জঙ্গিরা কি ঝাঁকের কই?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পুলিশের জঙ্গিবিরোধী অভিযানে গ্রেপ্তার হওয়া কয়েকজন
পুলিশের জঙ্গিবিরোধী অভিযানে গ্রেপ্তার হওয়া কয়েকজন

দেশজুড়ে পুলিশের ‘সাঁড়াশি অভিযান’ চলছে। সংবাদমাধ্যমে এটাকে ‘জঙ্গিবিরোধী অভিযান’ও বলা হচ্ছে। যে পরিপ্রেক্ষিতে এই ব্যাপক আটক অভিযান শুরু হয়েছে, তা থেকে এটা বেশ স্পষ্ট যে এর প্রধান লক্ষ্যবস্তু কথিত জঙ্গি বা গুপ্তহত্যাকারীরা, যাদের তৎপরতা অপ্রতিরোধ্যভাবে বাড়তে বাড়তে খোদ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পরিবার পর্যন্ত পৌঁছে গেছে।
কী পরিপ্রেক্ষিতে শুরু হলো এই অভিযান?
৫ জুন রোববার সকালে চট্টগ্রাম নগরীর খুব ব্যস্ত এলাকা জিইসি মোড়ে তিন মোটরসাইকেল আরোহীর ছুরির আঘাতে ও গুলিতে তাৎক্ষণিকভাবে খুন হলেন পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম। তিনি তাঁর শিশুপুত্রকে সঙ্গে নিয়ে বাসা থেকে হেঁটে যাচ্ছিলেন তাকে স্কুলের বাসে তুলে দেওয়ার জন্য। পরদিনের সংবাদপত্রের খবরে লেখা হলো, ‘উগ্রপন্থীদের একের পর এক হত্যাযজ্ঞের তালিকায় এবার যুক্ত হলেন জঙ্গি দমন অভিযানে সাহসিকতার জন্য পদকপ্রাপ্ত এক পুলিশ কর্মকর্তার স্ত্রী।’
এ ঘটনায় স্তম্ভিত হয়ে গেল সারা দেশ। অবশ্য ‘একই কায়দায়’ মানুষ হত্যার ঘটনা কিছুদিন পরপরই ঘটছে, নৃশংস খুনের শিকার মানুষের তালিকা দীর্ঘ থেকে দীর্ঘতর হয়ে চলেছে, কিন্তু এই হত্যাকাণ্ডের প্রতিক্রিয়া হলো খুব তীব্র। কারণ, খুন হয়েছেন এক পুলিশ সুপারের স্ত্রী। প্রতিক্রিয়া বেশি হলো সরকারের মধ্যে। ৮ জুন বুধবার সংসদের অধিবেশনে স্বয়ং প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে এই হত্যাকাণ্ড নিয়ে প্রশ্ন উঠল। এক নারী সাংসদের প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রী হুঁশিয়ারি উচ্চারণ করে বললেন, গুপ্তহত্যা করে কেউ পার পাবে না। এভাবে পরিবারের ওপর হাত দিতে শুরু করলে কারও হাতই থেমে থাকবে না। হত্যাকারী এবং তাদের প্রভু যে-ই হোক, তাদের আমরা রেহাই দেব না। (প্রথম আলো, ৯.৬.২০১৬)।
পরদিন বৃহস্পতিবার দুপুরে পুলিশ সদর দপ্তরে পুলিশের মহাপরিদর্শক এ কে এম শহীদুল হকের সভাপতিত্বে এক বৈঠক বসে। সেখানে সিদ্ধান্ত নেওয়া হয়, দেশব্যাপী পুলিশের এক বিশেষ অভিযান শুরু করা হবে, সেটা চলবে এক সপ্তাহ ধরে। বৃহস্পতিবার দিবাগত মধ্যরাত থেকেই শুরু হয় সেই অভিযান, তখন থেকে শনিবার পর্যন্ত গ্রেপ্তার করা হয় ৩ হাজার ১৫৫ জনকে। গতকাল মঙ্গলবার প্রথম আলোয় প্রকাশিত প্রতিবেদন বলছে, এই অভিযানে সোমবার পর্যন্ত গ্রেপ্তার মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ৮ হাজার ৫৩২। সেদিনের বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী এই অভিযান যদি পুরো এক সপ্তাহ ধরেই চলে, তাহলে অভিযান শেষে মোট গ্রেপ্তারের সংখ্যা কোথায় গিয়ে পৌঁছাতে পারে, তা অনুমান করা যায়।
এখন প্রশ্ন হলো, গ্রেপ্তারকৃত এই বিপুলসংখ্যক মানুষের মধ্যে কথিত জঙ্গি, উগ্রপন্থী বা গুপ্তহত্যাকারী কতজন আছে, যাদের হাতে একের পর এক ‘একই কায়দায় মানুষ হত্যা চলেছে?’ প্রথম আলোর মঙ্গলবারের প্রতিবেদনটিতে পুলিশ কর্তৃপক্ষের বরাত দিয়ে লেখা হয়েছে, চলমান বিশেষ অভিযানের প্রথম তিন দিনে গ্রেপ্তারকৃত ওই সাড়ে আট হাজার মানুষের মধ্যে মাত্র ১১৯ জন আছে, যাদের পুলিশ জঙ্গি বলছে। অর্থাৎ, মূলত জঙ্গি ধরার লক্ষ্যে পরিচালিত এই বিশেষ অভিযানে এ পর্যন্ত যে ৮ হাজার ৪১৩ জন মানুষকে গ্রেপ্তার বা আটক করা হয়েছে, খোদ পুলিশ কর্তৃপক্ষই তাদের জঙ্গি বলছে না।
তাহলে এই অভিযানের সারবত্তা কী? এ রকম সিদ্ধান্ত গ্রহণের পেছনের যুক্তিগুলোই বা কী?
সরল সাধারণ দৃষ্টিতে মনে হতে পারে, এটা সরকার বা পুলিশ কর্তৃপক্ষের তরফ থেকে একটা প্রতিক্রিয়া। একজন পুলিশ সুপারের স্ত্রীর নৃশংস হত্যাকাণ্ডের পাল্টা প্রতিক্রিয়া। জাতীয় সংসদে স্বয়ং প্রধানমন্ত্রীর হুঁশিয়ারি উচ্চারণের পরদিনই এই অভিযান শুরু হয়েছে বলে এটাকে সরকারের প্রতিক্রিয়া বলে মনে করার সুযোগ আরও বেড়েছে। এ কথা বলার অর্থ অবশ্য এটা বলা নয় যে প্রতিক্রিয়া দেখানো খারাপ, কিংবা অপরাধীদের ধরার জন্য অভিযান চালানো উচিত নয়। প্রশ্ন হচ্ছে, চলমান বিশেষ অভিযানের সারবত্তা ও কৃতিত্ব কী? জাল ফেলে মাছ ধরার মতো করে ‘অভিযান’ চালিয়ে গুটি কয়েক সন্দেহভাজন অপরাধী আর বিপুলসংখ্যক নিরীহ-নিরপরাধ মানুষকে পাইকারি হারে গ্রেপ্তার করার মধ্যে কী কৃতিত্ব রয়েছে? এটা থেকে সরকারের নীতিনির্ধারকেরা কী সুফল প্রত্যাশা করছেন?
আরও একটা বিষয় খেয়াল করা প্রয়োজন। শোনা যাচ্ছে, সাম্প্রতিক গুপ্তহত্যাগুলো সম্পর্কে সব তথ্য সরকারের কাছে আছে, গোয়েন্দাদের কাছে আছে। তা থাকারই কথা। গোয়েন্দারা বসে নেই, বসে থাকার কথাও নয়।
তাহলে প্রশ্ন ওঠে, সব তথ্যই যদি সরকার ও গোয়েন্দাদের কাছে থেকে থাকে, তাহলে গুপ্তহত্যাকারী ও তাদের ‘প্রভু’দের ধরতে গিয়ে কেন সাড়ে আট হাজার মানুষকে ধরতে হলো? গ্রেপ্তার হওয়া লোকদের মধ্যে যে মাত্র ১১৯ জনকে পুলিশ জঙ্গি বলে দাবি করছে, তাদের গ্রেপ্তার করতে গিয়ে কেন আরও আট হাজারের বেশি মানুষকে গ্রেপ্তার করার প্রয়োজন হলো? যদিও পুলিশ বলছে, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে প্রায় আড়াই হাজার ব্যক্তির বিরুদ্ধে ইতিমধ্যে পরোয়ানা ছিল এবং মাদক, অবৈধ অস্ত্র ইত্যাদি অভিযোগে দায়ের করা মামলার আসামি আছেন মোট ৪৫৪ জন। তার পরেও তো প্রায় পাঁচ হাজার মানুষ থেকে যাচ্ছেন, যাঁদের গ্রেপ্তার করার পেছনে কোনো সুনির্দিষ্ট অভিযোগ পুলিশ দেখাতে পারেনি।
পুলিশের দেওয়া হিসাব অনুযায়ী, এই অভিযানে এ পর্যন্ত গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ২৭ জন আছেন, যাঁরা বিএনপির নেতা-কর্মী, জামায়াত-শিবিরের নেতা-কর্মী আছেন ১৪৬ জন। সাম্প্রতিক গুপ্তহত্যাগুলোর সঙ্গে দুটি রাজনৈতিক দলের সংশ্লিষ্টতার যে অভিযোগ তোলা হয়েছে, সেটার সঙ্গে অবশ্য এই ব্যক্তিদের গ্রেপ্তারের যোগসূত্র অনুমান করা যাচ্ছে। এখন দেখা যাক, তাঁদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগগুলো কী? সেসব অভিযোগের পক্ষে কী তথ্য–প্রমাণ, সাক্ষ্য-আলামত আছে, সেটাই এখন দেখার বিষয়। প্রকৃত গুপ্তহত্যাকারী ও তাদের নেপথ্যের পরিচালকদের গ্রেপ্তার করা হোক, বিচার করা হোক, শাস্তি দেওয়া হোক—এটাই তো আমরা চাই। তাঁরা যদি বিএনপি-জামায়াত বা অন্য কোনো রাজনৈতিক দলের নেতা-কর্মীও হোন, তবু তাঁদের বিচার করতে হবে।
আর যে ১১৯ জনকে জঙ্গি বলা হচ্ছে, তাদেরও নিশ্চিতভাবে তা বলা যায় না। বলা যায়, পুলিশ তাদের গ্রেপ্তার করেছে সন্দেহভাজন জঙ্গি হিসেবে। তাদের ধরা হয়েছে ঝাঁকের কইয়ের মতো করে। কিন্তু তারা আসলেই ঝাঁকের কই কি না, সেটাই দেখার বিষয়।
আসলে জঙ্গিবিরোধী বা সন্ত্রাসবাদবিরোধী অভিযান এভাবে চালানো যায় না। এক সপ্তাহ ধরে পুলিশ বিশেষ অভিযান চালাবে—এ খবর ছড়িয়ে পড়ার পরও জঙ্গি তথা গুপ্তহত্যাকারীরা এবং তাদের প্রভুরা, অন্তত তাদের মধ্যে ১১৯ জন এভাবে ধরা পড়ল, এটা খুব স্বাভাবিক নয়। পাকিস্তান ও আফগানিস্তানে মাঝেমধ্যেই জঙ্গিবিরোধী অভিযান চালানো হয়। কিন্তু এ রকম নয়। ওই দুটি দেশে তালেবান, আল-কায়েদা ও অন্যান্য স্থানীয় সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলোর নির্দিষ্ট ঘাঁটি এলাকা আছে, সেসব এলাকার সাধারণ মানুষ তাদের আশ্রয়-প্রশ্রয় দেয়। পাকিস্তানের খায়বার-পাখতুনখাওয়াসহ আফগান সীমান্তবর্তী ওয়াজিরিস্তান সে রকম একটা অঞ্চল।
বাংলাদেশে জঙ্গিদের সে রকম কোনো সুনির্দিষ্ট ঘাঁটি এলাকা নেই। তাই তাদের গ্রেপ্তার করার ক্ষেত্রে দেশব্যাপী গণহারে গ্রেপ্তার অভিযান চালানো কার্যকর বা ফলপ্রসূ পদ্ধতি নয়। বরং এতে নিরীহ সাধারণ মানুষের হয়রানির আশঙ্কা খুব বেশি। সেটা সরকারের জন্য ক্ষতিকর হতে পারে। কারণ, গ্রেপ্তার ও পুলিশি হয়রানির শিকার হাজার হাজার মানুষের পরিবার-পরিজন সরকারের প্রতি ভীষণ বিরূপ হবে।
তা ছাড়া এ রকম অভিযানের পেছনে রাজনৈতিক প্রতিপক্ষদের দমন-পীড়ন-হয়রানির অভিপ্রায় থেকে থাকলে সেটা আইনশৃঙ্খলা রক্ষকারী বাহিনীর সদস্যদের নৈতিক মনোবলের সমস্যার কারণ হতে পারে। তাঁরা ক্ষমতাসীনদের রাজনৈতিক উদ্দেশ্য সাধনে ব্যবহৃত হতে চান না।
মশিউল আলম: সাংবাদিক ও সাহিত্যিক।
[email protected]