জঙ্গিদের মনস্তত্ত্ব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্তমানে আইএস ও তার অনুসারী উগ্র জঙ্গিরা যে ধরনের নৃশংস, বর্বর হত্যাকাণ্ড ঘটাচ্ছে, তার কারণে ধর্ম হিসেবে ইসলামের বদনাম হচ্ছে, মুসলমানরা বিব্রত হচ্ছেন। কিন্তু প্রশ্ন হলো, মুসলিম তরুণেরা কোন মোহজালে পড়ে এ রকম বিপথগামী, ভ্রষ্ট, নষ্ট পথে এগিয়ে যাচ্ছেন? এটা কি নিছক দারিদ্র্য, অশিক্ষা, মা-বাবা ও শিক্ষাপ্রতিষ্ঠানের সঠিক তত্ত্বাবধানের অভাবে? কোনো কোনো ক্ষেত্রে এগুলো দায়ী হতে পারে, তবে এর প্রতি আকর্ষণের মনস্তাত্ত্বিক কারণ প্রায় সব সন্ত্রাসী বা জঙ্গির জন্য সমভাবে প্রযোজ্য।
জঙ্গিবাদকে বোঝার জন্য মনস্তত্ত্ববিদ টেলরের মন্তব্য প্রণিধানযোগ্য, ‘সন্ত্রাসবাদ নিয়ন্ত্রণ নীতিমালার একটি বড় সমস্যা হচ্ছে, মাঠে যাঁরা এ কাজ করছেন, তাঁদের দৃষ্টিভঙ্গি থেকে এটি বোঝার চেষ্টা না করে আমরা নিজেদের দৃষ্টিভঙ্গির আলোকে এটি ব্যাখ্যা করার চেষ্টা করি।’
পেনসিলভানিয়ার স্টেট ইউনিভার্সিটির ‘আন্তর্জাতিক সন্ত্রাসবাদ গবেষণাকেন্দ্রের’ পরিচালক জন হারগান ৬০ জন দুর্ধর্ষ জঙ্গির ওপর মনস্তাত্ত্বিক গবেষণা জরিপ করেন। তাঁর মতে, ‘এটি একটি মনস্তাত্ত্বিক যুদ্ধ’। জঙ্গিরা শুধু আমাদের ভয় দেখাতে বা অতিরিক্ত প্রতিক্রিয়া দেখাতে এসব করছে না, তারা আমাদের সচেতন মনে সব সময় জাগরূক থাকার চেষ্টা করছে, যাতে আমরা বিশ্বাস করি যে এমন কিছু নেই, যা তারা করতে পারে না।’
জঙ্গিবাদের মনস্তত্ত্ব বুঝতে হলে দুটি বিষয়ে নজর দিতে হবে। প্রথমত, কৈশোর-তারুণ্যের স্বাভাবিক কিছু বৈশিষ্ট্য—এটি অ্যাডভেঞ্চার, রোমান্টিসিজমের সময়; এটি যেকোনো আদর্শে সহজে উদ্বুদ্ধ হওয়ার সময়; এটি আত্মপরিচয় গঠন ও জীবনের লক্ষ্য নির্ধারণের সময়; এটি কোনো গোষ্ঠীর সঙ্গে নিজেকে দৃঢ়ভাবে সংযুক্ত করার সময়; এটি নতুন চিন্তা, নতুন মতবাদ, নতুন ধারাকে অনুসরণ করার সময়।
দ্বিতীয়ত, বিশ্ব পরিসরে কিছু ঘটনা মুসলমান তরুণদের বিক্ষুব্ধ করে তুলেছে। উদাহরণ হিসেবে বলা যায়, ছয়-সাত দশক ধরে ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের বর্বর আগ্রাসন, হত্যা, নির্যাতন। পশ্চিমা রাষ্ট্রগুলো মানবাধিকারের কথা বললেও ইসরায়েলের এই জবরদস্তি সম্পর্কে নীরব। বরং বেশ কিছু দেশ ইসরায়েলকে অস্ত্রের জোগান দিচ্ছে, যা ফিলিস্তিনিদের বিরুদ্ধে ব্যবহৃত হচ্ছে। পরবর্তীকালে আফগানিস্তান, ইরাক, সিরিয়া, লিবিয়াসহ বিভিন্ন মুসলিম দেশকে ওই সব দেশ দখল করে নিলে মুসলিম তরুণদের মধ্যে একধরনের জিঘাংসা ও প্রতিশোধের স্পৃহা লক্ষ করা যায়।
কৈশোর-তারুণ্যের উপরিউক্ত বৈশিষ্ট্যের কারণে ও বিশ্বব্যাপী মুসলমানদের ওপর অবিচার, অত্যাচারের কারণে কিছু স্বার্থান্বেষী গোষ্ঠী সহজেই মুসলিম তরুণদের মধ্যে ‘জিহাদের বটিকা’ সেবন করিয়ে দিতে পারছে।
সন্ত্রাসবাদ বিশেষজ্ঞ জন হারগান সন্ত্রাসবাদীদের কিছু সাধারণ বৈশিষ্ট্যের কথা উল্লেখ করেন: ১. তারা বিচ্ছিন্নতায় ভোগে, ক্রোধান্বিত থাকে ও নিজেদের অধিকারবঞ্চিত মনে করে। ২. তারা বিশ্বাস করে যে বর্তমানে প্রতিষ্ঠিত রাজনৈতিক ব্যবস্থায় তাদের পক্ষে ‘প্রকৃত’ পরিবর্তন আনা সম্ভব নয়। ৩. যাদের জন্য তারা যুদ্ধ করছে, সেই জনগোষ্ঠীর কোনো সদস্য বা অংশবিশেষের ওপর সাম্প্রদায়িক নির্যাতন হলে তারা সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে গভীর একাত্মতা অনুভব করে এবং ওই সব সমস্যা নিয়ে কথা বলার চেয়ে সরাসরি ‘অ্যাকশন’ গ্রহণকে উত্তম ভাবে। ৪. তারা বিশ্বাস করে যে এ রকম অ্যাকশন করতে গিয়ে ‘সহিংস’ হওয়া অনৈতিক কাজ নয়। ৫. তারা বিশ্বাস করে যে এ ধরনের আন্দোলনে যোগদান করলে সামাজিক, মানসিক ও ধর্মীয়ভাবে পুরস্কৃত হবে (পরকালে বেহেশত নিশ্চিত)।
অনেক পশ্চিমা বিশেষজ্ঞ মনে করেন, বিশ্বায়নের ফলে অসদৃশ্য, অসম সংস্কৃতিগুলো পরস্পরের সংস্পর্শে চলে আসছে। ফলে ক্ষুদ্র জনগোষ্ঠীর (যেমন পাশ্চাত্যের অভিবাসী মুসলমান) কিছু লোক মনে করেন, তাঁদের নিজস্ব সংস্কৃতি, ধর্ম ‘নিশ্চিহ্ন’ বা ‘অবলুপ্ত’ হতে যাচ্ছে। আবার সংখ্যাগুরু অংশ (পাশ্চাত্যের শ্বেতাঙ্গরা) মনে করেন, তাঁদের সংস্কৃতি ওই অভিবাসীদের সংস্কৃতির কারণে ‘হুমকি’র মুখে (ব্রিটেনসহ ইউরোপ ও আমেরিকায় মুসলিমবিদ্বেষী বহু সংগঠন রয়েছে)। এই পরিস্থিতি জঙ্গিবাদকে উসকে দিচ্ছে।
আর এ ক্ষেত্রে তারা বর্বর ও বীভৎস পন্থাই বেছে নেয়। একবার কেউ জঙ্গিবাদে দীক্ষিত হয়ে গেলে এর পরবর্তী প্রক্রিয়াগুলো সহজেই ঘটে যায়। সেসব দেখে তারা রণকৌশল হিসেবে। আত্মপরিচয়ের সন্ধান, জীবনের লক্ষ্য, উদ্দেশ্য নির্ধারণের শঙ্কা এমন গভীরভাবে তাদের বিষাক্রান্ত করতে পারে যে তারা অবচেতন মনে অন্যের প্রতি সমব্যথী (এমপ্যাথি) হওয়ার গুণটি থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। তারা তখন প্রতিপক্ষের লোকদের মানবীয় গুণাবলিবঞ্চিত অমানুষ মনে করে (অথচ প্রকৃত অমানুষের কাজ করছে তারা) ডি-হিউম্যানেইজেশন। তারা প্রতিপক্ষের কোনো একজন বা কোনো এক গোষ্ঠীর অপরাধের জন্য ওই সম্প্রদায়ের প্রত্যেককে এর জন্য দায়ী মনে করে। প্রতিপক্ষের লোকদের ক্ষতি, কষ্ট ও যন্ত্রণাকে আমলেই নেয় না।
কোনো ভাবাদর্শে দীক্ষিত হয়ে পড়লে তারা জীবন ও পৃথিবীকে সরাসরি প্রত্যাখ্যান না করে একে দেখে বিমূর্ত, বুদ্ধিবৃত্তিক দৃষ্টিকোণ থেকে। তারা পৃথিবীকে দেখে ধারণা (কনসেপ্ট) ও শ্রেণি হিসেবে (ক্যাটাগরি)। অর্থাৎ ‘বিশ্বাসী’ বনাম ‘অবিশ্বাসী’ এবং ‘প্রকৃত মুসলমান’ বনাম ‘অমুসলমান বা মেকি মুসলমান’ হিসেবে। এভাবে তাদের মধ্যে গোঁড়া ও কট্টর দৃষ্টিভঙ্গি তৈরি হয়। এই কট্টর দৃষ্টিভঙ্গি তাদের এমনভাবে আচ্ছন্ন করে ফেলে যে তারা চারপাশের ঘটনাপ্রবাহ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে।
জঙ্গিদের মনস্তত্ত্ব বিবেচনায় নিয়ে তাদের সংশোধনের জন্য কিছু স্বীকৃত পথ ও পন্থা রয়েছে। ১. ডি-র্যা ডিকেলাইজেশন বা মৌলবাদী গোঁড়া মানসিকতার পরিবর্তন। এর মধ্যে রয়েছে বুদ্ধিবৃত্তিক, আবেগগত ও সামাজিক উপাদান। ২. স্টার্ট প্রোগ্রাম বা পরিবর্তনের জন্য গৃহীত প্রাথমিক কর্মসূচি। ৩. কো-র্যা ডিকেলাইজেশনের চক্র ভাঙা। ৪. জঙ্গিদের মনকে নরম ও পুনর্মানবিকীকরণ করার জন্য কাউন্সেলিং। ৫. আর্থিক, সামাজিক ও নৈতিকভাবে পুনর্বাসন। ৬. অভিন্ন মানবীয় সমস্যা নিয়ে ভাবতে উদ্বুদ্ধ করা। ৭. জীবনের গভীর দিক যেমন আত্মনির্মাণ, প্রকৃত আধ্যাত্মিক সত্তার বিকাশ, জনকল্যাণ চিন্তা, প্রকৃতির সঙ্গে সংযোগ স্থাপন, সৌন্দর্যবোধ, অন্যের প্রতি সমব্যথী হওয়া, ভিন্নমত-পথকে শ্রদ্ধা করা প্রভৃতি তাদের মধ্যে পুনরায় জাগ্রত করা।
মাদকাসক্তির মতো জঙ্গিবাদে দীক্ষা নেওয়াও একধরনের মানসিক ব্যাধি। দুই ক্ষেত্রেই তাদের মধ্যে মানসিক বৈকল্য দেখা দেয় এবং জঙ্গিরা নিজেদের পরিবার ও সমাজ থেকে বিচ্ছিন্ন ভাবে। মাদকাসক্তির মতো জঙ্গিবাদে যারা আসক্ত হয়ে পড়েছে, তাদের সুপথে ফিরিয়ে আনতে প্রয়োজন মনো-দৈহিক, সামাজিক প্রতিষেধকসহ বহুমুখী পদক্ষেপ।
ডা. মো. তাজুল ইসলাম: অধ্যাপক ও মনোরোগ বিশেষজ্ঞ, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট, ঢাকা।
[email protected]