
বাংলাদেশের প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এস কে) সিনহা ২০০১ সালে হাইকোর্টের বিচারক ছিলেন। তখন তিনি সাক্ষী হাজিরার বিষয়ে এমন একটি মাইলফলক রায় দিয়েছিলেন, যা দুঃখজনকভাবে আজ ১৫ বছর পরে এবং জঙ্গিবাদীদের ক্রমবর্ধমান হামলায় বাংলাদেশ যখন রক্তাক্ত, তখনো তা অকার্যকর। বিষয়টি এমনকি রাষ্ট্রীয় প্রশাসনের অগোচরেই রয়ে গেছে বলে প্রতীয়মান হয়।
আমরা বরং গভীর বেদনা ও রক্তক্ষরণের সঙ্গে জানছি যে, জেএমবিসহ নিষিদ্ধঘোষিত বিভিন্ন জঙ্গি সংগঠনের নেতা-কর্মীর বিরুদ্ধে দায়ের করা সরকার অনুমোদিত ১৩০টি মামলা সাক্ষীর অভাবে ঝুলে আছে। এর মধ্যে অনেক স্পর্শকাতর মামলা আছে, যাতে অভিযুক্ত হিসেবে দুর্ধর্ষ জঙ্গিরা আছে। প্রথম আলোতে ১৫ জুলাই প্রথম পৃষ্ঠাতেই খবর দেখলাম, ‘২০০৫ সালে চট্টগ্রাম আদালত ভবনে জঙ্গি হামলা, অধিকাংশ সাক্ষী পুলিশ আদালতে যান না।’ এই অবস্থাটা বদলাতে চাইলে এবং বিচারের মাধ্যমে জঙ্গি দমনের নীতিতে সরকার যদি বিশ্বাসী হয়, তাহলে তাকে সাক্ষী হাজির করতে ২০০১ সালে দেওয়া বিচারপতি এস কে সিনহার নির্দিষ্ট আদেশ অনুযায়ী স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে একটি গাইডলাইন দিতে হবে।
শেখ হাসিনার প্রথম প্রধানমন্ত্রিত্বের আমলে ওই গাইডলাইন কী প্রেক্ষাপটে দেওয়া হয়েছিল, সেই গল্পটা বলা দরকার। সরকার বদলায় কিন্তু ব্যবস্থা যে বদলায় না, তার প্রমাণ এই গল্প এবং এটা আরও নিশ্চিত করে যে, মুখে আমরা অনেক কিছু বললেও কাজে তার প্রমাণ মেলে না। ১৯৯৯ সাল। বনিবনা না হওয়ায় ডিবির পরিদর্শক জিয়াউল আহসান তাঁরই ইনফরমার জালালকে হত্যা করেন বলে অভিযোগ ওঠে। জালালের গলিত লাশ মন্ত্রিপাড়া-সংলগ্ন মিন্টো রোডে ডিবির পানির ট্যাংক থেকে উদ্ধার করা হয়। বিচার শুরু হলে তৎকালীন পিপি মো. কামরুল ইসলামের (বর্তমানে খাদ্যমন্ত্রী) বিরুদ্ধে হাজিরা বাধাগ্রস্ত করার অভিযোগ ওঠে। এই বিষয়ে ডেইলি স্টার, প্রথম আলোয় একাধিক রিপোর্ট ছাপা হলে বিচারপতি মো. আলী আসগর খান ও বিচারপতি এস কে সিনহার সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি বেঞ্চ সুয়োমোটো রুল জারি করেন এবং হাইকোর্টে ওই পিপির (১৯৯৬-২০০১) অসদাচরণ প্রমাণিত হয়। জালাল হত্যা মামলার পিপি থেকে তিনি অপসারিত হন। তবে পরে তিনি প্রথমে আইন ও বিচার প্রতিমন্ত্রী এবং সেখান থেকে বর্তমানে পূর্ণাঙ্গ মন্ত্রীর (খাদ্য) দায়িত্ব পালন করছেন।
সম্প্রতি প্রধান বিচারপতি এস কে সিনহার বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য করার কারণে তিনি দোষী সাব্যস্ত ও দণ্ডপ্রাপ্ত হন, কিন্তু আমরা তাঁকে মন্ত্রিত্বে বহাল থাকতে দেখি। কিন্তু যা দেখা হয়নি, সেটা হলো জালাল হত্যাকাণ্ডের বিচার শেষ হওয়া। বরং পরবর্তীকালে এক রিকশাচালক সাক্ষীকে ভয় দেখিয়ে দীর্ঘ নয় বছর তাঁর আদালতে আসা ঠেকিয়ে রাখা হয়েছে বলে তদন্তে প্রমাণিত হয় এবং আমরা তা জানতে পারি। (বিডিনিউজ টোয়েন্টিফোর, ১৭ জুন, ২০১১)। এর তিন বছর পরে ঢাকা ট্রিবিউন রিপোর্ট বলেছে, ১৫ বছর কেটে যাওয়ার পরও জালালের পরিবার জানে না, বিচার কবে হবে। এর মধ্যে পাঁচজন বিচারক বদলি হয়েছেন। ২০তম সাক্ষ্য গ্রহণের পর ২০০৩ সালের ৪ ফেব্রুয়ারি ওই রিকশাচালক আদালতে সাক্ষ্যদানকালে হঠাৎ ‘অসুস্থ’ এবং এরপর ‘উধাও’ হয়ে যান।
এখানে আমরা লক্ষ করব, তখন আমলটা ছিল বিএনপি-জামায়াতের। কিন্তু সেদিনের পিপিও রহস্যজনকভাবে মুলতবির দরখাস্ত হাতে রিকশাচালক ইমান আলীর ‘অসুস্থতার’ তথ্য আদালতকে অবহিত করেছিলেন। আদালত তা মেনে নিয়েছিলেন। পরের ১১ বছরে কোনো সাক্ষীকেই আর দেখা যায়নি। জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের নখরে রাষ্ট্রÿ ক্ষতবিক্ষত হতে থাকলেও এই অচলায়তনের রুগ্ণ ধারাবাহিকতা থমকে গেছে, এমন ভাবার কোনো কারণ নেই।
১৩০টি জঙ্গি ও সন্ত্রাসবিষয়ক মামলার সাক্ষী হাজিরার ব্যাপারে ঢাকার জজকোর্টের বর্তমান পিপি প্রথম আলোকে যদিও বলেন এ জন্য পুলিশ দায়ী। কিন্তু২০০১ সালের ২৮ জানুয়ারিস্টার-প্রথম আলো বনাম রাষ্ট্র মামলার ওইরায়ের মূল রায়দানকারী হিসেবে বিচারপতি এস কে সিনহা দেখিয়েছেন কী করে পিপি সাক্ষী হাজির করতে আদালতের প্রচেষ্টাকে ব্যর্থ করে দিতে পারেন। তাই এই সমস্যা রোধে আদালতকে শুধু নয়, সরকারকেও উদ্যোগী হতে হবে। ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ ২০০১ সালে জালাল হত্যা মামলায় সাক্ষী হাজির করতে প্রসিকিউশনের গাফিলতি চিহ্নিত করে স্বরাষ্ট্রসচিব ও আইজিপির কাছেও চিঠি লিখেছিলেন। কোনো প্রতিকার মেলেনি। বরং অভিযুক্ত ব্যক্তি পুরস্কৃত হয়েছেন।
বিচারপতি সিনহা তাঁর রায়ে উল্লেখ করেছিলেন, ডেইলি স্টার ও প্রথম আলো তাদের প্রতিবেদনে এই তথ্য বিশ্বাসযোগ্যভাবে উপস্থাপন করেছে যে, ‘ডিবির পানির ট্যাংক থেকে লাশ উদ্ধারের ঘটনার শুরু থেকেই পিপিকে নিরুদ্বিগ্ন দেখা যায়। জালালের স্ত্রী হালিমা খাতুন যখনই তাঁর কাছে গেছেন, তখনই তাঁকে আদালত থেকে দূরে থাকতে বলেছেন অথচ সাক্ষী হাজির না করার কারণে পিপি বারবার শুনানি মুলতবি চেয়েছেন। আবার পিপি নিজেই বলেছেন তিনি অন্য দুটি মামলা নিয়ে ব্যস্ত। আর এদিকে অভিযুক্ত ব্যক্তিরা নিহত জালালের পরিবারের সদস্যদের অর্থের বিনিময়ে মামলা আপস করার হুমকি দিচ্ছেন।’
সব ফৌজদারি মামলায় প্রধানত পুলিশই সাক্ষী থাকে। ওই জালালের মামলাতেও কমপক্ষে সাতজন পুলিশ সাক্ষী ছিলেন। ২০০৫ সালের চট্টগ্রামে জঙ্গি হামলার মামলা যে আটকে গেল, সেখানে গত দুই বছরে ১৫টি ধার্য তারিখে একজন সাক্ষীকেও হাজির করা যায়নি। ১১ বছরে ৭৭ সাক্ষীর মধ্যে মাত্র ২৮ জনের সাক্ষ্য নেওয়া হয়।
রাষ্ট্রীয় ব্যবস্থা যে কতটা পর্যুদস্ত, তার প্রমাণও চট্টগ্রামের এই মামলা। যদি ধরে নিই, জালালকে না হয় সন্দেহভাজন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লোকেরাই হত্যা করেছে, তাই এর সাক্ষী মেলে না, কিন্তু চট্টগ্রামের ঘটনাকে কী বলব? সেখানে হামলা হলো খোদ আদালতে আর নিহত ব্যক্তিদের দুজন পুলিশ আর আসামিরা যদিওবা ‘অচেনা’ জঙ্গি, তাহলে তাদের এভাবে বাঁচানোর মানে কী?
পুলিশের মধ্যে অজ্ঞতাপ্রসূত কিংবা অন্য কোনো কারণে এই ধারণা প্রচলিত রয়েছে, মামলার অভিযোগপত্র দাখিলের পরই তাদের দায়িত্ব শেষ হয়ে যায়। বিচারপতি সিনহা তাদের ১৮৯৮ সালের ফৌজদারি কার্যবিধি ১৭১ ধারার ২ উপধারার দিকে যথার্থ দৃষ্টি আকর্ষণ করেন। এতে বলা আছে, পুলিশ অফিসাররাই আদালতে সাক্ষীর হাজিরা নিশ্চিত করবেন। ১৯৮২ সালে এই ধারা যুক্ত করা হয়।
উল্লেখ্য, এখানে আইনের একটা ফাঁক আছে এবং বিচারপতি সিনহা তার একটি ব্যাখ্যা দিয়েছিলেন। ১৭১ ধারার ১ দফায় লেখা আছে, যদি কোনো অভিযোগকারী কিংবা সাক্ষী আদালতে হাজির হতে অস্বীকার করেন, তাহলে ওসি তাঁকে হাকিমের হেফাজতে পাঠাতে পারেন এবং শুনানি শেষ না হওয়া পর্যন্ত হাকিম তাঁকে অন্তরীণ রাখতে পারেন। কিন্তু ২ উপদফায় ওসি উল্লেখ না করে শুধু পুলিশ কর্মকর্তা উল্লেখ করা হয়েছে। এর অর্থ হলো, হাইকোর্টের রায়ের কথায়, ‘আইনপ্রণেতারা সুচিন্তিতভাবে ওসি শব্দটি পরিহার করে পুলিশ অফিসার লিখেছেন এবং এই অফিসার মানে সংশ্লিষ্ট মামলার তদন্তকারী কর্মকর্তা। সুতরাং, বিচারকালে সাক্ষীর হাজিরা নিশ্চিত করা একজন পুলিশ অফিসারের সংবিধিবদ্ধ দায়িত্ব।’ এই পর্যবেক্ষণের আলোকে হাইকোর্ট তদন্তকারী কর্মকর্তাদের জন্য একটি গাইডলাইন করার নির্দেশ এবং তা তামিল করতে রায়ের কপি আইজিপিকে প্রেরণেরও আদেশ দিয়েছিলেন। এই যখন উচ্চ আদালতের বাতলে দেওয়া আইন, তখন আমরা জানলাম, চট্টগ্রামের আদালত ভবনে হামলা মামলার দুই তদন্তকারী কর্মকর্তা কখনো সাক্ষ্য দেননি!
আমরা অবিলম্বে স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপে স্টার-প্রথম আলো বনাম রাষ্ট্র মামলার ওই রায়মতে একটি গাইডলাইন চাই। এর কার্যকারিতা দেখতে চাই। তবে তার আগে, ওই রায়ে যদিও বিষয়টি আলোচিত হয়নি, কিন্তু আমরা জোর দিয়ে বলব, এই মুহূর্ত থেকেই ফৌজদারি কার্যবিধির ৪৮৫ক ধারাটির কার্যকারিতা দেখতে চাই, যার আওতায় বিচারিক আদালতে সাক্ষী দিতে অনিচ্ছুক ব্যক্তির সামারি ট্রায়াল বা সংক্ষিপ্ত বিচার সম্ভব।
এটি যুক্ত করা হয়েছিল ১৯৭৮ সালে, কিন্তু বিচার বিভাগ দ্বারা এর প্রয়োগ এতটাই বিরল যে, এতে মরচে ধরে গেছে। এতে যদিও জরিমানার শাস্তি মাত্র আড়াই শ টাকা (ভারতে এটা ১০০ রুপি), এটা বাড়ানোর সুপারিশ করি কিন্তু এর দ্রুত প্রয়োগে সেটা কোনো বাধা নয়। সাক্ষীর অসংগত অসহযোগিতার কারণে কোনো আদালত ৪৮৫ক ধারায় অনধিক সাত দিন জেল দিতে পারেন। এটিরও স্বাভাবিক প্রয়োগ নেই।
অবশ্য চট্টগ্রামের আদালতই কিছুকাল আগে খুনের মামলায় সাক্ষ্য দিতে অনিচ্ছুক চিকিৎসকদের ওই ধারায় শাস্তি দিয়ে সুফল পেয়েছেন। এখন এ রকম কিছু পুলিশ অফিসারকে দণ্ড দিলে অন্তত অচলাবস্থা কাটতে শুরু করবে। সার্বিকভাবে ফৌজদারি মামলার বিচারে গতি আসবে। প্রতিটি অভিযোগপত্রে সাক্ষীদের পেশাগত ও ভোটার আইডি এবং ব্যক্তিগত মোবাইল নম্বরের উল্লেখ থাকা প্রত্যাশিত। আদালতের সমন যাবে খুদে বার্তায়।
জঙ্গিত্ব রুখতে ‘গণতন্ত্রের ঘাটতি’ পূরণ করতে বললেই সরকারের স্পর্শকাতরতার বিষয়টি আমরা অনুমান করতে পারি। কিন্তু জঙ্গি মামলার জট খুলতে ওই ধরনের দরকারি গাইডলাইন অগ্রাহ্য করলে, ফৌজদারি কার্যবিধির ১৭১(১) এবং ৪৮৫ক-এর মতো ধারার প্রয়োগ না দেখলে কিংবা তিন শীর্ষ জঙ্গিনেতার বিচারের পথ অবহেলাভরে রুদ্ধ রাখা আমরা কী বুঝব?
মিজানুর রহমান খান: সাংবাদিক৷