জঙ্গিবাদে ঝুঁকছে কেন কিছু তরুণ?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

দেশের কিশোর ও তরুণদের নিয়ে দুশ্চিন্তার কারণ আছে। কৈশোর ও তারুণ্যের চাহিদা পূরণে আমাদের সমাজ ও রাষ্ট্র ব্যর্থ হয়েছে, ব্যর্থতা ঘটছে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানেও। আগেকার মতো পাড়া, বৃহত্তর আত্মীয়তার গণ্ডি, শিশু-কিশোর সংগঠন আর কার্যকর নেই। মা-বাবাসহ পরিবারের বয়োজ্যেষ্ঠ জন, স্কুলের শিক্ষক, সমাজের অভিভাবকেরা ব্যক্তিগত কাজ ও ব্যস্ততায় কিশোর-তরুণদের সঙ্গে কাঙ্ক্ষিত সম্পর্কে জড়ান না, প্রয়োজনীয় সময় দেন না। অথচ এই সংবেদনশীল বয়সে এদের যখন-তখন প্রয়োজন হয় পরামর্শের, পথের দিশার। তারা পরামর্শক বা দিশারির প্রথম বা স্বাভাবিক পছন্দের ব্যক্তিদের পায় না।
এর বিপরীতে তাদের ঠেলে দেওয়া হয় প্রধানত পরীক্ষায় ভালো করার যান্ত্রিক মিশন পূরণে। পরীক্ষার প্রশ্নোত্তর শেখার এবং পরীক্ষায় ভালো ফলাফলের জন্য মা-বাবা-শিক্ষকসহ সবার প্রত্যাশার চাপে শিশু-কিশোর-তরুণেরা নিষ্পিষ্ট হতে থাকে। তাদের শুভানুধ্যায়ীরা মিলে এই চাপ তৈরি করেন এবং পুরো ছাত্রজীবন তথা শৈশব থেকে তারুণ্য পর্যন্ত বিন্দুমাত্র ছাড় না দিয়ে সন্তানদের ওপর উত্তরোত্তর চাপ বাড়াতে থাকেন। হয়তো তাঁদের লক্ষ্য থাকে বর্তমান প্রচণ্ড প্রতিযোগিতামূলক বিশ্বের উপযোগী দক্ষ অপ্রতিরোধ্য প্রতিযোগী তথা প্রতিদ্বন্দ্বী হিসেবে তাঁদের সন্তান সেরা বা সেরাদের সেরা হয়ে উতরে যাবে। কিন্তু একজন যথার্থ মানুষ হয়ে গড়ে ওঠার এই দীর্ঘ সময়ে, যা প্রায় চার-পাঁচ বছর বয়স থেকে ২৪-২৫ বছর পর্যন্ত অন্তত দুই দশক স্থায়ী হয়—এদের আরও অনেক ধরনের মানসিক-শারীরিক পুষ্টির প্রয়োজন। তাদের শারীরিক সক্ষমতা ও দক্ষতার জন্য খোলা মাঠে প্রচুর খেলাধুলার প্রয়োজন, এ বয়সে তাদের মাটি, পানি, আলো, বাতাসসহ গাছপালার সান্নিধ্যে সুস্থ প্রাকৃতিক পরিবেশ চাই, দলে-মিলে নানা কাজের আনন্দ ভাগ করে নেওয়ার অভিজ্ঞতা জরুরি, আর প্রয়োজন মানসিক-শারীরিক সংকটকালে সময়মতো স্নেহ-মমতাপূর্ণ পরামর্শ পাওয়ার স্বস্তি। এসব নিয়ে আমরা ভাবিনি; অন্তত আমাদের ব্যক্তিগত, সামাজিক ও রাষ্ট্রীয় উন্নয়ন ভাবনায় এসব বিষয় গুরুত্বপূর্ণ বলে বিবেচিতই হয়নি।
অথচ শিশুকে এভাবে কেবল প্রতিযোগিতার দিকে ঠেলে দিলে তার জীবনের পথ পাড়ি দেওয়ার জন্য এক ভারসাম্যহীন দক্ষতা অর্জিত হয়। কিন্তু মানবসমাজের অস্তিত্ব, তার শান্তি ও সমৃদ্ধির জন্য জরুরি হলো সহযোগিতা। প্রতিযোগিতার মনোবৃত্তি ও দক্ষতা ব্যক্তিকে এগিয়ে যাওয়ার এবং উত্তরণের প্রেরণা দেয় আর সহযোগিতার মনোবৃত্তি তাকে মানবসমাজের সব অর্জন ও সম্ভাবনাকে লালন করা, সার্থক করে তোলার প্রেরণা দেয়। মানুষের এই মনোবৃত্তির বিকাশ ঘটে সংস্কৃতিচর্চার মধ্য দিয়ে। এভাবেই সে মিশতে শেখে, তার মধ্যে অন্যদের জন্য মমতা ও প্রীতি তৈরি হয়, দলে-মিলে কিছু করার আনন্দ তার মনকে স্বস্তিতে রাখে ও সুন্দর করে। সংস্কৃতিচর্চা শিশুমনে দেশাত্মবোধ-মানবতাবোধ তৈরি করে, শিশু দায়িত্ব নিতে শেখে, তাদের মধ্যে নেতৃত্বগুণের বিকাশ ঘটে। এভাবেই তারা সুন্দর মানুষ ও সুনাগরিক হয়ে উঠবে। সাংস্কৃতিক সাক্ষরতায় সমৃদ্ধ শিশুর পরবর্তীকালে সন্ত্রাস, ইভ টিজিংসহ অন্যান্য বিপথগামিতায় লিপ্ত হওয়ার আশঙ্কা হ্রাস পায়।
এভাবে শৈশবকাল অতিবাহিত হলে সেই সব শিশুর ভালোবাসা ও ভালো লাগার অনেক বিষয় তৈরি হবে। তারা যুগপৎ অনেক বিষয় চর্চাও
করতে পারবে। একই শিশু সাহিত্য পাঠ করে, গান গেয়ে, ফুটবল খেলে সমান আনন্দ পাবে। এ বয়সে আরও নানা বিষয়ে আগ্রহ জন্মাতে পারে। দেখা যাবে অতি চঞ্চল মেয়ে বাগান করে গাছের যত্ন নিতে নিতে অনেক শান্ত ও ধীরস্থির চিন্তাশীল হয়ে উঠছে। এমনটা হতে পারে অন্য আরও অনেক ক্ষেত্র থেকে। অতি লাজুক, অন্তর্মুখী, গুটিয়ে থাকা ছেলে দেয়াল পত্রিকা তৈরি করতে গিয়ে নিজেকে মেলে ধরার পথ খুঁজে পায়। কেউ হয়তো নাটকে অভিনয় করে যে আত্মবিশ্বাস পায়, তার প্রভাব পড়বে তার পড়ালেখাতেও।
স্কুল শিশুর বিকাশের সব চাহিদা পূরণ করতে পারে না। অতীতে স্কুলে পড়ালেখার পাশাপাশি অনেক রকম সাংস্কৃতিক কার্যক্রম হতো বটে, তবে যৌথ পরিবারের সুবিধা এবং আরও বেশি পাড়ার সুবিধা, খুব কাজে লাগত। পাড়াকে ঘিরেই ক্লাব গঠিত হতো, পাঠাগার তৈরি হতো, খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হতো। আর খুব গুরুত্বপূর্ণ হলো তখন পাড়ায় পাড়ায় জাতীয় শিশু সংগঠনের সক্রিয় শাখা থাকত। মুকুল ফৌজ, খেলাঘর, কচি-কাঁচার আসর একসময় শিশুবিকাশের সুস্থধারা তৈরিতে স্কুলের চেয়েও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। এগুলো নিষ্ক্রিয় হয়ে পড়া নিয়ে অনেক কথা হয়, কিন্তু সত্যি তো জানা দরকার, শিশুবিকাশের এমন হাতিয়ার আমরা কীভাবে হারালাম আর হারাতে দিলামই-বা কেন?
সমস্যাগুলো বোধ হয় এ রকম—শহরে আগের মতো পাড়ার অস্তিত্ব আর থাকছে না, পড়াশোনাকেই শিশুবিকাশের একমাত্র মাধ্যমের মর্যাদা দিচ্ছে রাষ্ট্র ও সমাজ, আর তাই সব সহপাঠ কার্যক্রমে বাধা পড়ছে, সামাজিক পরিবেশের অবক্ষয় ঘটেছে, অভিভাবকদের অনাগ্রহ এবং অতীতের মতো দক্ষ নিবেদিত সংগঠকের অভাব সমস্যাকে প্রকট করেছে। হয়তো সব কারণই সত্য, তবে আমার মনে হয় পড়াশোনার পাশাপাশি সংস্কৃতিচর্চার প্রতি রাষ্ট্র ও সমাজ যথাযথ গুরুত্ব দিলে বাকি বাধাগুলো কাটানো সহজ হতো। স্কুলপর্যায়ের পরীক্ষা ও তার ফলাফল নিয়ে এ রকম মাতোয়ারা জাতি পৃথিবীতে আর একটি আছে কি না সন্দেহ। কিন্তু একটি ডানা ছেঁটে রেখে কীভাবে আমরা ভারসাম্যপূর্ণ পরিণত সমাজ তৈরি করব?
দ্বিতীয় একটি বাধা মা-বাবা, অর্থাৎ দেশের বয়োজ্যেষ্ঠ সব নাগরিকের মধ্যেই কাজ করছে। সবাই সন্তানের মানুষ হওয়ার কাজটি অন্যদের দায়িত্বে অর্পণ করতে চান। নিজেদের দায়িত্ব ও ভূমিকার গুরুত্ব নিয়ে কেউ ভাবেন না। স্কুল আর কোচিং সেন্টার বা টিউটর শিশুর সিংহভাগ সময় কেড়ে নিচ্ছে। একটু বড় হলে তাকে ল্যাপটপ-অ্যান্ড্রয়েড ফোন ধরিয়ে দিয়ে তাঁরা নিশ্চিন্ত হতে চান। এ ধারা আজ নিতান্ত দরিদ্র পরিবার ছাড়া সিংহভাগ শিশুর জীবনে সত্য। এভাবে শিশুদের প্রতিযোগী সত্তা শাণদার হতে পারে, তাদের জয়ের ইচ্ছা প্রবল হবে। কিন্তু এ হলো আত্মকেন্দ্রিক জীবনের পথ। জীবনচর্চার এমন সংকীর্ণ গণ্ডিতে থেকে সংবেদনশীল বয়সের শিশু-কিশোরেরা জীবনের হোঁচট, আঘাত, ব্যর্থতাকে সামলানোর কোনো বিকল্প পথের সন্ধান জানবে না।
এভাবে সংকীর্ণ মানস থেকে যখন ধর্মের পথেও কেউ আসে তার পক্ষে আত্মকেন্দ্রিক অর্থাৎ নিজের পালনীয় এবং ব্যক্তিগত পুণ্যার্জনের সংকীর্ণ চিন্তার বাইরে এসে ধর্মের যে উদার মানবিক দর্শন ও বাণী থাকে তা অনুধাবন ও অনুসরণ করা সম্ভব হয় না। ফলে এদের পক্ষে জঙ্গি ও সাম্প্রদায়িক হয়ে পড়ার আশঙ্কা থাকে যথেষ্ট।
এভাবে বেড়ে উঠে তারুণ্যে পৌঁছাতে পৌঁছাতে ওরা ঢোকে কলেজে, বিশ্ববিদ্যালয়ে। তখনো এদের একটি ডানা পোক্ত আর অপর ডানাটি দুর্বল, অপুষ্ট। কিন্তু এ বয়সে ওরা তো অত্যন্ত সংবেদনশীল, নিজেদের নিয়েও নানা চিন্তা মনে হানা দেয়, শরীরও ভোগায়, আবার সমাজ ও বিশ্বের চলমান নানা বিষয় মন ছুঁয়ে যায়, মনকে বিচলিত করে। এ সময়ে ওদের মনে তীব্র আবেগ থাকে আপনাকে ছাপিয়ে ওঠার জন্য, মহৎ আদর্শে আত্মত্যাগের জন্য। কিন্তু সে রকম উপযুক্ত আদর্শ, যথাযোগ্য আদর্শবান ব্যক্তি কি তার সামনে আছে? অতীতে রাজনীতি ও সামাজিক অঙ্গন কি শিল্প-সাহিত্য ও সংস্কৃতির অঙ্গন থেকে এমন মানুষের দেখা মিলত। এখন রাজনীতি আদর্শকে বিদায় দিয়ে ক্ষমতা ও সুবিধাবাদ চর্চার জায়গা হয়ে উঠেছে। সমাজে কোনো অভিভাবক নেই, সবাই ক্ষমতা ও বিত্তের পেছনে ছুটছেন, শিল্প-সাহিত্য ও সংস্কৃতির অঙ্গনেও ধস নেমেছে। তবু এর ভেতরেও কি যথার্থ উন্নত নৈতিকতার মানুষ নেই? মুশকিল হলো, থাকলেও সব ভেজালের এ সমাজে তরুণেরা বিশ্বাস হারিয়ে ফেলছে। কাকে বিশ্বাস করবে বা করা যায় তা এদের কে বলে দেবে? বিভ্রান্ত তরুণের মনে হতাশাও জন্মাচ্ছে, ক্ষোভও তৈরি হচ্ছে।
সাধারণত অধিকাংশ তরুণ আপন গণ্ডি ভাঙতে সাহস পায় না। কিন্তু অনেকেই থাকে, যারা ব্যক্তিগতভাবে কিংবা সঙ্গ ও পরিবেশের কারণে হতাশা কাটাতে বা ক্ষোভের জ্বালা মেটাতে গণ্ডি ভাঙতে উদ্যত হয়। এদের মধ্যে একটু গুটানো স্বভাবের যারা বাইরে ঝামেলায় জড়াতে চায় না, তারা নেশার খপ্পরে পড়ে যেতে পারে। আর যারা দুঃসাহসী বেপরোয়া তারা উদ্বুদ্ধ হয় এমন কিছু করতে, যা প্রভাব ফেলবে তার ক্ষুদ্র গণ্ডি ছাপিয়ে বৃহত্তর অঙ্গনে। এমন তরুণেরা নানা বিপ্লবী আদর্শে ঝাঁপিয়ে পড়ে, যার মধ্যে সমাজতান্ত্রিক বিপ্লবের স্বপ্নভঙ্গের পরে আজ ইসলামি বিপ্লবের স্বপ্ন জোরদার হয়েছে।
এ বিষয়টির ক্ষেত্রে আমাদের অবশ্যই আন্তর্জাতিক প্রভাবের কথাও ভাবতে হবে। প্রথম মহাযুদ্ধের পর থেকেই সাম্রাজ্যবাদী পশ্চিমের ভূমিকা নিয়ে সচেতন মর্যাদাশীল মুসলিম-মানসে সংশয়-সন্দেহ ছিলই। তারা বিভিন্ন তেলসমৃদ্ধ মুসলিম রাষ্ট্রে তাঁবেদার সরকার বসিয়ে আপন স্বার্থ রক্ষা করছিল। আফগানিস্তান-ইরাক-লিবিয়া এবং অধুনা সিরিয়ায় তাদের ভূমিকা মুসলিম-মানসের সংশয়কে তীব্র ক্ষোভে রূপান্তরিত করেছে। এ সময় অনেক ইসলামি জঙ্গি সংগঠন গজিয়ে উঠেছে এবং তারা অনেক দুঃসাহসী অভিযানের মাধ্যমে কিছু চমকপ্রদ সাফল্যও দেখিয়েছে। এদের মধ্যে কারা সাম্রাজ্যবাদের সৃষ্ট ও তাদের পুষ্ট তা ভাবার ও ধরিয়ে দেওয়ার মতো রাজনীতি আজ সমাজে নেই।
তা ছাড়া মুসলিম বিশ্বের সংকটের পেছনে একদিকে মুসলিম রাজনৈতিক ও ধর্মীয় নেতৃত্বের ভুল, আপসকামিতা আর অন্যদিকে সাম্রাজ্যবাদের আগ্রাসী ভূমিকার কথা আলোচনায় আসছে না। অথচ কি যুক্তরাজ্য কি যুক্তরাষ্ট্র উভয় দেশের দায়িত্বশীল মহলের ভাষ্য হচ্ছে ইরাক বা লিবিয়ায় আক্রমণ মারাত্মক ভ্রান্তি ও অন্যায় ছিল। কিন্তু ভ্রান্ত নেতৃত্বের কারণে কিংবা কোনো চক্রান্তের শিকার হয়ে তরুণেরা এর রাজনৈতিক তাৎপর্য ও প্রতিরোধের প্রতি গুরুত্ব না দিয়ে একে ধর্মীয় উন্মাদনার পথে টেনে নিচ্ছে। এতে তারা মহৎ আদর্শের জন্য আত্মত্যাগের শ্লাঘা অর্জন করলেও সাম্রাজ্যবাদবিরোধী রাজনীতি ছাড়া তাদের সার্থকতা মিলবে না। এভাবে তারাই কেবল আত্মঘাতী হবে না, মুসলিম সমাজের সংকট আরও গভীরতর হবে। পশ্চিমা বিশ্ব অবস্থা বুঝে কখনো এই দল, কখনো ওই দলকে অস্ত্র ও অর্থ সরবরাহ করবে আর সংকট জিইয়ে রেখে আপন স্বার্থ হাসিল করে যাবে।
এটা মুক্তিযুদ্ধের ফসল বাংলাদেশের পরিণতি কিছুতেই হতে পারে না।
আবুল মোমেন: কবি, প্রাবন্ধিক ও সাংবাদিক।