জঙ্গি, সুন্দরবন ও বন্যা : কোন দায়িত্বটা বড়?
কোনটি এখন সবচেয়ে বড় জাতীয় ইস্যু? জঙ্গিবাদের হুমকি? রামপাল চুক্তির কারণে সুন্দরবনের ভবিষ্যৎ নিয়ে বিতর্ক? বন্যায় লাখো মানুষের দুর্ভোগ? কোনটি সবচেয়ে জরুরি, কোনটি নিয়ে আগে কাজে নেমে পড়া দরকার? এ নিয়ে বিতর্ক আছে। সব মানুষের অগ্রাধিকারের তালিকা সব সময় একই হবে তা নয়। কিন্তু ভারসাম্য তো থাকা চাই।
জঙ্গিবাদ প্রশ্নে তো বসে থাকার উপায় নেই। সরকার অভিযানের পর অভিযান চালাচ্ছে। অভিযানের ধরন নিয়ে বিতর্ক থাকলেও মোকাবিলার প্রশ্নে সবাই একমত। গণমাধ্যমে নিয়মিতভাবে জঙ্গিবিরোধী লেখালেখি ও সবাক আলোচনা হচ্ছে। আরও যদি কিছু করা লাগে, মানুষ তা করতে রাজি।
কিন্তু এ পরিস্থিতির মধ্যে মানুষের দৃষ্টি সরে গেল আরেক দিকে। জঙ্গিবাদের ডামাডোলের মধ্যেও সই হলো দুটি বিতর্কিত চুক্তি। ভারতের সঙ্গে রামপালে কয়লাভিত্তিক তাপবিদ্যুৎকেন্দ্র এবং রাশিয়ার সঙ্গে রূপপুরে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের চুক্তি স্বাক্ষরিত হলো এই জ্বলন্ত পরিস্থিতির মধ্যে। সংসদে আলোচনা হলো না, জনমত যাচাইয়ের ব্যবস্থা করা হলো না। এটা দেশের স্বার্থের পক্ষে, না বিপক্ষে, তা নিয়ে মানুষ নিশ্চিত হতে পারল না। তাই আস্থার অভাব দেখা গেল। যেহেতু জনগণ এ ব্যাপারে পরিষ্কার নয়, সেহেতু তারা কিছু সুনির্দিষ্ট প্রশ্ন তুলল। জঙ্গিবাদবিরোধী মানববন্ধন করে আসা তরুণ-তরুণীরা ফেসবুকে বসে সুন্দরবন বাঁচাতে পোস্ট দিতে থাকলেন। অনলাইনে সার্চ করে এ বিষয়ে খোঁজখবর করার বান ডাকল।
এই হাওয়া গণমাধ্যমেও লাগল। সেখানেও লেখালেখি ও সবাক আলোচনা চলছে। যাঁরা ফেসবুকে নজর রাখেন, তাঁরা নিশ্চয়ই জানবেন, বিপুলসংখ্যক তরুণ এই প্রকল্পের ভালো-মন্দ নিয়ে জানতে চাইছেন। প্রকল্পের পক্ষে-বিপক্ষে যুক্তি ও তথ্যভিত্তিক তর্ক হচ্ছে। খোঁজখবর হচ্ছে। ফলত, পড়াশোনা করতে হচ্ছে। এ প্রকল্পের অর্থনৈতিক ও পরিবেশগত প্রভাবের আগাপাছতলা খতিয়ে দেখা হচ্ছে। দেশের ইকোলজি আর ইকোনমি হয়ে পড়ল আগ্রহের বিষয়। জাতীয় প্রশ্নে মানুষ সজাগ হলে কিসের ক্ষতি, তা তাই বোধগম্য নয়। আমরা কি নির্বোধের দল চাই, নাকি চাই কোটি কোটি সজ্ঞান সুনাগরিক?
কিন্তু যাঁরা মোটামুটি সরকার ও রামপাল প্রকল্পের সমর্থক, তাঁদের অভিযোগ : জঙ্গিবাদ মোকাবিলার এই সময়ে অন্য বিষয় নিয়ে কথা বলা উচিত নয়। হোক তা সুন্দরবনের ভবিষ্যৎ। তার চেয়ে বড় কথা, জঙ্গিবাদী ডামাডোলের মধ্যে এ রকম গুরুত্বপূর্ণ চুক্তি না করলে কি চলত না? জঙ্গিবাদের বিরুদ্ধে কে নয়? রাষ্ট্র রয়েছে, দেশি-বিদেশি ‘বন্ধু’রা রয়েছে, শিক্ষক-অভিভাবক-ইমাম-পুরোহিত, গণমাধ্যম, কেউই কিন্তু পিছিয়ে নেই। কিন্তু এর জন্য কি জীবন থামিয়ে রাখতে হবে?
জঙ্গিরা তো সেটাই চায়। তারা চায় মানুষ ভয়ে অবশ হয়ে যাক। মানুষ দৈনন্দিন জীবন চালাতে ব্যর্থ হোক। সরকার অকার্যকর হয়ে পড়ুক। সমাজে কথাবার্তা বন্ধ হয়ে যাক। ভয়ের সংস্কৃতি তখনই জয়ী হয়, যখন মানুষ চিন্তা করার ক্ষমতা হারিয়ে ফেলে। আর তখনই তারা একে অন্যকে ভয় পেতে থাকে এবং সন্দেহ ও গুজবে মন ভাসিয়ে দেয়। জঙ্গিবাদীরা ভালো করেই জানে, তাদের নৃশংস কর্মকাণ্ড দিয়ে মানুষের মন গলানো যাবে না। মানুষ তাদের পক্ষে আসবে না। তাদের কয়েকটি বন্দুক আর বোমায় সরকারের পতনও হবে না, রাষ্ট্রও ভেঙে পড়বে না। যারা তাদের চালায়, তারা এটা ভালো করেই জানে। কিন্তু তারা অন্তত শান্তি ও স্বাভাবিকতা নষ্ট করতে পারে। জঙ্গিবাদ চায়, সরকার ও জনগণ শুধু তাদের প্রতিক্রিয়া করে যাক। নিজস্ব ক্রিয়া ও কাজ থেকে তারা আমাদের বিরত রাখতে চায়। কিন্তু দেশের শ্রমিক-কৃষক কি বসে আছেন? তাতে কি তাঁদের ভাত জুটবে? গাড়ি-ঘোড়া কি চলছে না? অর্থনীতি ও শিক্ষার চাকা কি বন্ধ? তা যদি না হয়, তাহলে মানুষের মন ও মনোযোগ একবিন্দুতে আটকে থাকতে পারে না। একচক্ষু হরিণের মতো, তখন আমরা একটা দিকেই ছুটব এবং পথ হারাব।
জঙ্গিবাদের মোকাবিলার ফ্রন্ট বা ময়দান একটা নয়। সামাজিক ফ্রন্টে তাদের পরাজিত করতে হবে সংখ্যার জোরে। চিন্তার ফ্রন্টে তাদের মোকাবিলা করতে হবে যুক্তি ও নৈতিকতার শক্তিতে। কিন্তু দৈনন্দিন জীবনের ফ্রন্টে হেরে যাব, যদি প্রতিদিনকার জীবন আমরা চালিয়ে যেতে না পারি। তাদের যেমন দমন করতে হবে, তেমনি প্রতিদিনকার জীবন চালাতে হবে স্বাভাবিকতার খাতে।
জঙ্গিবাদের ভয় মাথায় নিয়েই তাই আমাদের সুন্দরবন নিয়েও চিন্তা করতে হবে। এর অর্থ এই নয় যে জঙ্গিবাদ প্রশ্নকে এড়িয়ে যাওয়া যাচ্ছে; বরং এটাও একধরনের জঙ্গিবাদ মোকাবিলা। দেশের অধিকাংশ তরুণ আজ শিক্ষিত। বৃথা কাজে সময় নষ্ট না করে তাঁরা যদি জাতীয় স্বার্থ নিয়ে পড়াশোনা করেন এবং জ্ঞানের ভিত্তিতে সিদ্ধান্ত নিতে চান, তাতে তো সবারই খুশি হওয়া উচিত। যাঁরা বলেন, জঙ্গিবাদ মোকাবিলায় সংস্কৃতিই সহায়। তাঁদের সন্তোষের জন্য বলা যায়, সুন্দরবনের প্রতি ভালোবাসা দেশের প্রতিই ভালোবাসা। আর দেশপ্রেম মানে জনগণের প্রতি দায়। যার দেশ ও মানুষের প্রতি দায় আছে, সে কখনো জঙ্গিবাদকে মনেও নেবে না, মেনেও নেবে না। আর এই ভালোবাসা থেকে যে চিন্তা জাগছে, সৃষ্টি হচ্ছে যে গান, কবিতা, নাটক ও ভিডিও চিত্র, তা কি জীবনবাদী সংস্কৃতিচর্চা নয়? এই প্রচার আন্দোলনে অংশ নিচ্ছে ভারতসহ বিশ্বের বিভিন্ন জায়গার উদ্বেগাকুল মানুষ। তা কি মহাপ্রাণ সুন্দরবনের প্রতি বিশ্বের মমতা নয়?
একচোখা দৃষ্টি নিয়ে পথ চললে গর্তে পড়তে হতে পারে। জগতে দিক রয়েছে ১০টা। একসঙ্গে সব কটি না পারি, অন্তত চারদিকে তাকানোটা তো দরকার। তা যদি তাকাই, তাহলে মানতে হবে, যখন আমরা জঙ্গিবাদ মোকাবিলা করব, তখন সুন্দরবন নিয়েও ভাবব আর ছুটে যাব লাখো বন্যার্ত মানুষের পাশে। শান্তি, প্রকৃতি আর মানুষ; একটা ছাড়া কি আরেকটা বাঁচতে পারে? তাই যার যা প্রাপ্য, তাকে তা দাও : জঙ্গিকে মোকাবিলা করো, সুন্দরবন রক্ষা করো আর বানভাসি মানুষের পাশে দাঁড়াও।