গুলশানে হলি আর্টিজানে হামলা, হামলার পরের পরিস্থিতি প্রমাণ করে এ ধরনের হামলা ঘটতে পারে—এটা আমাদের গোয়েন্দা বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিবেচনায় ছিল না। গুলশানে গোলাগুলির ঘটনা শুরুর খবর পেয়ে সেখানে থাকেন এমন এক বন্ধুকে ফোন করেছিলেন আমার এক আত্মীয়। শুনলেন, ইউনাইটেড হাসপাতালের কাছে এক রেস্টুরেন্টের দখল নিয়ে দুই গ্রুপের মধ্যে গোলাগুলি চলছে। পুলিশও যে তেমনই কিছু একটা ভেবেছিল, তা আমরা ধারণা করতে পারি। তা না হলে কোনো প্রস্তুতি ছাড়া রেস্টুরেন্টে ঢুকতে গিয়ে দুই পুলিশ কর্মকর্তাকে এভাবে মরতে হতো না, প্রায় জনা চল্লিশেক পুলিশ সদস্যও আহত হতেন না।
হামলাকারীরা সারা রাত রেস্টুরেন্টটি নিজেদের দখলে রেখে ও চূড়ান্ত মাত্রার বর্বরতা চালিয়ে নিজেদের আইএস প্রমাণের সর্বোচ্চ চেষ্টা করে গেছে। আইএসের পতাকা নিয়ে হামলার আগে তোলা ছবিও তারা প্রচারের ব্যবস্থা করে গিয়েছিল। আইএসের সংবাদমাধ্যম হিসেবে বিবেচিত ‘আমাক’–এ তাদের সেসব ছবি আপলোডও হয়েছে। আন্তর্জাতিক গণমাধ্যমে হামলাটি আইএসের হামলা হিসেবেই স্বীকৃতি পেয়েছে। যারা নিজেদের আইএস বলতে চায়, তাদের আমরা জেএমবি বা ভিন্ন কিছু নাম দেব—সেটাই সম্ভবত আমাদের রাজনৈতিক সিদ্ধান্ত। গুলশানের হলি আর্টিজানের ঘটনার পরও আমরা দেখছি, সরকার আগের অবস্থানেই রয়েছে।
এরপর শোলাকিয়ায় ঈদের জামাতের সময় হামলার ঘটনা ঘটল। গুলি, বোমা, চাপাতি হামলা—সবই ঘটল। প্রাণও গেল চারটি। বিস্ময়করভাবে এই হামলার কোনো দায় স্বীকারের ঘটনা ঘটেনি। এখন পুলিশের মহাপরিদর্শকের মুখে শুনলাম, গুলশান ও শোলাকিয়ার হামলা একই জঙ্গি সংগঠনের কাজ এবং কাজটি করেছে নিষিদ্ধঘোষিত সংগঠন জেএমবি। আমাদের মনে প্রশ্ন জাগে, জেএমবির একটি কাজের দায় আইএস স্বীকার করছে, অন্যটি করছে না কেন? এই বিভ্রান্তির জবাব পুলিশের মহাপরিদর্শকের কাছেও নেই।
বাংলাদেশে সাম্প্রতিক সময়ে বিভিন্ন গুপ্তহত্যা ও নিশানা করে খুনের ঘটনা শুরু হওয়ার পর, বিশেষ করে আন্তর্জাতিক সম্প্রদায় এগুলো আইএসের কাজ হিসেবে বিবেচনা করছে। সেই শুরুর সময় থেকেই সরকার জোরের সঙ্গে এসবের সঙ্গে আইএসের সম্পৃক্ততা বা বাংলাদেশে আইএস নেই বলে ধারাবাহিকভাবে দাবি করে আসছে। গুলশানে আইএস মার্কা চরম নৃশংসতার পরও সরকার যখন অবস্থান পরিবর্তন করেনি, তখন এ প্রশ্নটি খুবই যৌক্তিক যে বাংলাদেশে আইএস আছে, এটা প্রমাণ করতে পারলে কাদের লাভ? অথবা বাংলাদেশ যদি প্রমাণ করতে পারে যে এখানে আইএস নেই, তাতেই বা আমাদের কী লাভ? আইএস বা আল-কায়েদা যারাই এসব ঘটনা ঘটাক, তা তো একের পর এক ঘটেই চলেছে। দিনে দিনে এর পরিমাণ ও গুণগত মাত্রা যে ভয়ংকর হয়ে উঠছে।
বাংলাদেশের জঙ্গিরা ‘হোমগ্রোন’ না ‘আন্তর্জাতিক’—এই বিতর্কের আড়ালে জঙ্গি দমনের কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে না তো? হলি আর্টিজান বা শোলাকিয়ার হামলায় যারা সরাসরি অংশ নিয়েছে, তাদের মধ্যে কোনো বিদেশি জঙ্গি আছে—এমন প্রমাণ মেলেনি। সেদিক থেকে এই জঙ্গিরা যে হোমগ্রোন, তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু তাদের কর্মকাণ্ডে তো এটা পরিষ্কার যে তারা আন্তর্জাতিক হয়ে উঠতে চায় বা তাদের কোনো না কোনো পর্যায়ে আন্তর্জাতিক যোগাযোগ রয়েছে। যেকোনো সমস্যা মোকাবিলার প্রথম পথ হচ্ছে বাস্তবতাকে স্বীকার করা। ‘ডিনায়াল’-এর মধ্যে থাকলে, বা বাস্তবতাকে অস্বীকার করে কোনো সমস্যা মোকাবিলার উপায় বের করা কঠিন।
সরকার যেহেতু মনে করে দেশে আইএস বা আল-কায়েদা নেই, সে কারণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও তেমনটা মনে করে। ফলে আইএস কায়দায় কোনো হামলার ব্যাপারে যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সজাগ ছিল না, তার প্রমাণ হলি আর্টিজানে হামলার পরের ঘটনাবলি। আমরা দেখলাম, হলি আর্টিজানে হামলাকারীদের সঙ্গে যোগাযোগ বা আলোচনা-সমঝোতার চিন্তাভাবনা সক্রিয় ছিল আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাথায়। আইএসের হামলার ধরন বা তাদের কৌশলের বিষয়টি যে তখন বিবেচনায় নেওয়া হয়নি, সেটা স্পষ্ট। বিভিন্ন স্থানে তারা এ ধরনের যত হামলা চালিয়েছে, তাতে এটা পরিষ্কার যে তাদের সঙ্গে আলোচনার কোনো সুযোগ নেই। কারণ, তাদের কোনো দাবিদাওয়া থাকে না। তাদের লক্ষ্য—সর্বোচ্চ মাত্রার বর্বরতা ও সহিংসতার মাধ্যমে ভীতি সৃষ্টি করা এবং নিজেদের অবস্থানের জানান দেওয়া। হলি আর্টিজানের হামলা পুলিশপ্রধানের দাবি অনুযায়ী জেএমবির কাজ হয়ে থাকলেও তারা আইএসের কৌশল নিয়েছে, এবং নিজেদের আইএস হিসেবেই প্রমাণ করার চেষ্টা চালিয়েছে। আমরা যেন ভুলে না যাই যে আইএসের প্রকাশনা ‘দাবিক’ জেএমবিকে বাংলাদেশে তাদের সহযোগী হিসেবে স্বীকৃতি দিয়েছে। সোজা কথায় বাংলাদেশে আইএসের ফ্র্যাঞ্চাইজি পেয়েছে জেএমবি। এখন পুলিশপ্রধান যখন বলছেন যে এই দুই হামলার জন্য জেএমবি দায়ী, তা হলে তো চূড়ান্ত বিচারে একে আইএসের কাজ হিসেবেই ধরে নিতে হয়।
হলি আর্টিজানের ঘটনা আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য এক বড় শিক্ষা। এটা বলা যায় যে সতর্কতার কারণেই শোলাকিয়ায় আরও বড় ধরনের বিপর্যয় এড়ানো গেছে। তবে এ ধরনের জঙ্গিরা এমন নিত্যনতুন কৌশল নেয় যে অধিকাংশ ক্ষেত্রেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে তা অভাবিত হিসেবে আবির্ভূত হয়। আমাদের সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যাদের ‘হোমগ্রেন’ জঙ্গি হিসেবে বিবেচনা করছে, তারা যেহেতু ‘আন্তর্জাতিক’ মান বজায় রাখা বা নিজেদের আন্তর্জাতিক হিসেবে প্রমাণে মরিয়া হয়ে উঠেছে, তাই আমাদের জঙ্গি দমন ও মোকাবিলার কৌশল ও পদ্ধতিটিও হতে হবে আন্তর্জাতিক মানের।
বাংলাদেশে আইএস বা আল-কায়েদা নেই অথবা এখানকার জঙ্গিদের আন্তর্জাতিক যোগাযোগ নেই—এই রাজনৈতিক অবস্থান বাংলাদের জন্য কী ফায়দা নিয়ে আসবে, তা আমাদের কাছে পরিষ্কার নয়। আবার যারা এখানে আইএস আছে এটা প্রমাণ করতে চায়, তারাই বা কী ফায়দা পেতে চায়, সেটাও আমাদের অজানা। সরকারের উচিত, বাংলাদেশে আইএস বা আল-কায়েদা থাকা না–থাকার ব্যাপারে তার রাজনৈতিক অবস্থানের পেছনের কারণটি পরিষ্কার করা। জঙ্গিবাদ মোকাবিলার কাজটি কঠিন, বিশ্বের অনেক শক্তিশালী দেশকেও এই হুমকি মোকাবিলায় হিমশিম খেতে হচ্ছে। কিন্তু কোনো দেশের পরিস্থিতিই আমাদের মতো ধোঁয়াশা নয়। হোমগ্রোন জঙ্গি বা তাদের আন্তর্জাতিক যোগাযোগ নিয়ে কোনো দেশে আমাদের মতো বিতর্ক নেই। সরকারকে বুঝতে হবে, ধোঁয়াশা পরিস্থিতি টিকে থাকা মানেই জঙ্গিদের সুযোগ করে দেওয়া।
এ কে এম জাকারিয়া: সাংবাদিক।
[email protected]