
দেশের বিভিন্ন জেলায় বছর দেড়েক ধরে একের পর এক নিরীহ এবং ভিন্ন ধর্ম ও মতাবলম্বী ব্যক্তিদের ওপর হামলা ও হত্যা করে আসছিল উগ্রপন্থীরা। গুলশানে ৭/১ হামলার মধ্য দিয়ে তারা জঙ্গি আক্রমণের দ্বিতীয় পর্ব শুরু করেছে, যার মধ্য দিয়ে সন্ত্রাসবাদী হামলার আন্তর্জাতিক মানচিত্রে ঢাকার নামও অন্তর্ভুক্ত হলো। এই হামলায় যারা সরাসরি অংশ নিয়েছে, তারা বাড়ি থেকে নিরুদ্দেশ হওয়ার পর অন্তত পাঁচ মাস ধরে প্রশিক্ষণ ও প্রস্তুতি নিয়েছে। আর সেটা করেছে দেশের ভেতরে বসে। এখন যা উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে তা হলো, দেশে জীবন দিতে প্রস্তুত এমন প্রশিক্ষিত জঙ্গি আরও কতজন আছে, তারা কোথায় আছে? কবে, কখন, কোথায় ও কীভাবে আবির্ভূত হবে এসব মানববোমা?
গুলশানে হামলায় জড়িত পাঁচজনের মতো আরও কত তরুণ বাড়ি ছেড়ে জঙ্গি আস্তানায় উঠেছে, তার সঠিক হিসাব এখনো পাওয়া যায়নি। প্রথম আলোর সাংবাদিকেরা এখন পর্যন্ত ঢাকা ও ঢকার বাইরের ১২ জেলায় অর্ধশত ব্যক্তির নাম পেয়েছেন। এ সংখ্যা আরও বেশি হতে পারে বলেই ধরে নেওয়া যায়। র্যাব, পুলিশ ও গোয়েন্দা সংস্থাগুলো নিখোঁজ বা নিরুদ্দেশ সন্দেহভাজন জঙ্গিদের তথ্য সংগ্রহের কাজ এখনো অব্যাহত রেখেছে।এ কাজে যুক্ত একাধিক কর্মকর্তা বলেছেন, তাঁরা ক্যাডেট কলেজে, ইংরেজি মাধ্যমে পড়ুয়া এবং শৃঙ্খলা বাহিনী বা সরকারি কর্মকর্তাদের সন্তানদের কেউ এ পথে গেল কি না, সে তথ্য সংগ্রহে বেশি গুরুত্ব দিচ্ছেন। যদিও গুলশান ও শোলাকিয়ায় হামলায় শহুরে উচ্চবিত্তের সন্তানদের সঙ্গে মাদ্রাসায় পড়ুয়া বা গ্রামের দরিদ্র পরিবারের সন্তানদের সংমিশ্রণ ছিল।
গুলশান ও শোলাকিয়ায় হামলায় জড়িত জঙ্গিদের বিষয়ে যেসব তথ্য এখন পর্যন্ত মিলেছে, তাতে দেখা যায় যে তারা সবাই পাঁচ থেকে ছয় মাস আগে বাড়ি ছেড়েছিল। এ সময় তারা সমাজ, পরিবার ও প্রযুক্তি থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন ছিল। গুলশানে হামলার জন্য সপ্তাহ খানেক আগে ঢাকায় আনার আগ পর্যন্ত তাদের বিভিন্ন গ্রুপের সঙ্গে (পাঁচজনকে পাঁচ গ্রুপে) ঝিনাইদহ ও উত্তরাঞ্চলের কয়েকটি জেলায় জঙ্গি আস্তানায় রাখা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। ইতিমধ্যে ঝিনাইদহে একটি আস্তানার সন্ধান মিলেছে, যেখানে গুলশানে হামলায় জড়িতদের একজন নিবরাস ও শোলাকিয়ায় হামলায় জড়িতদের একজন আবির মাস খানেক অবস্থান করেছিলেন বলে গণমাধ্যমে তথ্য এসেছে। শোলাকিয়ায় আহতাবস্থায় গ্রেপ্তার এক হামলাকারী দিনাজপুরের জাহিদুর শেষ ১৫ দিন গাইবান্ধায় ছিলেন। সেখানে অন্যদের মধ্যে নিবরাসও ছিলেন বলে তিনি জিজ্ঞাসাবাদে বলেছেন বলে জানা গেছে। কুড়িগ্রাম, বগুড়া ও দিনাজপুরেও এমন আস্তানা ছিল বা আছে বলে ধারণা করা হচ্ছে।
দীর্ঘদিন দেশীয় জঙ্গিবিরোধী কার্যক্রমে যুক্ত আছেন এমন একজন গোয়েন্দা কর্মকর্তার মতে, জঙ্গিরা মনে করে বড় হামলার মধ্য দিয়ে তারা গণমাধ্যমে ব্যাপক প্রচার পাবে। আর তাতে তাদের সদস্য সংগ্রহে বড় অগ্রগতি হবে। আইএসপন্থী এই জঙ্গিগোষ্ঠীর এমন বিশ্লেষণযুক্ত একটি চিঠি ইতিপূর্বে পাওয়া গেছে বলে ওই কর্মকর্তা জানান। অবশ্য এমন মতও আছে যে গুলশান হামলার মধ্য দিয়ে জঙ্গিরা জানান দিয়েছে, কেবল প্রত্যন্ত গ্রামের নিরীহ টার্গেটে নয়, রাজধানীর সবচেয়ে নিরাপত্তাবলয়ে থাকা কূটনৈতিক এলাকায়ও তারা নৃশংসতা চালাতে পারে। আর তারা ভয়াবহ হামলা করেছে দেশব্যাপী জঙ্গিবিরোধী সাত দিনের বিশেষ অভিযান শেষ করার দুই সপ্তাহের মাথায়।
হামলার চেষ্টা আগেও ছিল
জঙ্গিবিরোধী কার্যক্রমে যুক্ত কোনো কোনো গোয়েন্দা কর্মকর্তা এখন মনে করছেন, আইএসের মতাদর্শ অনুসরণকারী দেশীয় জঙ্গি সংগঠন জেএমবির একটি অংশ গত বছরের অক্টোবরেও ঢাকায় বড় হামলার পরিকল্পনা করেছিল। তখন তাদের সেরা আক্রমণকারীদের ঢাকায় জড়ো করা হয়েছিল। কিন্তু ২৩ অক্টোবর রাতে ঢাকায় শিয়াদের প্রধান কেন্দ্র হোসেনি দালানে বোমা হামলার কিছুদিনের মধ্যে আক্রমণকারী ওই গ্রুপটির অনেকে ধরা পড়ে। যাদের চারজন পরে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত এবং আরেকজন সম্ভবত গুম হয়েছে। তখন গ্রেপ্তার হওয়া জঙ্গিদের জিজ্ঞাসাবাদ করে ঢাকার অভিজাত এলাকায় বড় ধরনের হামলা ও জিম্মি সংকট সৃষ্টির পরিকল্পনার একটা আন্দাজ গোয়েন্দা সদস্যরা পেয়েছিলেন বলেও জানা যায়।
এরপর উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় একের পর এক হামলা-হত্যা শুরু হয়। চট্টগ্রামের নৌবাহিনীর ঘাঁটিতে মসজিদে, বান্দরবানের নাইক্ষ্যংছড়ি, টাঙ্গাইল, ঝিনাইদহেও ছয়-সাতটি ঘটনা ঘটেছে। আর এসব ঘটনায় দায় স্বীকার করে বার্তা দিতে থাকে মধ্যপ্রাচ্যের জঙ্গিগোষ্ঠী আইএস।
দ্বিতীয় প্রস্তুতি শুরু
দ্বিতীয় দফা হামলার টার্গেট হিসেবে গুলশানে হামলার প্রস্তুতি যে গত ফেব্রুয়ারি থেকে শুরু, সেটা এখন অনেকটা পরিষ্কার। এই হামলায় জড়িত ও নিহত পাঁচ জঙ্গি গত জানুয়ারির শেষ বা ফেব্রুয়ারির শুরুতে বাড়ি ছাড়ে। আগে গ্রেপ্তার হওয়া জঙ্গিদের দেওয়া তথ্য ও গুলশান হামলার পর পাওয়া তথ্য বিশ্লেষণ করে এখন গোয়েন্দা কর্মকর্তারা ধারণা করছেন, গুলশান হামলায় যুক্ত জঙ্গিরা বাড়ি ছাড়ার পর ঝিনাইদহ, টাঙ্গাইল ও উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় ছিল। এসব এলাকায় বিভিন্ন হামলা ও হত্যায় তাদের ব্যবহার করা হয়েছিল প্রশিক্ষণের অংশ হিসেবে।
এর আগে গত অক্টোবরে হোসেনি দালানে হামলার আগেও দেখা গেছে, ওই আক্রমণে জড়িত লোকেরা ঢাকায় ও আশপাশে অন্তত ছয়টি ঘটনা ঘটিয়েছিল। হোসেনি দালানে হামলায় জড়িত ব্যক্তিরা ধরা পড়া ও নিহত হওয়ার পর এবং গুলশানে হামলার আগ পর্যন্ত ঢাকায় এই জঙ্গিগোষ্ঠী কোনো হামলা করেনি। মধ্যবর্তী এই সময়টায় উত্তরবঙ্গের আট জেলা এবং ঝিনাইদহ (চারটি), চট্টগ্রাম (একটি), বান্দরবান (একটি) ও টাঙ্গাইলে (একটি) ধর্মীয় বা গোষ্ঠীগত সংখ্যালঘুদের ওপর ২৮টি হামলা হয়েছে; যার ২১টিতে আইএস দায় স্বীকার করেছে। তখন স্বাভাবিকভাবেই আইনশৃঙ্খলার সঙ্গে সংশ্লিষ্ট সবার দৃষ্টি ছিল ওই সব জেলার দিকে। আর জঙ্গিরা প্রস্তুত হচ্ছিল ঢাকার লক্ষ্যবস্তুতে আঘাত হানার জন্য।
সংগঠিত হচ্ছিল তিন বছর ধরে
বিভিন্ন সময়ে পাওয়া তথ্য-উপাত্ত পর্যালোচনা করলে দেখা যায়, এই জঙ্গিগোষ্ঠী সংগঠিত হচ্ছিল বছর তিনেক ধরে; যার প্রথম আলামত সম্ভবত ২০১৩ সালের ৮ আগস্ট খুলনার খালিশপুরে উম্মুল মোমেনিন দাবিদার কথিত ধর্মীয় নেতা তৈয়বুর রহমান ও তাঁর কিশোর ছেলেকে জবাই করে হত্যার ঘটনা। এর চার মাস পর ২১ ডিসেম্বর ঢাকায় ইমাম মাহদীর প্রধান সেনাপতি দাবিদার লুৎফর রহমানসহ ছয়জনকে একই কায়দায় হত্যা করা হয়।
এরপর গত বছরের ২১ এপ্রিল আশুলিয়ায় ব্যাংক ডাকাতির আগ পর্যন্ত এই গোষ্ঠীর হত্যাযজ্ঞের খবর পাওয়া যায় না। এই দেড় বছর ছিল তাদের প্রস্তুতি পর্ব। এই সময়টায় যে তারা শহরের উচ্চবিত্তের সন্তানদেরও দলে ভেড়াতে পেরেছে, তার বড় নজির গুলশানে হামলা। অবশ্য সমাজের উচ্চবিত্তের সন্তান, ইংরেজি মাধ্যমে ও সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়ুয়াদের ধর্মীয় উগ্র সংগঠনে যুক্ত হওয়া নতুন নয়। প্রায় দেড় দশক ধরে এ প্রবণতা লক্ষ করা যাচ্ছে। শুরুর দিকে এ ধরনের তরুণদের হিযবুত তাহ্রীরের দিকে ঝুঁকতে দেখা যায়। পরবর্তী সময়ে জামাআতুল মুসলেমিনেও ঢুকতে দেখা গেছে, কিন্তু সংগঠনটির নাম তেমন জানাজানি না হওয়ায় এটাকে অনেকে হিযবুত তাহ্রীর মনে করত। জামাআতুল মুসলেমিন ২০০৮ সালে আনসারুল্লাহ বাংলা টিম এবং পরবর্তী সময়ে আনসার আল ইসলাম নাম ধারণ করেছে।
তবে জেএমবিতে শুরুতে এ ধরনের সদস্য ছিল না। জেএমবি মূলত সালাফি অনুসারী মাদ্রাসায় শিক্ষিত, অর্ধশিক্ষিতদের সংগঠন; যার বেশির ভাগ সদস্য ছিল গরিব পরিবারের সন্তান। এখনো সংগঠনটির অধিকাংশ সদস্য উত্তরাঞ্চল থেকে ও সালাফি বা আহলে হাদিস সম্প্রদায় থেকে আসা। কিন্তু হঠাৎ শহুরে, উচ্চবিত্ত, ইংরেজি মাধ্যমে পড়ুয়ারাও যে আইএসপন্থী নতুন জেএমবিতে যোগ দিয়েছে, সেটা গত বছর আমিনুল বেগসহ বিভিন্ন সামরিক-বেসামরিক কর্মকর্তার ছেলে ও লন্ডনপ্রবাসীরা গ্রেপ্তার হওয়ার পর পুলিশের বরাতে জানাজানি হয়। এরপর গত বছরের সেপ্টেম্বরে ঢাকায় ইতালির নাগরিক তাবেলা সিজার এবং ৩ অক্টোবর রংপুরে জাপানি নাগরিক কুনিও হোশিকে হত্যার পর আইএস দায় স্বীকার করলে সরকার তা জোরের সঙ্গে নাকচ করে দেয়। তবে আইএস আছে বা নাই—এই বিতর্কে হত্যাকাণ্ড থেমে থাকেনি। এরপর গত ১০ মাসে ৪২টি হামলা ও হত্যাযজ্ঞ চালিয়েছে এই জঙ্গিগোষ্ঠী।
এখন আরও হামলার আশঙ্কার কথা বলেছেন সরকারপ্রধান। বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। জঙ্গিদের পরবর্তী নিশানা কী হতে পারে, সেটা জানা-বোঝার জন্য এখন নিরাপত্তা বাহিনী, গোয়েন্দা সংস্থাগুলো ব্যাখ্যা-বিশ্লেষণ ও গোয়েন্দা কার্যক্রম চালাচ্ছে। গুলশানে হামলাকারীদের প্রশিক্ষিত আরও কত জনবল জঙ্গিদের কাছে আছে, মূল নেতৃত্বে কারা, তারা কোথায় বসে পরিকল্পনা কষছে, তা এখনো অজানা।
টিপু সুলতান: সাংবাদিক।