জঙ্গি দমনে রাজনৈতিক হস্তক্ষেপ নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কল্যাণপুরে জঙ্গিবিরোধী অভিযানে সোয়াটের সদস্যরা
কল্যাণপুরে জঙ্গিবিরোধী অভিযানে সোয়াটের সদস্যরা

সম্প্রতি অনুষ্ঠিত জেলা প্রশাসক সম্মেলনটি গণমাধ্যমে বিশেষ গুরুত্ব পেয়েছে। এটা যদিও যুগবাহিত প্রথায় একটি বার্ষিক সম্মেলন, তা সত্ত্বেও সময়ের পরিপ্রেক্ষিত এবারের সম্মেলনটিকে নিয়ে গেছে একটি ভিন্ন অবস্থানে। জেলা প্রশাসকদের কাছে সরকারের অনেক প্রত্যাশার বিষয় আলোচিত হয়েছে সম্মেলনে। এসব প্রত্যাশার মধ্যে জঙ্গি দমন কার্যক্রম রয়েছে শীর্ষে। আর সেটাই তো স্বাভাবিক। জঙ্গিবাদ যখন প্রবলভাবে মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে, তা দমনে সরকার নিচ্ছে নানামুখী পদক্ষেপ; তখন এ কার্যক্রমে জেলা প্রশাসকদের বৃহত্তর পরিসরে ভূমিকা রাখার নির্দেশনা যৌক্তিক ও সময়োচিত। বলা অনাবশ্যক যে এটা জেলা প্রশাসকদের স্বাভাবিক আইনগত দায়িত্বের অংশ। বস্তুতপক্ষে, এ দায়িত্ব পালনে তাঁদের অধিকতর তৎপর হওয়ার জন্যই এ আহ্বান। আর তা এসেছে সরকারপ্রধান থেকে, অনেক মন্ত্রীর কাছ থেকে।

জঙ্গিবাদ দমন ছাড়াও সরকারের প্রায় প্রতিটি মন্ত্রণালয় বা বিভাগের কার্যক্রম আলোচিত হয়েছে সম্মেলনে। সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে মন্ত্রীরা তাঁদের আওতাধীন জেলা পর্যায়ের কার্যক্রম অবগত করেছেন জেলা প্রশাসকদের। তাঁদের সহযোগিতা চেয়েছেন সেসব চলমান কাজে। তাঁরাও তুলে ধরেছেন সব বিভাগের জেলা পর্যায়ের কার্যক্রমের হালচাল। আর পরামর্শ বা প্রস্তাব রেখেছেন বেশ কিছু ক্ষেত্রে। এসব প্রস্তাবের মধ্যে নদী খনন, বাঁধ মেরামত, শিক্ষাপ্রতিষ্ঠান ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন থেকে অনেক কিছুই রয়েছে। আছে কিছু কিছু ক্ষেত্রে তাঁদের ক্ষমতার সীমাবদ্ধতা দূর করার প্রস্তাবও। আকর্ষণীয় ও প্রয়োজনীয় এ সম্মেলন শুধুই আনুষ্ঠানিকতা নয়। এখানে আলোচিত বিষয়াদি লিপিবদ্ধ হয়। মন্ত্রিপরিষদ বিভাগ চূড়ান্ত করে পাঠিয়ে দেয় সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা বিভাগে। এসব প্রস্তাব ও সুপারিশের অনেকগুলোই জনগুরুত্বপূর্ণ। আবার কোনো কোনো বিষয়ে ভিন্ন মন্তব্যও থাকতে পারে, অন্য কোনো মহল বা সংস্থায়। সব মিলিয়েই সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা বিভাগ সরকারের নীতি ও সম্পদের সঙ্গে সামঞ্জস্য রেখে এসব বিষয় নিষ্পন্ন করে থাকে। জেলা প্রশাসকদের সব দাবি বা প্রস্তাব বাস্তবায়ন করা না হলেও অনেকগুলোই হয়। আবার কিছু যৌক্তিক প্রস্তাব, মতামত বা দাবি উপেক্ষিতও থাকে অযতনে। এর কারণ, ভিন্ন কোনো মতামত সেখানে প্রাধান্য পায়।

এবারের সম্মেলনে আলোচিত দু-একটি বিষয় নিয়ে আলোচনা হতে পারে। জেলা প্রশাসকদের বলা হয়েছে বিভিন্ন পর্যায়ে জঙ্গিবাদবিরোধী কমিটি গঠন করে জনমত তৈরি করতে। জানা যায়, কমিটিগুলোর নেতৃত্বে থাকবেন জনপ্রতিনিধিরা। এটা খুবই যৌক্তিক সিদ্ধান্ত। কেননা, জনপ্রতিনিধিদের অন্তর্ভুক্ত না করলে জনমত গঠন কার্যত অসম্ভব। আরও আশ্বস্ত হওয়ার আছে এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীর বক্তব্য থেকে। তিনি বলেছেন, জনপ্রতিনিধিদের দলীয় আনুগত্য বিবেচনায় না নিয়েই কমিটিতে অন্তর্ভুক্ত করা হবে। এটা সংগত। দলীয় আনুগত্য যা-ই থাকুক, জঙ্গিবাদের সঙ্গে সংশ্লিষ্ট থাকার যুক্তিসংগত সন্দেহ থাকলেই শুধু তাঁদের কমিটি থেকে বাদ দেওয়ার প্রসঙ্গ আসে। এখানে উল্লেখ করা প্রাসঙ্গিক যে বিরোধী দলগুলো থেকে স্থানীয় সরকার পর্যায়ে নির্বাচিত জনপ্রতিনিধিদের অনেকে কোনো না কোনো ‘মামলায় সংশ্লিষ্ট থাকার কারণে’ সাময়িকভাবে বরখাস্ত হয়েছেন। আছেন কারাগারে কিংবা পালিয়ে বেড়াচ্ছেন। দু-চারজন জামিনেও আছেন। আর গত উপজেলা ও ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের মান নিয়ে প্রশ্ন নাই বা করলাম। এসব ঝড়ঝাপ্টার মধ্যেও যে গুটি কয় ভিন্ন দলীয় ব্যক্তি টিকে আছেন, তাঁদের কমিটিতে রাখার সিদ্ধান্ত সঠিক ও অর্থবহ।

জঙ্গিবাদবিরোধী জনমত গঠনের পাশাপাশি সন্দিগ্ধ অপরাধীদের গ্রেপ্তারের প্রক্রিয়াটিও গুরুত্বপূর্ণ। এদের দ্বারা সংঘটিত অপরাধ গতানুগতিক ধরনের নয়। তাই বিশেষ গুরুত্ব দেওয়া দরকার এর অনুসন্ধান, তদন্ত ও বিচারকাজে। এখানে অনেক সংস্থার সংশ্লিষ্টতা আছে। প্রথমত, প্রতিরোধব্যবস্থার দিকে দেখতে হয়। এতে সংশ্লিষ্ট পুলিশ, র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব), বিজিবি এবং প্রয়োজনে সামরিক বাহিনী। জেলা প্রশাসন তো থাকছেই সামগ্রিকভাবে। আইনশৃঙ্খলা ব্যবস্থাপনায় ফৌজদারি কার্যবিধি অনুযায়ী মূল দায়িত্ব নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশের। আর এ দুটি প্রতিষ্ঠানের কার্যক্রম সমন্বয় ও পরিচালনার বিধান সুস্পষ্ট রয়েছে পুলিশ আইন ও পুলিশ প্রবিধানে। এই দলিলগুলোর অংশবিশেষ পড়লে বা অনুসরণ করা হলে চলবে না। করতে হবে পরিপূর্ণভাবে। সে ক্ষেত্রে বিবেচনায় রাখতে হয় মহানগর এলাকা বাদে জেলার আইনশৃঙ্খলার দায়িত্বে রয়েছেন পুলিশ সুপার। আর তা জেলা ম্যাজিস্ট্রেটের তত্ত্বাবধানে। এখানে কেউ কারও ভূমিকা উপেক্ষা করার সুযোগ নেই। এর বাইরে রয়েছে র‌্যাবের সঙ্গে সমন্বয়ের বিষয়টি। র‌্যাব আইনি কাঠামোয় পুলিশের একটি অঙ্গ এবং মহাপরিদর্শকের নিয়ন্ত্রণাধীন। তবে সামরিক বাহিনীর তাৎপর্যপূর্ণ অংশগ্রহণ রয়েছে সংগঠনটিতে। বাংলাদেশের আইনশৃঙ্খলা ব্যবস্থার চলমান প্রেক্ষাপটে এর কার্যক্রম ও গঠনকাঠামো একটি বাস্তবতা। ১৯৭৯ সালের আর্মড পুলিশ ব্যাটালিয়ন অধ্যাদেশের ৬ ধারায় সংশোধনী এনে এ বাহিনী গঠন করা হয়। সরকার র‌্যাবকে যেকোনো মামলা তদন্তের দায়িত্ব দিতে পারে। জঙ্গিবাদ দমন এর মূল কাজের একটি। সংস্থাটির রয়েছে একটি গোয়েন্দা ইউনিট। গোয়েন্দা তথ্য সংগ্রহ করার ক্ষমতাও তাদের দেওয়া আছে। কিন্তু র‌্যাবের ব্যাটালিয়নগুলোর কার্যক্রমের সঙ্গে জেলা কিংবা মহানগর পুলিশের সমন্বয়ের কোনো প্রাতিষ্ঠানিক ভিত তৈরি হয়নি। এ সমন্বয়টা জরুরি ও অত্যাবশ্যক। এটা দীর্ঘদিন কেন উপেক্ষিত আছে তা বোধগম্য নয়। বর্তমান পরিপ্রেক্ষিত বিবেচনায় অগ্রাধিকারের সঙ্গে বিষয়টি বিবেচনার দাবি রাখে। ক্ষেত্রবিশেষে বিজিবি এমনকি সামরিক বাহিনীর সহায়তা নেওয়া হয়। তা নেওয়ার আইনি ব্যবস্থা সুস্পষ্ট।

এসব সমন্বয়ের সমস্যা ছাড়াও থাকছে স্থানীয় পর্যায়ের রাজনৈতিক হস্তক্ষেপের বিপত্তির বিষয়টি। সর্বত্র না হলেও দেশের প্রায় জেলায়-উপজেলায় প্রশাসন ও পুলিশের ওপর ক্ষমতাসীন দলের বেশ কিছু আইনপ্রণেতাসহ নেতা-কর্মীরা একধরনের নিরঙ্কুশ নিয়ন্ত্রণের নিরন্তর প্রচেষ্টা চালাচ্ছেন। সফলও হচ্ছেন অনেক ক্ষেত্রে। আর এ ব্যাপারটি ১৯৯১-এর গণতন্ত্রায়ণের পর ধীরে ধীরে শুরু হলেও ২০০১-এ ব্যাপক গতি লাভ করে। আর তা বহুমাত্রিক। একে থামানো ও বিপরীতমুখী করার কোনো প্রচেষ্টা লক্ষণীয় হচ্ছে না। বর্তমান জঙ্গিবিরোধী অভিযানে তাঁদের এরূপ হস্তক্ষেপ ক্ষেত্রবিশেষে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। একে বিভ্রান্ত করার প্রচেষ্টা নেওয়াও হতে পারে রাজনৈতিক বৈরিতা কিংবা ভিন্ন কোনো কারণে। হতে পারে অযাচিত হস্তক্ষেপ। এ লক্ষণ এর মাঝেই উঁকি-ঝুঁকি দিচ্ছে। প্রসঙ্গত, টেকনাফে সম্প্রতি সংঘটিত ঘটনাটি লক্ষণীয়।

আগে উল্লেখ করা হয়েছে, জেলা প্রশাসক সম্মেলনে আলোচ্য ছিল আরও অনেক বিষয়। একটি বিষয় লক্ষণীয় হয়েছে যে তাঁরা মোবাইল কোর্টের বিচার পদ্ধতির কিছু পরিবর্তন ও শাস্তির মেয়াদ বাড়ানোর প্রস্তাব করেছেন। উল্লে­খ করা সংগত যে মোবাইল কোর্ট বাল্যবিবাহ, ইভ টিজিং, খাদ্যে ভেজালসহ বহু জনস্বার্থবিরোধী কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের অকুস্থলে সাজা দিয়ে প্রশংসিত হয়েছেন। পেয়েছেন গ্রহণযোগ্যতা। এ আইনের মূল প্রতিপাদ্য, মোবাইল কোর্ট পরিচালনারত ম্যাজিস্ট্রেটের সামনে অপরাধ সংঘটিত কিংবা উদ্‌ঘাটিত হতে হবে। অপরাধ স্বীকার করতে হবে আসামিকে। তাহলে তাঁকে দণ্ডবিধান করা যাবে। অথবা ম্যাজিস্ট্রেট যদি মনে করেন তাঁর দণ্ডের পরিমাণ তাঁর ক্ষমতার অধিক হওয়া সংগত কিংবা আসামি নিজেকে নির্দোষ দাবি করেন, তবে তিনি তাঁর বিরুদ্ধে বিচারিক ম্যাজিস্ট্রেটের আদালতে নিয়মিত মামলা রুজু করার জন্য পুলিশকে নির্দেশ দিতে পারেন।

সাধারণত নির্বাহী ম্যাজিস্ট্রেটরাই পরিচালনা করেন মোবাইল কোর্ট। বিচার বিভাগ পৃথক্‌করণের পর নির্বাহী ম্যাজিস্ট্রেটরা সরকারের প্রশাসনিক কাজের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের সে কাজ করতে গিয়ে সামাজিক কিছু অপরাধের দ্রুত প্রতিকারের জন্যই তাঁদের এ ক্ষমতায়ন। তাঁরা অপরাধীকে অকুস্থলে সর্বোচ্চ দুই বছর কারাদণ্ড দিতে পারেন। করতে পারেন জরিমানা। যেখানে আত্মপক্ষ সমর্থনের সুযোগ অপর্যাপ্ত, নেই জামিনের বিধান, সেখানে কি এ পরিমাণ দণ্ড যথেষ্ট নয়? দুই বছর কারাদণ্ড তো গুরুদণ্ড বলেই বিবেচিত হয়। দোষ স্বীকার না করলে মোবাইল কোর্ট সাক্ষ্য–প্রমাণ নিয়ে দণ্ডবিধানের ব্যবস্থা করা হলে এর মূল চেতনাই তলিয়ে যাবে। আমাদের কি সেদিকে যাওয়া সংগত হবে?

তবে দেখার থাকে জেলা প্রশাসকদের যে দায়িত্ব পালন করতে হয় তার সুস্পষ্ট আইনি বিধান যথাযথভাবে প্রতিপালনের বিষয়টি। বিশেষ করে জনশৃঙ্খলার ক্ষেত্রে। তাঁরা যাতে সরকারের নির্দেশনা অনুসারে সময়ের দাবিতে সাড়া দিতে পারেন, এ বিষয়ে সরকারের অব্যাহত ও নিরঙ্কুশ সমর্থন প্রয়োজন।

আলী ইমাম মজুমদার: সাবেক মন্ত্রিপরিষদ সচিব।

majumder234@yahoo.com