জগলুল আহমেদের মৃত্যু, দায়ী কে?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাংবাদিক জগলুল আহমেদ চৌধূরী
সাংবাদিক জগলুল আহমেদ চৌধূরী

কয়েক দিন ঢাকার বাইরে দেশের দক্ষিণের দ্বীপ মনপুরায় ছিলাম। যেদিন ফিরে এলাম, সকালেই বাসায় পৌঁছে শুনলাম আগের দিন সন্ধ্যায় ঘটে যাওয়া এক মর্মান্তিক এবং অবিশ্বাস্য খবর। আমার বেশ ঘনিষ্ঠ একজন প্রথিতযশা দেশবরেণ্য সাংবাদিক জগলুল আহমেদ চৌধূরীর অবিশ্বাস্য রকমের মৃত্যুর খবর। খবরটি শুনে অনেকক্ষণ গুম মেরে বসেছিলাম। মুখ থেকে কোনো বাক্য বের হচ্ছিল না। মাত্র কয়েক দিন আগেই ড. মনজুরুল ইসলামের ছেলের বিবাহোত্তর সংবর্ধনায় দেখা হয়েছিল জগলুল আহমেদের সঙ্গে। মুখে তাঁর সেই চিরাচরিত হাসি আর সম্বোধন: ‘সাখাওয়াত ভাই, কেমন আছেন।’ 
আমার সঙ্গে জগলুল আহমেদের পরিচয় ১৫-১৬ বছর আগে থেকে। পরিচয় হয় বিভিন্ন সেমিনার, ওয়ার্কশপ ইত্যাদির মাধ্যমে। ক্রমেই আমাদের মধ্যে যথেষ্ট হৃদ্যতা গড়ে ওঠে। দেখা হলেই তিনি আমার বিশ্লেষণধর্মী লেখার প্রশংসা করে উৎসাহিত করতেন। তাঁর সঙ্গে বহুবার বিভিন্ন চ্যানেলে আন্তর্জাতিক ইস্যু, বিশেষ করে ভারত-বাংলাদেশ বিষয়ে টক শোতে একসঙ্গে যোগ দিয়েছি। সব সময় তাঁর বিশ্লেষণ অত্যন্ত বাস্তবধর্মী এবং যৌক্তিক হওয়ায় আমার বেশ পছন্দ হতো। কয়েক বছর দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে চাকরির সুবাদে ভারতের উচ্চপর্যায়ের নেতা, বুদ্ধিজীবী এবং সাংবাদিকদের অতি পরিচিত ছিলেন। দেখা হলে প্রায়ই বিভিন্ন ব্যক্তিত্বের সঙ্গে তাঁর সাক্ষাৎ এবং আলাপচারিতার বিষয় তুলে ধরতেন। নির্বাচন কমিশনে থাকাকালে একাধিকবার তিনি আমার অফিসেও এসেছিলেন।
অত্যন্ত অমায়িক, অতি সাধারণ এবং নিরপেক্ষ-ধরনের মানুষ ছিলেন জগলুল আহমেদ চৌধূরী। বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে এমন মানুষের যথেষ্ট অভাব রয়েছে। সাধারণ মানুষের সঙ্গে মিশতে চাইতেন, সেটাই যেন তাঁর জন্য কাল হয়ে দাঁড়াল। যেভাবে তাঁর মৃত্যু হয়েছে, তা গ্রহণযোগ্য হতে পারে না। বেপরোয়া দানবজাতীয় মানুষের হাতে যন্ত্রদানব পড়লে যা হয়, তা-ই হয়েছে। এ ধরনের মৃত্যু অনাকাঙ্ক্ষিত, অগ্রহণযোগ্য।
ঢাকার মতো জনবহুল শহর, দেশের একমাত্র শহর, যেখানে একটি রাষ্ট্রের উল্লেখযোগ্য সব কর্মকাণ্ডেরই কেন্দ্রবিন্দু, সেই শহরের ব্যবস্থাপনা দেখলে মনে হয়, এই শহর একটি এতিম শহর। এর দেখভাল করার কেউ নেই, অথচ ছোট-বড় পিয়ন থেকে বড় বড় আধুনিক পদধারী অনেকেই রয়েছেন শহরের দেখভাল করার জন্য। নেই শুধু জনপ্রতিনিধি। কিছুদিন আগে ঢাকঢোল পিটিয়ে শুরু হয়েছিল মেয়াদোত্তীর্ণ ফিটনেসবিহীন যানবাহনের বিরুদ্ধে আইন প্রয়োগের। এখন মনে হয়, বাগাড়ম্বরেই শেষ।
বহুবার ট্রাফিক অব্যবস্থার বিষয়ে একাধিক পত্রপত্রিকায় বহুজনে লিখেছেন, এখনো লিখছেন। টেলিভিশনের টক শোতে অনেক বিশিষ্ট বিশেষজ্ঞ মতামত এবং সুপারিশ দিয়েই যাচ্ছেন, তাতে খুব একটা কিছু হয় বলে মনে হয় না। জনস্বার্থ বলে কিছুই যেন আমাদের দেশে নেই। তা না হলে একটি রাজধানী শহরে ট্রাফিকের শৃঙ্খলা কেন থাকবে না? কিছু কিছু জায়গায় নির্ধারিত বাসস্টপ থাকলেও সেখানে বাসগুলো আদৌ থামে না, বরং বিভিন্ন স্থানে চলতি বাস থেকেই যাত্রীদের ওঠানো এবং নামানো নিত্যনৈমিত্তিক বিষয় হয়ে গেছে। বাসের চালকেরা সব সময়েই অন্য বাসের সঙ্গে পাল্লা দিয়ে চলে, পাছে যদি যাত্রী অন্য বাসে চড়ে যায়? রাস্তার মাঝে দুই বাস দাঁড়িয়ে যাত্রী ওঠানোর প্রতিযোগিতায় থাকে। সৃষ্টি হয় যানজট। সিগন্যালের সামনে দুইয়ের অধিক লেনজুড়ে বাস দাঁড়ায়। এমনই পরিস্থিতিতে একটি হৃদয়বিদারক দুর্ঘটনায় একজন যুবকের মৃত্যুর সংবাদও আমাদের পড়তে হয়েছে।
শহরে বাসের সংখ্যা বাড়ছে, সেই অনুপাতে দক্ষ চালক তৈরি হচ্ছে না। লাইসেন্স দেওয়ার ক্ষেত্রে অনিয়ম আর দুর্নীতি এখন নীতি হয়েছে। হবেই না বা কেন? গরু, ছাগল, মহিষ, কুকুর, বিড়ালের ছবি চিনতে পারলেই যে দেশে লাইসেন্স পাওয়ার অধিকারী হয়, সেখানে মানুষ চেনার প্রয়োজন কোথায়? কখনো বাস-ট্রাক, এমনকি প্রাইভেট গাড়িচালকদের লাইসেন্স চেক অথবা দুই নম্বরি হওয়ায় জব্দ হতে দেখিনি।
মাত্র কয়েক দিন আগে বহুল প্রচারিত পথচারীদের রাস্তা পারাপারে ফুটওভারব্রিজ ব্যবহারের জন্য এক দিন মহাসমারোহে যজ্ঞ হলো। কিছু লোক জরিমানা দিল; তারপর? হঠাৎ মনে হলো এমন ব্যবস্থা এখনো করার সময় আসেনি, কারণ যেখানে ফুটওভারব্রিজ নেই, সেসব জায়গায় মানুষের পারাপারের জন্য নিদেনপক্ষে জেব্রাক্রসিংও নেই। গুরুত্বপূর্ণ সিগন্যালে ওভারব্রিজও নেই, জেব্রাক্রসিংও নেই। যা প্রয়োজন তা নেই, অথচ তুঘলকের মতো যখন যেটা মনে হয়, তেমন পদক্ষেপ নেওয়া হয়!
যাহোক, ঢাকার রাস্তায় জ্যাম থাকবেই, কারণ শহর অনুপাতে রাস্তার সংখ্যা অত্যন্ত কম। এ বিষয়ে নতুন করে কিছু বলার নেই। যা করা যায়, তাও দেখা যায় না। তা হলো শৃঙ্খলা ফিরিয়ে আনা। বহুদিন বাসের পৃথক লেনের কথা শুনেছি, ওই শোনা পর্যন্তই। ঢাকা এখন প্রশাসনিক সুবিধার জন্য দুই ভাগে বিভক্ত, কিন্তু অবস্থা আগের চেয়ে আরও খারাপ হয়েছে এবং ক্রমাগত অবনতির দিকে যাচ্ছে। তবু অনুরোধ করব, প্রতিটি রাস্তায় বাসের জন্য নির্ধারিত স্টপ তৈরি করুন। শহরের বাস সার্ভিসগুলোর ওপর স্টপ থেকে যাত্রী ওঠানো-নামানোর বাধ্যবাধকতা আরোপ করুন। ঢাকা মেট্রোপলিটন এলাকার রাস্তায়, যেখানে ওভারব্রিজ নেই, সেখানে জেব্রাক্রসিংয়ের ব্যবস্থা করুন। প্রতিটি সিগন্যালে এ ব্যবস্থা শুধু থাকলেই হবে না, ট্রাফিক দ্বারা নিয়ন্ত্রণ করতে হবে। পথচারীদের অভ্যাস পরিবর্তনে সাহায্য করুন।
ঢাকঢোল পেটানো বা প্রচারণার জন্য নয়, ঢাকা শহরকে মৃত্যুকূপ তৈরি হতে বাঁচানোর দায়িত্ব যাঁদের, তাঁদের উদ্দেশে বলছি, রাস্তায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে হলে লাইসেন্স দেওয়ার ক্ষেত্রে দুর্নীতি কমানোর চেষ্টা করুন। শুধু বাগাড়ম্বরে নয়, একটু সময় ব্যয় করে ভেবে দেখুন, এই শহরের কী অবস্থা। এমন চলতে থাকলে আগামী এক-দুই বছরে চিত্রটি কেমন হবে।
আমি শেষ করতে চাই আরেকবার আমার সুহৃদ জগলুল আহমেদের মৃত্যু নয়, হত্যার বিষয়ে কিছু মন্তব্য দিয়ে। এমনই কপাল যে তাঁর দেহটি রাস্তায় পড়ে থাকার পরও তাঁকে তাৎক্ষণিকভাবে কেউ চিকিৎসাকেন্দ্রে নিয়ে যেতে দাঁড়াননি। কয়েকজন পথচারী তাঁকে কাছাকাছি হাসপাতালে নিলেও সেখানে নানা অজুহাতে তাৎক্ষণিক চিকিৎসা দেওয়া হয়নি। জগলুল আহমেদ এতই সাধারণভাবে থাকতেন, তাঁর প্রতি নজর দেওয়ার প্রয়োজনও বোধ করেননি চিকিৎসকেরা। এ ক্ষেত্রে স্বাস্থ্যমন্ত্রী ধন্যবাদ পাওয়ার যোগ্য যে তিনি তাৎক্ষণিকভাবে ওই হাসপাতালের কার্যক্রম বন্ধ করেছেন।
বাংলাদেশের আনাচকানাচে বহু বেসরকারি হাসপাতাল গড়ে উঠেছে, কিন্তু এগুলো যেমন আপামর জনসাধারণের নাগালের বাইরে, তেমনি সাধারণ মানুষের দৈবাৎ-দুর্বিপাকের সময়েও সাহায্যের হাত বাড়িয়ে দেয় না। সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কাছে জোর দাবি জানাচ্ছি যে প্রতিটি হাসপাতালে ট্রমা সেন্টার না থাকলে সেসব বেসরকারি হাসপাতালকে অনুমতি না দেওয়ার জন্য। যেগুলো অতীতে অনুমোদিত হয়েছে, তাদের জন্য ট্রমা সেন্টার তৈরি বাধ্যতামূলক করা হোক। দুর্ঘটনায় পতিত যেকোনো ব্যক্তিকে অবশ্যই ট্রমা সেন্টারের সুযোগ-সুবিধা দেওয়া বাধ্যতামূলক করা আবশ্যক। আমি জানি না আমার এই ক্ষুদ্র পরিসরে লেখার সুপারিশের ওপরে কেউ আমল করবেন কি না। যেকোনো সরকারের দায়িত্ব প্রত্যেক নাগরিকের সুরক্ষা এবং অতীব প্রয়োজনীয় সেবা নিশ্চিত করা। এতটুকু দাবি দেশবাসী সরকারের কাছে করতেই পারে। সরকার যদি নির্লিপ্ত থাকে, তবে এটা তার ব্যর্থতা।
জগলুল আহমেদ চৌধূরীর এ ধরনের মৃত্যু অনেক প্রশ্নের জন্ম দিয়েছে। জানি না আদৌ এসব প্রশ্নের উত্তর পাওয়া যাবে কি না। তবে তাঁর এ ধরনের মৃত্যু, এ ক্ষতি পোষানোর নয়। আমি আমার ও আমার পরিবারের তরফ থেকে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি।
এম সাখাওয়াত হোসেন: অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল, সাবেক নির্বাচন কমিশনার ও কলাম লেখক৷
[email protected]