
এই জুনে ১৯৬৭ সালে ইসরায়েলের সঙ্গে মিসর, জর্ডান ও সিরিয়ার যুদ্ধের ৫০ বছর পূর্তি হতে যাচ্ছে। এমন এক অঞ্চলে এই যুদ্ধ হয়েছিল, যার আধুনিক কালের ইতিহাস নানা সহিংসতায় আকীর্ণ। এই যুদ্ধ এক সপ্তাহও স্থায়ী হয়নি। কিন্তু তার রেশ আজও রয়ে গেছে, আধা শতক পরও।
ইসরায়েল মিসরের বিমানবাহিনীর ওপর নিবৃত্তিমূলক হামলা চালালে এই যুদ্ধ শুরু হয়। কারণ, মিসর সিদ্ধান্ত নিয়েছিল, তারা গাজা ও সিনাই উপদ্বীপ থেকে জাতিসংঘের শান্তিরক্ষী সদস্যদের বিতাড়ন করবে। একই সঙ্গে তারা তিরান প্রণালি দিয়ে ইসরায়েলের জাহাজ চলাচলও বন্ধ করে দিয়েছিল। ইসরায়েলই প্রথম আঘাত করেছিল, কিন্তু অধিকাংশ পর্যবেক্ষক মনে করেন, আসন্ন হুমকি মোকাবিলায় ইসরায়েলের এই আত্মরক্ষামূলক হামলা যৌক্তিক ছিল।
ইসরায়েল একাধিক ফ্রন্টে এই যুদ্ধ করতে চায়নি, কিন্তু জর্ডান ও সিরিয়া মিসরের পক্ষে নেমে গেলে যুদ্ধ দ্রুতই ছড়িয়ে পড়ে। এই সিদ্ধান্তের জন্য আরব দেশগুলোকে চড়া মূল্য দিতে হয়েছে। স্রেফ ছয় দিন যুদ্ধের পর ইসরায়েল সিনাই উপদ্বীপ, গাজা উপত্যকা, গোলান উপত্যকা, পশ্চিম তীর ও পুরো জেরুজালেম দখল করে নেয়। ফলে দেখা গেল, নতুন ইসরায়েল পুরোনো ইসরায়েলের তিন গুণ হয়ে গেল। এ যেন বাইবেলের আদি গ্রন্থের ‘সৃষ্টিতত্ত্ব’ নামক প্রথম অধ্যায়ের পুনরাবৃত্তি, অর্থাৎ ছয় দিন কঠোর পরিশ্রমের পর এক দিনের বিশ্রাম। এ ক্ষেত্রে সেই বিশ্রাম হলো যুদ্ধবিরতি।
এই একপক্ষীয় যুদ্ধ ও তার ফলাফলের মধ্য দিয়ে একটি ধারণার অবসান ঘটল, সেটা হলো—ইসরায়েলকে নিশ্চিহ্ন করে দেওয়া সম্ভব। ১৯৬৭ সালের বিজয়ের মধ্য দিয়ে ইসরায়েল অনেকটা চিরস্থায়ী হয়ে গেল, যেটা ১৯৪৮ ও ১৯৫৬ সালের যুদ্ধে সম্ভব হয়নি। নতুন রাষ্ট্র শেষমেশ কৌশলগত গভীরতা অর্জন করল। অধিকাংশ আরব নেতাই কৌশলগত লক্ষ্য পরিবর্তন করলেন: ইসরায়েল বিলুপ্ত হতে পারে—এই ধারণা বাদ দিয়ে তাঁরা ১৯৬৭ সালের যুদ্ধ-পূর্ব সীমান্ত মেনে নিলেন।
তবে ছয় দিনের যুদ্ধের পর কিন্তু শান্তি অর্জিত হয়নি, এমনকি আংশিকভাবেও। এর জন্য পৃথিবীকে ১৯৭৩ সালের যুদ্ধ পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে, যার মধ্য দিয়ে ক্যাম্প ডেভিড চুক্তি ও ইসরায়েল-মিসর শান্তিচুক্তির ভিত রচিত হয়। পরবর্তী যুদ্ধের মধ্য দিয়ে আরব বিশ্বের মর্যাদা পুনরুদ্ধার হয়। অন্যদিকে ইসরায়েল কিছুটা সংযত হয়। এখান থেকে আমরা গুরুত্বপূর্ণ শিক্ষা পাই: সামরিক যুদ্ধের সুস্পষ্ট পরিণতি হলেই রাজনৈতিক ফলাফল অর্জিত হয় না, শান্তি তো দূরস্থান।
জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ২৪২ নম্বর প্রস্তাবের মধ্য দিয়ে ১৯৬৭ সালের যুদ্ধ থেকে আমরা কূটনীতির দিকে এগিয়েছি। ১৯৬৭ সালের নভেম্বরে এই প্রস্তাব পাস হয়। বলা হয়, সাম্প্রতিক যুদ্ধে ইসরায়েল যে ভূমি দখল করেছে, তাকে সেগুলো ছেড়ে দিতে হবে। কিন্তু একই সঙ্গে নিরাপদ ও স্বীকৃত সীমানার মধ্যে ইসরায়েলের বসবাসের অধিকারও স্বীকৃতি দেওয়া হয়। এ প্রস্তাবটি প্রকৃত অর্থে সৃজনশীল দ্ব্যর্থকতার ধ্রুপদি দৃষ্টান্ত। মানুষ নানা অর্থে এটি পাঠ করেছে। এতে একটি প্রস্তাব গ্রহণ করা সহজ হতে পারে, কিন্তু তা নিয়ে কাজ করা কঠিন।
কিন্তু ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে যে এখনো শান্তির স্থান নেই, তাতে বিস্ময়ের কিছু নেই। যদিও মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়নসহ দলগুলো নানা চেষ্টা করেছে। ন্যায্য কথা হলো, উল্লিখিত সেই ২৪২ নম্বর প্রস্তাবের ঘাড়ে এর দোষ চাপানো ঠিক হবে না। দ্বন্দ্ব-সংঘাত নিরসনের উপযোগী হলেই কেবল শান্তি আসতে পারে। আবার এটা তখনই আসতে পারে, যখন মূল ক্রীড়নকেরা আপসের আকাঙ্ক্ষা পোষণ করেন বা সেটা করার সক্ষমতা অর্জন করেন। সেটা না থাকলে বাইরের দেশের কূটনীতিকেরা যতই চেষ্টা করুন না কেন, তাতে কাজ হবে না।
কিন্তু ১৯৬৭ সালের যুদ্ধের ব্যাপক প্রভাব রয়েছে। এর মধ্য দিয়ে ফিলিস্তিনিরা পরিচয় ও আন্তর্জাতিক গুরুত্ব পায়, দেশটির বেশির ভাগ মিসর ও জর্ডানের শাসনে থাকার সময় তারা যেটা পায়নি। কিন্তু তারা ইসরায়েলকে গ্রহণ করার প্রশ্নে ঐকমত্য অর্জন করতে পারেনি। অর্থাৎ, তাকে স্বীকার করে নেওয়ার পর নিজের রাষ্ট্র পেতে হলে তাদের কী ছাড় দিতে হবে—সেই প্রশ্নে তারা একমত হতে পারেনি।
ইসরায়েলিরাও কিছু বিষয়ে একমত হতে পারেনি। তাদের বেশির ভাগেরই মত ছিল সিনাইকে মিসরের কাছে ফেরত দেওয়া। বেশ কটি ইসরায়েলি সরকার সিরিয়াকে গোলান উপত্যকা ফেরত দিতে চেয়েছিল। কিন্তু তারা যে শর্ত দিয়েছিল, তা কখনো পূরণ হয়নি। ইসরায়েল শেষমেশ গাজা থেকে নিজেদের প্রত্যাহার করে জর্ডানের সঙ্গে শান্তিচুক্তি করে। এ ব্যাপারেও বৃহত্তর ঐকমত্য ছিল যে জেরুজালেম একত্র ও ফিলিস্তিনের নিয়ন্ত্রণে থাকবে।
কিন্তু পশ্চিম তীরের প্রসঙ্গে ঐকমত্য আর থাকল না। ইসরায়েলের অনেকে মনে করলেন, পশ্চিম তীর তাঁদের লক্ষ্য অর্জনের হাতিয়ার, যেটা নিরাপদ শান্তির জন্য দায়িত্বশীল ফিলিস্তিন রাষ্ট্রের সঙ্গে বিনিময় করা যায়। অন্যদের কাছে এটাই ছিল লক্ষ্য, যেটা নিরসনপূর্বক ধরে রাখতে হবে। এটা বলছি না যে ১৯৬৭ সালের পর কূটনৈতিক অগ্রগতি একেবারেই হয়নি। অনেক ইসরায়েলি ও ফিলিস্তিনি পরস্পরের অস্তিত্ব এবং ভূখণ্ড দুই রাষ্ট্রে বিভক্ত করার ব্যাপারটা মেনে নিয়েছেন। কিন্তু এই মুহূর্তে যে বিষয়াদি দুই পক্ষকে আলাদা রেখেছে, সেগুলো তারা মিটমাট করতে রাজি নয়। এ জন্য দুই পক্ষকেই মূল্য দিতে হয়েছে।
ভৌগোলিক ও অর্থনৈতিক ক্ষতি সত্ত্বেও ফিলিস্তিনিদের নিজস্ব ভূখণ্ড নেই। নিজেদের জীবনের ওপর তাদের নিয়ন্ত্রণ নেই। অন্যদিকে ইসরায়েলের ইহুদি, গণতান্ত্রিক, নিরাপদ ও সমৃদ্ধ দেশ হওয়ার আকাঙ্ক্ষা উন্মুক্ত দখলদারি ও জনসংখ্যাগত বাস্তবতার কারণে ব্যাহত হচ্ছে। এর মধ্যে এই অঞ্চল ও পৃথিবী এগিয়ে যাচ্ছে। তারা এখন রাশিয়া, চীন ও উত্তর কোরিয়ার ব্যাপারেই বেশি উদ্বিগ্ন। এমনকি ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে শান্তি প্রতিষ্ঠিত হলেও সিরিয়া, ইরাক, ইয়েমেন ও লিবিয়ায় শান্তি আসেনি। ছয় দিনের যুদ্ধের ৫০ বছর পর ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে যে শান্তি প্রতিষ্ঠিত হলো না, তা কিন্তু বিরাজমান অবস্থার অপূর্ণাঙ্গতার অংশ। যেটা অনেকেই এখন মেনে নিয়েছেন। অনেকে তা আশাও করেন।
অনুবাদ: প্রতীক বর্ধন, স্বত্ব: প্রজেক্ট সিন্ডিকেট।
রিচার্ড এন হাস: কাউন্সিল অন ফরেন রিলেশন্সের প্রেসিডেন্ট।