জঙ্গি হয়ে ওঠার পর্যায় ও পটভূমি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>একজন মানুষের জঙ্গি হয়ে ওঠার কারণ ও প্রক্রিয়া নিয়ে বিশ্বব্যাপী নানা গবেষণা হয়েছে ও হচ্ছে। এর রাজনৈতিক ও সামাজিক দিক যেমন রয়েছে, তেমনি ব্যক্তির মনোজাগতিক অবস্থাও বিবেচ্য। তরুণদের জঙ্গিবাদে আকৃষ্ট হওয়ার এই বৈশ্বিক সমস্যা বাংলাদেশেও গুরুতর আকার ধারণ করেছে। বিশ্ব প্রেক্ষাপট ও বাংলাদেশের তরুণদের জঙ্গিবাদে আকৃষ্ট হওয়া বা র‍্যাডিক্যালাইজেশনের প্রক্রিয়া নিয়ে চার পর্বের বিশ্লেষণী প্রবন্ধ লিখেছেন অধ্যাপক আলী রীয়াজ। আজ ছাপা হলো শেষ পর্ব।
.
.

একজন মানুষ কীভাবে জঙ্গি হয়ে ওঠে? কী প্রক্রিয়া তাকে জঙ্গিতে পরিণত করে? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে গত কয়েক দশকে, বিশেষত গত দেড় দশকে, বিস্তর গবেষণা হয়েছে; অনেকগুলো মডেল প্রস্তাবিত ও আলোচিত হয়েছে। এসব মডেলের মধ্যে সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে চারটি—ড্যানিশ গোয়েন্দা সংস্থার প্রস্তাবিত মডেল (পিইটি মডেল), নিউইয়র্ক পুলিশ বিভাগের জন্য মিচেল ডি সিলবার ও অরবিন্দ ভাটের তৈরি করা মডেল (এনওয়াইপিডি মডেল), মার্ক সেইজম্যানের মডেল (‘একগুচ্ছ লোক’ মডেল) ও মনোবিজ্ঞানী ফাতালি মোঘাদ্দামের প্রস্তাবিত মডেল (স্টেয়ারকেস মডেল)। এর বাইরেও অনেক মডেল আছে, যা অনেকের দৃষ্টি আকর্ষণ করেছে এবং অবস্থা বোঝার ক্ষেত্রে সাহায্য করেছে। আবার এসব মডেল বিষয়ে সমালোচনাও রয়েছে। এসব মডেলের আলোচনায় যেটা বারবার মনে করিয়ে দেওয়া হয়েছে তা হলো, কোনো ব্যক্তির জঙ্গি হয়ে ওঠা মানে হচ্ছে র‍্যাডিক্যালাইজেশন প্রক্রিয়ার চূড়ান্ত পর্যায়ে উপনীত হওয়া, কিন্তু এই প্রক্রিয়ার সূচনায় থাকার অর্থ এই নয় যে, ওই ব্যক্তি চূড়ান্ত পর্যায়ে পৌঁছাবেই; বরং উল্টোটাই ঘটে—প্রতিটি স্তর থেকেই কিছু মানুষ ঝরে যায়।

পিইটি মডেলে র‍্যাডিক্যালাইজেশনকে চার স্তরে ভাগ করা হয়েছে। এর প্রথম স্তরে রয়েছে র‍্যাডিক্যাল চিন্তা গ্রহণে উৎসাহী একজনের সঙ্গে এমন কোনো ব্যক্তির যোগাযোগ ঘটে, যে র‍্যাডিক্যাল পথে নিয়ে যাওয়ার জন্য লোক সংগ্রহ করছে; দ্বিতীয় স্তরে উৎসাহী ব্যক্তির আচরণে ধীরে ধীরে পরিবর্তন ঘটে, যার মধ্যে আছে তার ধর্মীয় আচরণে বদল এবং যোগাযোগের নতুন অভ্যাস (যেমন ইন্টারনেট ব্যবহারের) তৈরি হওয়া। তৃতীয় পর্যায়ে তার সামাজিক জীবন ক্রমশ সীমিত হয়ে আসে, যেখানে সে কেবল সমমনাদের সঙ্গে ঘনিষ্ঠ থাকে এবং বিপরীতক্রমে তার পরিবার ও পুরোনো বন্ধুদের সঙ্গে যোগাযোগ ক্ষীণ বা বিচ্ছিন্ন হয়ে পড়ে। চতুর্থ স্তরে ওই ব্যক্তি নৈতিকতার প্রশ্নে একধরনের কঠোর অবস্থান গ্রহণ করে। এই চার স্তরের মডেলের ক্ষেত্রে স্তরগুলো একের পর এক ঘটে।

এনওয়াইপিডি মডেলের প্রথম ধাপ হচ্ছে যেকোনো সাধারণ অবস্থা, যাকে বলা হয়েছে র‍্যাডিক্যালাইজেশন-পূর্ব অবস্থা। এই স্তরে ব্যক্তিটি হচ্ছে একেবারেই সাধারণ মানুষ, সাধারণ চাকরিতে নিয়োজিত এবং অধিকাংশ ক্ষেত্রেই অতীতে অপরাধী কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকার কোনো ইতিহাস নেই। দ্বিতীয় স্তর, যাকে বলা হচ্ছে সচিহ্নিতকরণ স্তর, যে স্তরে ব্যক্তি ইসলামের সালাফি ধারা বিষয়ে অনুসন্ধানী হয়ে ওঠে, তার পুরোনো পরিচয় থেকে ধীরে ধীরে সরে যেতে থাকে এবং তার সমমনাদের সঙ্গে যুক্ত হয়। এই পর্যায়ে অনুঘটক হিসেবে কাজ করে কোনো সংকট কিংবা মানসিকভাবে নতুন ধারণা গ্রহণের প্রস্তুতি এবং ট্রিগার বা সূচনাকারী বিষয় হতে পারে সামাজিক (যেমন বঞ্চনা, বৈষম্য), রাজনৈতিক বা একেবারেই ব্যক্তিগত কোনো দিক। তৃতীয় স্তর হচ্ছে মতদীক্ষা স্তর (ইনডকট্রিনেশন)। এই স্তরে ব্যক্তি ক্রমাগতভাবে তার ধর্মবিশ্বাসকে শক্তিশালী করে, সালাফি মতাদর্শ গ্রহণ করে এবং এই উপসংহারে পৌঁছায় যে জঙ্গি কার্যক্রম ‘আবশ্যক’। চতুর্থ স্তরকে বলা হয়েছে, জিহাদীকরণ। এই স্তরে গ্রুপের সদস্যরা ‘জিহাদে অংশগ্রহণের জন্য তাদের নিজ নিজ ব্যক্তিগত দায়িত্ব গ্রহণ’ করে এবং গ্রুপ প্রায়োগিক পরিকল্পনা বা অপারেশনের ছক আঁকা শুরু করে। এই মডেল বিষয়ে যেসব সমালোচনা আছে, তার মধ্যে অন্যতম হচ্ছে, এখানে ধরেই নেওয়া হচ্ছে যে প্রক্রিয়াটি একমুখী এবং কনভেয়ার বেল্টের মতো।

পিইটি ও এনওয়াইপিডি মডেল দুইয়েরই প্রধান লক্ষ্য ছিল নিজ নিজ দেশে, অর্থাৎ ডেনমার্ক ও যুক্তরাষ্ট্রে মুসলিম তরুণদের র‍্যডিক্যালাইজেশনের পথরেখা কী তা বের করা। অন্যদিকে মার্ক সেইজম্যানের গবেষণার বিষয় বিভিন্ন দেশে আন্তর্জাতিক সন্ত্রাসবাদী গোষ্ঠী, বিশেষ করে আল-কায়েদার সাংগঠনিক বিস্তার। তাঁর গবেষণার নমুনা আন্তর্জাতিক সন্ত্রাসীরা। তিনিও মনে করেন যে র‍্যাডিক্যালাইজেশন ঘটে চার স্তরে। প্রথম স্তরে হচ্ছে নৈতিক ক্ষোভ তৈরি হওয়া, যার উৎস হতে পারে মুসলিমদের ওপরে অত্যাচার ও নিপীড়ন। দ্বিতীয় স্তরে ঘটে বিশ্বের অবস্থার এক বিশেষ ধরনের ব্যাখ্যাকে গ্রহণ, যেমন নৈতিকতার লঙ্ঘনকে মনে করা হয় ‘ইসলামের বিরুদ্ধে যুদ্ধ’ বলে। তৃতীয় স্তরে নিজের জীবনের অভিজ্ঞতার সঙ্গে সংগতিপূর্ণ র‍্যাডিক্যাল চিন্তা নিয়ে সমমনাদের সঙ্গে যোগাযোগ প্রতিষ্ঠিত হয়। এসব আদর্শিক গোষ্ঠী ব্যক্তি বা অন্য গোষ্ঠীকে তাদের বিশ্বাস, আদর্শ ও কর্মকাণ্ডের ব্যাপারে যুক্তি প্রদান করার মধ্য দিয়ে আত্মবিশ্বাসী করে তোলে। শেষ পর্যায়ে এসে গোষ্ঠীগত নেটওয়ার্কের মাধ্যমে তাদের সচল করে তোলা হয়; এই শেষ পর্যায়ে বিভিন্ন রকম ইন্টারএক্টিভ মিডিয়ার মাধ্যমে (যেমন ইন্টারনেট ফোরাম ও চ্যাট রুম) তাদের সেই ক্ষোভকে সুনির্দিষ্ট আক্রমণে পরিণত করা হয়।

ফাতালি মোঘাদ্দামের প্রস্তাবিত স্টেয়ারকেস মডেলে প্রক্রিয়াটি হচ্ছে সিঁড়ি বেয়ে একটি পাঁচতলা বাড়িতে ওঠার মতো। এর প্রতিটি তলার কিছু সুনির্দিষ্ট বৈশিষ্ট্য আছে। (তাঁর মডেলটি দেখতে নিচের ছবির মতন।)

মোঘাদ্দামের এই মডেলের সঙ্গে ডাচ গবেষক বি ডুজে এবং ডি উলফ প্রতিটি স্তরে কী ধরনের লক্ষণ দেখা যাবে, সেটার দিকে দৃষ্টি দিয়েছেন। এ আলোচনার আলোকে আমরা এই বৈশিষ্ট্য ও লক্ষণগুলো চিহ্নিত করতে পারি। এই মডেলে নিচতলার সামাজিক-মনস্তাত্ত্বিক বৈশিষ্ট্যগুলো হচ্ছে বঞ্চনা, বৈষম্য, অবিচার এবং ব্যক্তিগত অগ্রসরতার অভাবের বিষয়ে হতাশা। এসব বিষয়ে সুনির্দিষ্ট একধরনের ব্যাখ্যার প্রতি পক্ষপাত, অনিশ্চয়তা, আত্মপরিচয়ের ওপর আক্রমণের অনুমান, ঘনিষ্ঠদের সঙ্গে মতবিনিময়; এ অবস্থার দৃশ্যমান লক্ষণ হচ্ছে, এর ব্যাখ্যাসূচক আদর্শের বিষয়ে উৎসাহ, ইতিবাচক আত্মপরিচয়ের অনুসন্ধান এবং অন্যদের দ্বারা প্রভাবিত হওয়ার প্রবণতা। প্রথম তলার বৈশিষ্ট্যগুলো হচ্ছে, এই অবস্থার অবসানের ব্যাপারে একাধারে আশাবাদ ও সাফল্যের অভাবে হতাশা, বিরাজমান পদ্ধতি ও ব্যবস্থার বৈধতা বিষয়ে সংশয়; এই অবস্থার দৃশ্যমান লক্ষণ হচ্ছে, চারপাশের পরিচিত গোষ্ঠীগুলোর ওপরে সমস্যা সমাধানের ব্যাপারে এবং এই ব্যবস্থায় ন্যায়বিচার পাওয়ার ব্যাপারে আস্থার অবসান।

দ্বিতীয় তলার বৈশিষ্ট্য হচ্ছে, যেসব কারণে তার ক্ষোভ সৃষ্টি হয়েছে, তার সমাধানের বিষয়ে নিজের অপারগতার কারণে ওই ক্ষোভকে অন্যান্য বিষয়ে প্রয়োগ করা, ভাষা ও প্রকাশভঙ্গিতে আগ্রাসী ভাবের আধিক্য (যাকে মনোবিজ্ঞানের ভাষায় বলা হয় ‘ডিসপ্লেসমেন্ট অব এগ্রেশন’); এর দৃশ্যমান লক্ষণ হচ্ছে র‍্যাডিক্যাল আদর্শের অনুসন্ধান। তৃতীয় তলার বৈশিষ্ট্যগুলো হচ্ছে, নিজের এত দিনের পরিচিত গোষ্ঠী, এমনকি পরিবারের ভেতরেও নিজের অবস্থান প্রশ্নে অনিশ্চয়তা, গোষ্ঠীতে নিজের বক্তব্যের যৌক্তিকতা প্রদানের চেষ্টা, রোলমডেল চিহ্নিতকরণ এবং তা থেকে শেখার চেষ্টা; এর দৃশ্যমান লক্ষণগুলো হচ্ছে, এত দিনের পরিচিত পরিবেশ ও গোষ্ঠী থেকে নিজেকে বিচ্ছিন্ন করা, নতুন যে গোষ্ঠীতে যুক্ত হয়েছে বা হতে আগ্রহী, সেই গোষ্ঠীর সদস্যদের পোশাক-আশাক পরিধান, ক্ষেত্রবিশেষে নাম পরিবর্তন। এই পর্যায়েই ব্যক্তির জীবনে প্রত্যক্ষভাবে সন্ত্রাসী সংগঠনের ভূমিকা যুক্ত হয়, প্রশিক্ষণ এবং নৈতিক সংযুক্তির বিষয়টি সংঘটিত হয় এখানেই। একটি ‘আদর্শ সমাজ’ গঠনের লক্ষ্য অর্জনের জন্য যেকোনো পথ অবলম্বনই যে যৌক্তিক, সে বিষয়ে ব্যক্তিকে বোঝানো হয়। সাধারণত পরিবার, পরিচিত পরিবেশ, বন্ধুদের কাছ থেকে বিচ্ছিন্ন করা, নতুন গোষ্ঠীর সঙ্গে যুক্ত করা, গোপনীয়তা অবলম্বনের শিক্ষা দেওয়া এবং ভীতি প্রদর্শনের ঘটনা ঘটে এই পর্যায়ে।

চতুর্থ তলায় উপস্থিত হওয়ার অর্থ হচ্ছে, ব্যক্তি সন্ত্রাসী সংগঠনের সঙ্গে যুক্ত হয়ে পড়েছে। এই পর্যায়ের বৈশিষ্ট্য হচ্ছে, ব্যক্তি ও সামাজিক পরিচয়ের মধ্যে মিশ্রণ এবং গোষ্ঠীতে কার্যকর ভূমিকার কারণে নিজের ভাবমূর্তিতে পরিবর্তন; দৃশ্যমান লক্ষণ হচ্ছে, ব্যক্তি এখন আর পরিচিত পরিসরে দৃশ্যমান থাকে না, ‘অবিশ্বাসী’দের প্রতি ঘৃণা প্রকাশ করে। এই স্তরে সংগঠনের সদস্যদের মধ্যে সামাজিক সম্পর্ক গড়ে ওঠে, গোপন জীবনে অভ্যস্ত হয় তারা, সাধারণত সদস্যরা একে অন্যের সঙ্গে একমত হতে চাপের মধ্যে থাকে এবং নেতৃত্বের প্রতি বাধ্যতা তৈরি হয়। পঞ্চম স্তর হচ্ছে, যেখানে ব্যক্তি সক্রিয়ভাবে সহিংসতায় অংশ নেয়। এই স্তরের বৈশিষ্ট্য হচ্ছে, অপরাধ সংগঠন, বিশেষত নির্মমভাবে হত্যার বিরুদ্ধে যেসব মানবিক-মানসিক বাধা আছে, সেগুলো দূর করা, নিজের গোষ্ঠীর সঙ্গে অন্য গোষ্ঠীর পার্থক্যকে বড় করে দেখানো, আক্রমণের লক্ষ্যবস্তুকে ‘শত্রু’ বলে চিহ্নিত করা, ‘শত্রুকে’ অমানবিক বস্তুতে পরিণত করা। সদস্যদের চিন্তা ও কথায় একই সঙ্গে পৃথিবীর অনিবার্য চূড়ান্ত ধ্বংস এবং ভবিষ্যতে একটি ন্যায়সংগত সমাজ প্রতিষ্ঠার বিষয়কে গুরুত্ব দেওয়া।

সহিংস র‍্যাডিক্যালাইজেশনের, বিশেষত ইসলামপন্থী সহিংস র‍্যাডিক্যালাইজেশনের প্রক্রিয়া এবং এর কারণবিষয়ক আগের আলোচনা থেকে একটি বিষয় স্পষ্ট তা হলো, এ প্রপঞ্চটি পটভূমিকেন্দ্রিক। নিজ নিজ সমাজ ও দেশের রাজনৈতিক ও সামাজিক অবস্থার মধ্যেই এর উৎস খুঁজতে হবে। যদিও ব্যক্তিভেদে সহিংসতার প্রণোদনা হয় ভিন্ন এবং বৈশ্বিক পরিস্থিতি তাতে ভূমিকা রাখে; তা সত্ত্বেও এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কতিপয় পূর্বশর্তের উপস্থিতি ছাড়া, অনুকূল পরিবেশ ছাড়া সমাজের কোনো অংশের র‍্যাডিক্যালাইজেশন ঘটে না। কোন কারণগুলো র‍্যাডিক্যালাইজেশনকে সহিংসতার দিকে নিয়ে যাবে তার কোনো ক্রমতালিকা নেই, কিন্তু বিরাজমান রাজনৈতিক পরিস্থিতি বাদ দিয়ে এই প্রক্রিয়া বোঝা অসম্ভব। ভাবাদর্শ বা আইডিওলজি যে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেটা অনস্বীকার্য; তেমনি গুরুত্বপূর্ণ হচ্ছে মতদীক্ষা বা ইনডকট্রিনেশন। নতুন প্রযুক্তি সেই পথকে সহজ করে দিয়েছে। জঙ্গি হয়ে ওঠার ক্ষেত্রে নেটওয়ার্ক, পরিচয় ও গ্রুপের ভূমিকা অপরিসীম। একসময় র‍্যাডিক্যালাইজেশন প্রক্রিয়া বুঝতে মনে করা হতো যে সংগঠন ব্যক্তিকে খুঁজে বের করে। এখন দেখা যাচ্ছে যে ব্যক্তি বা ব্যক্তিরা স্বতঃপ্রণোদিত হয়েই সংগঠন খুঁজে বের করে যোগ দিচ্ছে। (শেষ)

আলী রীয়াজ: যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট ইউনিভার্সিটির রাজনীতি ও সরকার বিভাগের অধ্যাপক।