ছড়িয়ে পড়ছে আইএস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক পবিত্র আহ্বানে সাড়া দিতে যাচ্ছেন ভেবে হ্যারি সারফো জার্মানির শ্রমিক শ্রেণির শহর ব্রেমেন ছেড়ে টানা চার দিন ভ্রমণ করে সিরিয়ার আইএস-নিয়ন্ত্রিত শহরে পৌঁছান। কিন্তু একটু থিতু হয়ে বসার আগেই আইএসের গোয়েন্দা দলের মুখোশ পরা কয়েকজন সদস্য সারফো ও তাঁর জার্মান বন্ধুকে বলেন, তাঁরা চান না ইউরোপীয়রা আর সিরিয়ায় আসুক। আইএস চায়, এরা নিজ গৃহেই থাকুক, যেখানে বসে তারা আইএসের বৈশ্বিক সন্ত্রাসবাদী পরিকল্পনা বাস্তবায়ন করবে।

আইএসের গোয়েন্দারা খোলাখুলিই বলছিলেন, ইউরোপের দেশে দেশে তাঁদের অনেক লোক আছে, যারা ইউরোপীয় নাগরিকদের ওপর হামলার আদেশের জন্য অপেক্ষা করছে। জার্মানির এক সর্বোচ্চ নিরাপত্তাসম্পন্ন কারাগারে বসে সারফো নিউইয়র্ক টাইমসকে এ কথা বলেন, ব্রাসেলস ও প্যারিস হামলার আগে তাঁদের মধ্যে এ কথা হয়। আইএস বলেছিল, জার্মানি ও ব্রিটেনে তাদের আরও বেশি হামলাকারী দরকার।

সারফোর সঙ্গে যঁারা কথা বলেছিলেন, তাঁরা ছিলেন ইসলামিক স্টেটের গোয়েন্দা সংস্থা ইমনির (আরবিতে) সদস্য, যাঁদের কাজ হচ্ছে দেশে দেশে সন্ত্রাসবাদ রপ্তানি করা। দ্য নিউইয়র্ক টাইমস ফ্রান্স, বেলজিয়াম, জার্মান ও অস্ট্রিয়ান গোয়েন্দা সংস্থার যেসব তথ্য পেয়েছে এবং নথি উদ্ধার করেছে, সেখান থেকে এ খবর পাওয়া গেছে।

গত বছরের ১৩ নভেম্বর প্যারিসে সন্ত্রাসী হামলার পর থেকেই আইএসের বৈশ্বিক নেটওয়ার্কের বিষয়টি বিশ্ববাসীর নজরে আসে। আইএস বছর দু-এক আগে যোদ্ধাদের দেশের বাইরে পাঠাতে শুরু করে।

সারফো বলেন, আইএসের বহুস্তরিক একটি গোয়েন্দা সংস্থা আছে, যার নেতৃত্বে রয়েছেন দলটির সবচেয়ে জ্যেষ্ঠ সিরীয় সেনা আবু মুহাম্মদ আল-আদনানি, যিনি আবার দলটির মুখপাত্র ও প্রচারণা-প্রধানও বটে। তাঁর নিচে আছেন কয়েকজন লেফটেন্যান্ট, যাঁদের বিশ্বের বিভিন্ন প্রান্তে আক্রমণ চালানোর পরিকল্পনা করার ক্ষমতা রয়েছে। তাঁর সঙ্গে আছে ‘ইউরোপকেন্দ্রিক গোয়েন্দা সংস্থা’, ‘এশিয়াকেন্দ্রিক গোয়েন্দা সংস্থা’ ও ‘আরবকেন্দ্রিক গোয়েন্দা সংস্থা’।

সাক্ষাৎকার ও উক্ত নথি থেকে দেখা যায়, ইমনি শুধু আইএসের কেন্দ্রীয় ইউনিটই নয়, পৃথিবীর বিভিন্ন স্থান থেকে যোদ্ধা সংগ্রহ ও দলের বিভিন্ন অংশের যোদ্ধাদের পুনর্বিন্যাস করার নিরঙ্কুশ ক্ষমতাও আছে তার। নতুন সদস্য থেকে শুরু করে যুদ্ধ অভিজ্ঞ যোদ্ধা ও বিশেষ কমান্ডো ইউনিট—সবাই তার অধীনে। জিজ্ঞাসাবাদের রেকর্ড থেকে দেখা যায়, এই যোদ্ধাদের জাতীয়তা ও ভাষার ভিত্তিতে ছোট ছোট ইউনিটে বিভক্ত করা হয়, যাদের স্রেফ বিদেশে যাওয়ার আগে মুখ দেখাদেখির সুযোগ হয়। এই আদনানি সমন্বয়ের কাজটা করে থাকেন। ফলে সন্ত্রাসের পরিকল্পনার সঙ্গে গোষ্ঠীটির বিস্তৃত প্রচারণা কার্যক্রমের একটা সমন্বয় করে থাকেন। সারফোর দেওয়া তথ্যানুযায়ী, আদনানি মাসিক বৈঠকে ঠিক করেন, যুদ্ধক্ষেত্রের কোন বীভৎস ভিডিওটি প্রচারণার জন্য চালানো হবে।

গ্রেপ্তার হওয়া বিভিন্ন যোদ্ধার ভাষ্য থেকে জানা যায়, ইমনি আইএসের সন্ত্রাসবাদের প্রধান চালিকাশক্তি, যার প্রশিক্ষণার্থীরা প্যারিস হামলা ও ব্রাসেলস বিমানবন্দরে টার্মিনাল ও সাবওয়ে স্টেশনে ব্যবহৃত স্যুটকেস বোমা বানিয়েছিল। তদন্ত প্রতিবেদন থেকে জানা যায়, সংস্থাটির সম্মুখ সারির সেনারা (ফুট সোলজার) অস্ট্রিয়া, জার্মানি, স্পেন, লেবানন, তিউনিসিয়া, বাংলাদেশ ও মালয়েশিয়ায় ছড়িয়ে পড়েছেন।

এখন যেভাবে হামলাকারীরা হামলা করার পর আইএসের প্রতি আনুগত্য প্রকাশ করছেন, তাতে পুলিশ কর্মকর্তাদের গলদঘর্ম হওয়ার দশা হয়েছে। সারফো বলেন, ব্যাপারটা হয়তো ঠিক সে রকম নয়, এদের সঙ্গে আইএসের যোগাযোগ আরও নিবিড় হতে পারে, যেটা কর্তৃপক্ষ ঠিক জানে না। ইউরোপের আইএসের অনেক গুপ্তচর রয়েছেন, যাঁরা নব্য দলভুক্তদের মাধ্যম হিসেবে ব্যবহার করে থাকেন, যাঁরা আবার উৎসাহীদের সঙ্গে দলের পরিচয় করিয়ে দেন।

মার্কিন একজন গোয়েন্দা কর্মকর্তা জানান, আইএস ইতিমধ্যে ইউরোপীয় ইউনিয়নে শত শত এবং শুধু তুরস্কেই কয়েক শ যোদ্ধা পাঠিয়েছে। ইসলামিক স্টেট সিরিয়ায় প্রথমে যেটা করে তা হলো, এই লোকদের একটি হোস্টেল-জাতীয় স্থানে রাখার ব্যবস্থা করে, জায়গাটা ঠিক তুরস্কের সীমান্তে। সেখানে এই লোকদের সাক্ষাৎকার নেওয়া হয়, তাঁদের তালিকা করা হয়। সারফোর আঙুলের ছাপ নেওয়া হয়েছিল। একজন চিকিৎসক তাঁর রক্তের নমুনা সংগ্রহ করেন এবং বিভিন্ন শারীরিক পরীক্ষা করান। তারপর ল্যাপটপ হাতে এক ব্যক্তি প্রবেশিকা গোছের সাক্ষাৎকার নেন ও তথ্য লিপিবদ্ধ করেন।

ইমনির নেতাদের সঙ্গে কথা বলে সারফো বুঝতে পেরেছেন, তাঁরা সন্ত্রাসের বৈশ্বিক নেটওয়ার্ক বানানোর চেষ্টা করছেন, যাঁদের দিয়ে তাঁদের আন্তর্জাতিক পরিসরে যে শূন্যতা রয়েছে, তা পূরণ করা যায়। তিনি সেখানে এও শুনেছেন, তাঁরা বাংলাদেশে একটি সাংগঠনিক অবকাঠামো তৈরির চেষ্টা করছেন।

সারফো বলেন, এশিয়ায় দল গড়ে তোলার জন্য আইএস মূলত আল-কায়েদার সাবেক নেটওয়ার্ক থেকে বেরিয়ে আসা মানুষগুলোকে খুঁজছে। বিশেষ করে, তারা বাংলাদেশ, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ার মানুষগুলোকে খুঁজছে, যাঁরা একসময় আল-কায়েদার হয়ে কাজ করতেন।

বিশেষ বাহিনীর সদস্যদের ১০ স্তরের প্রশিক্ষণ শেষ হওয়ার পর তাঁদের আদনানির সামনে আনা হয়, যেখানে তাঁরা সরাসরি তাঁর কাছে আনুগত্য প্রকাশ করেন। কিন্তু পুরোটা সময় তাঁদের চোখ বেঁধে রাখা হয়। ফলে আদনানির সবচেয়ে প্রশিক্ষিত যোদ্ধাও তাঁকে দেখতে পান না।

সারফোর ভাষ্যমতে, আইএস মূলত নব্য ধর্মান্তরিত মুসলমানদের বেশি ব্যবহার করে থাকে। যাঁরা যে দেশ থেকে এসেছেন, তাঁদের সে দেশে পাঠিয়ে হামলার পরিকল্পনা করতে বলা হয়।

সংক্ষেপিত অনুবাদ: প্রতীক বর্ধন, নিউইয়র্ক টাইমস থেকে নেওয়া।

রুকমিনি কালিমাকি: মার্কিন সাংবাদিক।