জঙ্গিবাদ ছাড়াও সমাজের আরও শত্রু আছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

আমাদের দেশ ও সমাজ কোনো দিনই সমস্যামুক্ত ছিল না। তবে কম আর বেশি। একেক সময়ের সমস্যার একেক ধরন। এক কালের সমস্যার সঙ্গে অন্য সময়ের সমস্যার মিল নেই। নিরন্তর চেষ্টার মাধ্যমে মানুষই সেসব সমস্যার সমাধান করেছে। কিন্তু সমস্যা প্রকৃতিদত্ত, কিছু সমস্যা মানুষের সৃষ্টি। সমস্যা সৃষ্টি করে অতি অল্পসংখ্যক নষ্ট মানুষ, কিন্তু তার কারণে ভোগান্তি হয় সব মানুষের।
প্রাকৃতিক দুর্যোগে কারও হাত নেই, কিন্তু প্রকৃতির নিষ্ঠুরতাকেও মানুষ জয় করেছে। শৈশবে দেখেছি কলেরা ও গুটিবসন্তে গ্রামের পর গ্রাম উজাড় হয়ে যেত। মহামারির মধ্যে দেখা যেত সারি সারি নতুন কবর। এক সপ্তাহের মধ্যে আমার এক চাচা ও এক ফুফু গুটিবসন্তে মারা যান। দাদি মারা যেতে যেতে বেঁচে যান। মাস খানেক পরে ভালো হয়ে পারিবারিক কবরস্থানে দুটি নতুন কবর দেখে তিনি তাঁর সব ছেলেমেয়েকে একসঙ্গে দেখতে চান। দুজন তাঁর সামনে হাজির না হওয়ায় তিনি সংজ্ঞা হারিয়ে ফেলেন। কলেরায়ও এভাবেই মারা যেত শত শত। সেই কলেরা-বসন্ত নির্মূল হয়েছে। তারও আগে ছিল কালাজ্বর। এক-দেড় বছর ভুগে মারা যেত। এখন কালাজ্বর শব্দটির সঙ্গেই অনেকের পরিচয় নেই। কোনো সমস্যাই চিরকাল থাকে না।
শরীরের রোগের মতো সমাজের রোগও রোগ। শরীর কঠিন রোগে আক্রান্ত হলে যেমন বিপদ, তেমনি সমাজ যখন শক্ত রোগে আক্রান্ত হয় তখন অন্য রকম বিপদ। সে বিপদ শুধু ব্যক্তিবিশেষের নয়, সমগ্র সমাজের। শরীরের রোগ নিরাময় করেন অথবা রোগের প্রতিষেধক আবিষ্কার করেন চিকিৎসক ও বিজ্ঞানীরা। সমাজের রোগ নিরাময়েও বিভিন্ন সমাজে যুগে যুগে প্রয়োজন হয়েছে চিকিৎসকের। তাঁদের সম্পর্কেই কবি বলেছেন: ‘ভগবান তুমি যুগে যুগে দূত পাঠিয়েছ বারে বারে, দয়াহীন সংসারে।’ কিন্তু সাধারণ মানুষ তাঁদের ‘ব্যর্থ নমস্কারে’ ফিরিয়ে দিয়েছে।

এই সমস্যাসঙ্কুল সংসারে নিজের আরাম-আয়েশ, সুখ-শান্তি ভুলে গিয়ে যাঁরা মানুষের শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠার জন্য জীবন উৎসর্গ করেন, তাঁরা সাধক এবং তাঁরা একধরনের পাগল বৈকি! মানুষের ভেতরে যে আদিম সহজাত অন্ধকার রয়েছে, তা দূর করে সমাজে আলো জ্বালানোতেই তাঁদের আনন্দ।

হিন্দুধর্মশাস্ত্র বলে, মানুষের মধ্যে রজঃ গুণ রয়েছে, তমঃ গুণও রয়েছে। ইসলাম ধর্ম রজঃ গুণকে ‘সৎকর্ম’ বলেছে। এবং অব্যাহত তাগিদ দিয়েছে সৎকর্মে নিজেকে নিয়োজিত রাখার জন্য। অন্যান্য ধর্মও সৎকর্মকে মানুষের সর্বোচ্চ গুণ হিসেবে বিবেচনা করে। কিন্তু বাস্তবতা হলো, সব মানুষের ভেতরেই রয়েছে তমঃ গুণ—তার সহজাত আদিম অন্ধকার।

আমাদের সমাজে বহু মেধাবী মানুষ জন্মগ্রহণ করেছেন। ইতিহাসের বিভিন্ন পর্যায়ে খুব বড় কর্মীও দেখেছি। বড় বিজ্ঞানী পেয়েছি। শিক্ষাবিদ পেয়েছি। পীর-ফকিরও প্রচুর দেখেছি। আধুনিক কালে আমরা বড় বড় নেতার উদ্দীপক বক্তব্য শুনেছি। কবি-সাহিত্যিকদের মূল্যবান লেখা পড়েছি; কিন্তু একমাত্র লালন শাহ ছাড়া আর কোনো সাধকের সহজ-সরল অমিয় বাণী আমাদের কানে যায়নি।

সাধককে সব ত্যাগ করতে হয়। সংসারের চাওয়া-পাওয়া, মায়া-মমতা-বন্ধনের মোহ ত্যাগ করে সামগ্রিকভাবে সব মানুষের কল্যাণে একটি প্রেমময়, ন্যায়বিচারভিত্তিক ও যুক্তিবাদী সমাজ বিনির্মাণে যিনি নিজেকে উৎসর্গ করেন, তিনিই তো সাধক বা কবির ভাষায় ‘পাগল’। ওই জাতীয় পাগলেরাই মহান পথপ্রদর্শক ও নৈতিক শিক্ষক। তেমন শিক্ষক আমাদের পথ প্রদর্শনের জন্য আমরা পাইনি।

দেশমাতৃকার প্রতি সন্তানের কী কর্তব্য, সমাজের প্রতি নাগরিকের কী দায়িত্ব, কোনটা কাজ, কোনটা কর্তব্য আর কোনটা ত্যাগ তা আমরা অনুধাবন করতে পারিনি। তাই দেশের জন্য কিছু করে তার বিনিময়ে নানা কিছু চাই। একজন অসুস্থ এক ভিখারিকে কোলে করে রাস্তা পার করে দিল। ওপারে গিয়ে সন্তুষ্ট ভিখারি যদি তার হাতে পাঁচটি টাকা গুঁজে দেয় এবং সে ওই টাকা গ্রহণ করে, তাহলে কোলে করে রাস্তা পার করার ত্যাগটা থাকল না। দেশকে কিছু দিয়ে বিনিময়ে কিছু নিতে নেই।

বাঙালি জাতি মেধাবী, তার অনেক গুণ আছে, কিন্তু ত্যাগের চেয়ে ভোগের দিকে তার ঝোঁক। ত্যাগও সে করতে জানে, কিন্তু ত্যাগের পরেই প্রাপ্তিযোগের জন্য তার আকুলতা। সেটা খুব প্রকটভাবে দেখা গেছে স্বাধীনতার পরে। দেশকে শত্রুমুক্ত করতে যাঁরা পরিশ্রম করেছেন, তাঁরা অনেকে দেশের কাছে পারিশ্রমিক ও পুরস্কার চাইলেন। তবে রাষ্ট্র সে পারিশ্রমিক বণ্টনে বৈষম্য করল। সবাই তা পেলেন না। পেলেন শুধু তাঁরাই, যাঁরা সরকারি লোক। দুটো ইনক্রিমেন্ট দুই বছরের জ্যেষ্ঠতা। যাঁরা পেলেন না তাঁরা হলেন বঞ্চনার শিকার। সবচেয়ে ভালো হতো কেউই পাবেন না অথবা পেলে সবাই পাবেন।

মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে শত্রুর বিরুদ্ধে প্রতিরোধ সংগ্রামে যাঁরা যোগ দেন, তাঁদের অধিকাংশই নিম্নমধ্যবিত্ত ও মধ্যবিত্ত পরিবারের তরুণ এবং ভূমিহীন ও ছোট কৃষক পরিবারের মানুষ। তাঁরা কল্পনাও করেননি কোনো দিন তাঁদের নাম উঠবে মুক্তিবার্তায়। তাঁরা সরকারি চাকরি করেন না, তাই তাঁদের চাকরির মেয়াদ দুই বছর বাড়া না-বাড়ার প্রশ্ন আসেনি। দুটো ইনক্রিমেন্ট কী তা একাত্তরে কেউ স্বপ্নেও ভাবেননি। আজ একটি শ্রেণি মুক্তিযুদ্ধের নামে সুবিধা নেওয়ার প্রতিযোগিতায় অবতীর্ণ হওয়ায় বৃহত্তম সমাজের মধ্যে বঞ্চনা বোধের জন্ম হচ্ছে। যে ছেলে বা মেয়েটি জানে দেশের জন্য তার দাদা বা বাবার ত্যাগ আছে, অথচ তার পরিবার কিছুই নেয়নি রাষ্ট্র থেকে, অন্যদিকে যার বা যার বাপ-দাদার কিছুমাত্র অবদান নেই, সে পাচ্ছে রাষ্ট্র থেকে অনৈতিক সুবিধা, তার মধ্যে বঞ্চনা থেকে ক্রোধ বা ক্ষোভের জন্ম হওয়া অস্বাভাবিক নয়। বঞ্চনার প্রতিশোধ নিতে মানুষ অপকর্ম করতে পারে। প্রতিশোধস্পৃহা থেকে মানুষ হিংস্র হয়ে উঠতে পারে। সে হিংস্রতার যে নামই দেওয়া হোক, জঙ্গিবাদ বা অন্য কিছু।

যাঁরা রাষ্ট্র প্রতিষ্ঠা করেন, তাঁদের জীবনাদর্শ ও নীতি থেকে তাঁদের সমর্থকেরা যখন অনেক দূরে সরে যান অথবা একেবারেই বিপরীত মেরুতে থাকেন, তখন সমাজে অবিশ্বাসের জন্ম হয়। কারও প্রতি কারও আস্থা থাকে না। এখন প্রতিদিন একদল মানুষ বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নের ঘোষণা দিচ্ছেন অতি সাবলীল কণ্ঠে। তাঁদের অনেকেই বঙ্গবন্ধুর ছায়াটিও দেখেননি। আমাদের যাঁদের বিরল সৌভাগ্য হয়েছে তাঁর কাছে যাওয়ার ও তাঁর সফরসঙ্গী হওয়ার, আমরা জানি তাঁর জীবনাদর্শ কী। একজন মানুষের সত্যিকারের পরিচয় পাওয়া যায় তাঁর পোশাক ও খাদ্যাভ্যাস থেকে। বঙ্গবন্ধু সাধারণ আদ্দির পাঞ্জাবি ও লংক্লথের পায়জামা পরতেন এবং মুজিব কোট। তাতেই তাঁকে নায়কোচিত সুপুরুষের মতো লাগত। আজ দামি পোশাকে সজ্জিত তাঁর আদর্শ বাস্তবায়নকারীদের দেখে বঙ্গবন্ধুর অবয়ব আমার চোখে ভাসে। তাঁকে খেতে দেখেছি এবং তাঁর সঙ্গে বসে খাওয়ারও সৌভাগ্য হয়েছে। একেবারেই পূর্ববাংলার মধ্যবিত্তের খাদ্য। কোনো অনুষ্ঠানে ছাড়া এবং ঢাকায় থাকলে তাঁর বাড়িতে রান্না মাছ-ভাতই ছিল তাঁর প্রিয় খাবার। রাষ্ট্রের সর্বাধিনায়ক হয়েও নিজের বাড়িতেই তিনি আমৃত্যু থেকে গেলেন। আজকাল মন্ত্রীদের অনেকে শপথ নেওয়ার সঙ্গে সঙ্গে বেইলি রোড, মিন্টো রোডের বাংলোতে গিয়ে ওঠার জন্য প্রতিযোগিতায় নামেন।

আজ আমাদের সমাজে ভোগবাদ এমন পর্যায়ে গেছে, একজন সম্মানিত মানুষের চেয়ে একটি দামি বস্তুর কদর বেশি। পুরান ঢাকায় এক বিত্তবান লোকের বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলাম। অতিথিদের উপহার সামগ্রী যিনি গ্রহণ করছেন, তাঁর হাতে একটি মাইক্রোফোন। এক অতিথি এলেন তাঁর কাজের লোকের কাঁধে একটি টিভি সেট নিয়ে। একাধিকবার ঘোষিত হলো, ‘অমুকে দিলেন টিভি’। তাঁর পেছনেই একজন এলেন একটা ছোট প্যাকেট হাতে। ঘোষিত হলো, ‘অমুক ছাবের নামে ল্যাখেন বাত্তি-উত্তি অইব।’ সম্ভবত তিনি একটি টেবিলল্যাম্প দিলেন। ভদ্রলোকের মাথা নিচু হলো। একজন দিলেন একটি ডিনার সেট। তাঁর নামে তা ঘোষিত হলো। আর একজন দিলেন একটি ছোট প্যাকেট। তা ঘোষণা করা হলো: ‘ছয়ডা কাপ-পিরিচ।’ এ সমাজে সৎ উপার্জনে যাঁর বিত্ত কম, তাঁর মূল্য কম এবং সমাজে তাঁকে থাকতে হয় মাথা নিচু করে। বিয়ে-বৌভাতের মতো সামাজিক অনুষ্ঠানে যখন একজন পেশিশক্তির অধিকারী প্রবেশ করেন, তিনি যে অভ্যর্থনা পান একজন প্রবীণ অধ্যাপক, প্রকৌশলী বা সমাজকর্মী তা পান না।

অসম্মান করে কথা বলাও একধরনের সন্ত্রাস। আগের দিনের নেতারা রাজনৈতিক প্রতিপক্ষকে সমালোচনা করতেন কিন্তু অসম্মান করে বক্তব্য দিতেন না। একজনকে প্রকাশ্যে অসম্মান করে কথা বলা তাঁকে শারীরিকভাবে না হলেও মানসিকভাবে হত্যা করার শামিল। আইএস-প্রভাবিত জঙ্গিবাদের ভয় সাম্প্রতিক ব্যাপার। তার আগেও আমরা জঙ্গিমুক্ত ছিলাম না। ইসলামিক জঙ্গি যেমন ভীতিকর, অনৈসলামিক জঙ্গিও সমান ভয়াবহ। একুশে আগস্ট গ্রেনেড হামলা বীভৎস জঙ্গিবাদ। ১৯৮৮ সালে জেনারেল এরশাদের আমলে চট্টগ্রামে শেখ হাসিনার মিছিলে হামলাও জঙ্গিবাদ। তাঁর ওপরে ১৯৮৯-তে ফ্রিডম পার্টির লোকেরা হামলা করে, সেটাও জঙ্গিবাদ। পল্টনে সিপিবির জনসভায় হামলাও জঙ্গিবাদ। ওই সব জঙ্গিবাদী তৎপরতার বিরুদ্ধে আমাদের রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলোর যতটা প্রতিবাদী হওয়া উচিত ছিল, তা হতে দেখিনি।

ধর্মীয় জঙ্গিবাদ ছাড়াও আরও বহু রোগ আমাদের সমাজকে অসুস্থ করেছে। কলেরা-বসন্তের মতো জিকা ভাইরাসও নির্মূল করা সম্ভব হবে। জঙ্গিবাদও নির্মূল হবে। কোনো ক্ষতিকর প্রবণতাই অনন্তকাল থাকে না। কিন্তু সমাজের মানুষের বিশেষ বিশেষ বৈশিষ্ট্য বহুকাল থেকে যায়। ক্ষতিকর বৈশিষ্ট্য থেকে যদি জাতি মুক্ত না হয়, তাহলে শুধু ধর্মাশ্রয়ী জঙ্গিবাদ থেকে মুক্ত হলেই সমাজ শান্তিপূর্ণ হবে না।

বর্তমানে বাংলাদেশ যে জায়গায় এসে দাঁড়িয়েছে, এর জন্য আমাদের কোনো বেসামরিক, সামরিক বা আধা সামরিক সরকার এককভাবে দায়ী নয়। এই পরিস্থিতির জন্য সবাই দায়ী। আমরা সাধারণ মানুষও দায়ী। আমাদেরও দোষ নয়, আমাদের পথ দেখানোর কেউ ছিলেন না। একটি উন্নয়নকামী জাতিরাষ্ট্র হিসেবে আমাদের শুধু অবকাঠামোর উন্নয়নের কথা ভাবলে আমরা বেশি দূর যেতে পারব না। মনোজগতের উন্নতি ও আচরণগত পরিবর্তন না ঘটাতে পারলে আমাদের কোনো অর্জনই স্থায়ী হবে না।

সৈয়দ আবুল মকসুদ: লেখক ও গবেষক।