
জঙ্গিবাদের পথ থেকে কেউ ফিরে এলে তাকে আইনি সহায়তা ও পুনর্বাসনের ব্যবস্থা করার প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় সংসদের অধিবেশনে (১ মার্চ ২০১৭) প্রধানমন্ত্রীর দেওয়া এই বক্তব্য থেকে আমরা কি ধরে নিতে পারি যে সরকার এই ধারায় চিন্তাভাবনা শুরু করেছে? এটা আমরা সবাই দেখছি যে হলি আর্টিজান হত্যাযজ্ঞের পর সরকারের জোরদার জঙ্গিবিরোধী অভিযানে অনেক শীর্ষ জঙ্গি মারা পড়েছে, অনেক সন্দেহভাজন ধরা পড়েছে এবং এই অভিযান এখনো চলছে। আবার একই সঙ্গে আমরা এটাও দেখছি যে জঙ্গিদের সংগঠিত হওয়ার চেষ্টা থেমে নেই। তারা আত্মঘাতী হামলা এবং আত্মঘাতী হওয়ার মতো ভয়াবহ পথও বেছে নিচ্ছে।
এই দুই ভিন্ন বাস্তবতা যে সত্যকে তুলে ধরছে তা হচ্ছে, শুধু অভিযানই জঙ্গিবাদের বিপদ মোকাবিলার একমাত্র পথ নয়। জঙ্গিবাদ বা এ ধরনের চক্রে যাতে নতুন কেউ জড়াতে না পারে, সেদিকে যেমন জোর নজর লাগবে, তেমনি যারা ইতিমধ্যেই এই চক্রে পড়ে গেছে, তাদের ফিরিয়ে আনার কর্মসূচিও লাগবে। বিশ্বের অনেক দেশ বহুদিন ধরেই এই সমস্যার মধ্যে রয়েছে এবং তা মোকাবিলার নানা পথ-পন্থা ও কৌশল কাজে লাগাচ্ছে। ডির্যা্ডিকালাইজেশন বা জঙ্গি ভাবাদর্শ থেকে ফিরিয়ে আনার কর্মসূচি নানা দেশেই স্বীকৃত ও কার্যকর হিসেবে বিবেচিত হয়ে আসছে এবং তা চলমান রয়েছে।
জঙ্গিবাদের বিপদ আমাদের দেশে এখন বেশ ভয়াবহ আকার নিয়েছে। কিন্তু এর উৎপাত শুরু হয়েছে বেশ আগেই। বর্তমান পরিস্থিতিও হুট করে তৈরি হয়নি। উদীচী, সিপিবি, ছায়ানট বা একসঙ্গে ৬৩ জেলায় বোমা বিস্ফোরণের মধ্য দিয়ে ধারাবাহিকভাবে তাদের তৎপরতা ও অস্তিত্ব দৃশ্যমান হয়েছে। কিন্তু জঙ্গিদের বিরুদ্ধে অভিযান বা কিছু ক্ষেত্রে আইনি ব্যবস্থার বাইরে জঙ্গিবাদ মোকাবিলায় আর কোনো উদ্যোগ চোখে পড়েনি। ‘ডির্যািডিকালাইজেশন’ উদ্যোগ বলতে গেলে শূন্য। সরকারের বিভিন্ন মন্ত্রীর মুখে প্রায়ই আমরা জঙ্গিবাদের বিরুদ্ধে সামাজিক সচেতনতা, শিক্ষা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের কথা শুনি। এখন প্রধানমন্ত্রীও সেদিন বিপথগামীদের ফিরে আসার আহ্বান জানালেন এবং পুনর্বাসনের প্রতিশ্রুতি দিলেন। প্রশ্ন হচ্ছে, এই ‘ফিরে আসার’ আইনি রূপরেখা কী? যারা ফিরে আসতে আগ্রহী, তাদের কী কায়দায় পুনর্বাসন করা হবে? বা কী সুযোগ-সুবিধা দেওয়া হবে? খোঁজখবর নিয়ে জানলাম যে জঙ্গি ভাবাদর্শ থেকে বিপথগামীদের ফিরিয়ে আনার কোনো সুচিন্তিত ও সংগঠিত কর্মসূচিই বাংলাদেশে নেই। বিচ্ছিন্ন-বিক্ষিপ্ত কিছু উদ্যোগ হয়তো আছে।
বিশ্বজুড়ে গবেষণা ও জরিপে দেখা যাচ্ছে, তরুণদের উগ্রবাদী দলে যোগ দেওয়ার প্রবণতা বাড়ছে। জার্মান ইনস্টিটিউট অব ডির্যা ডিকালাইজেশন অ্যান্ড ডি ডির্যােডিকালাইজেশন স্টাডিজের (জিআইআরডিএস) প্রধান দানিয়েল কোয়েলারের পর্যবেক্ষণ হচ্ছে, উগ্র ও জঙ্গিবাদ তরুণদের সহজেই আকৃষ্ট করতে পারে। আইএস প্রসঙ্গে তিনি বলেছেন, তারা সেই কৌশলটিই কাজে লাগাচ্ছে এবং অনলাইনের মাধ্যমে দলে টানার কাজটি করছে। তাঁর মতে, বয়সে যাঁরা তরুণ, তাঁরা নতুন কিছু করতে চান এবং বয়সের কারণেই ধর্মীয় জঙ্গিবাদের প্রতি আকৃষ্ট হন।
বাংলাদেশের তরুণেরাও যে এই বিশ্ববাস্তবতার বাইরে নন, তা আমরা টের পাচ্ছি। আমাদের সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দেশে আইএসের অস্তিত্ব স্বীকার করে না। তবে এখানকার জঙ্গিদের সঙ্গে আন্তর্জাতিক জঙ্গিদের ‘ভার্চ্যুয়াল’ যোগাযোগের বিষয়টি আমাদের পুলিশও স্বীকার করে। গত মঙ্গলবার ঢাকায় অনুষ্ঠিত এক কর্মশালায় এ দেশে জঙ্গিবাদে জড়িয়ে পড়াদের সামাজিক ও পারিবারিক পরিস্থিতি বিশ্লেষণ করে কিছু তথ্য তুলে ধরা হয়েছে। জঙ্গিবাদে জড়িয়ে পড়ার সঙ্গে পারিবারিক অশান্তি থেকে শুরু করে বেকারত্ব, হতাশা, কৌতূহলসহ নানা কিছু যুক্ত রয়েছে। পাকিস্তানের ডন পত্রিকার এক কলামে পড়লাম, রেডিওতে শুধু একবার এক ধর্মীয় নেতার বক্তৃতা শুনেই একজন জঙ্গি ভাবাদর্শে উদ্বুদ্ধ হয়ে পড়েছেন। এর পরপরই তিনি পরিবার-পরিজন ছেড়ে পাকিস্তানি তালেবান গোষ্ঠী তেহরিক-ই–তালেবানে যোগ দেন। নিরাপত্তা বাহিনীর হাতে আটক হওয়ার পর পাকিস্তান সরকারের এক ডির্যাাডিকালাইজেশন কর্মসূচি পার হয়ে তিনি স্বাভাবিক জীবনে ফিরে এসেছেন।
সংসদে দেওয়া প্রধানমন্ত্রীর বক্তব্যের সূত্রে আমরা ধরে নিতে পারি যে স্বেচ্ছায় যে জঙ্গিরা ফিরে আসতে চাইবে, তাদের সরকার আইনি সহায়তা দেবে এবং পুনর্বাসন করবে। এবং এ জন্য দরকারি আইনি কাঠামো ও বিধিবিধানও নিশ্চয়ই তৈরি করবে। কিন্তু যারা বিভিন্ন কারাগারে আটক রয়েছে এবং স্বেচ্ছায় ফিরে আসতে এখনো আগ্রহী নয়, তাদের ব্যাপারে কী হবে? মনে আছে হলি আর্টিজানে হামলার ঘটনার পরপর বাংলাদেশের জঙ্গিবাদের শিকড়–বাকড় কতটা গভীর ও বিস্তৃত, তা বুঝতে আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক নূর খানের কাছে গিয়েছিলাম। তিনি এ দেশের জঙ্গিবাদী কার্যক্রমের একজন মনোযোগী পর্যবেক্ষক। তখন তিনি বলেছিলেন, আমাদের কারাগারগুলো জঙ্গিদের সংগঠন পরিচালনা, অপারেশনের নির্দেশনা দেওয়া, জঙ্গি ভাবাদর্শ বিকাশ ও উদ্বুদ্ধকরণে ভূমিকা পালন করছে। এ মাসের মাঝামাঝি ঢাকায় পুলিশপ্রধানদের আন্তর্জাতিক সম্মেলনে আমন্ত্রিত হয়ে এসেছিলেন জঙ্গিবাদবিষয়ক আন্তর্জাতিক বিশেষজ্ঞ রেহান গুণারত্নে। তাঁর বক্তব্যেও বাংলাদেশের কারাগার প্রসঙ্গ গুরুত্ব পেয়েছে। বাংলাদেশে জঙ্গিবাদ মোকাবিলায় তিনি অভিযানের পাশাপাশি কারাগারগুলোতে ডির্যামডিকালাইজেশন কর্মসূচির ওপর বেশ জোর দিয়েছেন।
>বাংলাদেশের তরুণেরাও যে এই বিশ্ববাস্তবতার বাইরে নন, তা আমরা টের পাচ্ছি। আমাদের সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দেশে আইএসের অস্তিত্ব স্বীকার করে না। তবে এখানকার জঙ্গিদের সঙ্গে আন্তর্জাতিক জঙ্গিদের ‘ভার্চ্যুয়াল’ যোগাযোগের বিষয়টি আমাদের পুলিশও স্বীকার করে
কারাগারে সাধারণ বন্দীদের সঙ্গে জঙ্গিদের রাখা বিপজ্জনক। কারাগারে বসে তারা উদ্বুদ্ধকরণ ও জঙ্গি রিক্রুট করার কাজটি করে। ফলে তাদের জন্য যেমন আলাদা সেল বা পৃথক কারাগারের বিষয়টি বিবেচনা করতে হবে, তেমনি এই পথ থেকে ফিরিয়ে আনার কর্মসূচিও নিতে হবে। জঙ্গিদের পুনর্বাসন ও ডির্যারডিকালাইজেশন কর্মসূচির নানা মডেল রয়েছে। সৌদি আরব, ইয়েমেন, ইন্দোনেশিয়া, মিসর বা পাকিস্তানে এ ধরনের কর্মসূচি কার্যকর আছে এবং এর সাফল্য রয়েছে। আমাদের সুবিধা হচ্ছে, নিজেদের খুব কষ্ট করে এ ক্ষেত্রে কিছু না করলেও হবে।
পাকিস্তানের সোয়াতে এ ধরনের একটি ডির্যা্ডিকালাইজেশন কর্মসূচি ও এর ফলাফল নিয়ে ডন পত্রিকায় একটি লেখা লিখেছেন সাংবাদিক জুবায়ের আজম। সোয়াতে একসময় যেটি ছিল পাকিস্তান-অস্ট্রিয়ান ইনস্টিটিউট ফর হোটেল ম্যানেজমেন্টের কার্যালয় তাকে এখন একটি বন্দিশালা ও ডির্যাতডিকালাইজেশনের কেন্দ্রে পরিণত করা হয়েছে। তেহরিক-ই-তালেবান একসময় জায়গাটি দখল করে নিয়েছিল ও এখানে আদালত বানিয়েছিল। এই কেন্দ্রে তিন মাসের এক ডি ডির্যাকডিকালাইজেশন ও ইমানসিপেশন (চরম ভাবাদর্শ ও বন্ধন থেকে মুক্তি) কর্মসূচিতে অংশ নেওয়া ১ হাজার ৮০০ জন সাবেক জঙ্গির কেউ কেউ মুক্তি পেয়ে স্বাভাবিক জীবনে ফিরে এসেছে।
এই কেন্দ্রের মনোবিদেরা শত শত সাবেক বন্দীকে নিয়ে কাজ করেছেন। একেকজনের সন্ত্রাসে জড়িয়ে পড়ার কারণ একেক রকম। অনেকে বাধ্য হয়েছে বা বাধ্য করা হয়েছে। কেউ কেউ সন্ত্রাসে জড়িয়েছে সমবয়সীদের চাপে, কেউ কেউ টাকা, রোমাঞ্চ বা প্রতিশোধের নেশায়। মনোবিদেরা এর একটা অভিন্ন ধরনও বের করেছেন: এদের প্রায় সবারই বুদ্ধিমত্তা খুবই নিম্ন পর্যায়ে, সমালোচনামূলক চিন্তার অভাব রয়েছে। ভেঙে যাওয়া পরিবারের অভিজ্ঞতা রয়েছে অনেকের। কেউ কেউ অবজ্ঞা ও ছেলেবেলায় শারীরিক নির্যাতনের শিকার হয়েছে। বাংলাদেশে এক কর্মশালায় উঠে আসা যে পর্যবেক্ষণগুলোর কথা আগে উল্লেখ করেছি, তার সঙ্গে এর খুব অমিল নেই।
জুবায়ের আজম লিখেছেন, মূল প্রশ্ন হচ্ছে, যাদের ছেড়ে দেওয়া হয়, তারা সত্যিই কট্টর পন্থামুক্ত হয় কি না। কেন্দ্রের লোকজন জানিয়েছেন, পরিবার ও সমাজ নিশ্চয়তা দিলেই কেবল তাদের ছাড়া হয়। তাদের এলাকা ছেড়ে যেতে দেওয়া হয় না। সব সময়ে ব্যাপারটি পরীক্ষা করা হয় আর নিয়মিত বিরতিতে তাদের কর্তৃপক্ষের কাছে হাজির হতে হয়। এই কর্মসূচির সফলতার হার ৯৯ ভাগ। খুব কম ক্ষেত্রেই ছাড়া পাওয়ার পর কেউ পালিয়ে গেছে।
সাধারণ ‘অপরাধী পুনর্বাসন’ আর জঙ্গিদের ডির্যাকডিকালাইজেশন এক বিষয় নয়। সাধারণ অপরাধীদের আইন মেনে চলা নাগরিকে পরিণত করার ক্ষেত্রে সাজা মওকুফ বা বেঁচে থাকার জন্য অর্থ বা কর্মসংস্থানের জোগান বড় প্রণোদনা হিসেবে কাজ করে। কিন্তু জঙ্গিদের ক্ষেত্রে তা নয়। এর মধ্যে আদর্শিক বিষয় রয়েছে। যাদের প্রণোদনার মূল বিষয়টি আসে ধর্মীয় বিশ্বাস থেকে। অধিকাংশ ক্ষেত্রেই ডির্যারডিকালাইজেশন কর্মসূচিতে বন্দীদের মধ্যপন্থী ওলামাদের সঙ্গে বসানো হয়, যারা তাদের কোরআন ও হাদিসের চরমপন্থী ব্যাখ্যা থেকে সরিয়ে আনার চেষ্টা করে। সৌদি আরব, ইয়েমেন ও ইন্দোনেশিয়ায় প্রায় কাছাকাছি ধরনের মডেল অনুসরণ করছে।
বিভিন্ন দেশের ডির্যানডিকালাইজেশন কর্মসূচির মডেলগুলো বিবেচনায় নিয়ে আমাদের জন্য একটি কর্মসূচি তৈরি করা কঠিন কিছু নয়। আমাদের সামনে চ্যালেঞ্জ দুটি—যারা ইতিমধ্যেই জঙ্গি ভাবাদর্শে উদ্বুদ্ধ হয়েছে, তাদের ফিরিয়ে আনা এবং নতুন কেউ যাতে জঙ্গিবাদে উদ্বুদ্ধ না হতে পারে, তা মাথায় রেখে বিভিন্ন উদ্যোগ নেওয়া। ফলে একদিকে সম্ভাব্য ঝুকির মধ্যে থাকা তরুণ জনগোষ্ঠীর দিকে মনোযোগী হয়ে নানা বিস্তৃত কর্মসূচি নিতে হবে। বিভিন্ন সময়ে বিশেষজ্ঞ পর্যায়ে এ নিয়ে কিছু পরামর্শ আমরা শুনেছি।
শিক্ষা ও শিক্ষাব্যবস্থার দিকে নজর দেওয়ার কথা এসেছে, সাংস্কৃতিক কর্মকাণ্ড বাড়ানো এবং তরুণদের কাছে দেশের কৃষ্টি ও সংস্কৃতি তুলে ধরার দিকে গুরুত্ব দেওয়ার কথা বলা হচ্ছে। অন্যদিকে জঙ্গিদের পথে আনতে কারাগারভিত্তিক ডির্যাকডিকালাইজেশন কর্মসূচির পথ ধরতে হবে। শুধু অভিযানের মাধ্যমে জঙ্গি দমনের কাজটি সারা যাবে না—এই বাস্তবতা মেনে নিয়ে যদি এখনই কাজ শুরু করা না যায়, তবে বিপদ সহজে কাটবে বলে মনে হয় না।
এ কে এম জাকারিয়া: সাংবাদিক।
[email protected]