
একটা কথা আছে, জঙ্গলের জন্য বৃক্ষ দেখা যায় না। বড় কোনো গাছের চারদিকে যদি আগাছা ও ঝোপঝাড় থাকে, তাহলে ওই গাছটিকে দেখা যায় না এবং তার বিরাটত্ব ও সৌন্দর্য চোখে পড়ে না। এই কথার অর্থ হলো, আবর্জনায় আচ্ছাদিত থাকলে ভালো জিনিসটিও সহজে চোখে পড়ে না। যেকোনো বিষয়ের ক্ষেত্রেই সেটা প্রযোজ্য। সাহিত্যের বইপত্রের ক্ষেত্রে তো বটেই।
এবার অমর একুশের গ্রন্থমেলায় ৪০০-র বেশি প্রকাশনা সংস্থা এবং সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান অংশ নিয়েছে। গতবারের বইমেলায় চার হাজারের বেশি বই প্রকাশিত হয়েছিল। এবার তার চেয়ে কম হওয়ার সম্ভাবনা নেই। প্রতিটি অংশগ্রহণকারী প্রতিষ্ঠান যদি দুটি করে গুরুত্বপূর্ণ বই প্রকাশ করে, তাহলে ৮০০-র বেশি বই প্রকাশিত হবে। মোটের ওপর হাজার খানেক ভালো বই এই মেলায় আসা কোনো ব্যাপার নয়। তা-ই যদি হয়, তাহলে অবশিষ্ট তিন হাজার কী মানের বই? অবশ্য এ কথা সত্যি যে প্রকাশকেরা শুধু অমূল্য বইটি প্রকাশ করবেন, সাধারণ মানের বই ছাপাবেন না—তা ভাবা ঠিক নয়।
পূর্ববর্তী বছরগুলোর মতো এবারও বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান একটি গোলটেবিল আলোচনার আয়োজন করেন। তাতে তিনি আমন্ত্রণ জানিয়েছিলেন বিশিষ্ট কবি-সাহিত্যিক-শিল্পী-সাংবাদিকদের। আলোচনার শুরুতেই বইয়ের মান নিয়ে কথা বলেন এবং সেটাই আলোচনার মূল বিষয় হয়ে ওঠে। লেখক যা লিখলেন, নির্বিচারে বিনা সম্পাদনায় তা-ই ছাপা হয়ে বই আকারে বেরিয়ে গেল, তাতে ভাষা ও সাহিত্য উপকৃত হয় না। কিন্তু সাম্প্রতিক সময়ে সেটাই হচ্ছে। তাতে বইয়ের সংখ্যা বাড়ছে, কিন্তু সাহিত্য সমৃদ্ধ হচ্ছে না।
শামসুজ্জামান খান আরেকটি প্রসঙ্গ তোলেন। সেটাও খুব গুরুত্বপূর্ণ বিষয়। অনেক সচ্ছল শৌখিন লেখক, তাঁদের মধ্যে অনেকে আছেন প্রবাসী, তাঁরা প্রকাশকদের হাতে পাণ্ডুলিপি ও প্রকাশের খরচ বাবদ টাকা ধরিয়ে দেন। এমনকি বইটি কম্পিউটারে কম্পোজও করে দেন। তার ফলে লেখকের মর্জিমতো ছাপা হয়ে বই আকারে কী বেরিয়ে গেল, তা প্রকাশকও জানলেন না। রচনার বিষয়বস্তুর কোনো মাথামুণ্ডু নেই, অশুদ্ধ বাক্য, মুদ্রণ প্রমাদে পরিপূর্ণ—এ রকম বইয়ের সংখ্যা বিপুল। তাই সেদিনের গোলটেবিল বৈঠকে পাণ্ডুলিপি বিশেষজ্ঞদের দিয়ে সম্পাদনা করে প্রকাশের ওপর জোর দেওয়া হয়।
প্রধান প্রকাশকেরা নন, একশ্রেণির প্রকাশক লেখকদের থেকে টাকা নিয়ে বই প্রকাশ করেন—প্রবণতাটি সাহিত্যের জন্য স্বাস্থ্যকর নয়, তা নিয়েও প্রশ্ন তোলেন শামসুজ্জামান খান ও কেউ কেউ। সাধারণত সেসব নতুন লেখকই ওই কাজ করেন, যাঁদের মানহীন রচনা প্রকাশের আগ্রহ প্রতিষ্ঠিত প্রকাশকের নেই, অথচ লেখক আর্থিকভাবে সচ্ছল। ইউনিভার্সিটি প্রেস লিমিটেডের মালিক প্রবীণ প্রকাশক মহিউদ্দিন আহমেদ লেখকদের থেকে টাকা নিয়ে বই প্রকাশকে ক্ষতিকর নয় বলে মত দেন। সভায় আমিও বলি যে চিরকালই নতুন ও অপ্রতিষ্ঠিত লেখকেরা নিজের টাকায় বই প্রকাশ করেছেন। সেটা দোষের নয়। কথা হলো, বইটির সাহিত্যিক মূল্য ও গুরুত্ব আছে কি না? নবীন হোন, বুড়ো হোন, নবাগত হোন বা খ্যাতিমান হোন—সব লেখকের পাণ্ডুলিপিই যোগ্য কাউকে দিয়ে পড়িয়ে মতামত নিয়ে প্রকাশ করাই দায়িত্বশীলতা। নতুন লেখকদের এ কাজটি অবশ্যই করা উচিত।
বাংলা ভাষার সর্বশ্রেষ্ঠ গদ্যলেখক এবং বাংলা সাহিত্যের অনাগত লেখকদের শ্রেষ্ঠ গুরু বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় দেড় শ বছর আগে নতুন লেখকদের উদ্দেশে কিছু উপদেশ দিয়ে গেছেন। তিনি বলেছেন: ‘রচনার চারিটি গুণ বিশেষ করিয়া শিখিতে হইবে। এই চারিটির নাম (১) বিশুদ্ধি (২) অর্থব্যক্তি (৩) প্রাঞ্জলতা (৪) অলঙ্কার। প্রথমে বিশুদ্ধি। রচনার ভাষা শুদ্ধ না হইলে সব নষ্ট হইল। বিশুদ্ধির প্রতি সর্ব্বাগ্রে মনোযোগ দিতে হইবে। বিশুদ্ধি সর্ব্ব প্রধান গুণ।’
চাটুজ্যে অর্থব্যক্তি সম্পর্কে লিখেছেন: ‘তোমার যাহা বলিবার প্রয়োজন, রচনায় তাহা যদি প্রকাশ করিতে না পারিলে, তবে রচনা বৃথা হইল।’ প্রাঞ্জলতা প্রসঙ্গে তাঁর বক্তব্য: ‘প্রাঞ্জলতা রচনার বড় গুণ। তুমি যাহা লিখিবে, লোকে পড়িবামাত্র যেন তাহা বুঝিতে পারে। যাহা লিখিলে, লোকে যদি তাহা না বুঝিতে পারিল, তবে লেখা বৃথা।’ অলংকার সম্পর্কে বঙ্গিমবাবু বলেছেন: ‘অলঙ্কার ধারণ করিলে যেমন মনুষ্যের শোভা বৃদ্ধি পায়, অলঙ্কার ধারণ করিলে রচনারও সেই রূপ শোভা বৃদ্ধি পায়। কিন্তু অলঙ্কার প্রয়োগ বড় কঠিন।’
বঙ্কিম চাটুজ্যে বলেছেন কঠিন, কিন্তু তাঁর স্বর্গারোহণের সোয়া শ বছর পরে তাঁর মাতৃভাষার অনেক লেখকের কাছে জলবৎ তরলং। একুশের বইমেলায় একখানা অথবা তিন-চারখানা কাব্যগ্রন্থ প্রকাশ না করা জীবনের চরম ব্যর্থতা। তাই বেরিয়েছে এক কবির কবিতার বই। তাঁর কবিতার কিছু পঙ্ক্তি: ‘আকাশের ঘাসের নদীতে/ খেলা করে শিশুর স্তন/ নর্দমায় সোনা ঝরে শস্যের মতো,/ কালো বিছানায় সুগন্ধ গোবর/ চামচিকা মহাকাশের গর্তে অক্সিজেন নাড়াচাড়া করে।’ আমার হাতে পড়েছে এমন অনেক বইয়ের টাইটেল বা শিরনামাই অশুদ্ধ ও অর্থহীন। দুজন লেখককে তাদের বইয়ের শিরনামার মানে জিজ্ঞেস করায় তাঁরা চুপ করে থাকেন।
এই সব পঙ্ক্তির যিনি স্রষ্টা, তাঁর প্রতিভা নিয়ে সংশয়ের বালুকণা পরিমাণ অবকাশ নেই। হতে পারে তাঁর কবিত্বশক্তি শেক্সপিয়ার বা গোয়েটের পর্যায়ের। কিন্তু এ–জাতীয় কবিতার বই যিনি প্রকাশ করেছেন, সেই প্রকাশকের বিদ্যা-বুদ্ধি ও কাণ্ডজ্ঞান নিয়ে প্রশ্ন না তোলা দায়িত্বজ্ঞানহীনতা বৈকি! কবি দাবি করবেন, আমার এই কবিতা তো মুক্তবন্দী সাহিত্য পরিষদের অনুষ্ঠানে কাঁপা কাঁপা গলায় আবৃত্তি হয়েছে। সেখানে পড়েছে হাততালি। অবশ্য সেই অনুষ্ঠানে তাঁর প্রতিদ্বন্দ্বী এক কবিকে স্বরচিত কবিতা পাঠ করার সুযোগ না দেওয়ায় ক্ষতিগ্রস্ত হয়েছেন ডেকোরেটর। তাঁর খান পনেরো প্লাস্টিকের চেয়ার চুরমার হয়েছে। মাথায় ব্যান্ডেজ পড়েছে কয়েকজনের। বাংলা ভাষার নোবেল পুরস্কারপ্রাপ্ত কবির মৃত্যুর ৭৫ বছর এবং জাতীয় কবির ইন্তেকালের ৪০ বছর পরে বাংলা সাহিত্যকে একশ্রেণির কবি-সাহিত্যিক আজ এই পর্যায়ে নিয়ে এসেছেন।
অমর একুশের গ্রন্থমেলার এবারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কয়েকজন বিদেশি অতিথিও ছিলেন। সভাপতিত্ব করেন বাংলা একাডেমির সভাপতি ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান। তিনি তাঁর সংক্ষিপ্ত ও স্বভাবসুলভ সংযত ভাষণে একটি পরামর্শের কথা প্রকাশ করেন। তিনি বলেন, মেলার আকার প্রতিবছর বাড়ছে। প্রকাশকদের অংশগ্রহণের সংখ্যা বাড়ছে। বিপুলসংখ্যক বই প্রকাশিত হচ্ছে। অধিকাংশ বইয়ের মান নিয়ে প্রশ্ন উঠেছে। বাংলা একাডেমির প্রশাসনিক ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আমার নেই। তবে এইটুকু বলা যায় যে ভবিষ্যতে মেলায় অংশগ্রহণেচ্ছুক প্রকাশকদের নির্বাচনে সংযত হওয়ার সময় এসেছে। তাঁর এই উপদেশ ছিল খুবই সময়োপযোগী। উদ্বোধনী অনুষ্ঠানের পরে শুনলাম অনেক বিশিষ্ট ব্যক্তি তাঁর এই পরামর্শ সমর্থন করছেন।
বইমেলার প্রথম ১০ দিনে আমি একাডেমি প্রাঙ্গণে এবং সোহরাওয়ার্দী উদ্যানের অনেক স্টল ঘুরে দেখেছি। আগে প্রকাশিত অনেক ভালো বই মেলায় বিক্রি হচ্ছে। এবারও ১০ দিনে হাজার খানেক নতুন বই মেলায় এসেছে। প্রধান ১৫-২০টি প্রকাশকের অনেক ভালো বই আছে। নতুন লেখকদের বহু বই প্রকাশিত হয়েছে এবং মেলা শেষ হওয়া পর্যন্ত হবে। পাঠকের জন্য সমস্যা হলো, বহু বইপ্রেমী আমাকে বলেছেনও, নতুন লেখকের ভালো বইটি তিনি খুঁজে পাবেন কীভাবে? এটাও সত্যি, সব খ্যাতিমান লেখকই একদিন নতুন লেখক থাকেন। অনেক লেখকের প্রথম বইটিই সেরা বই। যেমন অরুন্ধতী রায় বা ঝুম্পা লাহিড়ী তাঁদের প্রথম বইতেই পাঠকের চিত্ত জয় করেন। বাংলা সাহিত্যের আরও বহু লেখকের ক্ষেত্রেও তা সত্য। সে রকম লেখক কি এবারের বইমেলায় একজনও পাব? আমি সম্পূর্ণ অপরিচিত লেখকদের কয়েকটি বই নাড়াচাড়া করে দেখেছি, লিটল ম্যাগাজিনেও কিছু লেখা পড়ে দেখেছি, খুব ভালো লেখার হাত আছে কারও কারও। তাঁদের বাক্যগঠন ও ভাষা চমৎকার। উপযুক্ত প্রকাশকের আনুকূল্য ও পাঠকের উৎসাহ না পেয়ে হয়তো তাঁরা একদিন হারিয়ে যাবেন। আমাদের সাহিত্যের জন্য তা খুব বড় ক্ষতি।
বাংলা একাডেমি কর্তৃপক্ষকে আমি বিনীতভাবে একটি পরামর্শ দিতে চাই। এবারের মেলায় যে নতুন বইগুলো প্রকাশিত হয়েছে, সেই বইগুলোর দোষ-গুণ ও ভুলভ্রান্তি পরীক্ষার জন্য একটি পর্যালোচনা কমিটি গঠন করুন। কোন প্রকাশকের কোন বইতে কী কী দুর্বলতা আছে, ভুল-ভ্রান্তি আছে, তা খুঁজে বের করে তাঁদের ডেকে আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিলে ভবিষ্যতে তাঁরা সতর্ক হতে পারবেন। বাংলা সাহিত্য অনাচারের হাত থেকে বাঁচবে।
কাগজ, কালি ও অন্যান্য মুদ্রণসামগ্রীতে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ নয়। অমূল্য বৈদেশিক মুদ্রা ব্যয় করে আমরা তা বিদেশ থেকে আমদানি করি। ওই দ্রব্যের অপচয় করা আমাদের মতো উন্নয়নকামী দেশের জন্য আত্মঘাতী। প্রত্যেক লেখকের সবার আগে উপলব্ধি করা উচিত তাঁর লেখার প্রতি পাঠকের আগ্রহ আছে কি না। গত ১৫ বছরে আমার পরিচিত জনা আটেক লেখক নিজের খরচে বই প্রকাশ করে সর্বস্বান্ত হয়েছেন। লেখক হিসেবেও তাঁরা কিছুমাত্র খ্যাতি পাননি, তাঁদের পরিবারকে ঠেলে দিয়েছেন বিপর্যয়ের মধ্যে। মানুষ একটু খ্যাতি ও প্রশংসার কাঙাল। মানুষ হিসেবে বাঙালির কবি বা লেখক খ্যাতি পাওয়ার আকাঙ্ক্ষা সীমাহীন। অবুঝ মন কোনো নিষেধ মানতে চায় না। একটি বই বের করেই সে ক্ষান্ত হয় না, তাঁর মোড়ক উন্মোচনের জন্য ধারদেনা পর্যন্ত করতে তাঁর দ্বিধা হয় না।
একুশের বইমেলা দেশের সবচেয়ে বড় বইমেলাই শুধু নয়, জাতির বৃহত্তম ও মহত্তম সাংস্কৃতিক ঘটনা। এই মেলায় যে পণ্যটি বেচাকেনা হয়, তা প্রেশার কুকার, মেলামিনের বাসন-পেয়ালা, ভারতীয় থ্রিপিস বা পাকিস্তানি বাসমতী চাল নয়। বইমেলার পণ্যটিতে পরিচয় পাওয়া যায় জাতির সামগ্রিক চৈতন্যের। এই পণ্যে ধরা পড়ে জাতির মেধা ও মননশীলতা, তার বাস্তব ও স্বপ্ন। কোনোক্রমেই কোনো খামখেয়ালি ও অনাচারে তার মহত্ত্ব ক্ষতিগ্রস্ত হতে দেওয়া যায় না।
সৈয়দ আবুল মকসুদ: লেখক ও গবেষক।