জঙ্গিবাদ দমন ও নিবারণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অলংকরণ: তুলি
অলংকরণ: তুলি

দুঃসময়ে জাতীয় ঐক্যই সবার কাঙ্ক্ষিত। ১ জুলাইয়ের পর জাতির দুঃসময়ে এ আকাঙ্ক্ষা জোরদার হয়েছে। তবে জনগণের এই আকাঙ্ক্ষার ঐক্যকেই জাতীয় ঐক্য বলে ভাবা ভুল হবে। কারণ, উত্তরণের জন্য কর্মসূচিভিত্তিক ঐক্য দরকার। এ ক্ষেত্রে তিনটি বিবেচ্য বিষয় প্রধান হয়ে ওঠে। এক, জাতীয় ঐক্য বা ঐকমত্যের পথ; দুই, জঙ্গিবাদ থেকে মুক্তির জাতীয় প্রেক্ষাপট এবং তিন, জঙ্গিবাদের আন্তর্জাতিক প্রেক্ষাপট।
জাতীয় ঐক্য কীভাবে তৈরি হবে? এই প্রশ্নের মধ্যে লুকিয়ে থাকা সংশয় ও সন্দেহের বীজগুলো এড়িয়ে যাওয়া যাবে না। বিএনপিকে ঘিরে অনেক ন্যায্য প্রশ্ন ও সন্দেহ রয়েছে, যেমন বিএনপি কি জামায়াতকে সত্যিই ছাড়বে? দেশি-বিদেশি চাপে পড়ে প্রকাশ্যে ছাড়লেও ভোটের রাজনীতিতে তার বহুকালের স্বাভাবিক মিত্রের সঙ্গে স্বার্থের বোঝাপড়া কি সত্যি সত্যি ছাড়তে পারবে? আরেকটি প্রশ্নেরও সদুত্তর নেই, বঙ্গবন্ধুর খুনি, যুদ্ধাপরাধী এবং বাংলাদেশ ও মুক্তিযুদ্ধের আদর্শবিরোধী রাজনৈতিক দল ও রাজনীতিকদের সঙ্গে সখ্য বা তাদের প্রতি পক্ষপাত তো ঐতিহাসিক সত্য, বিএনপি কীভাবে তার সমাধান দেবে? আওয়ামী লীগ ও তার মিত্রদের এ বিষয়ে যে ক্ষোভ ও অবিশ্বাস রয়েছে, বিএনপি তা-ও বা কাটবে কীভাবে? আবার আওয়ামী লীগ কি মানুষের আকাঙ্ক্ষাকে সম্মান জানিয়ে অতীত ভুলে জাতীয় ঐক্যের পথে হাঁটলেই ভালো হবে? অনেকেই এমনটা ভাবেন। কিন্তু ভুললে চলবে না, ক্ষমতার রাজনীতিতে কেউই তার স্বার্থ ও সম্ভাবনা ছাড়ে না। সাধারণ মানুষ ভাবছে, রাষ্ট্রীয় ক্ষমতার বিষয় আজ ক্ষুদ্র, দেশ ও জাতির স্বার্থই বড়, তাই উভয় পক্ষকেই ঔদার্য দেখাতে হবে।

তবে পত্রপত্রিকায় দুই পক্ষের যে ধরনের বাগবিস্তার চলছে, তাতে বোঝা যায় তারা একে অন্যকে বিশ্বাস করার মতো জায়গায় আসতে পারেনি।
এদিকে জামায়াতের পাশাপাশি বিএনপিকেও রাজনীতি থেকে দূরে সরানোর যে ব্রত বর্তমান সরকার নিয়েছে, তাতে জনগণকে সম্পৃক্ত করা কি সম্ভব? বরং সরকার ক্রমেই জবাবদিহি, স্বচ্ছতার পথ ছেড়ে কর্তৃত্ববাদের দিকে ঝুঁকছে। দেশের জন্য এটাও মঙ্গলজনক নয়। ইতিহাস তো থেমে থাকে না। চলতে চলতে ইতিহাসই সন্ধিক্ষণ তৈরি করে দেয়। নেতৃত্ব যদি সেই ইশারা বুঝে যথাযথ পদক্ষেপ নিতে পারেন, তবে জাতীয় ইতিহাসের বাঁকবদল ঘটে। তখনই আমরা দ্বিতীয় বিবেচ্য বিষয় বা জঙ্গিবাদ দমনের জাতীয় প্রেক্ষাপট বুঝে নিতে পারি।

বাস্তবতা হলো, পঁচাত্তর-পরবর্তী রাজনীতির ধারাবাহিকতায় একটা কার্যকর ছেদ টানার চেষ্টা চলেছে ২০০৭-০৮ সালের তত্ত্বাবধায়ক সরকারের সময় থেকে। সেই থেকে শুরু এবং ২০০৯-এ আওয়ামী লীগের নেতৃত্বাধীন জোটের বিপুল বিজয়ের পর সরকার এই ছেদটি
স্থায়ী করার চেষ্টা করছে। মনে রাখতে হবে, ১৯৭৫-এর পরে পূর্ববর্তী দশকে (১৯৬৬-১৯৭৫) আওয়ামী লীগের নেতৃত্বে যে বাঙালি জাতীয়তাবাদী জাগরণ ঘটেছিল, তাতে ছেদ টানার কাজটি শুরু করেছিল খন্দকার মোশতাকের সরকার। ১৯৭৭ থেকে জেনারেল জিয়াউর রহমান সেই ধারাটি স্থায়ী করতে একাত্তরের মুক্তিযুদ্ধে পরাস্ত পাকিস্তানবাদী মুসলিম জাতীয়তাবাদের রাজনীতিকেই অবলম্বন করেছেন। ফলে বিএনপি প্রকারান্তরে বা বেনামে মুসলিম লীগের প্রেতাত্মা হয়ে থাকল।

আবার আওয়ামী লীগ বা তার মিত্রদের পক্ষ থেকে ২০০৯ থেকে পঁচাত্তর-পরবর্তী রাজনীতির সমাপ্তি ঘটানোর কাজটিতে কেবল পুরোনো অবস্থানে ফিরে যাওয়ার আকাঙ্ক্ষাই ব্যক্ত হচ্ছে। যুগোপযোগী রাজনীতির কিছু বাগবিস্তার আমরা শুনতে পাই বটে, কিন্তু তা বাস্তবায়ন ও কার্যকর করার জন্য দলে, নেতৃত্বে, রাজনৈতিক কর্মসূচিতে পরিবর্তনের কথা কারও ভাবনায় থাকছে না। এ পরিবর্তনগুলো নিয়ে কাজ না হওয়ায় দল ও দলীয় রাজনীতি সম্পূর্ণ স্থবির হয়ে পড়ছে, আর সরকার ক্রমেই আমলা ও গোয়েন্দানির্ভর হয়ে যাচ্ছে। তারও চেয়ে দুর্ভাগ্যের বিষয় হলো, আওয়ামী লীগের মতো এতকালের জনসম্পৃক্ত দল জনবিচ্ছিন্ন হয়ে সরকারি ক্ষমতার সুবিধাভোগীদের দলে
পরিণত হচ্ছে। এভাবে দুই বড় দল রাজনৈতিক খেই হারানোয় জাতীয় দুর্বিপাক মোচনে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের সুযোগ নষ্ট হচ্ছে।

ফলে বর্তমান সংকট উত্তরণে জনগণের আকাঙ্ক্ষার ঐকমত্য কাজে লাগানোর সঠিক পথ সরকারের পক্ষে খুঁজে পাওয়া কঠিন। তবে এখন পর্যন্ত এ ধারার সবচেয়ে বড় রাজনৈতিক দল হিসেবে উত্তরণের কাজে সাফল্য নির্ভর করবে আওয়ামী লীগের ব্যাপক ভূমিকার ওপর। কিন্তু কর্তার ভূমিকায় অভ্যস্ত হয়ে ওঠা এ দলের বিভিন্ন স্তরের নেতা-কর্মীদের পক্ষে সতীর্থের ভূমিকায় নামা সম্ভব কি না, সেটা যেমন দুর্ভাবনার কারণ, তেমনি দখলদারির রাজনীতিতে রোগাক্রান্ত সংগঠন কীভাবে অভ্যাস বদলাবে, সেটাও দুশ্চিন্তার বিষয়। কিন্তু ঐকমত্যের সাফল্য নির্ভর করছে সারা দেশে আওয়ামী লীগের অংশগ্রহণের ওপর—নেতৃত্ব ­­কেন্দ্রে আওয়ামী লীগের হাতেই থাকবে, কারণ সরকার তাদের হাতে। তা ছাড়া শেখ হাসিনার ওপর মানুষের আস্থা ও প্রত্যাশা ঠিকই আছে। কিন্তু বিভিন্ন জায়গায় স্থানীয় বাস্তবতা অনুযায়ী সমমতের ভিন্ন দল বা সামাজিক নেতৃত্বকে জায়গা ছাড়ার ঔদার্য কি ক্ষমতাসীন দলের নেতা-কর্মীরা দেখাতে পারবেন? মানুষকে অংশগ্রহণের ও নেতৃত্বের জায়গা ছেড়ে না দিলে জাতীয় ঐক্য এবং সেই ভিত্তিতে গণজাগরণ ঘটবে না।

আজ জঙ্গিবাদ বা ধর্মান্ধ সাম্প্রদায়িক শক্তিকে দমনে সরকারের বাহিনীগুলোর কঠোর ভূমিকা আমরা দেখতে পাচ্ছি। এ ধরনের দমনমূলক কার্যক্রমই কেবল বাড়ছে, কিন্তু একটি মানবিক, উদার অসাম্প্রদায়িক আধুনিক সমাজ প্রতিষ্ঠার কর্মসূচি কই? তাকে সার্থক করা ও এগিয়ে নেওয়ার জন্য গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক ভিত্তি দেওয়ার পরিকল্পনা কোথায়?
জঙ্গিবাদের আন্তর্জাতিক প্রেক্ষাপট সবারই জানা। এর একদিকে রয়েছে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে পুঁজিবাদী সাম্রাজ্যবাদী পশ্চিমের ভূমিকা, যা মুসলিম সমাজে ব্যাপক ক্ষোভের জন্ম দিচ্ছে। এই ক্ষোভের ন্যায্য ভিত্তি আছে এবং তার কারণগুলো প্রতিকার না করে উত্তরোত্তর ক্ষোভের ইন্ধন জোগানোয় পশ্চিমের বিরুদ্ধে ক্ষুব্ধ মুসলিম তরুণদের মনে প্রতিহিংসারও জন্ম হচ্ছে। অন্যদিকে আজ বহু শতাব্দী ধরে মুসলিম সমাজে চিন্তার জড়তা চলছে, যার ফলে মুসলিমপ্রধান ধনী দেশও হয় পরনির্ভরশীল, নয়তো একনায়কনির্ভর এবং তাই সহজেই অস্থিতিশীল হয়ে পড়ছে। গণতন্ত্র, আইনের শাসন, মানবাধিকার, নারী ও মেয়েশিশুর অধিকারসহ সমকালীন অপরিহার্য আলোচ্য বিষয়ে মুসলিম সমাজ উদাসীন এবং সিদ্ধান্ত গ্রহণে অক্ষম। এভাবে গত অন্তত ছয়-সাত শ বছরে জ্ঞানের এবং সমাজ ও রাষ্ট্র পরিচালনার বহু ক্ষেত্রে তাদের বিপুল বকেয়া জমে উঠেছে। অথচ ইতিহাস এগিয়ে চলেছে, আর সেই সঙ্গে মানবাধিকার, আইনের শাসন ও মেয়েশিশু-নারীসহ সবার শিক্ষা ও সমানাধিকার, গণতন্ত্র, এমনকি মৌলিক বিজ্ঞান বা ব্যবহার্য প্রযুক্তির পেছনের বিজ্ঞান ও দর্শন এবং শিল্পকলার চর্চাসহ অসংখ্য বিষয়ে মুসলমান সমাজ ও দেশও জড়িয়ে পড়ছে। কিন্তু সমাজ এ নিয়ে খোলামেলা আলোচনার জন্য প্রস্তুত নয়। ধর্মীয় বিশ্বাস ঠিক রেখেও কীভাবে পরিবর্তন ঘটানো যায়, তা নিয়ে কেউ কথা বলে না।

মুক্তচিন্তার বন্ধ্যত্বের ফলে আজকের সমস্যার যে আন্তর্জাতিক রূপ তা সাম্রাজ্যবাদ-পুঁজিবাদবিরোধী রাজনীতিকে শক্তিশালী না করে জন্ম দিচ্ছে ধর্মান্ধ জঙ্গিবাদের! অথচ সাম্রাজ্যবাদ নিজের স্বার্থেই রাজনৈতিক জ্ঞানহীন ধর্মান্ধের দল সৃষ্টি করে এবং নিজ স্বার্থে ইচ্ছেমতো তাদের ব্যবহারও করে, প্রয়োজনে ধ্বংসেও মেতে ওঠে। যেমনভাবে তালেবান, আল-কায়েদার ক্ষেত্রে ঘটেছে। কিন্তু আজ জঙ্গিবাদী হামলা ও সন্ত্রাস থেকে দেশকে রক্ষা করতে হলে সুনির্দিষ্ট কিছু কর্মসূচি হাতে নিতে হবে। আপাতত বিভিন্ন হামলা ও খুনের ঘটনার পরিপ্রেক্ষিতে আইন ও দমনমূলক কিছু প্রশাসনিক ব্যবস্থা স্বাভাবিকভাবেই থাকবে। কিন্তু জঙ্গি তৈরির ধারা স্থায়ীভাবে নিবারণের জন্য সামাজিক-রাজনৈতিক-সাংস্কৃতিক জাগরণের কর্মসূচিকে তারও চেয়ে বেশি গুরুত্ব দিতে হবে।

এ ক্ষেত্রে সুনির্দিষ্টভাবে কয়েকটি বিষয় বিবেচনায় নিতে বলব: প্রথমত, আমাদের রাজনীতিতে পশ্চিমের আফগানিস্তান-ইরাক-লিবিয়ায় হস্তক্ষেপের ভ্রান্ত রাজনীতির সমালোচনা থাকা দরকার। এটি ক্ষুব্ধ তরুণদের রাজনৈতিক ইস্যু বা সংকটকে ধর্ম দিয়ে মোকাবিলার ভ্রান্তি থেকে মুক্ত করে জঙ্গিবাদের পরিবর্তে রাজনৈতিক ভূমিকা গ্রহণে উদ্বুদ্ধ করবে। দ্বিতীয়ত, শিক্ষাঙ্গনে বাংলার উদার মানবিক ধারার সংস্কৃতিচর্চার পথ খুলে তা বেগবান করতে হবে, যাতে ভবিষ্যতে ধর্মান্ধ বা জঙ্গি তরুণ সৃষ্টির পথ বন্ধ হয়। এর জন্য বিস্তারিত সুনির্দিষ্ট কর্মসূচি প্রয়োজন। তৃতীয়ত, সমাজকে সেবা ও কল্যাণের পথে এবং সুস্থ বিনোদনের মাধ্যমে মানবিক করে তোলার জন্য সামাজিক-সাংস্কৃতিক জাগরণের উদ্যোগ নিতে হবে। চতুর্থত, সমাজে সুস্থ ইতিবাচক মানবিক বাতাবরণ তৈরির জন্য ওয়ার্ড ও ইউপি এবং গ্রামাঞ্চলের সামাজিক-সাংস্কৃতিক সংগঠনগুলোকে এ ধারায় সক্রিয় করে তুলতে হবে। খোলামেলা পরিবেশে গ্রহণ-বর্জনের মাধ্যমে সংস্কৃতির সুস্থধারা বহমান থাকলে সমাজ সুস্থ থাকবে। পঞ্চমত, উচ্চশিক্ষা ও গবেষণাকেন্দ্রগুলোয় ধ্রুপদি থেকে আধুনিক জ্ঞানবিজ্ঞানের চর্চা, ব্যাখ্যা ও আলোচনার পরিবেশ তৈরি হলে সমাজের অন্ধতা, কূপমণ্ডূকতা ও চিন্তার জড়তা-দৈন্য কেটে যাবে। তাহলেই সমাজ চিন্তার বন্দিত্ব ও বন্ধ্যত্ব থেকে মুক্তি পাবে।

এভাবেই বাংলাদেশ জঙ্গিবাদের হাত থেকে মুক্ত হতে পারবে। এর জন্য বিএনপির সঙ্গে ঐক্যের প্রশ্ন জরুরি নয়। জরুরি হলো সঠিক কর্মসূচি প্রণয়ন, অর্থায়­ন এবং আন্তরিকতার সঙ্গে তা বাস্তবায়ন। আরও জরুরি হলো আগ্রহী ছাত্র তরুণ জনতা যাতে স্বতঃস্ফূর্তভাবে অংশ নিতে পারে, তার জন্য সরকার বা সরকারি দলকে পথ ও পদ ছাড়তে হবে। তাদের ভূমিকা হতে হবে মূলত সহায়কের। আর তখন দলমত-নির্বিশেষে সচেতন দেশপ্রেমিক মানুষ কর্মসূচি বাস্তবায়নে ঐক্যবদ্ধ হবে।
আবুল মোমেন: কবি, প্রাবন্ধিক ও সাংবাদিক।