জঙ্গি দমনে আত্মতৃপ্তির সুযোগ নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হোলি আর্টিজান বেকারিতে নিরাপত্তা বাহিনীর অভিযান
হোলি আর্টিজান বেকারিতে নিরাপত্তা বাহিনীর অভিযান

হোলি আর্টিজান বেকারিতে ভয়াবহ জঙ্গি হামলার এক বছর পর বাংলাদেশের মানুষের কাছে নিঃসন্দেহে দুটি প্রশ্ন গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হবে—প্রথমত, আমরা কি আগের চেয়ে নিরাপদ? দ্বিতীয়ত, ভবিষ্যতে কী হবে, কোথায় যাব আমরা?

দ্বিতীয় প্রশ্নের উত্তর পাওয়া যাবে এখনকার সার্বিক পরিস্থিতির ছবির মধ্যেই।

গত এক বছরে দেশে কোনো বড় ধরনের জঙ্গি হামলার ঘটনা না ঘটায় এ কথা কারও কারও মনে হতেই পারে যে জঙ্গিদের শক্তি হ্রাস হয়েছে এবং সাংগঠনিকভাবে তারা আর আশু বিপদ নয়। ২০১৫ সাল থেকে দেশে এক বছরের বেশি সময় ধরে যে ধরনের উপর্যুপরি হামলার ঘটনা ঘটছিল, তার বিপরীতে গত এক বছরে হামলার মাত্রা উল্লেখযোগ্যভাবে কমে যাওয়া সম্ভবত আত্মতৃপ্তির অবকাশ তৈরি করে। কিন্তু গত এক বছরে নিয়মিতভাবেই গণমাধ্যমে জঙ্গিবিরোধী নিরাপত্তা অভিযানের খবর প্রকাশিত হয়েছে, যার অর্থ হচ্ছে আপাতদৃষ্টে যাকে দুর্বল বলে মনে হচ্ছে তা না-ও হতে পারে; এটা প্রমাণিত যে জঙ্গিরা সাংগঠনিকভাবে উপস্থিত এবং সেই সব সংগঠনে নতুন সদস্যরা যোগ দিচ্ছে।

এক বছর আগে জঙ্গিদের বিরুদ্ধে অভিযান গণমাধ্যমে যতটা গুরুত্ব লাভ করত, এখন তা আর করে না। তার কারণ এই নয় যে জঙ্গিবাদের বিপদের মাত্রা কমেছে, বরং তার কারণ সাধারণ মানুষ একে ‘স্বাভাবিক’ বলেই ধরে নিয়েছে। এসব অভিযানের বিভিন্ন দিক নিয়ে জনমনে প্রশ্নের কারণেও এগুলো এখন আর আগের মতো মনোযোগ আকর্ষণ করে না। জঙ্গিবাদের উপস্থিতিকে ‘নতুন স্বাভাবিকতা’ বলে মেনে নেওয়ার ফলে মানুষের মনে যেমন ভীতি কমেছে, তেমনি তাদের মধ্যে সতর্কতাও কমেছে।

গত এক বছরে নিরাপত্তা বাহিনী কমপক্ষে ১৭টি নিরাপত্তা অভিযান চালিয়েছে, যাতে ৫ নারীসহ ৫৯ জন সন্দেহভাজন জঙ্গি ও ৬টি শিশু নিহত হয়েছে। এসব অভিযান চালানো হয়েছে দেশের বিভিন্ন এলাকায়, যা থেকে এটা বোঝা যায় যে এসব অভিযানের তথ্যসূত্র যদি যথাযথ হয়, তবে জঙ্গি সংগঠনগুলোর উপস্থিতি ও বিস্তৃতি রয়েছে সারা দেশেই। কিন্তু সব অভিযান যে প্রশ্নাতীত থেকেছে, এমন নয়। জঙ্গি হিসেবে আটক ব্যক্তিদের অনেকের পরিবারের অভিযোগ, এসব ব্যক্তি অনেক আগেই আটক হয়েছেন। এই ধরনের সংশয় জঙ্গিবাদ মোকাবিলায় প্রয়োজনীয় নাগরিক সহায়তার সম্ভাবনাকে দুর্বল করে।

হোলি আর্টিজান হামলার পর সারা দেশে জঙ্গিবাদের বিরুদ্ধে নাগরিকদের সংশ্লিষ্ট করে, সব ধরনের রাজনৈতিক মতাবলম্বীদের অন্তর্ভুক্ত করে জাতীয় ও সামাজিক উদ্যোগের কথা শোনা গিয়েছিল। কিন্তু তারপর কিছু মানববন্ধন আর কিছু শিক্ষাপ্রতিষ্ঠানে সরকারি উদ্যোগে আলোচনা কর্মসূচির বাইরে উল্লেখযোগ্য কিছুই করা হয়নি।

গত এক বছরের কার্যক্রমের প্রধান ও আপাতদৃষ্টে একমাত্র দিক যখন হয়ে উঠেছে নিরাপত্তা অভিযান ও জঙ্গিদের হত্যা বা আটক করা, তখন দেশের আইনি ব্যবস্থার ফাঁক গলিয়ে সন্দেহভাজন জঙ্গিরা জামিনে মুক্তি পাচ্ছে। গত ছয় মাসেই ১৪৮ জন জঙ্গি জামিনে ছাড়া পেয়েছে। সন্দেহভাজন হলেই কোনো ব্যক্তির জামিন লাভের অধিকার খর্ব করা যায় না এ কথা ঠিক; কিন্তু তাদের ওপর নজরদারির কোনো ব্যবস্থা না থাকার কথা এমনকি কাউন্টার টেররিজম ইউনিটের কর্মকর্তাদের বক্তব্যেও স্পষ্ট (প্রথম আলো, ১৩ জুন ২০১৭)। নজরদারির বিষয়টি যে কতটা দুর্বল, তার আরেক উদাহরণ মোস্ট ওয়ান্টেড তালিকাভুক্ত সন্দেহভাজন জঙ্গি রেজোয়ান হারুন মে মাসে বিমানবন্দরের নিরাপত্তাব্যবস্থা ফাঁকি দিয়ে বাংলাদেশে প্রবেশ করে নিখোঁজ হতে সক্ষম হয়েছেন (বাংলা ট্রিবিউন, ১৩ মে ২০১৭)।

সন্ত্রাসবাদ প্রতিহতকরণ কৌশলের (কাউন্টার টেররিজম স্ট্র্যাটেজি) একটি প্রধান বিষয় হচ্ছে উগ্রপন্থাবিরোধী কার্যক্রম (কাউন্টার র‍্যাডিক্যালাইজেশন)। এই কার্যক্রমের আওতায় থাকে তিন ধরনের কর্মসূচি: উগ্রপন্থা থেকে মুক্তকরণ (ডি-র‍্যাডিক্যালাইজেশন), উগ্রপন্থী তৎপরতা থেকে নিরস্তকরণ (ডিসএনগেজমেন্ট) ও উগ্রপন্থা নিরোধ (র‍্যাডিক্যালাইজেশন প্রিভেনশন)। উগ্রপন্থা থেকে মুক্তকরণ কর্মসূচির লক্ষ্য হচ্ছে যারা ইতিমধ্যে সহিংস উগ্রপন্থার সঙ্গে যুক্ত হয়েছে, তাদের ওই আদর্শ ও সংগঠন থেকে সরিয়ে এনে সমাজে পুনর্বাসনের ব্যবস্থা করা। নিরস্তকরণ বা ডিসএনগেজমেন্ট হচ্ছে উগ্রপন্থী সংগঠনে সক্রিয় ব্যক্তিকে ওই সংগঠন থেকে সরিয়ে আনা; তবে ধরে নেওয়া যায় যে তারপরও ওই ব্যক্তির মধ্যে উগ্রপন্থী মনোভাব বা র‍্যাডিক্যাল মনোভাব কিছুটা থেকে যেতে পারে। উগ্রপন্থা নিরোধ কার্যক্রম ব্যক্তিকেন্দ্রিক নয়; সমগ্র সমাজে বা সমাজের কোনো অংশের ভেতরে যাতে উগ্রপন্থী ভাবাদর্শ বা প্রক্রিয়া জায়গা করে নিতে না পারে, সে লক্ষ্যে ব্যবস্থা গ্রহণ করা। গত এক বছরের জঙ্গিবিরোধী তৎপরতা থেকে উগ্রপন্থাবিরোধী কার্যক্রমের কোনো উপাদানের ব্যাপারেই সুস্পষ্ট কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানা যায় না। যেমন, এখন দেশের বিভিন্ন কারাগারে আছে ৬৬৯ জন জঙ্গি। তাদের জঙ্গিবাদী ভাবাদর্শ ও তৎপরতা থেকে সরিয়ে আনার বা ডি-র‍্যাডিক্যালাইজেশন কর্মসূচি আছে বলে খবর নেই।

অপরাধবিজ্ঞানের সঙ্গে যুক্ত গবেষকেরা সব সময়ই বলেন যে, সব দেশেই কারাগারে নিরপরাধ বা স্বল্প অপরাধে দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা বড় অপরাধীদের দ্বারা প্রভাবিত হয়ে থাকে এবং নতুন অপরাধীরা মুক্ত হয়ে সমাজে যথাযথভাবে পুনর্বাসিত না হলে তাদের অপরাধের সঙ্গে জড়িত হওয়ার আশঙ্কা থাকে। সেই আশঙ্কা যারা উগ্রপন্থীদের সান্নিধ্যে গেছে এবং উগ্রপন্থী হয়েছে, তাদের ক্ষেত্রে সম্ভবত বেশি। উগ্রপন্থা নিরোধ বা র‍্যাডিক্যালাইজেশন প্রিভেনশনের মূল কথা হচ্ছে সমাজ ও রাজনীতিতে এমন পরিবেশ না রাখা, যাতে সমাজের ভেতরে সহিংস উগ্রপন্থী আদর্শ কোনো আবেদন তৈরি করতে পারে। রাজনীতিতে উগ্র কথাবার্তাকে মোকাবিলা না করলে এবং শাসন পরিচালনায় কর্তৃত্ববাদী প্রবণতাকে বহাল রাখলে জঙ্গি সংগঠনের জন্য তা অনুকূল পরিবেশ বলেই বিবেচিত হবে।

হোলি আর্টিজান বেকারিতে হামলার পর আমরা জানতে পেরেছিলাম যে কেবল ওই হামলাকারীরাই নয়, দেশের অভ্যন্তরে আরও অনেক তরুণ এবং পরিবার নিখোঁজ হয়েছে। সেই নিয়ে তখনকার তৎপরতায় ভাটা পড়েছে, কিন্তু নিখোঁজ হওয়ার ঘটনায় ভাটা পড়েছে, এমন বলে মনে করার কারণ নেই। এযাবৎ নিখোঁজ সবাই যে জঙ্গি হয়ে ওঠেনি, সেটা অনুমান করা যায়, কিন্তু এই নিয়ে আলোচনা খুব বেশি দূর এগোয় না, এই কারণে ‘গুম’ ও ‘নিখোঁজ’ হওয়ার পার্থক্য করার কোনো উপায় নেই।

জঙ্গিবাদের বিপদ ও আশঙ্কার দিক বুঝতে হলে আঞ্চলিক ও আন্তর্জাতিক প্রেক্ষাপট বিবেচনায় রাখা খুবই জরুরি। বাংলাদেশের জঙ্গিদের আন্তর্জাতিক যোগাযোগের ব্যাপারে সরকার ২০১৬ সাল থেকেই একধরনের স্পর্শকাতরতা দেখিয়ে আসছে। সাংগঠনিকভাবে বাংলাদেশের জঙ্গিদের সঙ্গে আন্তর্জাতিক যোগাযোগের প্রশ্ন নিয়ে বিতর্কে কালক্ষেপণ না করেও আমরা দেখতে পাই যে ব্যক্তি ও গোষ্ঠীগতভাবে এই ধরনের সম্পর্ক প্রতিষ্ঠার যথেষ্ট প্রমাণ হাতের কাছেই আছে।

১ জুন সিঙ্গাপুরের স্ট্রেইট টাইমস-এর প্রতিবেদনে বলা হয়েছে যে ২০১৫ সাল থেকে ৪০ জন বাংলাদেশি উগ্রপন্থার সঙ্গে যুক্ত বলে সিঙ্গাপুরের কর্তৃপক্ষ শনাক্ত করেছে। তাঁদের অনেককেই দেশে ফেরত পাঠানো হয়েছে। ভারতের মোহাম্মদ সাফি আরমার আইএসের পক্ষ হয়ে ফেসবুকের মাধ্যমে বাংলাদেশি ও ভারতীয়দের যুক্ত করার কাজে নিয়োজিত আছে বলে ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলো নিশ্চিত করেছে (ঢাকা ট্রিবিউন, ১৬ জুন ২০১৭)। হোলি আর্টিজানে হামলায় ব্যবহৃত অস্ত্র ভারত হয়ে এসেছিল বলে সরকারি সূত্রেই বলা হয়েছে। সাম্প্রতিক সময়ে জঙ্গি আস্তানা থেকে উদ্ধার করা বিস্ফোরক ও অস্ত্র ভারত থেকে আনা বলে গোয়েন্দারা সংবাদমাধ্যমকে জানিয়েছেন। ভারতে ইসলামিক স্টেটের উপস্থিতির প্রথম প্রমাণ পাওয়া গিয়েছিল ২০১৫ সালের গোড়াতে, কিন্তু তার উল্লেখযোগ্য সম্প্রসারণের ঘটনা ঘটেছে সাম্প্রতিক কালে (দ্য ডিপ্লোম্যাট, ১৪ জুন ২০১৭)। এর সম্ভাব্য প্রভাব বাংলাদেশে পড়ার আশঙ্কা অমূলক নয়।

বাংলাদেশ থেকে সিরিয়া গিয়ে আইএসে যোগ দেওয়ার খবর সবারই জানা। এক হিসাবে বাড়ি থেকে নিখোঁজ হওয়া ৪২ জনের মধ্যে ৩৩ জন জঙ্গিবাদে জড়িয়ে দেশত্যাগী হয়েছে, ইরাকে নিহত হয়েছে ৪ জন। আইএসের ভিডিওতে দৃশ্যমান ব্যক্তিদের কথা ভোলার কোনো কারণ নেই। এর বাইরে বিদেশে অবস্থানরত বাংলাদেশিদের আইএসে যোগ দেওয়ার ঘটনাও আছে। ব্রিটেন থেকে বাংলাদেশি বংশোদ্ভূত ব্যক্তিদের যোগদানের কথা সুবিদিত।

ইরাকে আইএসের ঘাঁটি মসুলের পতনের খবর এল। এখন তাদের ‘খিলাফত’-এর মূল ঘাঁটি সিরিয়ার শহর রাকার পতন সময়ের ব্যাপার মাত্র। যারা বিভিন্ন দেশ থেকে সিরিয়া গিয়ে আইএসে যাগ দিয়েছিল, তারা ইতিমধ্যে সেখান থেকে পালাতে শুরু করেছে এবং আইএসের নতুন কৌশল হচ্ছে, তাদের নিজ নিজ দেশে ফিরে গিয়ে হামলা চালানো, আর যারাই তাদের আদর্শের অনুসারী হচ্ছে, তাদেরও নিজ জায়গায়ই সন্ত্রাসী তৎপরতা চালানো। সে কারণেই কিছুদিন ধরে প্রায় নিয়মিতভাবেই ইউরোপে সন্ত্রাসী হামলা দেখতে পাচ্ছি। আইএসে যোগদানকারী বাংলাদেশিদের মধ্যে যাদের সম্পর্কে আমরা জানি না, তারা দেশের জন্য কতটা বিপদের কারণ হতে পারে, সে বিষয়ে সচেতনতা ও ব্যবস্থা নেওয়ার সময় বেশি নেই। আইএসের আরেক কৌশলের প্রকাশ ঘটেছে ফিলিপাইনে। মে মাসের মাঝামাঝি মিন্দানাও প্রদেশের মারাউয়ি শহর দখলের মধ্য দিয়ে আইএসের সমর্থক আবু সায়াফ গোষ্ঠী বিপদের মাত্রার একটা ধারণা প্রদান করেছে। এই গোষ্ঠীতে তিনজন বাংলাদেশিও আছে বলে খবর পাওয়া গেছে।

আরেকটি শক্তিশালী আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আল-কায়েদা। ভারতীয় উপমহাদেশে আল-কায়েদা (একিউআইএস) প্রতিষ্ঠার পর থেকেই সংগঠনটি বাংলাদেশে সক্রিয় আছে আনসারুল্লাহ বাংলা টিম, পরে আনসার আল-ইসলাম নামে। এপ্রিলে একিউআইএসের বাংলাদেশ শাখাপ্রধান তারিক ওরফে সোহেল আফগানিস্তানের কান্দাহারে আত্মঘাতী হামলায় নিহত হন বলে সংগঠনের পক্ষ থেকে দাবি করা হয়েছে। ২০১৫ সালে আফগানিস্তানে মার্কিন অভিযানে আরেকজন বাংলাদেশি সাইফুল ইসলাম হাসান নিহত হওয়ার ঘটনাও সম্প্রতি জানা। নিষিদ্ধঘোষিত আনসার আল-ইসলাম এখনো যথেষ্ট শক্তিশালী, সাম্প্রতিক কালে আটক সদস্যদের জবানবন্দিতে তার প্রমাণ পাওয়া যায়। সংগঠনের অনলাইন উপস্থিতি উল্লেখযোগ্য এবং অনলাইন ফোরাম ‘দাওয়া-ইল্লালাহ’ এই বছরের গোড়াতে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে ভাস্কর্য অপসারণে হেফাজতে ইসলামের দাবির প্রতি সমর্থন জানিয়েছিল।

গত এক বছরে জঙ্গি সংগঠনগুলোর আপাতদৃষ্ট সাফল্য না থাকলেও তারা নিষ্ক্রিয় নেই। ফলে এখন যা তাদের মোকাবিলায় সাফল্য বলে বিবেচিত হচ্ছে, তাতে আত্মতৃপ্তির সুযোগ নেই। এখন পর্যন্ত যে ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে, তাতে সাময়িক সাফল্য দাবি করা যেতে পারে। কিন্তু দীর্ঘ মেয়াদে জঙ্গিবাদ মোকাবিলার জন্য দরকার সমন্বিত কৌশল, শক্তি প্রয়োগের চেয়ে আদর্শিকভাবে মোকাবিলা এবং জঙ্গিবাদের অনুকূল রাজনৈতিক-সামাজিক পরিবেশের অবসান।

আলী রীয়াজ: যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট ইউনিভার্সিটির রাজনীতি ও সরকার বিভাগের অধ্যাপক।