জঙ্গিবাদের বিরুদ্ধে তরুণদের না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্প্রতি ইস্টওয়েস্ট ইউনিভার্সিটির আইন বিভাগের উদ্যোগে ‘সন্ত্রাসবাদ ও তারুণ্য’ শিরোনামে এক হাজার শিক্ষার্থীর মধ্যে একটি জরিপ করা হয়। এই জরিপে যেসব চমকপ্রদ তথ্য বেরিয়ে এসেছে তা আলোচনা ও বিশ্লেষণের দাবি রাখে। আশার কথা, জরিপে অংশগ্রহণকারী ৮৯ দশমিক ৮ শতাংশ শিক্ষার্থী জানিয়েছেন, তাঁরা সন্ত্রাসবাদকে সমর্থন করেন না। তাহলে কি ১০ দশমিক ২ শতাংশ জঙ্গিবাদ বা জঙ্গিবাদকে সমর্থন করে? জরিপের এই তথ্য সঠিক হলে আমাদের চিন্তিত হওয়ার যথেষ্ট কারণ আছে। জঙ্গিবাদ এমনই সংক্রমণ ব্যাধি যে সমাজে একজন ব্যক্তিও এর সমর্থক বা অনুসারী হলে মহা বিপদ ডেকে আনতে পারে।
গত ২৭ অক্টোবর থেকে ৩ নভেম্বর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া এক হাজার তরুণের ওপর এই জরিপ পরিচালনা করা হয়, যাঁদের বেশির ভাগ নির্দ্বিধায় মতামত দিয়েছেন। এতে ধারণা করা যায় যে তাঁরা সন্ত্রাসবাদের বিরুদ্ধে কথা বলতে ভয় পান না। এই ভয় জয় করা তরুণেরাই দেশের ভবিষ্যৎ।
জরিপে অংশগ্রহণকারীদের মধ্যে ১৮ বছর বয়সী ২২ শতাংশ, ১৯ বছর বয়সী ৯ দশমিক ৯ শতাংশ, ২০ বছর বয়সী ২৪ দশমিক ৩ শতাংশ, ২১ বছর বয়সী ২৫ শতাংশ, ২৪ বছর বয়সী ৩ দশমিক ৬ শতাংশ এবং ২৫ বছর বা তদূর্ধ্ব ৫ দশমিক ৯ শতাংশ। আমরা যাঁদের তরুণ বলি তাঁরা সবাই সেই কাতারে পড়েন।
জরিপে অংশগ্রহণকারী যেসব তরুণ জঙ্গিবাদকে না বলেছেন, আমরা তাঁদের অভিবাদন জানাই। কিন্তু যে তরুণেরা এখনো কোনো না কোনোভাবে জঙ্গিবাদ-সন্ত্রাসবাদের প্রতি আচ্ছন্ন আছেন, তাঁদের নিয়ে উদ্বিগ্ন হওয়ার যথেষ্ট কারণ আছে। জরিপে জঙ্গিবাদে আকৃষ্ট হওয়ার কারণ হিসেবে পারিবারিক অসচেতনতা, রাজনীতির সঙ্গে সম্পর্ক, বেকারত্ব, ধর্মীয় বিষয়ে অজ্ঞতা, সামাজিক হতাশা, শিক্ষাব্যবস্থার ত্রুটিকে চিহ্নিত করা হয়েছে। এক সময় এ ধারণা দেওয়া হতো যে দারিদ্র্যের কারণে তরুণেরা সন্ত্রাসবাদে যুক্তি হচ্ছেন। কিন্তু হলি আর্টিজানসহ বিভিন্ন স্থানে যেসব জঙ্গি হামলা ঘটিয়েছে, তাঁদের আর্থিক অবস্থা মোটেই অসচ্ছল নয়।
আমাদের সংবিধানের ৩৯/১ অনুচ্ছেদ অনুযায়ী প্রত্যেক ব্যক্তির চিন্তা ও বিবেকের স্বাধীনতার কথা বলা আছে। কিন্তু এ কথার অর্থ এই নয় যে মানবতাবিরোধী জঙ্গি মতবাদের প্রচার বা তাকে সমর্থন করা যাবে। জঙ্গিরা যেমন তাদের মতবাদ জবরদস্তিমূলকভাবে অন্যদের ওপর চাপিয়ে দেয়, তেমনি যাঁরা তাদের সঙ্গে দ্বিমত পোষণ করেন, তাঁদের হত্যা করতেও দ্বিধা করে না। নিকট অতীতে বাংলাদেশে জঙ্গিদের হাতে যতগুলো হত্যার ঘটনা ঘটেছে, তার সবই ছিল পূর্বপরিকল্পিত। জরিপ পরিচালনাকারী ইস্টওয়েস্ট ইউনিভার্সিটির আইন বিভাগের চেয়ারপারসন অধ্যাপক তুরিন আফরোজ লিখেছেন, ‘সন্ত্রাসবাদের প্রভাব শুধু ব্যক্তি বা সমাজজীবনেই নয়, একটি জাতি বা রাষ্ট্রের অর্থনৈতিক জীবনেও তার বিস্তার ঘটায়।’
বাংলাদেশের তরুণেরা যে সন্ত্রাসবাদকে ঘৃণা করেন, তার প্রমাণ পাওয়া গেছে ১ জুলাই হলি আর্টিজানে জঙ্গিদের নৃশংস হামলা ও হত্যাকাণ্ডের পর। প্রাথমিক বিদ্যালয় থেকে বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া শিশু-কিশোর-তরুণ এই নৃশংসতার বিরুদ্ধে তাঁদের শক্ত অবস্থানের কথা বিশ্বসম্প্রদায়কে জানিয়ে দিয়েছেন। তাঁরা মিছিল করে, সমাবেশে যোগ দিয়ে, মানববন্ধনে পরস্পর হাত রেখে নিহত ব্যক্তির স্বজনদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন। একই ভাবে ঘাতকদের প্রতি ছুড়ে দিয়েছেন ঘৃণা। পৃথিবীর অন্য যেসব দেশে জঙ্গিরা নৃশংসতা ঘটিয়েছে, সেসব দেশে সব শ্রেণি-পেশার মানুষ কিন্তু এভাবে রাজপথে নেমে আসেননি। শিল্পপ্রতিষ্ঠানের পাশাপাশি তৈরি পোশাকশিল্পে কর্মরত স্বল্প মজুরির শ্রমিকেরাও জঙ্গিবাদের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন। এই শ্রমিকদের ৯০ শতাংশ নারী। আর ওই জঙ্গিগোষ্ঠী কখনোই নারীর ঘরের বাইরে আসাকে পছন্দ করে না।
যে দেশের সব আন্দোলন-সংগ্রামে তরুণেরা নেতৃত্ব দিয়েছেন, সে দেশে কখনোই মৌলবাদ-জঙ্গিবাদ শিকড় গাড়তে পারে না। আমরা স্মরণ করতে পারি, বায়ান্নর ভাষা আন্দোলনে এ দেশের তরুণেরাই নেতৃত্ব দিয়েছিলেন। একুশে ফেব্রুয়ারি ১৪৪ ধারা ভাঙা হবে কি হবে না প্রশ্নে যখন রাজনৈতিক নেতৃত্ব দ্বিধাগ্রস্ত, তখন ছাত্র-তরুণেরাই সরকারি নিষেধাজ্ঞা অগ্রাহ্য করে মিছিল নিয়ে রাজপথে নামার সিদ্ধান্ত নেন। সৃষ্টি হয় ইতিহাস। ষাটের দশকের শুরুতে আইউবের দোর্দণ্ড প্রতাপে যখন রাজনৈতিক নেতৃত্ব দিকহারা, তখন এই তরুণেরা রাজপথে নেমে এসেছিলেন গণবিরোধী শরিফ শিক্ষা কমিশন বাতিলের দাবিতে। শিক্ষা আন্দোলন রূপ নেয় গণ-আন্দোলনে। আরও পরে ছয় দফার পথ ধরে উনসত্তরে এ দেশের তরুণেরা গণ-অভ্যুত্থানের মাধ্যমে আইউব শাহির পতন ঘটান। ১৯৭১ সালের অসহযোগ আন্দোলনের সময়েও যখন রাজনৈতিক নেতৃত্ব নানা হিসাব-নিকেশে ব্যস্ত ছিলেন, তখন তরুণেরা বজ্র নির্ঘোষে জানিয়ে দিলেন ‘স্বাধীনতার কম কিছু আমরা মানব না।’ স্বাধীনতার পর নব্বইয়ে স্বৈরাচারবিরোধী আন্দোলনের শেষ পর্যায়ে এই তরুণেরাই সর্বদলীয় ছাত্র জোট গঠন করে রাজনৈতিক নেতৃত্বকে বাধ্য করেছিলেন মতৈক্যে আসতে।
বাংলাদেশের তরুণদের অভাব আছে, দারিদ্র্য আছে, চাকরি না পাওয়ার কষ্ট আছে, কিন্তু তাঁরা জঙ্গিবাদ বা মৌলবাদের কাছে হার মানতে রাজি নন। বাংলাদেশে জঙ্গিবাদীরা প্রকাশ্যে তৎপরতা চালাচ্ছে দুই দশকেরও বেশি সময় ধরে। কখনো ধর্মের নামে, কখনো ধর্মীয় সহানুভূতির নামে তারা মাঠে নামলেও জনসমর্থন পায়নি। ১৯৯৯ সালে উদীচীর সম্মেলনে বোমা হামলা করে ১০ জন শিল্পী ও শিল্পানুরাগীকে হত্যার পর এই জঙ্গিগোষ্ঠী একের পর এক মানবতাবিরোধী কাণ্ড ঘটাতে থাকে। শিক্ষার্থী, সংস্কৃতিসেবী, শিল্পী এবং মুক্তবুদ্ধির মানুষেরাই বরাবর নিশানায় পরিণত হয়েছেন। এই জঙ্গিগোষ্ঠীর বিরুদ্ধে লড়াইয়ে সফলকাম হতে হলে কারা এর পক্ষে, কারা এদের মদদ দিচ্ছে, কোথা থেকে এদের অর্থ ও অস্ত্র আসছে সেসব উদ্‌ঘাটন খুবই জরুরি।
হলি আর্টিজানের পর প্রায় ছয় মাস অতিবাহিত হয়েছে। এই ছয় মাসে দেশের কোথাও জঙ্গিবাদী হানার ঘটনা ঘটেনি। কিন্তু এতে আত্মতুষ্টির সুযোগ নেই। যেকোনো সময় তারা মরণ ছোবল হানতে পারে।
আবারও জরিপের কথায় ফিরে আসি। সন্ত্রাসবাদে দীক্ষা নেওয়া বা সমর্থন জানানোর কারণ হিসেবে অনেকে পারিবারিক অসচেতনতা বা উদাসীনতা, রাজনৈতিক প্রভাব বা আদর্শগত অবস্থান, তরুণদের বেকারত্ব, প্রকৃত ধর্ম বিষয়ে ‘অজ্ঞতা, সামাজিক যোগাযোগকে চিহ্নিত করেছে। সে ক্ষেত্রে সন্ত্রাসবাদের বিরুদ্ধে চলমান লড়াইয়ে জিততে হলে এর আর্থসামাজিক ও রাজনৈতিক ভিত উপড়ে ফেলতে হবে। আর এ জন্য চাই একটি যুক্তিনির্ভর, জ্ঞানঋদ্ধ ও বিজ্ঞানমনস্ক শিক্ষাব্যবস্থা। ২০১০ সালে সেই লক্ষ্যেই একটি শিক্ষানীতি চালু করা হলেও স্বার্থান্বেষী মহলের অপতৎপরতার কারণে সেটি পুরোপুরি বাস্তবায়ন করা যায়নি। পৃথিবীর কোনো দেশে উন্নত শিক্ষা ছাড়া উন্নত সমাজ তৈরির চিন্তা করা যায় না। তবে এই মুহূর্তে জঙ্গি হানার ঘটনা না ঘটলেও তরুণদের একাংশ যে বিভ্রান্ত সেটি লক্ষ করি, যখন দেখি ইউরোপ বা আমেরিকা থেকে উচ্চশিক্ষিত অনেক তরুণ সিরিয়ায় গিয়ে কথিত ধর্মযুদ্ধে শামিল হচ্ছেন। তাঁদের মধ্যে কয়েকজন বাংলাদেশি বংশোদ্ভূত তরুণ আছেন। তাই, মানবতা ও সভ্যতার শত্রু জঙ্গিবাদের বিরুদ্ধে আমাদের সতর্ক পাহারা এবং নিরন্তর যুদ্ধ জারি রাখতেই হবে।