১৯৭৪ সালের ১৬ মে বাংলাদেশ ও ভারতের প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান ও ইন্দিরা গান্ধী যখন স্থলসীমান্ত চুক্তি স্বাক্ষর করেন, তখন এ কথা তাঁদের কল্পনায়ও ছিল বলে মনে হয় না যে এই চুক্তিতে ৪০ বছর ধরে ধূলি জমবে এবং দুই দেশের হাজার হাজার নাগরিককে কয়েক প্রজন্ম ধরে অপেক্ষায় থাকতে হবে তাদের নাগরিকত্বের প্রশ্ন সমাধানের জন্য। ‘ছিটমহল’-এ জীবনযাপনের অভিজ্ঞতা যদিও এসব মানুষের কাছে নতুন কিছু ছিল না এবং যদিও তাদের পূর্বসূরিরা এই বেদনাদায়ক অস্বাভাবিক জীবনযাপনকে ‘স্বাভাবিক’ বলেই মেনে নিতে বাধ্য হয়েছিল, তার পরও বাংলাদেশের অভ্যুদয় সত্ত্বেও তাদের ভাগ্য বদলাবে না, এটা তারা নিশ্চয় আশা করেনি। এই ছিটমহলগুলো তৈরির ইতিহাস দীর্ঘ, এক অর্থে মোগল আমলেই তার সূচনা হয় (উৎসাহী পাঠকেরা এ বিষয়ে সংক্ষিপ্ত ইতিহাসের জন্য পড়তে পারেন ভিলেম ভ্যান স্যান্ডালের লেখা গবেষণা প্রবন্ধ, ‘স্টেটলেস ইন সাউথ এশিয়া: দ্য মেকিং অব দি ইন্ডিয়া-বাংলাদেশ আনক্লেভ’, জার্নাল অব এশিয়ান স্টাডিজ, ফেব্রুয়ারি ২০০২)। তবে ১৯৭৪ সালের চুক্তি ছিটমহলের মানুষের মনে এই আশা দৃঢ় করেছিল যে এই অবস্থার স্থায়ী সমাধান সম্ভব। বাংলাদেশের জাতীয় সংসদ যখন এই চুক্তি অনুমোদন করে, তখন এই প্রত্যাশা আরও জোরদার হয়। কিন্তু চুক্তি বাস্তবায়নে ভারতের অনীহার মাত্রায় তারতম্য ঘটেনি—সরকার, প্রধানমন্ত্রী, সরকারি দল বদল হলেও। উপরন্তু চুক্তি ও চুক্তি বাস্তবায়ন প্রশ্ন রাজনীতির দাবাখেলায় ব্যবহৃত হয়েছে। এই নিয়ে বাংলাদেশের দুই প্রধান দল আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে বাক্যবিনিময়, অঙ্গুলিসংকেত, বাগ্যুদ্ধ—সবকিছুই হয়েছে, তবে এর বাস্তবায়ন বিষয়ে কেউই নেতিবাচক অবস্থান নেয়নি। কেউ কখনো বলেনি যে ভারত এই চুক্তি অনুমোদন ও বাস্তবায়ন না করায় তারা খুশি। এক অর্থে যে গুটিকয় বিষয়ে বাংলাদেশের সব দল একমত, তার একটি হচ্ছে এই চুক্তি। তবে এটাও সত্য যে বাংলাদেশের রাজনীতিতে ভারতবিরোধিতার একটি উপাদান হিসেবে এই চুক্তি ব্যবহৃত হয়েছে। ভারত যে কেবল বাংলাদেশের ন্যায্য দাবিই উপেক্ষা করে তা নয়, সে এমনকি চুক্তি করেও তা পালনে অনাগ্রহী, সেটার উদাহরণ হিসেবে সহজেই এর কথা উল্লেখিত হয়েছে।
এখন এ অবস্থার অবসান হবে বলেই আমরা নিশ্চিত হতে পারি। কারণ, ভারতের ক্ষমতাসীন বিজেপি যে সব সময় এ চুক্তির বিরোধিতা করে এসেছে, তার অতীত অবস্থান থেকে সরে এসে সিদ্ধান্ত নিয়েছে যে সংসদে এ জন্য সংবিধানের সংশোধনী প্রস্তাব উত্থাপন করবে। সংসদের উভয় কক্ষেই এ বিল যে পাস হবে তা বলাই বাহুল্য, প্রয়োজনীয় দুই-তৃতীয়াংশ সমর্থন দুই কক্ষেই রয়েছে। তার কারণ, বিরোধী দল কংগ্রেস একে সমর্থন করবে। তা ছাড়া বিলের আরেক বিরোধী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস আপত্তি তুলে নিয়েছে। কংগ্রেস শাসনের শেষ দিকে, ২০১৩ সালের ডিসেম্বরে, এই বিল উত্থাপনে বিজেপি বাধা দিয়েছিল। এ বছরের ১ ডিসেম্বর কংগ্রেস ক্ষমতাসীন বিজেপির সমালোচনা করে ছে মাহিনে পার, ইউ টার্ন সরকার (ছয় মাস পর, ইউ টার্ন সরকার) শিরোনামে যে পুস্তিকা প্রকাশ করেছে, তাতে বিজেপি সরকারের যে ২৫টি অবস্থান বদলের তালিকা দিয়েছে, তার মধ্যে এটি একটি। বাকিগুলো নিয়ে মাথাব্যথা না থাকলেও এই অবস্থান বদলে ছিটমহলের মানুষ, বাংলাদেশের সরকার, ক্ষমতাসীন দল ও বাংলাদেশের জনগণ যে স্বস্তিবোধ করবে তা আশা করা যায়। চুক্তি বাস্তবায়িত হলে কী হবে, সে বিষয়ে কমবেশি ধারণা সবার রয়েছে: এতে করে ভারত ১১১টি ছিটমহল বাংলাদেশের কাছে হস্তান্তর করবে, বাংলাদেশ হস্তান্তর করবে ৫১টি। ভারতের হাত থেকে ১৭ হাজার একর জমি বাংলাদেশের হাতে আসবে, বিনিময়ে ভারত পাবে সাত হাজার একর। এই যে ১০ হাজার একরের পার্থক্য, সেটি নিয়েই গত বছরের শেষ নাগাদ বিজেপির নেতা অরুণ জেটলি বলেছিলেন যে চুক্তি করে ভারতের জমি তুলে দেওয়ার কাজ তাঁরা হতে দেবেন না।
২০১১ সালে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং যখন নতুন করে এই চুক্তি স্বাক্ষর করেন, তখন তাতে কেবল ছিটমহলের প্রশ্নই নয়, যুক্ত হয় এ কথাও যে সীমান্ত নির্ধারণে কয়েকটি জায়গায় যে আঁকাবাঁকা অবস্থা রয়েছে, সেগুলো যত দূর সম্ভব সহজ করে সরলরেখার মতো সীমান্ত নির্ধারণ করা হবে। সীমান্ত সরলীকরণের আওতায় ভারত বাংলাদেশকে দুই হাজার ২৬৭ একর জমি হস্তান্তর করবে এবং বাংলাদেশ ভারতকে দেবে দুই হাজার ৭৭৭ একর জমি।
কিন্তু এই মাত্র কয়েক মাসের ব্যবধানে বিজেপি তাদের অবস্থান বদলাল কেন? বিরোধী দল হিসেবে যাকে মনে হয়েছে দেশের নিরাপত্তার জন্য হুমকি, তা এখন কেন গ্রহণযোগ্য বলে মনে করছে বিজেপি? এসব প্রশ্ন যেমন বিশ্লেষকদের, তেমনি এই চুক্তি বাস্তবায়নের বিরোধিতাকারী আসাম গণপরিষদেরও। চুক্তি বাস্তবায়নে সরকারের সিদ্ধান্ত ঘোষণা করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কেন আসামকে বেছে নিয়েছিলেন, তা বোধগম্য। এই চুক্তি বাস্তবায়িত হলে আসামের ধুবিড় এলাকার ৬০০ একর জমি হস্তান্তরিত হবে। আর তাই ইতিমধ্যে আসামে এ নিয়ে উত্তেজনা সৃষ্টি হয়েছে। সেই উত্তেজনার পরিণতি কী হবে, তা এখনই অনুমান করা কঠিন। এ বিষয়ে ইতিহাস খুব স্বস্তিদায়ক নয়।
চুক্তি বিষয়ে মোদি সরকারের মনবদলের একটা কারণ যে বাংলাদেশের সঙ্গে সম্পর্কোন্নয়ন, সেটা বুঝতে অসুবিধা হয় না। তিস্তা চুক্তি না করার ফলে বাংলাদেশের সাধারণ মানুষের মধ্যে ভারতের সদিচ্ছার বিষয়ে যে প্রশ্ন আরও গভীর হয়েছে, তা বিজেপি সরকারের না বোঝার কারণ নেই। বাংলাদেশের বিতর্কিত নির্বাচনে ভারতের ভূমিকা কেবল আন্তর্জাতিক মহলেই নয়, বাংলাদেশের নাগরিকদের একাংশের কাছেও একইভাবে প্রশ্নবিদ্ধ। এমন ধারণাও রয়েছে যে বাংলাদেশের বর্তমান ক্ষমতাসীনদের সঙ্গে সুসম্পর্কে কংগ্রেস যতটা আগ্রহী ছিল, বিজেপি ততটা নয়। বিজেপির নেতারা দেখাতে উৎসাহী যে ভারতের জাতীয় স্বার্থ বিবেচনায় তাঁরাও বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে একইভাবে দেখেন। এতে করে বাংলাদেশের ক্ষমতাসীন আওয়ামী লীগের সঙ্গে তাঁদের সম্পর্কে ঘনিষ্ঠতা তৈরি হবে। অতীতে বিজেপির বিষয়ে আওয়ামী লীগের এবং তার সমর্থকদের কোনো কোনো অংশের মধ্যে যে আপত্তি বা অস্বস্তি ছিল, গত কয়েক মাসে তা অপসৃত হয়েছে বললে অতিরঞ্জন হবে না। এখন বিজেপিকে তাঁরা আর ‘ধর্মভিত্তিক দল’ হিসেবে বিবেচনা করেন না এবং বিজেপির অতীত ভূমিকার জন্য দলটিকে সমালোচনার কাঠগড়ায় দাঁড় করাতে কমই উৎসাহী হন। বিজেপি তার সিদ্ধান্ত গ্রহণে এসব বিবেচনায় নিয়েছে মনে করার যথেষ্ট কারণ আছে।
কিন্তু এ চুক্তি প্রশ্নে বিজেপির অবস্থান বদলকে যাঁরা দলের নরম অবস্থানের উদাহরণ বলেন বা কেবলই বাংলাদেশের প্রতি ইতিবাচক মনোভঙ্গি বলে ভাবতে চান, তাঁদের নজরে থাকা দরকার যে মোদি স্পষ্ট করেই বলেছেন যে এতে করে বাংলাদেশ থেকে ‘অবৈধ অনুপ্রবেশ’ বন্ধ হবে। এ–ও বলেছেন যে আসামের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যেই এ চুক্তি। জাতীয় নিরাপত্তার প্রশ্নকেই সামনে নিয়ে আসা হচ্ছে, যে বিবেচনায় একসময় বিজেপি এ চুক্তির বিরোধিতা করেছিল। ‘অবৈধ অনুপ্রবেশের’ প্রশ্নে বিজেপির অবস্থান সবার জানা, নির্বাচনের আগে নরেন্দ্র মোদি বাংলাদেশ থেকে ভারতে ‘অনুপ্রবেশকারী’ মুসলিম ও হিন্দুদের মধ্যে একটা পার্থক্যের কথাও বলেছিলেন। রোববার প্রধানমন্ত্রী মোদি যখন গুয়াহাটিতে বাংলাদেশের সঙ্গে চুক্তি বাস্তবায়নের ঘোষণা দিচ্ছেন, তখন বিজেপির প্রধান অমিত শাহ কলকাতায় দেওয়া বক্তৃতায় সারদা কেলেঙ্কারি, বর্ধমানের বোমা বিস্ফোরণ, তৃণমূল কংগ্রেসের সঙ্গে যোগাযোগ, বাংলাদেশের জঙ্গিগোষ্ঠী, বাংলাদেশ থেকে অবৈধ অনুপ্রবেশ—সবকিছুকে এক কাতারে ফেলতে কোনো রকম দ্বিধা করেননি। তাঁর ভাষায় এসবের প্রধান কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘অবৈধ অনুপ্রবেশকারী’ তোষণ এবং সুরক্ষার নীতি। চুক্তি বাস্তবায়নের পদক্ষেপ যতটুকু স্বস্তি তৈরি করে, ঠিক তেমনি বাংলাদেশের যে চেহারা তুলে ধরে, যে কারণ হাজির করে চুক্তির পক্ষে জনমত সৃষ্টির চেষ্টা বিজেপি করছে, তা কতটা স্বস্তিদায়ক, সেটাও বিবেচ্য।
আলী রীয়াজ: যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট ইউনিভার্সিটির রাজনীতি ও সরকার বিভাগের অধ্যাপক।