এবারের ঈদের ছুটিতে সড়ক, রেল ও নৌ দুর্ঘটনায় শতাধিক মানুষ মারা গেছে। বিভিন্ন পত্রিকা ও টেলিভিশন চ্যানেলের খবরে এমনটাই বলা হয়েছে। আহত হয়েছে বহু মানুষ। এ জন্য কেউ দায়ী করছেন রাস্তাকে, কেউ চালককে, কেউ অব্যবস্থাপনাকে, কেউ শাসনব্যবস্থাকে। ঈদের ছুটিতে প্রতিবারের মতো এবারও পানিতে ডুবে মারা গেছে অনেকে। এদের ৭৩ শতাংশই (২১ জুন থেকে ৩০ জুন পর্যন্ত ৪৩ জনের মধ্যে ৩১ জন) শিশু অথবা কম বয়সের মানুষ। এসব মৃত্যু বেশির ভাগই ঘটেছে অসাবধানতার কারণে। একটু সচেতন হলেই এত তাজা প্রাণ অকালে ঝরে যেত না।
পত্রিকা বন্ধ ছিল, তবে কিছু অনলাইন সংবাদমাধ্যম। তা ছাড়া টিভির স্ক্রলে খবর আসে। বেশির ভাগই তাজা প্রাণ চলে যাওয়ার খবর। যে শিশুটি একটু আগেই নেচে নেচে গান-কবিতা-ছড়া বলছিল—দাদি বা নানির সঙ্গে আদর বিনিময় করছিল, সে আর নেই। মামাবাড়ির ঈদ বেড়ানো তার কাল হয়েছে। সব মৃত্যু খবর হয় না।
চিকিৎসাবিজ্ঞানের প্রভূত উন্নতির ফলে এখন আর আগের মতো শিশুরা পাঁচ বছর পেরোনোর আগে নানা রোগে ঝরে পড়ে না। এখন এ দেশে শিশুমৃত্যুর একটা বড় কারণ হয়ে দাঁড়িয়েছে জলে ডোবা। দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যুর কারণই এখন এটা। স্বাস্থ্য খাতের হিসাবের নথিতে এসবের পরিসংখ্যান আসছে না; কারণ, এটা তো কোনো রোগ নয়। যেটা রোগ নয়, সেটার বোঝা কেন তারা ঘাড়ে নেবে? তাহলে কে দেখবে এই বিষয়টি? কোন মন্ত্রণালয় বিষয়টি নিয়ে ভাববে? গবেষণা করবে? খরচ করবে? শিশুর প্রাণ বাঁচাতে এগিয়ে আসবে?
এখন পর্যন্ত শিশুদের জলে ডুবে মৃত্যু নিয়ে যা ছিটেফোঁটা গবেষণা হয়েছে, তাতে কতগুলো বিষয় পরিষ্কার: সারা বছর যত শিশু জলে ডুবে মারা যায়, তার প্রায় ৩৫ শতাংশ মারা যায় বিভিন্ন লম্বা ছুটির সময়। পালা, পার্বণ, উৎসব, আনন্দের দিনে। এ ছুটি রাষ্ট্রীয় হতে পারে বা একান্ত পারিবারিক উপলক্ষে ছুটি। দেশ-গ্রামের বিস্তৃত পরিসরে আরও অনেক সমবয়সী ভাইবোন, চেনাজানাদের নিয়ে বেড়াতে আসা শহরবন্দী শিশুটির চেখে দেখার পরিসর বেড়ে যায়। সে উচ্ছল হয়ে ওঠে। নতুন জিনিস দেখার, নতুন কিছু করার আগ্রহে ছুটে যায় নদী, পুকুর, ডোবা, জলাশয়ের কাছে। এদের মধ্যে সাঁতার জানা দু-একজন হয়তো বীরত্ব দেখাতে ঝাঁপ দেয় জলে। শহরের শিশুটি বা বেড়াতে আসা ক্ষণিকের শাসনমুক্ত শিশুটিও ভাবে, ও পারলে আমিও পারি। ঝাঁপ দেয় সাঁতার না-জানা শিশুটিও। তাকে খাবি খেতে দেখে কেউ ভাবে অভিনয়, আবার কেউ ভাবে টেনে তুলি। সাঁতার জানা আর ডুবন্ত মানুষকে টেনে তোলা এক নয়। একসঙ্গে দুই ভাই-বোন বা একাধিক জ্ঞাতিভাই-বোন ডুবে যাওয়ার মর্মান্তিক খবর এভাবেই তৈরি হয়।
গবেষকেরা তত্ত্ব-তালাশ করে আরও কিছু কৌতূহলজাগানিয়া সত্যের সন্ধান পেয়েছেন। যেমন এসব শিশু মা বা তত্ত্বাবধায়কের এক শ গজ দূরত্বের মধ্যেই দুর্ঘটনার শিকার হচ্ছে। বেশির ভাগ ঘটনা ঘটছে দুপুর ১২টা থেকে বেলা ৩টার মধ্যে, অর্থাৎ মায়েরা যখন ঘরকন্নার কাজে ব্যস্ত থাকছেন। বেশির ভাগেরই বয়স চার বছরের নিচে। তবে যেখানে একসঙ্গে দু-তিনজন বা তার বেশি দুর্ঘটনার শিকার হচ্ছে, সেখানে পাঁচের বেশি বয়সী শিশুরাও আছে এবং প্রায় সব ক্ষেত্রে একটু বড় শিশুরা উদ্ধার করতে গিয়ে নিজেরাও মারা যাচ্ছে।
আরেকটা ভয়ংকর সত্য তথ্য হচ্ছে, পানি থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করা ছাড়া স্বাস্থ্যকর্মীদের আর কিছুই করার থাকে না। আসলে ডুবে যাওয়া মানুষের চিকিৎসার কোনো প্রটোকল বা বিজ্ঞানসম্মত চিকিৎসাপ্রক্রিয়া তৃণমূল পর্যায়ে ধারাবাহিকভাবে প্রচার ও অনুসরণ করা হয় না। অনেকেই পেটের পানি বের করার জন্য শিশুদের একটা পা ধরে শূন্যে Əঘুরিয়েţ ভয়ংকর রকমের পরীক্ষা-নিরীক্ষা করেন। যে আর ফেরে না, তার কথা বাদ দিলে পানিতে নাকানিচুবানি খেয়ে কিছুক্ষণ নিথর থাকার পর ফিরে আসা ভাগ্যবান শিশুর সংখ্যা একেবারে কম নয়। প্রতি একটি ডুবে মারা যাওয়া শিশুর বিপরীতে ডুবতে ডুবতে বেঁচে যাওয়া শিশুর সংখ্যা প্রায় সাড়ে চারটির মতো। তাদেরও চিকিৎসার দরকার হয়—শারীরিক আর সামাজিক দুই চিকিৎসাই তাদের দরকার। ডুবে যাওয়া মানুষের মস্তিষ্কে অক্সিজেন সরবরাহ ক্ষণিকের জন্য বন্ধ হলেও মারাত্মক সব প্রতিক্রিয়া ও দীর্ঘমেয়াদি সমস্যা সৃষ্টি হতে পারে। এসবই চিকিৎসার মাধ্যমে স্বাভাবিক বা প্রায় স্বাভাবিক করে তোলা সম্ভব। যমের দুয়ার থেকে ফেরত আসায় সৃষ্টিকর্তাকে ধন্যবাদ দেওয়া ছাড়াও আমাদের অনেক কিছু করার আছে। ফিরে আসা এ রকম অনেক শিশুই পরবর্তী সময়ে ধীরগতির শিক্ষার্থী বা স্লো লারনার হয়ে যেতে পারে। এসব শিশুকে আমরা অবহেলা করি; তারা আরও পিছিয়ে পড়ে।
এসব সমস্যা সমাধানের কী উপায়? ভারতের কেরালায় Ũকমিউনিস্টরা ক্ষমতায় এসে ‘অঙ্গন বাড়ি’ কর্মসূচি গ্রহণ করে। কমবেশি ৩০ জন মাকে নিয়ে একেকটি অঙ্গন বাড়ি গড়ে তোলা হয়। ৩০ জন মা পালা করে মাসে এক দিন সকাল ১০টা থেকে বেলা ৩টা পর্যন্ত তাঁদের সবার শিশুদের দেখাশোনা করেন। খেলতে দেন, মা তাঁর শিশুটিকে ফেরত নিতে না আসা পর্যন্ত মাতিয়ে রাখেন। স্কুলে যাওয়ার বয়স হয়নি কিন্তু হাঁটতে পারে, এমন শিশুদের জন্য এই ব্যবস্থা। অঙ্গন বাড়ি এলাকায় পানিতে ডুবে শিশু মারা যাওয়ার সংখ্যা পৃথিবীতে সবচেয়ে কম। প্রায় বিনা খরচের এই ব্যবস্থা আমরাও করতে পারি।
কমিউনিটি স্বাস্থ্য সেবিকাদের উদ্ধার পাওয়া শিশুদের সেবা ও চিকিৎসা দেওয়ার পদ্ধতিটা জানিয়ে রাখা প্রয়োজন। বলে রাখা ভালো, আমাদের মেডিকেলের শিক্ষার্থীদেরও এ বিষয়ে খুব একটা পরিষ্কার ধারণা দেওয়া হয় না। যাঁরা দেবেন, তাঁদের জ্ঞানের ঘাটতির কথা বলে সমস্যা বাড়াতে চাই না।
প্রতিটি বড় ছুটির সময় সংবাদমাধ্যম বাড়িতে যাওয়া মানুষকে বারবার এ বিষয়ে সাবধান করে দিতে পারে। টেলিভিশনের নাটক আর খবরের মধ্যে করপোরেট দায়িত্ব হিসেবে বিজ্ঞাপন বা ঘোষণায় বিষয়টি স্মরণ করিয়ে দেওয়া যায়। আর কোনো উপায় জানা থাকলে আপনিও বাতলাতে Ũপারেন।
গওহার নঈম ওয়ারা: পরিচালক, দুর্যোগ ও জলবায়ু পরিবর্তন বিভাগ, ব্র্যাক।