজার ও সংস্কৃতিভেদে তা ভিন্ন ভিন্ন হতে পারে৷
এ কে এম জাকারিয়া: সাংবাদিক।
[email protected]