জঙ্গিরা কি পুলিশের স্নায়ুর পরীক্ষা নিচ্ছে?
চট্টগ্রামে পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানমের হত্যাকাণ্ড আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর প্রত্যক্ষ আঘাত। বাবুল আক্তার জঙ্গিবিরোধী অভিযানে নেতৃত্ব দিয়ে অনেক সাফল্য অর্জন করেছেন—কিছু সংবাদমাধ্যমে তাঁর স্ত্রীর হত্যাকাণ্ডকে জঙ্গিদের তরফে প্রতিশোধমূলক পদক্ষেপ হিসেবে বর্ণনা করা হচ্ছে। এটা যদি সত্যিই প্রতিশোধের সূচনা হয়ে থাকে, তাহলে কথিত জঙ্গিদের এ ধরনের তৎপরতা আইন প্রয়োগকারী প্রতিষ্ঠানগুলোর সদস্য ও তাঁদের স্বজনদের মধ্যে কী ধরনের মানসিক প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে তা ভেবে দেখার বিষয়। স্ত্রীকে হারানোর পর পুলিশ সুপার বাবুল আক্তার মরিয়া হয়ে প্রশ্ন তুলেছেন, তাঁর পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা হয়নি কেন?
মাহমুদা খানম হত্যাকাণ্ডের পরপরই একটা হত্যা মামলা দায়ের করা হয়েছে, কিন্তু পুলিশ বা গোয়েন্দা বিভাগ এ মামলার তদন্তে দৃশ্যমান কোনো অগ্রগতি ঘটাতে পারেনি। সকালবেলা চট্টগ্রাম নগরের এক ব্যস্ত সড়কের পাশে মাহমুদা খানমকে নৃশংসভাবে হত্যা করে হত্যাকারীরা নির্বিঘ্নে পালিয়ে গেছে—জনসমক্ষে এ রকম সুপরিকল্পিত ও সুসংগঠিত হত্যাকাণ্ড সম্পন্ন করে ধরাছোঁয়ার বাইরে চলে যাওয়া এ দেশে এখন প্রায় নৈমিত্তিক বিষয় হয়ে উঠেছে। ধর্মীয় উগ্রপন্থী সশস্ত্র বিভিন্ন গোষ্ঠীর হাতে লেখক, পুস্তক প্রকাশক, বিদেশি নাগরিক, সংখ্যালঘু সম্প্রদায়ের ধর্মীয় নেতা, বাউলসাধক, কিংবা ভিন্ন ধর্মের নিতান্তই নিরীহ সদস্যরা প্রায় একই পদ্ধতিতে খুন হয়ে চলেছেন। এসপি বাবুল আক্তারের স্ত্রীর হত্যাকাণ্ড সেই একই ধারাবাহিকতার অংশ বলে মনে করা হচ্ছে। এসপির পত্নী মাহমুদা খানম হত্যাকাণ্ডের একই দিনে নাটোরে খ্রিষ্টধর্মাবলম্বী ক্ষুদ্র ব্যবসায়ী সুনীল গোমেজ এবং তার এক দিন পর ঝিনাইদহে আনন্দ গোপাল নামের এক পুরোহিত একই কায়দায় প্রকাশ্য দিবালোকে খুন হয়েছেন। শেষের দুই হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছে আন্তর্জাতিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট বা আইএস। কিন্তু মাহমুদা খানম হত্যার দায় এখন পর্যন্ত কোনো গোষ্ঠী স্বীকার করেনি। তবুও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা মনে করছেন, এই হত্যাকাণ্ডের সঙ্গেও কোনো জঙ্গিগোষ্ঠী জড়িত। তাহলে তোলা যায়, জঙ্গিরা নিরীহ-নিরস্ত্র লোকজনকে একের পর এক অবলীলায় হত্যা করে তাদের অভীষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারছিল না বলেই কি এবার তারা আমাদের সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোকে যুদ্ধে আহ্বান জানাল?
সরকার ও আইন প্রয়োগকারী কর্তৃপক্ষ অতীতের এসব হত্যাকাণ্ডকে একই ভাষায় ও একই সুরে ‘বিচ্ছিন্ন ঘটনা’ হিসেবে বর্ণনা করছে। তারা দাবি করে এসেছে যে এসব বিচ্ছিন্ন ঘটনা সত্ত্বেও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির কোনো অবনতি ঘটেনি। সাধারণ মানুষের নিরাপত্তাহীনতার বোধ অত্যন্ত প্রকট হয়ে উঠেছে, এটা উপলব্ধি করার মতো সংবেদনশীলতা সরকার কিংবা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্তাব্যক্তিদের মধ্যে লক্ষ করা যায়নি। যা কিছু উদ্বেগ প্রকাশিত হচ্ছে নাগরিক পর্যায়ের বিভিন্ন সংস্থা ও সংগঠনের পক্ষ থেকে।
নিহত মাহমুদা খানম পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তার স্ত্রী বলে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল হত্যাকাণ্ডের দিনই সেখানে ছুটে গেছেন। চট্টগ্রামের নিজাম রোডে এসপি বাবুল আক্তারের বাসায় সমবেদনা জানাতে গিয়ে তিনি সাংবাদিকদের বলেছেন, ‘অব্যাহতভাবে জঙ্গিদের বিরুদ্ধে যে অভিযান চলছে, জঙ্গিদের দমন এবং নিয়ন্ত্রণের জন্য আমাদের পুলিশ ফোর্স যেভাবে বীরত্বের সঙ্গে কাজ করছে, তাদের বিভ্রান্ত করার জন্য এই পরিকল্পিত হত্যাকাণ্ডটি হয়েছে বলে আমরা মনে করছি।’
জঙ্গিরাই এসপি-পত্নীকে হত্যা করেছে—স্বরাষ্ট্রমন্ত্রী ও তাঁর বাহিনী এটা প্রায় নিশ্চিতভাবে ধরে নিচ্ছেন। কিন্তু কারা এসব জঙ্গি? নিষিদ্ধঘোষিত জেএমবির সঙ্গে ইসলামী ছাত্রশিবিরও এ হত্যাকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত বলে সন্দেহ করা হচ্ছে। এ রকম একমুখী সন্দেহের কারণে সম্ভাব্য অন্যান্য জঙ্গিগোষ্ঠী ছাড় পেয়ে যাচ্ছে কি না, সেটাও ভেবে দেখা উচিত। সরকার ক্রমাগত বলে এসেছে, বাংলাদেশে আইএস নেই, জেএমবি আছে। কিন্তু অনেক হত্যাকাণ্ডের দায় স্বীকার করে বিবৃতি দিচ্ছে আইএস। আবার যে জেএমবিকে সব হত্যাকাণ্ডের জন্য দায়ী মনে করা হচ্ছে, সরকার তাদেরকে থামাতেও বারবার ব্যর্থতার পরিচয় দিয়ে আসছে।
জনসাধারণের কাছে আইএস ও জেএমবির মধ্যে কোনো পার্থক্য নেই। এসব হত্যাকাণ্ডের পেছনে যাদের হাত রয়েছে, যারা প্রত্যক্ষ হত্যাকাণ্ডে অংশগ্রহণ করছে, জেএমবি কি আইএস, তাদের খুনের শিকার মানুষগুলো ও তাদের স্বজনদের কী এসে-যায়? মাহমুদা খানম, সুনীল গোমেজ ও আনন্দ গোপাল—এই তিন ব্যক্তি হত্যাকাণ্ডকেই সমান গুরুত্বের সঙ্গে দেখতে হবে। এঁদের আগে যাঁরা ‘একই কায়দায়’ খুন হয়েছেন, তাঁদের প্রাণের মূল্য সমান, তাঁদের স্বজনদের অশ্রুও একই রকমের বেদনাবহ। এসব হত্যাকাণ্ড থামাতে সরকারকে আন্তরিকভাবে সচেষ্ট হতে হবে। একজন পুলিশ সুপারের স্ত্রীকে প্রকাশ্য দিবালোকে খুন করা নির্বিঘ্নে ভেগে যাওয়ার মধ্য দিয়ে খুনিরা পুলিশ বাহিনীকে ‘বিভ্রান্ত’ করতে চেয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রীর এই ধারণা সম্ভবত সঠিক নয়। খুনিরা সম্ভবত আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর সদস্যদের স্নায়ুর শক্তি পরীক্ষায় নেমেছে।
আর যদি এমন হয়, এই সংঘবদ্ধ খুনি গোষ্ঠীগুলো আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও সাধারণ অপরাধবৃত্তি দমনের প্রচলিত পদ্ধতিতে দমনযোগ্য নয়, তাদের এই দুর্দমনীয় দাপটের পেছনে রয়েছে গভীর কোনো রাজনীতি, তাহলে সরকারকে রাজনৈতিকভাবেও সেটা মোকাবিলা করার কথা ভাবতে হবে।
মশিউল আলম: সাহিত্যিক ও সাংবাদিক।
mashiul. alam@gmail. com