ছোট হতে যাচ্ছে কি নারীর পরিসর?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছোট হতে যাচ্ছে কি নারীর পরিসর?
ছোট হতে যাচ্ছে কি নারীর পরিসর?

আমরা যখন ছোট ছিলাম, তখন সবার হাতে ক্যামেরা ছিল না, মোবাইল ফোনও ছিল না। কোথাও গেলে কোনো একজনের ক্যামেরা থাকলেই আমরা বেজায় খুশি হতাম। একটি ছোট ক্যামেরার ফ্রেমের মধ্যেই সবাই টেনেটুনে ঢুকে পড়ার কত চেষ্টা! উদ্দেশ্য ছিল একটাই, প্রিয়জনদের সঙ্গে স্মৃতিকে চিরস্থায়ী করা। এখন প্রযুক্তির কল্যাণে সবার হাতে হাতে মোবাইল, মোবাইল ফোনের সঙ্গে ক্যামেরা। ছোট থেকে বড়, নারী-পুরুষ প্রায় সবাই ব্যবহার করছেন মোবাইল ফোন। কেউ কেউ এক ধাপ এগিয়ে ভিডিও ক্যামেরা সঙ্গে নিয়েও ঘোরেন। এখন আর ক্যামেরা কিংবা ভিডিও কোনোটিই শুধু একক উদ্দেশ্যে প্রয়োগ করা হচ্ছে না; অনেক ক্ষেত্রেই এগুলো ব্যবহূত হচ্ছে নারীর বিরুদ্ধে, কখনো ব্যক্তিগত আক্রোশ থেকে নারীকে অসম্মানিত করার জন্য, কখনো তাঁকে ব্ল্যাকমেল করে অর্থ আহরণের জন্য কিংবা অসম্মানের ভয় দেখিয়ে তাঁকে দিয়ে বাসনা চরিতার্থতার জন্য। সেখানেও থেমে থাকে না অন্যকে অসম্মান করার আনন্দ, সেটা পাঠাতে থাকে বিভিন্নজনের মোবাইলে। সেই অপরাধের চিহ্ন এক মোবাইল থেকে আরেক মোবাইলে চরকির মতো ঘুরতে থাকে। কখনো ভাবি না, কেমন করে আমরা সমাজের অপরাধগুলোকে আশকারা দিচ্ছি, অপরাধের নাগরদোলায় নিজেরাই ঘুরছি। সবার হাতে মোবাইল ফোন ও ক্যামেরা আসার কারণে সবার যেখানে আনন্দিত হওয়ার কথা, কিন্তু বাস্তব ক্ষেত্রে দেখা যাচ্ছে, সেখানে যাঁরা সবচেয়ে বেশি আতঙ্কিত, তাঁরা হলেন নারী, তিনি যে বয়সের নারীই হোন না কেন। বছর চারেক আগে ঢাকার একটি বিখ্যাত স্কুল ও কলেজের একজন ছাত্রকে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ বহিষ্কার করে। প্রতিষ্ঠানটির একজন নারী শিক্ষক যখন মনোযোগ দিয়ে একটি কাজ করছিলেন, তখন তাঁরই ছাত্র সেই বিল্ডিংয়ের তিনতলা থেকে তাঁর ছবি তোলে এবং সেটি ইন্টারনেটে ছড়িয়ে দেয়। নিজেরই কিশোর ছাত্র তাঁকে যে এই ধরনের অসম্মান করবে, তা তিনি ভুলেও চিন্তা করেননি। আমাদেরও নানা রকম অভিজ্ঞতা হয়েছে। আশপাশেই ঘটছে এই ধরনের নানা ঘটনা। প্রযুক্তি হাতের মুঠোয় আসায় হাতের তালুতে তালুতে ঘুরছে অপরাধের বীজ। ঘটনাটি ঘটেছিল আরও চার বছর আগে। বিভাগীয় একটি মাঠগবেষণায় আমাদেরই এক ছাত্র তার ব্যক্তিগত ক্যামেরার লেন্স জুম করে তারই সহপাঠীর (তাকে না জানিয়ে) বিভিন্ন ধরনের ছবি তোলে এবং বলা বাহুল্য কিছু ছবি ছিল আপত্তিকর। এই ঘটনা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানানো হলেও সেটি আকাঙ্ক্ষিতভাবে শেষ হয়নি। তবে এ ধরনের ঘটনা এর আগেও শোনা গেছে এবং আমরা পত্রপত্রিকায়ও দেখেছি। বিশেষ করে শোবিজ জগতে এটি সবচেয়ে আলোচিত। কারও সঙ্গে কারও সম্পর্ক ভেঙে গেলে তাঁদের অন্তরঙ্গ ছবি বা ভিডিও ইন্টারনেটের বিভিন্ন সাইটে আপলোড করে এর মাধ্যমে নারীটিকে সামাজিকভাবে হেয় করার চেষ্টা করা হয় এবং ব্ল্যাকমেল করা হয়। শুধু দেশেই নয়, বিদেশে হরহামেশাই এ ধরনের গোপন ক্যামেরায় দৃশ্য ধারণ এবং তা ইন্টারনেটে আপলোড করা নিয়ে বিতর্কের ঝড় উঠছে। খোদ ইউরোপেও বিভিন্ন মার্কেটে স্থাপিত ক্যামেরায় বিভিন্ন নারীর ছবি থেকে তাদের ব্যবহার করা হচ্ছে বিভিন্ন বিজ্ঞাপনে, তাঁদের না জানিয়েই।
সাইবার ক্রাইম নিয়ে বেশ কয়েক বছর ধরে বিশ্বজুড়ে চলছে তর্ক-বিতর্ক। বিশেষ করে, বিভিন্ন পর্নোসাইট চালাচ্ছে রমরমা ব্যবসা। আর এর খদ্দের ও ব্যবসায়ী সব দেশেই রয়েছে। বাংলাদেশেও বিভিন্নভাবে আলোচনায় এলেও এবং এ নিয়ে গত এক দশকে কয়েকটি আইন হলেও আইনের প্রয়োগ যথেষ্ট হচ্ছে বলে মনে হয় না। এই আলোচনা তুলবার কারণ, সম্প্রতি কুষ্টিয়ায় হেলাল উদ্দিন নামের একজন স্কুলশিক্ষকের ছাত্রীদের প্রতি যৌন হয়রানি, তার চিত্র ধারণ ও তা ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার মতো অপরাধের ঘটনা প্রকাশিত হয়েছে। পত্রিকার সংবাদ থেকে জানা যায়, বেশ কিছুদিন ধরেই ছাত্রীসহ কয়েকজন নারীর সঙ্গে সম্পর্ক গড়ে মেলামেশার ভিডিওচিত্র ধারণ করেন তিনি। সম্প্রতি ওই ভিডিওচিত্র শহরে ছড়িয়ে পড়লে কুষ্টিয়া মডেল থানার পুলিশ গত ৭ জুলাই চারজনকে আসামি করে মামলা করে। এই ঘটনার প্রতিবাদে একজোট হয়েছেন অভিভাবকেরা এবং কুষ্টিয়ার নাগরিক সমাজ। বাংলাদেশ পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন, ২০১২-এর ৮(১), (৬) ও (৭) ধারায় এ ঘটনার বিরুদ্ধে মামলা করা হয় এবং হেলাল উদ্দিন ইতিমধ্যেই গ্রেপ্তার হয়েছেন। (সূত্র: প্রথম আলো ৫ আগস্ট)। বাংলাদেশের তথ্য ও প্রযুক্তি আইন, ২০০৬ (২০০৯ সালে সংশোধিত) অনুযায়ী এটি একটি গুরুতর অপরাধ, যেখানের ৫৭ ধারায় স্পষ্টই বলা আছে, ‘কোনো ব্যক্তি যদি ইচ্ছাকৃতভাবে ওয়েবসাইট বা অন্য কোনো বিন্যাসে এমন কিছু প্রকাশ করেন বা সম্প্রচার করেন, যা মিথ্যা বা অশ্লীল বা সংশ্লিষ্ট অবস্থা বিবেচনায় কেউ তা পড়লে বা দেখলে বা শুনলে নীতিভ্রষ্ট বা অসৎ হতে পারেন অথবা যার মাধ্যমে মানহানি ঘটে, আইনশৃঙ্খলার অবনতি ঘটে বা ঘটার সম্ভাবনা তৈরি হয়, রাষ্ট্র এবং ব্যক্তির ভাবমূর্তি ক্ষুণ্ন হয় বা ধর্মীয় অনুভূতিতে আঘাত করে বা করতে পারে বা এ ধরনের তথ্যাদির মাধ্যমে কোনো ব্যক্তি বা সংগঠনের কিরুদ্ধে উসকানি প্রদান করা হয়, তাহলে এটি একটি অপরাধ হিসেবে বিবেচিত হবে।’ এর জন্য সুনির্দিষ্ট কিছু শাস্তির সুপারিশও করা হয়েছে। বাংলাদেশে পাস হয়েছে টেলিকমিউনিকেশন আইন (২০০১)। কিন্তু সাইবার ক্রাইম সমস্যা সমাধানের ক্ষেত্রে এটি খুব একটা কাজে লাগছে না। এরপর ২০০৬ সালে হয়েছিল সাইবার ক্রাইম নিয়ন্ত্রণের জন্য একটা খসড়া বিল। কিন্তু কী কারণে সেটি আজ পর্যন্ত আর সংসদে উত্থাপিত হয়নি, তা জানা যায়নি। এখানে কয়েকটি বিষয় গুরুত্বপূর্ণ। কারও ছবি তোলা কিংবা কারও ভিডিও ধারণ করার জন্য তার অনুমতির বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমার হাতে ক্যামেরা আছে বলেই আমি যে কারও যেকোনো জায়গায় ছবি তুলতে পারি কি না, সেই বিষয়ে কিছু নিয়মকানুন থাকা প্রয়োজন। এর পাশাপাশি ফেসবুকসহ অন্যান্য সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোয় কিংবা অন্য কোনো সাইটে কারও কোনো ব্যক্তিগত ছবি কিংবা অন্তরঙ্গ ভিডিও আপলোডের ক্ষেত্রে বিধিনিষেধ জারি করা এখনই জরুরি। যে আইন আছে, সেগুলো সবাই না জানার কারণে এবং সেগুলোর সঠিক প্রয়োগ না হওয়ায় বারবার এতে আক্রান্ত হচ্ছেন নারীরা এবং উৎসাহিত হচ্ছে এই ধারায় ধাবিত মানুষ। সবার হাতে হাতে ক্যামেরা এবং চলমান এ ধরনের অপরাধপ্রবণতার কারণে কেউ কাউকে বিশ্বাস করতে পারছে না। আমরা কি সত্যিই পারি না আমার নারী সহপাঠীকে সম্মান জানাতে? পারি না একজন নারীকে হেয় করার মানসিকতা পরিহার করে এ ধরনের অপরাধের বিরুদ্ধে লড়তে? বরং আমাদের মনে ভয়, যে কেউ-ই যে কারও দ্বারা এই ধরনের পরিস্থিতির শিকার হতে পারেন। এই বিষয়ে নজরদারির জন্য একটি ভ্রাম্যমাণ আদালত গঠন করার কথা থাকলেও সেটি এখনো হয়নি। ব্লগারদের ধরা যেখানে এত সহজ, সেখানে এত বড় অপরাধের হোতাদের ধরা কি খুবই কঠিন? একজন না হয় ধরা পড়ল, বাকি ব্যক্তিদের কী হবে?
জোবাইদা নাসরীন: শিক্ষক, নৃবিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়।
[email protected]