জঙ্গি দমনে সক্ষমতা ও সক্রিয়তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কার্টুণ: তুলি
কার্টুণ: তুলি

গণমাধ্যমে ক্রমান্বয়ে অভিযোগ আসছে মৌলবাদীরা সংগঠিত হয়ে ক্রমবর্ধমান হারে ও লক্ষণীয় শক্তি নিয়ে বিশেষ কিছু ব্যক্তির ওপর হামলা করছে। লক্ষ্য হিসেবে রয়েছেন ব্লগার, লেখক, প্রকাশক থেকে শুরু করে রাজপথে পাহারারত পুলিশ, এমনকি সামরিক বাহিনীর সদস্য। আরও আছেন শিয়া সম্প্রদায় আর মাজারের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরাও। এসব কিছুর মাঝে মোটেও সংশ্লিষ্ট নন, এমন দুজন বিদেশি নাগরিকও সম্প্রতি প্রাণ হারিয়েছেন অনুরূপ হামলায়। ব্যাপকভাবে ধারণা করা হচ্ছে, মৌলবাদীরা এসব ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট। কোনো কোনো পত্রিকার ভাষ্যমতে, একাত্তরে মানবতাবিরোধী কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত দুজন বন্দীকে ছাড়িয়ে নিতে এসব ঘটনা ঘটানো হচ্ছে। পত্রিকাগুলো এ-জাতীয় তথ্য গোয়েন্দা সূত্র থেকে পাওয়া বলেও দাবি করছে। তবে অনেক ঘটনাই এখনো তদন্ত-প্রক্রিয়ায়। বিচার শেষ না হলে প্রকৃত অপরাধী সম্পর্কে নিশ্চিতভাবে কিছু বলা যাবে না।
ঘটনাগুলো পৃথক পৃথক স্থানে ও লক্ষ্যে। তবে চাঞ্চল্য সৃষ্টিকারী। এ অবস্থায় ক্ষুণ্ন হচ্ছে দেশের ভাবমূর্তি। আইনশৃঙ্খলাব্যবস্থা সামগ্রিকভাবে নিয়ন্ত্রিত থাকলেও এসব ঘটনা সে সাফল্য ম্লান করে দিচ্ছে। বাংলাদেশে যাতায়াত বা অবস্থানকারী বিদেশিরা আতঙ্কিত বোধ করছেন সংগত কারণেই। তাঁরা তাঁদের চলাচল নিয়ন্ত্রিত করে ফেলছেন নিজ থেকেই। ফলে বিরূপ প্রভাব পড়ার আশঙ্কা সৃষ্টি হয়েছে ব্যবসা-বাণিজ্যসহ সামগ্রিক অর্থনীতিতে। এসব কারণে নাগরিক সমাজ উদ্বিগ্ন হওয়ার যুক্তিসংগত কারণ রয়েছে। বলা বাহুল্য, এ ধরনের হামলা বা হত্যা অনাকাঙ্ক্ষিত। যে বা যারা এগুলো করছে, তাদের দ্রুত আইনের আওতায় আনা হোক, এটা সবাই চান। তবে এ ক্ষেত্রে আমাদের নিরাপত্তা বাহিনীগুলো সাম্প্রতিক কালে উল্লেখযোগ্য কোনো সাফল্য দেখাতে পারছে না। এ বিচ্ছিন্ন ঘটনাগুলো বিশেষ কোনো চক্র কর্তৃক নিয়ন্ত্রিত হচ্ছে কি না, এটা তলিয়ে দেখা একান্ত প্রয়োজন। আর প্রয়োজন এর মূল উৎপাটন করা। সে দায়িত্ব দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর; মূলত পুলিশের।
অভিযোগ হচ্ছে, জঙ্গি দমনে পুলিশের সক্ষমতা ও সক্রিয়তার অভাব আছে। কিন্তু সক্ষমতার অভাব কতটুকু? এ ধরনের সংকটকালে তারা সক্রিয় হবে না, এটা ভাবতেও কষ্ট হয়। রাজপথে ঘাতকের হামলার শিকার দুই পুলিশ সদস্যকে ফেলে তিনজন সঙ্গী পালিয়ে যাওয়ার খবরটি আমাদের ব্যথিত ও শঙ্কিত করেছে। ইতিমধ্যে তাঁরা অবশ্য সাময়িক বরখাস্ত হয়েছেন। তাঁদের কারও রাইফেলে গুলি ছিল না—এমন খবর সত্য হলে তদারককারী কর্মকর্তাকেও দায়বদ্ধ করা দরকার। গৃহীত ব্যবস্থা প্রেস ব্রিফিংয়ে এলে জনগণ আশ্বস্ত হবে খানিকটা। আমরা তো নিেজদের নিরাপত্তার জন্য পুলিশের ওপরই নির্ভরশীল। বিপন্ন হলে তাদের কাছেই ছুটতে হয়। তবে ক্ষেত্রবিশেষে তারাও হামলার মুখোমুখি হয়—এ ঘটনা বিরল নয়।
তবে প্রশ্ন থাকে, দিনের বেলায় প্রকাশ্য রাজপথে পাঁচজন রাইফেলধারী পুলিশ সদস্যকে হামলা করার সাহস দুর্বৃত্তরা পায় কী করে? তাদের অস্ত্র-গোলাবারুদ করদাতাদের টাকায় কেনা। সেটা জনগণকে রক্ষা করার জন্য। পাশাপাশি নিেজদেরও রক্ষা করতে হবে। এ ক্ষেত্রে পুলিশের মনোবলে ভাটা পড়ার মতো বড় আকৃতির কোনো ঘটনা তো ঘটেনি। আর যদিও তা ঘটে, তবে আমরা হাত গুটিয়ে বসে থাকতে পারি না। অধিকতর শক্তি নিয়ে তার মোকাবিলা করতে হবে। নচেৎ বিপন্ন হয়ে যাবে ৪৪ বছরের সব অর্জন। তবে দুঃখজনক হলেও সত্য যে পুলিশের কেউ কেউ তাঁদের বিরুদ্ধে হামলা-সম্পর্কিত মামলাগুলো যথাযথ গুরুত্ব দিয়ে প্রমাণের চেষ্টা করেন না। নচেৎ ২০১৩ সালে ১৪ জন পুলিশ সদস্যের বিভিন্ন স্থানে নিহত হওয়ার ঘটনায় একটি মামলাও নিষ্পত্তি না হওয়ার কথা নয়। এ আত্মঘাতী অবস্থান থেকে তারা বের হয়ে না এলে নিেজদের পাশাপাশি জাতিকেও বিপন্ন করবে।

>প্রধান রাজনৈতিক দলগুলো কিছু না কিছু উগ্রবাদী দলের সঙ্গে সম্পর্ক রেখে চলছে। উগ্রবাদ থেকে তাদের দূরে সরিয়ে আনার কোনো রাজনৈতিক প্রচেষ্টাও লক্ষণীয় নয়। এ অভিযোগ গুরুত্বের সঙ্গে বিবেচনার দাবি রাখে

আর সক্ষমতার প্রশ্ন। এটি সত্য পুলিশ বাহিনীতে এর কিছুটা ঘাটতি আছে। ঘাটতি মূলত প্রশিক্ষণ, সরঞ্জামাদি ও দক্ষ জনবলের। তবে পুলিশেরই একটি অঙ্গ র্যাব কিন্তু এ বিষয়ে অনেক এগিয়ে। তারা উন্নততর প্রশিক্ষণ ও সরঞ্জামাদি পেয়েছে। জনবল-সংকট আছে, এমনটাও জানা যায় না। ২০০৪ সালে এর প্রতিষ্ঠার পরই বিতর্কের পাশাপাশি সাফল্যের ছাপ রাখতে থাকে বাহিনীটি—বিতর্ক, বিচারবহির্ভূত হত্যা আর গুম নিয়ে। তা এখনো আছে। আর তা আছে পুলিশের বিরুদ্ধেও। সে বৃত্ত থেকে এদের বের করে আনতে রাজনৈতিক প্রত্যয় দরকার। আর কোনো না কোনো ধরনের বিতর্ক তো রাষ্ট্রের কাজের সঙ্গে জড়িত প্রায় সব সংস্থা সম্পর্কেই আছে। তাই বলে তাদের সবাইকে ফেলে দেওয়া যাবে না। তেমনি উপেক্ষা করার সুযোগ নেই পুলিশ কিংবা র্যাবকে। র্যাবের যে সামর্থ্য, তা চলমান সংকট মোকাবিলায় কতটা কাজে লাগানো হচ্ছে, তা স্পষ্ট নয়। সংকটের স্থায়িত্ব ও পরিসর ব্যাপকতা পেলে তা মোকাবিলায় তাদের সামর্থ্য আরও বৃদ্ধির প্রশ্নও আসে। প্যারিসের ভয়াবহ ঘটনাটি আমাদের চেতনায় থাকা দরকার। পুলিশের একটি কাউন্টার টেররিজম ইউনিট চালু করার জন্য প্রধানমন্ত্রীর নির্দেশনাটি উপেক্ষিত হচ্ছে। অবশ্য র্যাব এ কাজে আগে দক্ষতা দেখিয়েছে। জেএমবির শীর্ষ সন্ত্রাসীদের গ্রেপ্তার, আইনের আওতায় এনে আদালতে সোপর্দসহ কোনো ক্ষেত্রেই প্রচলিত আইনকে উপেক্ষা করা হয়নি। বিচারে তাদের মূল নেতাদের অনেকেই দণ্ডিত হয়েছে। ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে এদের সাংগঠনিক কাঠামো। র্যাবের বিদ্যমান কাঠামোটিকেই আরও জোরদার করে এসব কাজে নিয়োজিত করা যায়। পাশাপাশি পুলিশের একটি কাউন্টার টেররিজম ইউনিট চালু করে তাদেরও দায়িত্ব দেওয়া যায়। র্যাব ও পুলিশের কার্যক্রমে মাঠপর্যায়ে সমন্বয়ের কিছু সমস্যা থাকলেও নেতৃত্ব মূলত এক। সব বিবেচনাতেই র্যাব পুলিশের একটি অঙ্গ প্রতিষ্ঠান। হয়তোবা এর সামর্থ্য বৃদ্ধির জন্য প্রতিরক্ষা বাহিনী থেকে জনবলের একটি অংশ এখানে প্রেষণে আসে। শুরুতে র্যাব প্রতিষ্ঠা নিয়ে বিতর্ক অনেক ছিল। কিন্তু সংস্থাটি এখন আইনশৃঙ্খলাব্যবস্থার একটি নিয়মিত অংশ। পাশাপাশি পুলিশবিহীন একটি রাষ্ট্র কল্পনাও করা যায় না। রাষ্ট্রের বিভিন্ন অঙ্গের ক্ষমতা তো তাদের মাধ্যমেই প্রয়োগ করা হয়।
কিন্তু সংকট ভিন্ন। ঢাকার একটি ইংরেজি দৈনিকের সংবাদভাষ্যে এ ধরনের মৌলবাদী শক্তি মোকাবিলা সরকারের অগ্রাধিকার তালিকায় নেই বলে অভিযোগ করা হয়েছে। এটা করতে সংশ্লিষ্ট সংস্থার সামর্থ্য বৃদ্ধি এবং বিদ্যমান সামর্থ্য ও সম্পদ ব্যবহারের প্রচেষ্টাও লক্ষণীয় নয় বলে একই খবরে উল্লেখ করা হয়। খবরে আরও বলা হয়, প্রধান রাজনৈতিক দলগুলো কিছু না কিছু উগ্রবাদী দলের সঙ্গে সম্পর্ক রেখে চলছে। উগ্রবাদ থেকে তাদের দূরে সরিয়ে আনার কোনো রাজনৈতিক প্রচেষ্টাও লক্ষণীয় নয়। এ অভিযোগ গুরুত্বের সঙ্গে বিবেচনার দাবি রাখে।
ধর্মীয় চেতনায় আঘাত দিয়ে না লিখতে ব্লগারদের দায়িত্বশীল মহল থেকে বলা হয়। এরূপ বলা অসংগত নয়। তবে পাশাপাশি যারা তাদের হত্যা করছে, তাদের সঠিকভাবে শনাক্ত ও বিচারের আওতায় আনতে না পারায় এ বক্তব্যে ভুল বোঝার সুযোগ করছে। এরই ফলে উপরিউক্ত অভিযোগগুলো সামনে আসছে, এমনটাই মনে হয়। তা ছাড়া অতীতে এ-জাতীয় ঘটনায় সাফল্যের পাশাপাশি রাজনৈতিক
প্রভাবে বিপথগামিতা আমরা লক্ষ করেছি, বিশেষ করে ২১ আগস্টের গ্রেনেড হত্যা মামলায়। প্রকৃত অপরাধীদের আড়াল করতে তদন্ত ভিন্নপথে চলেছে। এসেছে ‘জজ মিয়া আখ্যান’। এখন কোনো ক্ষেত্রে এমন যেন না হয়, সে সতর্কতা প্রয়োজন।
একই ভাষা ও সংস্কৃতির অধিকারী জাতির মাঝে ধর্মসহ সব বিষয়ে সহনশীল একটি অবস্থা ছিল। এখানে এত বিভক্তি আসার কথা ছিল না। কিন্তু অপরিচ্ছন্ন রাজনীতি তা নিয়ে এসেছে। সেটা দূর করতে রাজনৈতিক প্রচেষ্টাই নিতে হবে দীর্ঘ মেয়াদে। তবে বর্তমান পরিপ্রেক্ষিতে এ-জাতীয় হামলাকারীদের কার্যকরভাবে শনাক্ত করে যথাসম্ভব দ্রুত আইনের আওতায় আনা আবশ্যক। কোনো সংঘবদ্ধ গোষ্ঠী এর পেছনে থাকলে সে নেটওয়ার্ক ভেঙে ফেলার ব্যবস্থা নিতে হবে। আর আমাদের আইন প্রয়োগকারী সংস্থাগুলোর পক্ষে এটা করা সম্ভব। মাত্র এক দশক আগে সাফল্যের সঙ্গে তারা তা করে দেখিয়েছে। এখনো ঘটনা সে পর্যায়ে যায়নি। তাই সতর্ক পদক্ষেপ নিতে হবে দ্রুত।
আলী ইমাম মজুমদার: সাবেক মন্ত্রিপরিষদ সচিব।
[email protected]