জঙ্গিবাদ দমনের আমেরিকান স্টাইল?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আমেরিকা সন্ত্রাসীদের হত্যা করতে ড্রোন ব্যবহার করে বিভিন্ন দেশে
আমেরিকা সন্ত্রাসীদের হত্যা করতে ড্রোন ব্যবহার করে বিভিন্ন দেশে

বাংলাদেশে যত দিন ধরে একজন-দুজন করে ব্লগার-লেখক, প্রকাশক, অধ্যাপক, পুরোহিত, যাজক, ভিক্ষু কথিত ইসলামি জঙ্গিদের টার্গেটেড কিলিংয়ের শিকার হচ্ছিলেন, তত দিন পর্যন্ত সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী কর্তৃপক্ষ স্বীকার করেনি যে জঙ্গি-তৎপরতা এ দেশে একটা বড় ধরনের নিরাপত্তা-সমস্যা হিসেবে দেখা দিয়েছে। গুলশানের হলি আর্টিজানে জঙ্গি হামলায় একসঙ্গে ২২ জন মানুষের হত্যাযজ্ঞের পরই কেবল সরকারের টনক নড়েছে এবং তার পরের দেড়-দুই মাসে নিরাপত্তা বাহিনীগুলোর জঙ্গিবিরোধী সক্রিয়তা বেশ স্পষ্ট হয়ে উঠেছে। গত ২৬ জুলাই রাজধানীর কল্যাণপুরের এক বাড়িতে পুলিশি অভিযানে নয় সন্দেহভাজন জঙ্গির প্রাণ হারানোর ঘটনায় প্রথম মনে হয়েছে, সরকার সত্যিই নড়েচড়ে উঠেছে এবং সম্ভবত জঙ্গিদের নির্মূল করার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। এই ধারণা আরও জোরালো হয়েছে গত শনিবার নারায়ণগঞ্জের এক বাড়িতে একই ধরনের অভিযানে তামিম চৌধুরীসহ তিন সন্দেহভাজন জঙ্গির নিহত হওয়ার খবরে।
জঙ্গি সন্দেহে যাঁরা নিরাপত্তা বাহিনীগুলোর সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হচ্ছেন, তাঁদের প্রতি এ সমাজে বিন্দুমাত্র সহানুভূতি আছে আভাস-ইঙ্গিতেও এমন কথা কেউ বলছেন না। জঙ্গিদের অবশ্যই নির্মূল করা দরকার—এটাই সাধারণ মত। তবে কোনো জঙ্গিকে কেন জীবিত অবস্থায় পাকড়াও করা সম্ভব হচ্ছে না, এমনকি যে দু–একজন আহত অবস্থায় ধরা পড়েছিলেন বলে শোনা গিয়েছিল, পরে তাঁরাও কেন ও কীভাবে নিহত হলেন—এ ধরনের প্রশ্ন উঠেছে। শোলাকিয়ার হামলাকারীদের একজন জীবিত ধরা পড়ার পর কথিত বন্দুকযুদ্ধে নিহত হওয়ার পর এমন ধারণা প্রবল হয়েছে যে, সরকার হয়তো জঙ্গি পাওয়ামাত্রই তাকে ধ্বংস করার সিদ্ধান্ত নিয়েছে। জঙ্গিবাদ নির্মূল করার এটাই কার্যকর পন্থা বলে সম্ভবত মনে করা হচ্ছে।
এই পন্থা আংশিকভাবে আমেরিকান। মার্কিন কর্তৃপক্ষ তাদের ‘সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধে’ যুক্তরাষ্ট্রের বাইরে যারা এই পন্থা অনুসরণ করে আসছে এক দশকেরও বেশি সময় ধরে। মার্কিন গোয়েন্দারা তাঁদের ভাষায় ‘আমেরিকার শত্রু’ ভয়ংকর সন্ত্রাসীদের বেছে বেছে হত্যা করার উদ্দেশ্যে একটা তালিকা তৈরি করে প্রেসিডেন্ট ওবামাকে দিয়েছিলেন; কিংবা প্রেসিডেন্টের নির্দেশেই তাঁরা সে রকম একটা তালিকা তৈরি করেছেন। ‘ওবামাস সিক্রেট কিল লিস্ট’ বা সংক্ষেপে শুধু ‘কিল লিস্ট’ নামে পরিচিত ওই তালিকা ধরে মার্কিন সামরিক বাহিনীর কমান্ডোরা আফগানিস্তান, পাকিস্তান, সোমালিয়া, ইয়েমেন, ইরাক ও সিরিয়ায় আল-কায়েদা ও তার আঞ্চলিক শাখাগুলোর অনেক লোককে বেছে বেছে হত্যা করেছে। এসব টার্গেটেড কিলিংয়ের কাজে সবচেয়ে বেশি ব্যবহার করা হয়েছে সামরিক ড্রোন। এ জন্য ‘ওবামাস ড্রোন ওয়ার’ নামে একটা কথা চালু হয়েছে, যা শুধু সন্দেহভাজন সন্ত্রাসবাদীদেরই হত্যা করেনি, প্রচুর নিরীহ বেসামরিক মানুষও ড্রোন হামলায় নিহত হয়েছেন। এ বছরের জুলাই মাসে ওবামা নিজেই স্বীকার করেছেন, এ পর্যন্ত মার্কিন ড্রোন হামলায় নিহত হয়েছেন ১১৬ জন নিরীহ বেসামরিক মানুষ। কিন্তু ব্যুরো অব ইনভেস্টিগেটিভ জার্নালিজম নামের লন্ডনভিত্তিক এক প্রতিষ্ঠান দাবি করেছে, ওবামার শাসনামলের শুরু থেকে ২০১৫ সাল পর্যন্ত শুধু পাকিস্তান, ইয়েমেন ও সোমালিয়াতেই মার্কিন ড্রোন হামলায় নিহত হয়েছেন আট শর বেশি নিরীহ বেসামরিক মানুষ।
শুধু চালকবিহীন ড্রোন দিয়ে নয়, মার্কিন বিমানবাহিনীর চালকসমেত বিমান ও হেলিকপ্টার থেকে গোলা নিক্ষেপ করে, কিংবা এসি-১৩০ গানশিপ ধরনের এয়ারক্র্যাফট ব্যবহার করেও অনেক সন্দেহভাজন সন্ত্রাসীকে হত্যা করা হয়েছে। ওবামা প্রশাসনের ‘সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধে’র প্রধান নীতিই হচ্ছে সারা দুনিয়া চষে বেড়িয়ে সন্ত্রাসবাদীদের বেছে বেছে হত্যা করা। তার শ্রেষ্ঠ প্রমাণ আল-কায়েদার প্রতিষ্ঠাতা ওসামা বিন লাদেনের হত্যাকাণ্ড। লাদেন পাকিস্তানের অ্যাবোটাবাদের এক বাড়িতে সপরিবারে লুকিয়ে আছেন, মার্কিন গোয়েন্দারা এ বিষয়ে শতভাগ নিশ্চিত হওয়ার পর প্রেসিডেন্ট ওবামাকে তা জানালে ওবামা লাদেনকে জীবিত গ্রেপ্তার করার নির্দেশ দেননি; হত্যা করতে বলেছেন।
হত্যার পদ্ধতি কী হবে, তা নিয়ে কয়েক রকমের প্রস্তাব তাঁর সামনে হাজির করা হয়েছিল। একটা প্রস্তাব ছিল একের পর এক অত্যন্ত শক্তিশালী বোমা নিক্ষেপ করে ওই বাড়িটাকে নিশ্চিহ্ন করে দেওয়ার। তখন ওবামা এই প্রস্তাবকারীদের জিজ্ঞাসা করেছিলেন, ‘তাহলে আমি জানব কী করে যে তোমরা কাকে মারতে কাকে মেরে এসেছ?’ ওবামা লাদেনের মৃত্যুর ব্যাপারে শতভাগ নিশ্চিত হওয়ার জন্য অভিযানের কর্তাদের নির্দেশ দিয়েছিলেন লাদেনের অস্থিমজ্জা সংগ্রহ করতে এবং তাঁর চোখের আইরিসের ছবি তুলতে।
অর্থাৎ সন্ত্রাসবাদী ‘শত্রু’কে হত্যা করাই ওবামার সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধের মূল নীতি। বাংলাদেশে চলমান জঙ্গিবিরোধী তৎপরতাকেও আংশিকভাবে আমেরিকান স্টাইলের মতো বলে মনে হচ্ছে। এখানেও সন্দেহভাজন জঙ্গিরা বিভিন্ন অভিযানে নিহত হচ্ছেন, যদিও সংশ্লিষ্ট বাহিনীগুলো বলছে যে সন্দেহভাজন জঙ্গিরা নিহত হচ্ছেন ‘বন্দুকযুদ্ধে’। যেভাবেই হোক, এ দেশে জঙ্গিরা যে মারা পড়ছেন—এটাই আমরা দেখতে পাচ্ছি। এটাকে ‘আংশিকভাবে’ আমেরিকান পন্থা বলছি এই কারণে যে, ওবামা প্রশাসন সন্ত্রাসীদের হত্যা করছে আমেরিকার বাইরে বিভিন্ন দেশে; নিজের দেশের ভেতরে নয়, আমেরিকান নাগরিকদের নয়। আমেরিকান নাগরিকদের মধ্যে ইয়েমেনি বংশোদ্ভূত আল-কায়েদার নেতা আনোয়ার আল-আওলাকিকে ইয়েমেনে ড্রোন হামলা চালিয়ে হত্যা করার পর খোদ আমেরিকাতেই কড়া সমালোচনা হয়েছে। কিন্তু তার দুই সপ্তাহ পর আবারও ড্রোন হামলা চালিয়ে ইয়েমেনেই হত্যা করা হয়েছে আওলাকির ১৬ বছর বয়সী ছেলে আবদুল রহমান আল-আওলাকিকে।
কিন্তু আমেরিকার মাটিতে আর কোনো আমেরিকান নাগরিককে সন্ত্রাসবাদী বলে হত্যা করা হয়নি। যেসব আমেরিকান নাগরিক আমেরিকার মাটিতে সন্ত্রাসী হামলা চালাতে গিয়ে হামলাস্থলেই নিরাপত্তা বাহিনীর সদস্যদের গুলিতে মারা গেছেন, তাঁদের কথা অবশ্য আলাদা। ওভাবে মৃত্যুকে যুদ্ধরত অবস্থায় মৃত্যু বলা হয়েছে। আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোও একই ধরনের কথা বলছে: সন্দেহভাজন জঙ্গিদের মৃত্যু ঘটেছে ‘বন্দুকযুদ্ধে’। যদিও ‘বন্দুকযুদ্ধ’ সম্পর্কে জনমনে সংশয় আছে, তবু পুলিশের বর্ণিত জঙ্গিদের প্রাণ হারানোর ঘটনাগুলোকে সাধারণ মানুষ খুব একটা আপত্তিকর হিসেবে দেখছে বলে মনে হয় না। কারণ, মানুষ নৃশংস জঙ্গি-তৎপরতার অবসান চায়। সেই কাজ করতে গিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আইনের ‘ডিউ প্রসেস’-এর কথা ভাবলেন কি ভাবলেন না, তা নিয়ে সাধারণ মানুষের মাথাব্যথা নেই।
কিন্তু বিষয়টি মাথাব্যথার মতো গুরুতর না হলেও কিছু বিবেচনায় বেশ গুরুত্বপূর্ণ। আইন প্রয়োগ করার সুযোগ থাকলে প্রথমে চেষ্টা করা উচিত তার যথাযথ প্রয়োগের মাধ্যমেই অপরাধ দমন করার। জঙ্গি-তৎপরতা যদিও আর দশ রকমের অপরাধবৃত্তির মতো একেবারেই নয়, তবু জঙ্গি দমন করতে গিয়ে আইনকে উপেক্ষা না করাই ভালো। এ দেশের আইন প্রয়োগের ব্যবস্থায় নানা সীমাবদ্ধতা আছে; বিচার–প্রক্রিয়ার দীর্ঘসূত্রতাও অত্যন্ত প্রকট। তবু আইনের সুষ্ঠু ও যথাযথ প্রয়োগের মধ্য দিয়েই জঙ্গিবাদ দমনের চেষ্টা করা শ্রেয়; আইন প্রয়োগ ও ন্যায়বিচার প্রতিষ্ঠার ইতিবাচক প্রভাব পড়ে সমাজ ও সংস্কৃতিতে।
শর্টকাট পন্থায় অপরাধীদের নিশ্চিহ্ন করার প্রক্রিয়া চলতে থাকলে সমাজ-সংস্কৃতিতে তার নেতিবাচক প্রভাব পড়ে; বিশেষভাবে ক্ষতি হয় আইন প্রয়োগের প্রাতিষ্ঠানিক কাঠামোর, তার সংস্কৃতির, লোকবলের মানসিকতার ও দৃষ্টিভঙ্গির। র্যাব গঠনের অব্যবহিত পরের দিনগুলোতে দুর্ধর্ষ ও কুখ্যাত সন্ত্রাসীদের একের পর এক ‘ক্রসফায়ার’-এর মাধ্যমে খতম করার অভিযানগুলো সাধারণ মানুষের স্বস্তির কারণ হয়েছিল বটে। কিন্তু ‘ক্রসফায়ার’-এর সেই জনপ্রিয়তা অচিরেই হারিয়ে গেছে; মাঝখান থেকে র্যাব ও পুলিশের প্রাতিষ্ঠানিক ক্ষতি হয়েছে অনেক। ‘ক্রসফায়ার’-এর জায়গায় ‘বন্দুকযুদ্ধ’ আজ জনসাধারণের কাছে এক ভয়ংকর গল্পের নাম।
আমাদের পুলিশ বাহিনী শোলাকিয়ায় ঈদের জামাতে জঙ্গি হামলা যেভাবে ঠেকিয়ে দিয়েছে, কল্যাণপুরের তাজ মঞ্জিলে ও সর্বশেষ নারায়ণগঞ্জের পাইকপাড়ায় যে পারঙ্গমতা দেখিয়েছে, তাতে মনে হতে পারে, এ দেশে জঙ্গিদের সংঘবদ্ধ দৌরাত্ম্যের দিন ফুরানো সময়ের ব্যাপার মাত্র। কিন্তু এ ব্যাপারে নিশ্চিত হওয়া কঠিন। নিবরাস ইসলাম, শেহজাদ রউফ, তাওসিফ হোসেন—এই তরুণদের ভয়ংকর ‘জিহাদি’ পথে পা বাড়ানোর ইতিহাস আমরা এখনো জানি না। এঁদের ও এঁদের মতো প্রত্যেকের একটা করে গল্প আছে: কেন, কীভাবে, কত দিন ধরে, কাদের প্ররোচনায় কিংবা ‘অনুপ্রেরণায়’ এই তরতাজা তরুণেরা ভয়ংকর, বিভীষিকাময় পথে এগিয়ে গেছেন, আমরা জানি না। কিন্তু এটা নিশ্চিত: সম্মোহনী শক্তিধর, অত্যন্ত শক্তিশালী কিছু প্রণোদনা আমাদের এই সমাজেও তৈরি হয়েছে, যার প্রবল টানে এই কিশোর-তরুণেরা ছুটে গেছেন জ্বলন্ত অগ্নিকুণ্ডের দিকে ধাবমান পতঙ্গের মতো। ‘র্যাডিকেলাইজেশনের’ ওই উৎসগুলো আমাদের খুঁজে বের করতে হবে; উন্মোচন করতে হবে সেসব ভাবনা ও ভাবাদর্শের ভয়ংকর বিভ্রান্তিগুলো।
পুলিশ-র্যাবের অভিযান চালাতে হবে, এতে কোনো দ্বিমত নেই। এর সঙ্গে যোগ করতে হবে আইন প্রয়োগের সর্বোচ্চ প্রয়াস। প্রসিকিউশনের দক্ষতা, সততা, জবাবদিহি বাড়াতে হবে। জঙ্গিদের দ্রুত বিচার করার জন্য গঠন করা যেতে পারে বিশেষ ট্রাইব্যুনাল।
তবু এসবই যথেষ্ট হবে না; পরিবারে, পাড়ায়, মহল্লায়, স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ে—সমাজের সব স্তরে সব জায়গায় গড়ে তুলতে হবে ধর্মীয় উগ্রপন্থার প্রতি আকৃষ্ট হওয়ার বা র্যাডিকেলাইজেশনের প্রতিকূল পরিবেশ। অনলাইনে, পুরো ইন্টারনেট ভুবনে প্রচার করতে হবে ধর্মীয় উগ্রপন্থার বিপরীত ন্যারেটিভ। এসব ক্ষেত্রে বাংলাদেশের সমাজ আমেরিকান সোসাইটির তুলনায় অনেক বেশি সুবিধাজনক অবস্থানে আছে।
মশিউল আলম: সাংবাদিক ও সাহিত্যিক।
[email protected]