
একবার হুমায়ূন আহমেদ খুব অসুস্থ, হাসপাতালের বিছানায় শুয়ে আছেন। তাঁকে দেখতে হাসপাতালে গেলেন সৈয়দ শামসুল হক। তিনি বললেন, ‘হুমায়ূন, তোমাকে সেরে উঠতে হবে। কারণ তুমি সাধারণ মানুষ নও। সাধারণ মানুষের আঙুল থাকে পাঁচটি। তোমার ডান হাতে আঙুল আছে ছয়টি। ষষ্ঠ আঙুলটি হলো তোমার কলম। এই ষষ্ঠ আঙুল দিয়ে তোমাকে আমাদের স্বপ্নসমূহ অনুবাদ করতে হবে।’ সৈয়দ শামসুল হক মনে করতেন, লেখকের কাজ হলো মানুষের, কিংবা জাতির স্বপ্ন অনুবাদ করা। কবি শামসুর রাহমানের ৫০তম জন্মবার্ষিকীতে সৈয়দ শামসুল হক লিখেছিলেন, ‘শামসুর রাহমান, আপনি দীর্ঘজীবী হোন, ত্বরান্বিত হোক আমাদের স্বপ্নসমূহের অনুবাদ।’
কেন লেখেন আসলে একজন লেখক?
জর্জ অরওয়েল তাঁর বিখ্যাত প্রবন্ধ ‘আমি কেন লিখি’ (১৯৪৬)-তে লেখার চারটা কারণ নির্দেশ করেছেন।
১. নিছক আত্মপ্রেম থেকে: আমাকে সবাই চালাক মনে করুক, আমাকে নিয়ে কথা বলাবলি চলুক, আমার মৃত্যুর পরেও মানুষ মনে রাখুক—এসব কারণে।
২. নান্দনিক প্রেরণা থেকে: বহির্জগতের সৌন্দর্যের ধারণা দিয়ে তাড়িত হয়ে। যেমন শব্দগুলো সুন্দর করে সাজিয়ে দেখিই না কী সৌন্দর্য তা তৈরি করে। (অরওয়েল ব্যাখ্যা করেননি, কিন্তু আমরা ধারণা করতে পারি, একই কারণে মানুষ একটা নকশি পিঠার নকশাটাও সুন্দর করার চেষ্টা করে, পোশাক কেনার সময় সবচেয়ে সুন্দরটা কেনে; একজন একটা চেয়ার বানালেও সেটা সুন্দরভাবে বানানোর চেষ্টা করে। একজন একটা বাঁশিতে সুর তুলে সেই সুরটা কীভাবে অনন্য শিল্পসুষমায় ভরে তোলা যায়, তার জন্য জীবনভর সাধনা করে)।
৩. ইতিহাসবোধের তাড়না থেকে: মানুষ চায় তার চারপাশটা যেমন আছে তেমনি থাকুক। ভবিষ্যৎ বংশধরদের জন্য সত্য অনুসন্ধান করা এবং তা সংরক্ষণ করা।
৪. রাজনৈতিক কারণে: রাজনীতি বলতে যতদূর পর্যন্ত ভাবা যায়, ততদূর অর্থেই রাজনীতি। দুনিয়াটাকে বা সমাজটাকে আমি যে রকমভাবে ভাবি, সে রকমভাবে বদলে ফেলার জন্য অনেকেই লিখে থাকেন।
আমার ধারণা, সব লেখকই প্রথম কারণটার জন্য লেখেন: নিজেকে আমি ভালোবাসি, সবাই আমাকে ভালো বলবে, আমার নাম করবে, আমাকে গুরুত্বপূর্ণ ভাববে—এই বাসনাই লেখালেখির অন্তর্নিহিত কারণ।
জর্জ অরওয়েল থাক, মানিক বন্দ্যোপাধ্যায়ে আসি। তাঁর প্রবন্ধ আছে, ‘কেন লিখি’। তিনি বলছেন, ‘জীবনকে আমি যেভাবে ও যতভাবে উপলব্ধি করেছি অন্যকে তার ক্ষুদ্র ভগ্নাংশ ভাগ দেওয়ার তাগিদে আমি লিখি। আমি যা জেনেছি এ জগতে কেউ তা জানে না (জল পড়ে পাতা নড়ে জানা নয়)। কিন্তু সকলের সঙ্গে আমার জানার এক শব্দার্থক ব্যাপক সমভিত্তি আছে। তাকে আশ্রয় করে আমার খানিকটা উপলব্ধি অন্যকে দান করি।
‘দান করি বলা ঠিক নয়—পাইয়ে দিই। তাকে উপলব্ধি করাই। আমার লেখাকে আশ্রয় করে সে কতগুলি মানসিক অভিজ্ঞতা লাভ করে—আমি লিখে পাইয়ে না দিলে বেচারি যা কোনদিন পেত না। কিন্তু এই কারণে লেখকের অভিমান হওয়া আমার কাছে হাস্যকর ঠেকে। পাওয়ার জন্য অন্যে যত না ব্যাকুল, পাইয়ে দেওয়ার জন্য লেখকের ব্যাকুলতা তার চেয়ে অনেক গুণ বেশি। পাইয়ে দিতে পারলে পাঠকের চেয়ে লেখকের সার্থকতাই বেশি।’
মানিকের সঙ্গে এখানে আমার একটা ঝগড়া আছে। ‘জল পড়ে পাতা নড়ে’ জানাটাকে তিনি বেশ তাচ্ছিল্য করেছেন। অথচ মানিক কবিতাও লিখতেন। জল পড়ে পাতা নড়ে—এই ব্যাপারটা আমাদের জ্ঞান দেয় না, আনন্দ দেয়, রস দেয়; ধ্বনির আনন্দ এবং ছবি দেখার আনন্দ। এটাকেই বলে শিল্প। রবীন্দ্রনাথ তাঁর জীবনস্মৃতিতে লিখেছেন, ‘সেদিন পড়িতেছি ‘জল পড়ে পাতা নড়ে’। আমার জীবনে এইটেই আদিকবির প্রথম কবিতা। সেদিনের আনন্দ আজও যখন মনে পড়ে তখন বুঝিতে পারি, কবিতার মধ্যে মিল জিনিসটার এত প্রয়োজন কেন। মিল আছে বলিয়াই কথাটা শেষ হইয়াও শেষ হয় না—তাহার বক্তব্য যখন ফুরায় তখনো তাহার ঝংকারটা ফুরায় না, মিলটাকে লইয়া কানের সঙ্গে মনের সঙ্গে খেলা চলিতে থাকে। এমনি করিয়া ফিরিয়া ফিরিয়া, সেদিন আমার সমস্ত চৈতন্যের মধ্যে জল পড়িতে ও পাতা নড়িতে লাগিল।’ রবীন্দ্রনাথ কেবল ঝংকারের কথা বলেছেন, কিন্তু ছবিটাও চলচ্চিত্রের দৃশ্যের মতো মনের মধ্যে বারবার ভাসবে—জল পড়ছে, পাতা নড়ছে।
আরেকটা ঝগড়া করব ভেবেছিলাম, পরে ভেবে দেখলাম, না, মানিক হয়তো ঠিকই বলেছেন। আর তা হলো, পাঠককে বেচারি ভাবা, ‘আমি লিখে পাইয়ে না দিলে বেচারি যা কোনদিন পেত না।’ পাঠককে এত বেচারি ভাবার কী হলো, আর আমি তাকে পাইয়ে না দিলে সে যদি তা না পায়, তাতে তার বয়েই গেল! পরে ভেবে দেখলাম, ওইভাবে যদি না ভাবি, তাহলে আমি লিখতেই পারব না। কারণ অন্য যেকোনো কাজ তখন আমার লেখার কাজের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।
লেখা বাদ দিয়ে এই কাজগুলো করা আপনার কাছে সব সময়ই বেশি গুরুত্বপূর্ণ মনে হতে পারে, অন্যদের কাছে তো পারেই। এখন মানিকের মতো করে যদি ভাবতে পারি, আমি না লিখলে বেচারি পাঠক কোনো দিন উপলব্ধি করতেও পারবে না, তাহলেই কেবল আমি লিখতে পারব।
এ বছর সংবেদ থেকে বেরিয়েছে রফিক-উম-মুনীর চৌধুরীর অনুবাদে মারিয়ো বার্গাস ইয়োসার মুখোমুখি গাব্রিয়েল গার্সিয়া মার্কেস।
দুজনেই পরে নোবেল পাবেন, এই সাক্ষাৎকার গত শতকের ষাটের দশকের। ইয়োসা প্রথমেই প্রশ্ন করলেন মার্কেসকে, লেখকের কাজ কি প্রকৌশলী বা স্থপতি বা ডাক্তারের কাজের মতো প্রয়োজনীয় বা তা থেকে আলাদা?
মার্কেস যে উত্তরটা দিয়েছেন, তা খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই বিস্ফোরণমূলক। তিনি বলেছেন, ‘আমি মনে করি উপন্যাসের ভূমিকা বিধ্বংসী।...আমি কোনো ভালো সাহিত্যের হদিস জানি না যা প্রতিষ্ঠিত মূল্যবোধের গুণগান করে। ভালো সাহিত্যে সব সময়ই প্রতিষ্ঠিত জেঁকে-বসা ধ্যানধারণা মূল্যবোধকে ভেঙে নতুন জীবনযাপনের, নতুন সমাজ গড়ার প্রবণতা থাকে, মোদ্দা কথা, মানুষের জীবনকে আরও সমৃদ্ধ করা।’ তিনি আরও বলেছেন, ‘একজন লেখক সব সময়ই সমাজের সঙ্গে বিবাদ করছেন, আরও বলব, আমার ধারণা একজন লেখক লেখেন তাঁর পরিপার্শ্বের সঙ্গে তাঁর ব্যক্তিগত বিরোধের অবসান খোঁজার একটি উপায় হিসেবে।’
আসলেই লেখকের কাজ সমাজের প্রচলিত মূল্যবোধকে চ্যালেঞ্জ করা। তা করার জন্য তিনি একটা কাহিনি ফাঁদেন।
এই বইয়ে মার্কেস আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন, ‘কেউ যদি লেখক হতে চায় তাহলে লেখালেখি ব্যতীত বাকি সব কাজ গৌণ এবং সেগুলো করতে গিয়ে তার লেখালেখির চর্চা বা অনুশীলন বিঘ্নিত হয়। আগে লেখক সম্পর্কে যা বলা হতো তার সঙ্গে আমি একমত নই; বলা হতো যে লেখকের কোনো চাকরির প্রয়োজন নেই আর সেরা লেখক হতে হলে তাকে দুঃখ-কষ্ট-যাতনা ভোগ করতে হবে। আমি মনে করি লেখক তার ব্যক্তিগত গার্হস্থ্য ও অর্থনৈতিক সমস্যাগুলোর সমাধান করতে পারলে সে আরও ভালো লিখতে পারে। পাশাপাশি তাকে সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে, তার সন্তানেরা ও স্ত্রী যেন ভালো থাকে—তবেই লেখক ভালো লিখবে। অর্থনৈতিক দুরবস্থা লেখকের লেখালেখিতে সাহায্য করে, এমনটা ভাবা ঠিক নয়।’ (বুদ্ধদেব বসু এটা বলে গেছেন, মানুষের জীবনে যত প্রকার
দুঃখ-কষ্ট আছে, অর্থনৈতিক কষ্ট তার মধ্যে সবচেয়ে নিচুমানের, কারণ তা কবিতার বিষয় হতে পারে না।)
***
এখন কী করে আমি ভাবব যে আমার লেখালেখির কাজটা নিছক আত্মপ্রেমের চর্চা নয়, এটা সবচেয়ে জরুরি কাজ। রবীন্দ্রনাথের ‘পুরস্কার’ কবিতায় কবির কাজের একটা বর্ণনা আছে—
সংসার-মাঝে কয়েকটি সুর
রেখে দিয়ে যাব করিয়া মধুর,
দু-একটি কাঁটা করি দিব দূর—
তার পরে ছুটি নিব।
সুখহাসি আরো হবে উজ্জ্বল,
সুন্দর হবে নয়নের জল,
স্নেহসুধামাখা বাসগৃহতল
আরো আপনার হবে।
প্রেয়সী নারীর নয়নে অধরে
আরেকটু মধু দিয়ে যাব ভরে,
আরেকটু স্নেহ শিশুমুখ-’পরে
শিশিরের মত রবে।
শিশুর হাসি সুন্দর, কিন্তু কবি লিখে লিখে তাকে আরও মধুর করে যান।
আর যদি ভাবি সেই নারীটির কথা। মেলাঘরে হাসপাতালে গুলিবিদ্ধ এক নারী, ১৯৭১ সালে, রক্ত ঝরছে, তিনি মারা যাচ্ছেন, ডাক্তারের হাত ধরে বলছেন, ভাই, আমি তো মারা যাব, কিন্তু আপনি আমাকে কথা দিয়ে যান, আপনারা দেশটাকে স্বাধীন করে যাবেন। কিংবা যখন মনে করি নারায়ণগঞ্জের সেই বাবার কথা, যার একমাত্র ছেলে যুদ্ধে গিয়ে শহীদ হওয়ার পরে তিনি কাঁদছিলেন, আর বলছিলেন, আমার কেন মাত্র একটা ছেলে, আরেকটা ছেলে থাকলে আজ তাকে আমি যুদ্ধে পাঠাতে পারতাম! বীরের এ রক্তস্রোত, মাতার এ অশ্রুধারা, এর যত মূল্য সে কি ধরার ধুলায় হবে হারা?
১৬ কোটি মানুষের দেশ, ৪০ বছর পরে নাকি এর এক-তৃতীয়াংশ ডুবে যাবে সমুদ্রের নিচে। দেশটা এগোবে কী করে?
একটা রেলগাড়ি এগোয়, কারণ তার সামনে থাকে ইঞ্জিন। একটা দেশ এগোয়, কারণ তার সামনে থাকে স্বপ্ন। বাংলাদেশ স্বপ্ন দিয়ে তৈরি, স্মৃতি দিয়ে ঘেরা। বাংলাদেশের লেখকদের তাই স্বপ্ন নির্মাণ করে যেতে হবে। আমরা কি কিছুই পারিনি। আমাদের অগ্রজ লেখকেরা ভাষা আন্দোলনের জনক এবং সন্তান, তাঁরা স্বাধীনতার স্বপ্নে উদ্বুদ্ধ করেছেন মানুষকে, স্বাধীনতা আমরা পেয়েছি। আর আমরা, বাংলাদেশের লেখকেরা ও সাংবাদিকেরা, লিখে লিখে রাষ্ট্র, সরকার, সমাজ, প্রতিষ্ঠানগুলোকে দিয়ে একটা কাজ তো করিয়ে নিতে পেরেছি, দেশ থেকে মঙ্গা দূর করতে পেরেছি। আর আমাকে নাল পিরান লিখতে হবে না, ক্ষুধা এবং ভালোবাসার গল্প লিখতে হবে না, নিধুয়া পাথার লিখতে হবে না।
লিখে কী হয়? এটা না বলে শিল্প-সাহিত্য-সংস্কৃতির বোধহীনতার পরিণাম কী হতে পারে, তার একটা আস্ত উদাহরণ দিই। আমাদের সামনেই আছে। তার নাম ডোনাল্ড ট্রাম্প। আহা, ওই বেচারির ছেলেবেলায় ওকে কি কেউ রবার্ট ফ্রস্ট কিংবা হেমিংওয়ে পড়তে দেয়নি, মার্ক টোয়েন কিংবা শেক্সপিয়ার? ওই লোকটা শিল্পবোধসম্পন্ন হলেই তো মানবিক মূল্যবোধসম্পন্নও হতো। তাহলে আজকের দুনিয়া এক বড় বিপদ ও আপদের হাত থেকে বেঁচে যেত।
লেখকেরা ষষ্ঠ আঙুল পেয়েছেন, তার সর্বোত্তম ব্যবহার তাই তৃতীয় বিশ্বযুদ্ধের প্রতিরোধ কিংবা বাংলাদেশের সাফল্যের জন্য জরুরি।
আনিসুল হক: সাহিত্যিক ও সাংবাদিক।