জঙ্গিবাদের বিপদ ও বর্তমান বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে জিহাদি বা জঙ্গিদের তৎপরতা আবার বাড়ছে। এ রকম একটি প্রেক্ষাপটে ব্রিটিশ দৈনিক ‘দ্য গার্ডিয়ান’ ১৬ সেপ্টেম্বর একটি তাৎপর্যপূর্ণ প্রতিবেদন প্রকাশ করেছে। এর প্রধান বৈশিষ্ট্য হলো জঙ্গিবাদ উসকানো কিংবা তাকে ছড়িয়ে দেওয়ার ব্যাপারে খোদ ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের সরকারকেই কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে। তবে প্রতিবেদনটি পড়ে আমার বার্টিল লিন্টনারের ফার ইস্টার্ন ইকোনমিক রিভিউর সেই নিবন্ধটির কথা মনে পড়েছে। তখনো বাংলা ভাই ও তাঁর জেএমবি ৬৪ জেলায় বোমা ফাটায়নি। ওই নিবন্ধে বাংলাদেশে জঙ্গিবাদের উত্থানের ব্যাপারে পরিষ্কার ইঙ্গিত করা হয়েছিল। বিএনপি-জামায়াত সরকার তখন তাতে সচকিত হওয়ার চেয়ে বরং বার্টিল লিন্টনার কার এজেন্ট, সেটা খুঁজতেই বেশি মনোযোগী হয়ে পড়েছিল।
আন্তর্জাতিক সন্ত্রাসবাদের সঙ্গে কোনো না কোনোভাবে বাংলাদেশি কিংবা বাংলাদেশি বংশোদ্ভূত লোকজনের নাম যুক্ত হচ্ছে। নতুন উপদ্রব হলো চীনের শিংচিয়ানের উইগুর মুসলিম জঙ্গিদের এক কুশীলব থাইল্যান্ডের হিন্দু মন্দিরে বোমা হামলার পরিকল্পনা করে ঢাকায় এসে ঘাঁটি গেড়েছিলেন।
‘গার্ডিয়ান’ প্রতিবেদন বলছে, নিরাপত্তা বিশ্লেষক, গোয়েন্দা বিশেষজ্ঞ এবং ঢাকার সাবেক কর্মকর্তারা হুঁশিয়ার করে দিয়েছেন যে, ‘বাংলাদেশ যেটি কিনা দারুণভাবে দরিদ্র, ১৬ কোটি মানুষ নিয়ে নিম্ন মধ্যম আয়ের দেশ, সেটি ক্রমবর্ধমানভাবে ‘রাইপ ফর রেডিক্যালাইজেশন’। এ কথার সরল মানে কি এই যে, ‘বাংলাদেশ নতুন করে একটি উগ্রপন্থা উত্থানের দ্বারপ্রান্তে?’
এরপর তাঁরা যা বলেছেন, তা আরও চিন্তার বিষয়। বিএনপির হিংসাত্মক অবরোধ কর্মসূচি নেই, এমনকি তাদের বা মৌলবাদী জামায়াতে ইসলামীর তরফে অন্তত প্রকাশ্যে বড় ধরনের কোনো কর্মসূচির যেখানে আলামত নেই। যুদ্ধাপরাধের বিচারের পর জামায়াত বড় বেশি দুর্বল। বিএনপি একই কারণে ততটা না হলেও সন্দেহাতীতভাবে বিপর্যস্ত। তাদের মাজা ভেঙে গেছে। জাতীয় পার্টি সরকারের অংশ। সেখানে আমরা কোথায় নিরাপত্তা বোধ বেড়ে যাওয়ার মতো কথা শুনব, কিন্তু তা নয়। ‘গার্ডিয়ান’ বলছে, অভ্যন্তরীণ সন্ত্রাসী ঘটনা কমে গেছে সেটা ঠিক। কিন্তু তাতে নিরাপদ বোধ করার কারণ নেই। পত্রিকাটির মতে, জেএমবির সেলগুলো ক্রমশ সক্রিয় হতে শুরু করেছে। ‘গার্ডিয়ান’ বলেছে, ‘সুন্নি মুসলিম অধ্যুষিত বাংলাদেশ এমন একটি মৌলবাদী পুনরুজ্জীবনের পথে রয়েছে, যা পাকিস্তান ও মধ্যপ্রাচ্যের একাধিক দেশের মতো পরিস্থিতির সঙ্গে তুলনীয়।’ এর আলোকে একটি প্রশ্ন কি এ রকমভাবে দাঁড় করানো চলে যে, বাংলাদেশ পাকিস্তান হওয়ার হুমকিতে আছে? এমন আশঙ্কার আদৌ কোনো ভিত্তি থাকলে আমাদের অর্জন কোথায়?
বৈশ্বিক জিহাদবাদ বা জঙ্গিবাদ কোনো একটি ভূখণ্ডের নিজস্ব সমস্যা হিসেবে চাপা থাকছে না। তবে এর মধ্যে যেসব রাষ্ট্র যত বেশি ভঙ্গুর ও নাজুক থাকবে, তার বিপদ তত বেশি। যেখানে গণতন্ত্র, সুশাসন ও আইনের শাসন যত বেশি কম বা শিথিল থাকবে, সেখানে ধর্মের নামে অধর্ম বা তার অপব্যবহার তত বেশি ঘটবে।
আজ ইয়েমেনের শিয়া বিদ্রোহীদের গোলায় বাংলাদেশিদের রক্ত ঝরেছে। সৌদি আরবের হাসপাতালে তারা হামলা চালিয়েছে। সে কারণে বাংলাদেশিরাও হতাহত হয়েছেন বলে খবর বেরিয়েছে। ক্ষমতা ও সম্পদের ভাগাভাগি নিয়ে বৈষম্য তথা গণতন্ত্রের সংকটে ভুগতে ভুগতে ইয়েমেন সমাজ ভেঙে গেছে। ইয়েমেনের ‘নির্বাচিত’ রাষ্ট্রপতি হাদি সৌদি আরবে নির্বাসিত। গত মার্চ থেকে সৌদি আরবের নেতৃত্বে বহুজাতিক বাহিনী হাদির বিরোধী শক্তির নেতৃত্বাধীন বাহিনীর সঙ্গে সংঘাতে লিপ্ত। চার হাজারের বেশি মানুষ নিহত হয়েছে, যার মধ্যে ৪০০ই শিশু। ১৫ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে।
দলীয় ও গোত্রকরণে ইয়েমেনের সমাজ ও রাষ্ট্র অনেক আগেই দ্বিখণ্ডিত হয়ে গিয়েছিল। নিরপেক্ষভাবে কোনো প্রতিষ্ঠান গড়ায় তাঁদের কারও মন ছিল না। তাঁদের নেতাদের মন পড়ে থাকত ক্ষমতা ও মসনদের জন্য। তাই সেখানে ‘নির্বাচিত’ রাষ্ট্রপতিকে জনতা পাহারা দিতে পারেনি, তাঁর পক্ষে নিরাপত্তা পরিষদের রেজুলেশন লেগেছে। আর হাদিবিরোধী শিয়া বিদ্রোহীদের জন্য বিদেশি জিহাদি ইসলামি যোদ্ধা লেগেছে।
দেশের মানুষ দিয়ে নিজেদের সমস্যা নিজেরা সমাধানের কোনো রাস্তা খোলা রাখেননি ইয়েমেনি নেতারা। এ অবস্থা নিশ্চয় এক দিনে সৃষ্টি হয়নি। অথচ ভ্রাতৃঘাতী যুদ্ধে তাঁরা ধর্মকে ঠিকই ব্যবহার করছেন। ক্ষমতাচ্যুত রাষ্ট্রপতি হাদির প্রতিপক্ষ বিদ্রোহীরা শিয়া মতাবলম্বী, তাদের সমর্থন দিচ্ছে শিয়া সংখ্যাগরিষ্ঠের দেশ ইরান। আর আল কায়েদা গ্রুপ হাদিবিরোধী তথাকথিত জিহাদে শিয়াদের পক্ষে যুদ্ধে শরিক হতে বিদেশি যোদ্ধাদের আমন্ত্রণ জানাচ্ছে। সাড়াও মিলছে। তাই ইয়েমেনের বিদ্রোহীদের পক্ষে বাংলাদেশি যোদ্ধাদের কারও সন্ধান পেলে অবাক হব না।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথা দিয়ে ‘গার্ডিয়ান’ তার আলোচ্য প্রতিবেদনটির সূচনা করেছে। আর তাতে বলা হয়েছে, ‘বিশ্বের তৃতীয় বৃহত্তম মুসলিম দেশে ব্রিটিশ জিহাদিরা উগ্রপন্থা উসকে দেওয়ার উদ্বেগের মধ্য দিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনকে হুঁশিয়ার করে দিয়েছেন যে, তাঁর উচিত হবে উগ্রপন্থা অবদমনে আরও বেশি কিছু করা।’
এই প্রতিবেদনটির শিরোনাম হলো, ‘ঢাকা মনে করে বাংলাদেশে ব্রিটিশ জিহাদিরা উগ্রপন্থা উসকে দিচ্ছে।’ ব্রিটেনের উগ্রপন্থীরা কি বিদেশি রাষ্ট্রের উদ্বেগের কারণ হচ্ছে? এর উত্তরে ক্যামেরনের মুখপাত্র বলেন, ‘আমি মনে করি না যে এ বিষয়ে নির্দিষ্ট কোনো নথিপত্র আমি দেখেছি। তবে আপনি যদি “ইসলামি রাষ্ট্রের” নিয়োগ দেখেন, তাহলে দেখবেন কি ইউরোপ, কি এশিয়ার বহু দেশই এ রকম সমস্যায় ভুগছে।’ এই মন্তব্যের কিন্তু ভিত্তি আছে।
দ্য মেকিং অব ইউরোপিয়ান ফরেন ফাইটার্স নামে গত বছরের অক্টোবরে তুরস্কে একটি বই বেরিয়েছে। ড. তানকে কারদাস ও ওমর বেহরাম জামির নামের দুই লেখক তাতে তথ্য দিয়েছেন যে, ৮০টি দেশ থেকে ৩০ হাজার বিদেশি যোদ্ধা সিরিয়ায় অংশ নিয়েছেন। সিআইএ বলেছে, ‘আইসিসের ২০ থেকে ৩০ হাজার জঙ্গির মধ্যে পশ্চিম ইউরোপ থেকে ২৫০০ ও যুক্তরাষ্ট্র থেকে এক ডজন অংশ নিয়েছে। আর কয়েক শ রাশিয়া থেকে এসেছে বলে বিশ্বাস করা হয়।’ সুতরাং দেখা যাচ্ছে অকার্যকর রাষ্ট্রগুলোই জঙ্গি তৈরির কারখানা নয়। সেদিক থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হুঁশিয়ারিরও ভিত্তি আছে।
ইরাকে বিদেশি যোদ্ধারা লড়েছিলেন। সেখান থেকে সিরিয়ার ‘ইসলামিক স্টেট’ আরও বেশি ‘বিদেশি যোদ্ধাদের আকৃষ্ট করল। ইরাক ও সিরিয়ায় ৩০ বাংলাদেশির উপস্থিতির সঙ্গে আমাদের অভ্যন্তরীণ অস্থিতিশীলতার সম্পর্ক কতটুকু?
আমাদের সবার পক্ষে ‘গার্ডিয়ান’-এর ওই সরেজমিন প্রতিবেদনটিকে একটি ওয়েক আপ কল হিসেবে নেওয়াটা সমীচীন। ‘গার্ডিয়ান’কে শাহরিয়ার কবিরের মন্তব্য, ‘জামায়াত সব সন্ত্রাসের গডফাদার।’ তবে সমাজে সন্ত্রাসের আরও গডফাদার, আরও উদ্বেগজনক উৎস আছে।
‘গার্ডিয়ান’-এর দুই প্রতিবেদক সাইমন টিসডার ও অ্যানা রিদোত আরও মারাত্মক পর্যবেক্ষণ তুলে ধরেছেন, ‘ নাগরিক স্বাধীনতায় নেতিবাচক প্রভাব সত্ত্বেও ব্রিটেন ও মার্কিন যুক্তরাষ্ট্র সন্ত্রাস দমনে বাংলাদেশ সরকারের কঠোর অবস্থানকে পৃষ্ঠপোষকতা দিচ্ছে। কিন্তু ঢাকার ভেতরের খবর রাখেন এমন মহল বলছে, তাঁরা একটি বৃহৎ দৃশ্যপট খেয়াল করছেন না। রাডারের নিচে দেখা যাচ্ছে তরুণ প্রজন্মের মধ্যে ব্যাপকভিত্তিক রেডিকালাইজেশন প্রবণতা।’
এ থেকে উত্তরণের পথ কী? অধিকতর গণতন্ত্রচর্চা তো বটেই।