জঙ্গি ঘাতকদের পরাস্ত করতেই হবে
কী কাপুরুষোচিত এই আক্রমণ! কী নৃশংস এই হত্যাকাণ্ড!
গত শুক্রবার সন্ধ্যার পর যাঁরা গুলশানের হলি আর্টিজান বেকারি রেস্তোরাঁয় গিয়েছিলেন খাবার খেতে এবং বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে, তাঁদের মধ্যে বেশির ভাগই ছিলেন বিদেশি। দেশের যাঁরা ছিলেন, তাঁরাও কেউ এসেছেন বিদেশ থেকে প্রিয়জনদের সঙ্গে ঈদ কাটাতে, কেউবা পুরোনো বন্ধুদের সঙ্গে মিলিত হতে সেখানে গিয়েছিলেন।
কিন্তু সশস্ত্র ঘাতকেরা পবিত্র রোজার এই দিনটিকেই বেছে নেয় নিরীহ ও নিরপরাধ মানুষকে হত্যার ক্ষণ হিসেবে। প্রথম আলোর খবরে বলা হয়, শুক্রবার রাত পৌনে নয়টার দিকে গুলশানের ৭৯ নম্বরের আর্টিজান রেস্তোরাঁয় সন্ত্রাসীরা অতর্কিত হামলা চালায়। এরপর তারা ওই রেস্তোরাঁয় থাকা লোকজনকে জিম্মি করে। হলি আর্টিজান বেকারি নামের ওই রেস্তোরাঁয় জঙ্গি হামলার কিছুক্ষণ পর পুলিশের অগ্রগামী দলের দুই কর্মকর্তা জঙ্গিদের গুলি ও বোমায় নিহত হন। আহত হন অন্তত ৪০ জন পুলিশ সদস্য। নিহত দুই পুলিশ কর্মকর্তা হলেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সহকারী কমিশনার রবিউল ইসলাম ও বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহউদ্দিন।
জঙ্গি হামলা চালিয়ে দেশি-বিদেশি নাগরিকদের জিম্মি করার ঘটনার দায় স্বীকার করেছে মধ্যপ্রাচ্যভিত্তিক আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)। এমনকি আইএসের কথিত বার্তা সংস্থা আমাক নিউজ ওই রেস্তোরাঁর ভেতরে তাদের হাতে নিহত কয়েকজনের রক্তাক্ত ছবি প্রকাশ করে। আমাক নিউজের সেসব ছবি যুক্তরাষ্ট্রভিত্তিক সাইট ইন্টেলিজেন্স গ্রুপ টুইটারে প্রকাশ করে অভিযান শুরুর প্রায় আধা ঘণ্টা আগে।
এ ধরনের অতর্কিত হামলা চালিয়ে মানুষ জিম্মি করার ঘটনা বাংলাদেশে এটাই প্রথম। এত দিন আমরা বিদেশের হোটেলে, রেস্তোরাঁয় জঙ্গি হানার কথা শুনে এসেছি। সেসব হামলার বীভৎস ছবিও বিশ্ব গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। কিন্তু আজ আমাদের দেশেই সবচেয়ে নিরাপদ বলে বিবেচিত কূটনৈতিক এলাকায় এই রক্তাক্ত হামলার ঘটনা ঘটল। কীভাবে জঙ্গিরা এই হামলা চালাতে সাহস পেল?
সরকার বারবারই দাবি করে আসছে, দেশে আইএস বা আল-কায়েদা নেই। এখানে যারা হামলা করছে, তারা দেশীয় জঙ্গি। সে কারণেই ভয়টা বেশি। তাঁদের শিকড় কি এতটাই গভীর যে সরকারের ভাষায় জিরো টলারেন্স দেখানোর পর তারা আরও ভয়ংকর রূপে আবির্ভূত হলো। বিএনপি আমলে সংঘটিত জঙ্গি হামলার ব্যাপারে বলা হতো তাতে সরকারের মদদ ছিল। কিন্তু এখন কী দোহাই দেবেন ক্ষমতাসীনেরা? বিদেশি নাগরিকদের যাতায়াত আছে—এ রকম স্থানে জঙ্গি হামলা হতে পারে বলে বিদেশি কূটনীতিকেরা অনেক আগেই সতর্ক করে দিয়েছিলেন। তারপরও সরকার কেন প্রয়োজনীয় ব্যবস্থা নিল না?
আইএসপিআরের সংবাদ সম্মেলনে দেওয়া তথ্য অনুযায়ী জঙ্গিদের হাতে ২০ জন নিহত হয়েছেন, যাঁদের বেশির ভাগ বিদেশি। এর মাধ্যমে গোটা বিশ্ব কী বার্তা পেয়েছে? তারা এই বার্তাই পেয়েছে যে বাংলাদেশে আর বিদেশিরা নিরাপদ নন। এর আগে গত বছর জঙ্গিদের হাতে খুন হয়েছিলেন দুই বিদেশি নাগরিক। ইতালির সিজার তাবেলা ও জাপানের হোসিও কুনি।
সেই হত্যাকাণ্ডের পর সরকার কি জনগণের নিরাপত্তায় কার্যকর কোনো ব্যবস্থা নিয়েছে? নিয়ে থাকলে একের পর এক গুপ্তহত্যার পর জঙ্গিরা এই প্রকাশ্য হামলার সাহস পেল কীভাবে? ইতিমধ্যে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ কয়েকটি দেশ তাদের নাগরিকদের এখানে চলাফেরার ক্ষেত্রে সতর্ক থাকতে বলেছে। একজন সাংবাদিক বন্ধু জানিয়েছেন, আগে গুলশান-বনানীর রেস্তোরাঁগুলোতে যতসংখ্যক বিদেশি নাগরিক যেতেন, এখন তার চেয়ে অনেক কম যান। এ ঘটনার পর বিদেশিদের চলাফেরা আরও সীমিত হয়ে যাবে। আইএসপিআর বলেছে, শনিবার (গতকাল) সকালে সেনা-নৌ-বিমানবাহিনী-র্যাব-পুলিশের সমন্বয়ে অপারেশন থান্ডারবোল্ড জঙ্গিদের বিরুদ্ধে কমান্ডো অভিযান চালিয়ে সেখানে অবস্থানরত ১৩ জনকে জীবিত উদ্ধার করেছে। আর হত্যাকাণ্ডে অংশ নেওয়া সাত জঙ্গির মধ্যে ছয়জন নিহত ও একজনকে জীবিত অবস্থায় আটক করা হয়েছে।
শুক্রবার জঙ্গিদের হাতে যেসব দেশি ও বিদেশি নাগরিক নিহত হয়েছেন, আমরা কখনোই তাঁদের ফিরিয়ে আনতে পারব না। যে দুই পলিশ কর্মকর্তা সেখানে উদ্ধার অভিযান চালাতে গিয়ে জীবন দিয়েছেন, তাঁরাও ফিরে আসবেন না। তাঁদের সবার স্বজনদের প্রতি জানাই গভীর সহমর্মিতা। যদিও জানি, কোনো সান্ত্বনা ও সহমর্মিতাই প্রিয়জনহারা মানুষগুলো কষ্ট ও বেদনা লাঘব করবে না।
এখন সরকারের কর্তব্য হবে জীবিত ও নিহত জঙ্গিদের পরিচয়ের সূত্র ধরে তাদের সহযোগীদের খুঁজে বের করা। যে জঙ্গিকে জীবিত ধরা গেছে, তার মাধ্যমে দেশে-বিদেশে তাদের সব আর্থিক ও আস্ত্রিক উৎস বিচ্ছিন্ন ও আস্তানা গুঁড়িয়ে দিতে হবে। প্রয়োজনে এ ব্যাপারে কূটনৈতিক সহায়তা নেওয়া যেতে পারে। জঙ্গিবাদ আজ বিশ্বব্যাপী সমস্যা। কিন্তু এই জঙ্গিবাদ নিয়ে বাংলাদেশের মতো আর কোথাও রাজনৈতিক বিভাজন ও বৈরিতা নেই। ভারতের মুম্বাইতে সন্ত্রাসী হামলার পর দলমত-নির্বিশেষে সব রাজনৈতিক শক্তি জঙ্গিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছিল। এখানে হলি আর্টিজান বেকারি ট্র্যাজেডি আমাদের ক্ষমতাসীন ও ক্ষমতাবহির্ভূত রাজনৈতিক শক্তির চৈতন্যোদয় ঘটাবে কি? না তারা আগের মতোই কাদা-ছোড়াছুড়িতে লিপ্ত থাকবে?
আর পেছনে বসে জঙ্গি সন্ত্রাসীরা কেবল ক্রূঢ় হাসিই হাসবে না, নতুন হামলার প্রস্তুতি নেবে। দেশ, জাতি ও জনগণের নিরাপত্তার স্বার্থে সেটি হতে দেওয়া যায় না। এই জঙ্গি ঘাতকদের পরাস্ত করতেই হবে।