
এক বছর আগে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছিল রাজধানীর অভিজাত এলাকা গুলশানের হোলি আর্টিজান বেকারি নামের এক রেস্তোরাঁয়। হামলায় ২০ জনকে নির্মমভাবে হত্যা করা হয়, অধিকাংশই বিদেশি নাগরিক। ৯ জন ইতালীয়, ৭ জন জাপানি, ২ জন বাংলাদেশি, ১ জন যুক্তরাষ্ট্রের এবং ১ জন ভারতীয় নাগরিক। তা ছাড়া, ঘটনাস্থলে অভিযান পরিচালনা করতে গিয়ে প্রাণ দিতে হয় পুলিশের দুজন কর্মকর্তাকে। হামলাকারী ছিল সাতজন, তাদের মধ্যে ছয়জন সেনাবাহিনীর অভিযানে মারা যায়। পুলিশের ভাষ্যমতে একজনকে আহত অবস্থায় গ্রেপ্তার করা হয়। আরও গ্রেপ্তার করা হয় ঘটনাস্থল থেকে বেঁচে যাওয়া দুজনকে, তাদের একজন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক।
হোলি আর্টিজান হামলার পরপরই একটি সাইট ইন্টেলিজেন্স গ্রুপের ওয়েবসাইটের মাধ্যমে বিশ্বের কয়েকটি টেলিভিশন থেকে হত্যাকাণ্ডের বীভৎস এবং হত্যাকারীদের যে ছবি প্রচার করা হয়েছিল, তা ছিল আইএস সদস্যদের পোশাকের অনুরূপ। সবার হাতে যে অস্ত্র ছিল, সে অস্ত্র তারা হোলি আর্টিজান হামলায় ব্যবহার করেনি। মনে হয় শুধু ওই ছবি তোলার জন্য সবার হাতে অস্ত্র তুলে দেওয়া হয়েছিল। ওই ছবি আর অস্ত্রের বিষয়ে কোনো তদন্ত হয়েছিল কি না জানা নেই। হোলি আর্টিজানে ব্যবহৃত হয়েছিল, তথ্যমতে একটি একে সিরিজের প্রশিক্ষণ রাইফেল, একটি পিস্তল, ছুরি আর স্থানীয় তৈরি বোমা। বেশির ভাগ জিম্মিকে কুপিয়ে হত্যা করা হয়েছিল, যা আইএসের কৌশলের অংশ হিসেবে ভিডিওতে দৃশ্যমান।
হোলি আর্টিজান ঘটনার পর বাংলাদেশের সরকার সন্ত্রাস মোকাবিলা এবং এই সমস্যার সঙ্গে যে বৈশ্বিক সম্পর্ক রয়েছে, তা নিয়ে যথেষ্ট চাপের মুখে ছিল এবং এখনো রয়েছে বলে মনে হয়। বাংলাদেশে যে সন্ত্রাসী গোষ্ঠী এখনো সক্রিয়, যাকে ‘নব্য জেএমবি’ হিসেবে আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চিহ্নিত করেছে, তাদের সঙ্গে যে বৈশ্বিক সম্পর্ক স্থাপিত হয়েছিল এবং বিদ্যমান, তাতে এখন সন্দেহ করার কোনো জায়গা রয়েছে বলে মনে হয় না।
হোলি আর্টিজানের সন্ত্রাসী হামলা হঠাৎ হয়নি। এর পূর্বপ্রস্তুতি বেশি দিনের না হলেও ওই ঘটনার প্রায় দুই বছর আগে থেকেই এর খণ্ড খণ্ড চিত্র ফুটে উঠেছিল। ব্লগার হত্যা, শিয়া ইমামবাড়ায় হামলা, পুরোহিত ও খ্রিষ্টান ধর্মযাজক হত্যা এবং আহমদিয়া মসজিদে হামলা—এসবই ছিল পূর্বপ্রস্তুতি। আরও পরে রংপুরের প্রত্যন্ত অঞ্চলে জাপানি নাগরিক কুনিও হোশি এবং হোলি আর্টিজানের কাছাকাছি জায়গায় ইতালিয়ান নাগরিক সিজার তাবেলার হত্যার যে ঘটনাগুলো ঘটেছে, এখন মনে হয় সেগুলো ছিল আগাম সতর্কবাণী। কিন্তু এসবই রাজনৈতিক আবরণের কারণে হালকাভাবে নেওয়ায় সন্ত্রাসীদের এমন ভয়াবহ ঘটনা ঘটাতে উৎসাহিত করেছিল। কাকতালীয়ভাবে হোলি আর্টিজানেও বিদেশি বলতে ইতালীয় ও জাপানি নাগরিকই বেশি ছিল।
ঘটনাটি চোখে আঙুল দিয়ে যে বিষয়গুলো দেখিয়েছে, সেগুলোর মধ্য অন্যতম হলো পারিবারিক বন্ধনের অবক্ষয়। সমাজে অসম প্রতিযোগিতা ও রাজনৈতিক টানাপোড়েনের কারণে বিশাল বিভাজন। অন্যদিকে গ্রাম্য সমাজ থেকে দ্রুত শহুরে সমাজে যুক্ত হতে গিয়ে যে ধরনের অস্থিরতা ও সামাজিক সমস্যার সৃষ্টি হয়েছে, তারই শিকার হোলি আর্টিজানসহ অন্যান্য সন্ত্রাসকাণ্ডের সঙ্গে যুক্ত যুবকেরা।
এসব সন্ত্রাসী কর্মকাণ্ড ও হামলার বিস্তারিত বিশ্লেষণ থেকে যে বিষয়টি সবাইকে হতবাক করেছে তা হলো, মধ্যবিত্ত ও উচ্চমধ্যবিত্ত শিক্ষিত যুবকদের অংশগ্রহণ। এই পরিবর্তনই একুশ শতকের সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বৈশিষ্ট্য—তা-ও হোলি আর্টিজানের আগে আমলে নেওয়া হয়নি এবং মধ্যবিত্ত ও উচ্চমধ্যবিত্ত সমাজ এ বিষয় নিয়ে চিন্তাও করেনি।
হোলি আর্টিজানের ঘটনা যে দেশ ও জাতিকে দারুণভাবে নাড়া দিয়েছিল, আমার মনে হয় সে দেশটি হলো জাপান। ওই ঘটনার পর প্রায় এক মাস আমার কাছে জাপানের বড় বড় সংবাদ সংস্থা ও প্রধান টেলিভিশন চ্যানেল এনএইচকে সাক্ষাৎকারের জন্য এসেছিল, এখনো আসছে। মাত্র কয়েক দিন আগে জাপানের কিয়োডো নিউজ থেকে তাদের ব্যুরোপ্রধানেরা এসেছিলেন। প্রথম পর্যায়ে যাঁরা এসেছিলেন, তাঁদের কয়েকটি প্রশ্ন ছিল, তার মধ্যে প্রধান ছিল যে বাংলাদেশের সঙ্গে জাপানের যে সম্পর্ক, তাতে এরা কেন জাপানিদের হত্যা করল? এমনও প্রশ্ন করেছিল যে যেহেতু জাপান আইএস-কথিত ‘ক্রুসেডার’দের দলে পড়ে না তথাপি তাদের কেন টার্গেট করা হয়েছিল? এসব প্রশ্নের উত্তর সহজ ছিল না।
আমার বিশ্লেষণ তাঁদের সামনে তুলে ধরে বলেছিলাম, যারা এ কাজ ঘটিয়েছে, তাদের সঙ্গে দেশের আপামর জনসাধারণের কোনো সম্পর্ক নেই। এসব সন্ত্রাসী বাংলাদেশকে নয় বরং তথাকথিত আইএস বা আল-কায়েদাকে প্রতিনিধিত্ব করে এবং জাপানকে আইএস ক্রুসেডার সহায়ক শক্তি মনে করে। কোনো বাংলাদেশি বিদেশিদের বিরোধী নয় বরং এ দেশের মানুষ বিদেশিদের প্রতি অত্যন্ত বন্ধুবৎসল। তাঁরা আশ্বস্ত হয়েছিলেন কি না জানি না। হালে যাঁরা এসেছিলেন, তাঁরা জানতে চেয়েছিলেন বর্তমান পরিস্থিতি। জাপান সরকার এবং সমাজ যেকোনো একজন জাপানির জীবনকে কতখানি মূল্য দেয়, তা আমাকে হতবাক করেছে। হোলি আর্টিজানে যে জাপানিদের হত্যা করা হয়েছিল, তাঁরা সবাই ছিলেন বিশেষজ্ঞ পরামর্শক। ইতালীয়রা ছিলেন আমাদের তৈরি পোশাক ক্রেতা। আজও হয়তো এ হত্যাযজ্ঞকে জাপানিরা মেনে নিতে পারেনি।
যাহোক, হোলি আর্টিজান থেকে সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রচুর শিক্ষা নিয়েছে বলে দৃশ্যমান, বিশেষ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শোলাকিয়ার হামলা প্রতিহত করা এবং তার পরে কল্যাণপুর, নারায়ণগঞ্জ, সিলেট অঞ্চল এবং সর্বশেষ রাজশাহী অঞ্চলের অভিযানগুলোর মাধ্যমে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্ষমতা বৃদ্ধির লক্ষণ প্রতিফলিত হচ্ছে। একই সঙ্গে সন্ত্রাসবিরোধী আগাম তথ্যপ্রাপ্তির ক্ষেত্রেও যথেষ্ট অগ্রগতি পরিলক্ষিত। তবে যেসব জায়গায় তেমন উন্নতি দেখা যায় না, তা হলো সমাজের ও রাজনৈতিক অঙ্গনের বিভাজন দূরীকরণের। সন্ত্রাসবিরোধী জনসচেতনতা বেড়েছে, তবে কাঙ্ক্ষিত পর্যায়ে বাড়েনি। এ বিষয়গুলো নিয়ে যথেষ্ট আলোচনা-পর্যালোচনা হলেও সুদূরপ্রসারী সামাজিক পদক্ষেপ নিয়ে আলোচনা যেমন থমকে রয়েছে, তেমনি কোনো পরিকল্পনার কথাও শোনা যায় না। তবে অবস্থাদৃষ্টে মনে হয়, কয়েকটি দেশের সঙ্গে এ বিষয়ে সহযোগিতা বেড়েছে। বিশেষ করে গোয়েন্দা তথ্য আদান-প্রদানের দিক দিয়ে। এ কারণে আমাদের সংস্থাগুলোর সক্ষমতাও বেশ উন্নতির দিকে।
বর্তমানে বিশ্বব্যাপী সন্ত্রাসের ধরন বদলে গেছে। ফ্রান্সের নিস ও লন্ডনে একাধিকবার হামলার যে কৌশল দেখা গিয়েছে, তা মোকাবিলা করা সম্ভব হয় না। উদাহরণ লন্ডনে উপর্যুপরি ঘটে যাওয়া চারটি হামলা, যেখানে গাড়ি আর ছুরি ব্যবহার করা হয়েছিল। ব্রিটিশ পুলিশ তথা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, যা বিশ্বের সবচেয়ে প্রশিক্ষিত বাহিনী বলে আখ্যায়িত, তাদের পক্ষেও এ ধরনের হামলার আগাম তথ্য পাওয়া কঠিন। ওই সব দেশে হামলাকারীদের গোত্র চিহ্নিত করা ও সংখ্যালঘুদের ওপর নজরদারি সম্ভব। তবে সংখ্যাগরিষ্ঠদের মধ্য থেকে সন্ত্রাসী চিহ্নিত করা বেশ কঠিন। তবে ইউরোপ, বিশেষ করে ব্রিটেনের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর জনগণের আস্থা রয়েছে যে তারা অহেতুক কোনো গোষ্ঠী বা সংখ্যালঘুদের বিড়ম্বনার সৃষ্টি করবে না। টাওয়ার ব্রিজ হামলার পর সন্দেহ বশে যাদের জিজ্ঞাসাবাদের জন্য ধরা হয়েছিল, তাদের ছেড়ে দেওয়া হয়েছে এক দিন পরেই। জিজ্ঞাসাবাদের নামে দিনের পর দিন মাসের পর মাস আটকে রাখা হয়নি। এ ধরনের আচরণ এবং আইনের প্রতি শ্রদ্ধার কারণেই জনগণের আস্থা অটুট রয়েছে।
আমাদের দেশের সন্ত্রাসী ও সন্ত্রাসবাদের ধরন এখনো তেমন ভয়াবহ রূপ ধারণ করেনি নানা কারণে। অন্যতম কারণ জনগণ
সন্ত্রাস সমর্থন করে না। তবে আশঙ্কার বিষয় হলো, সন্ত্রাসের সঙ্গে পরিবারের নারী ও শিশুদের যুক্ত হওয়ার প্রবণতা। একই সঙ্গে আত্মঘাতী হয়ে ওঠার প্রবণতা এবং আত্মঘাতী হামলার সরঞ্জামের উপস্থিতি। কাজেই শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীই নয়, সমগ্র সমাজ সচেতন না হলে এ প্রবণতা ঠেকানো সম্ভব নয়। আমাদের দেশে সিরিয়া, ইরাক, ইয়েমেন, আফগানিস্তান এমনকি ফিলিপাইনের মতো পরিস্থিতিও নেই। তথাপি আমরা কমবেশি হলেও বৈশ্বিক ও অভ্যন্তরীণ রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক বিভাজন এবং সুশাসনের অভাবের কারণে সন্ত্রাসী ঝুঁকি থেকে দূরে নই। এসবের সমাধান এক দিনে বা এক মাসে সম্ভব নয়। এগুলো যেমন সুদূরপ্রসারী প্রভাব ফেলে, তেমনি এগুলোর সমাধানকল্পেও সুদূরপ্রসারী পদক্ষেপের প্রয়োজন।
মধ্যপ্রাচ্যের অবস্থা দ্রুত খারাপ হচ্ছে, অস্থিরতা আরও বাড়ছে। ফলে ইউরোপে সন্ত্রাসী হামলা বেড়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। বিশেষ করে আইএসের কোণঠাসা হওয়ার পর থেকে। অন্যদিকে সৌদি আরব–কাতার পরিস্থিতি সমস্যাকে আরও জটিল করছে। আইএসে প্রায় ৩০-৪০ জন বাংলাদেশি বা বাংলাদেশি বংশোদ্ভূত সদস্য আছে বলে প্রকাশ। কয়েকজন যুদ্ধে মারা গেছে। অন্যদের বর্তমান অবস্থান অজানা। ইতিমধ্যে হারিয়ে যাওয়া অথবা গুম হয়ে যাওয়ার চিত্রেও তেমন বিশেষ পরিবর্তন হয়নি। কদিন আগে রাজধানীর বনানী এলাকা থেকে চার তরুণের নিরুদ্দেশ হওয়ার খবর বেরিয়েছে। আগে নিখোঁজদের মধ্য সম্প্রতি দুজন ফিরে এসেছে। তাদের কী হয়েছিল, সে বিষয়ে তারা মুখ খোলেনি। গুম হওয়ার পরে ফিরে আসা অথবা লাশ খুঁজে পাওয়ায় জনমনে নানা প্রশ্ন জন্ম নেয়, যা সন্ত্রাস দমনে সহায়ক নয়।
হোলি আর্টিজানের পর থেকে আমরা অনেক দুর্গম পথ পাড়ি দিয়েছি। সন্ত্রাস দমনের প্রথম ধাপ যথেষ্ট ফলপ্রসূ হয়েছে। এখন প্রয়োজন সুদূরপ্রসারী পরিকল্পনা তথা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর আস্থার পরিবেশ ফিরিয়ে আনা। বর্তমানে দৃশ্যত সন্ত্রাস অনেকটাই নিয়ন্ত্রিত। তবে একেবারেই আশঙ্কামুক্ত নই।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তাদের তৎপরতার জন্য ধন্যবাদ জানাতে হয়। সেই সঙ্গে বলতে হয় যে মানুষের আস্থাই বড় সহায়ক শক্তি। সন্ত্রাস দমনে এক ফর্মুলা সব দেশের জন্য প্রযোজ্য নয়। সমাজব্যবস্থার ওপরও অনেকটা নির্ভর করে। কী কী পদক্ষেপ নিয়ে এগোতে হবে, তা যত দ্রুত নির্ণয় করা যায়, ততই মঙ্গল হবে।
এম সাখাওয়াত হোসেন: সাবেক নির্বাচন কমিশনার, কলাম লেখক ও পিএইচডি গবেষক।