
আজ পয়লা আগস্ট, উম্মে সালমার সন্তান প্রসবের তারিখ। তিনি মা হবেন দ্বিতীয় সন্তানের। ডাক্তাররা তা-ই বলে দিয়েছেন। তাঁকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সালমার প্রথম সন্তান সাজিদুল (৬) অপেক্ষা করে আছে বাবা রবিউল করিমের। সাজিদুলের বাবা ফেরেন না। আজ থেকে এক মাস আগে, পয়লা জুলাই নিহত বাবার জন্য হয়তো সে এখনো অপেক্ষা করে। অন্যদের জীবন রক্ষা করতে গিয়ে পুলিশের অ্যাসিস্ট্যান্ট কমিশনার তার বাবা নিজের জীবন দান করে গেছেন।
আমাদের আজ বারবার করে স্মরণ করতে হবে তাঁর কথা। গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় সন্ত্রাসীরা হামলা চালিয়েছে, শোনার সঙ্গে সঙ্গে সেখানে ছুটে গিয়েছিলেন রবিউল করিম। তাঁরা এগিয়ে যাচ্ছিলেন রেস্তোরাঁর দিকে। ঠিক ওই সময়ই সন্ত্রাসীদের ছুড়ে
মারা বোমা/গুলি এসে লাগে রবিউল করিমের দেহে। রবিউল করিম নিজের পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে, মানুষের নিরাপত্তা রক্ষার প্রয়াসে আত্মাহুতি দেন। আমরা প্রথম আলোর ছুটির দিনে ক্রোড়পত্রে পড়লাম এই অসাধারণ পুলিশ কর্মকর্তার সামাজিক সেবামূলক উদ্যোগের কথা। তিনি প্রতিবন্ধী শিশুদের জন্য পরিচালনা করতেন একটা স্কুল—ব্লুমস। এ ছাড়া তিনি প্রতিষ্ঠা করেছিলেন নজরুল বিদ্যাসিঁড়ি নামের আরেকটা স্কুল।
১ জুলাই হলি আর্টিজানে আত্মদান করেন পুলিশের আরেক কর্মকর্তা সালাহউদ্দিন আহমেদ খান। হলি আর্টিজানে হামলার খবর পেয়ে তিনিও ছুটে এসেছিলেন ঘটনাস্থলে।
আমাদের মনে পড়বে, বারবার করে মনে পড়বে, শোলাকিয়ায় আত্মদানকারী পুলিশ সদস্যদের কথা। জহুরুল ও আনছারুল নামের দুজন পুলিশ সদস্য নিজেদের জীবন দিয়ে রক্ষা করেছেন লাখ লাখ মুসল্লির প্রাণ। সেদিন যদি ঈদের জামাতে ওই জঙ্গিরা প্রবেশ করতে পারত, তাহলে কী ভয়াবহ বিপর্যয়টাই না ঘটে যেতে পারত। আমাদের পুলিশ সদস্যরা অত্যন্ত সাহসিকতা ও প্রশংসনীয় কর্তব্যবোধের পরিচয় দিয়েছেন। নিজেদের জীবন দিয়ে তাঁরা বাঁচিয়েছেন অন্য অনেক স্বদেশবাসীকে। তাঁরা আমাদের চিরস্মরণীয় ও শ্রদ্ধার্হ।
আমরা সব সময়ই স্মরণ করব হলি আর্টিজানে নিহত ইশরাত আখন্দের হাসি মুখখানি। তিনি ছিলেন অত্যন্ত ইতিবাচক এক মানুষ। ফেসবুকে তাঁর সব স্ট্যাটাস শুরু হতো—আজ আমি এত সুখী যে...এই বলে। আর্ট গ্যালারি পরিচালনা করতেন। ভালোবাসতেন চিত্রকলা। অবিন্তা নামের কুড়ি বছরের মেয়েটি আমেরিকায় পড়তেন। দেশে এসেছিলেন গ্রীষ্মের ছুটিতে। তেমনি এসেছিলেন ভারতের তারিশি জৈন। একই বয়সী। ক্যালিফোর্নিয়ার বার্কলিতে পড়তেন। যদিও পিতার কর্মসূত্রে স্কুলে পড়েছেন ঢাকায়। গ্রীষ্মের ছুটিতেই এসেছিলেন ফারাজ আইয়াজ হোসেন। কুড়ি বছরের ফারাজ আর অবিন্তা পড়তেন আটলান্টার ইমোরি বিশ্ববিদ্যালয়ে। হলি আর্টিজানে বন্ধুদের সঙ্গে খেতে গিয়ে আর ফিরলেন না ফারাজ। তাঁর ঘটনা আজ দেশে-বিদেশে মানুষের আত্মত্যাগের উজ্জ্বলতম উদাহরণ হয়ে উঠেছে। বন্ধুদের ছেড়ে চলে এসে নিজের প্রাণ বাঁচাতে চাননি ফারাজ। আর্টিজানের জল্লাদখানায় রয়ে গেছেন এবং বরণ করেছেন অনিবার্য পরিণতি—মৃত্যু। বন্ধুর জন্য বন্ধুর আত্মদানের ইতিহাসে এক অবিনশ্বর সংযোজন ফারাজ। আনন্দবাজার পত্রিকা ফারাজের মাহাত্ম্য বর্ণনা করে যে সম্পাদকীয় লিখেছে, তার শিরোনাম একেবারে যথার্থ—অতি মানবিক।
আমার কবিবন্ধু তারিক সুজাত একটা কবিতা লিখেছেন গুলশান হত্যাকাণ্ডে নিহত ইতালীয় নাগরিক অন্তঃসত্ত্বা নারী সিমোনা মনটির অনাগত শিশু মাইকেলেঞ্জেলো স্মরণে। তারিক লিখেছেন:
আমার প্রথম নিশ্বাস পৃথিবীর বায়ুমণ্ডল
একটুও বিষাক্ত করেনি
শেষনিশ্বাসই এ পৃথিবীর কাছ থেকে পাওয়া
আমার প্রথম উপহার!
মা,
তুমিই আমার খেলাঘর, আমার স্কুল, আমার কফিন
আমার চোখ ফোটেনি তবু আমি দেখেছি
জল্লাদের ধারালো নখে ছিঁড়ে যাচ্ছে আমার নাভি
আমার কান তৈরি হলো না
তবু আমি শুনলাম স্কুলের ছুটির ঘণ্টা,
ওই অচেনা শব্দ গির্জা, মন্দির আর মসজিদের মিনারে
প্রতিধ্বনি তুলে ধীরে ধীরে মিলিয়ে গেল।
আমার প্রথম শয্যাই আমার শেষ শয্যা
মাতৃগর্ভই আমার অদেখা পৃথিবীর একমাত্র গৃহকোণ।
(সূত্র: আর্টস, বিডিনিউজ ২৪. কম)
এই কবিতা পড়ে আমার সমস্ত বোধ বিদীর্ণ হয়েছে। আমার মনে হয়েছে, এখনই আকাশ ভেঙে পড়বে মাথার ওপরে।
তবু আমাদের ঘুরে দাঁড়াতে হবে। আমরা জানি, ১ জুলাইয়ের আগের বাংলাদেশ আর পরের বাংলাদেশ এক নয়। তবু কতগুলো ইতিবাচক বিষয়ের দিকেও আমাদের তাকাতে হবে। লেখকদের ওপরে হামলার সূত্রপাত অনেক আগে, সেই কবি শামসুর রাহমানের ওপরে হামলাচেষ্টার মধ্য দিয়ে। এটা ঘটে ১৯৯৯ সালের জানুয়ারি মাসে। এর মধ্যে বহু ঘটনা ঘটে গেছে। আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে যারা ধরা পড়ছিল, তারা কেউ পুরোটা হয় জানত না, বা স্বীকার করত না। এখন ঘটনার মোটামুটি একটা পূর্ণ চিত্র দাঁড়িয়ে গেছে। ফলে পুলিশি পদক্ষেপে এ ধরনের জঙ্গিবাদীদের কবজা করা এখন সময়ের ব্যাপার মাত্র। কিন্তু আমাদের ভরসা কেবল পুলিশ বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্ষমতায় বা তৎপরতায় নয়। আমাদের ভরসা মানুষে। রাজনৈতিক নেতারা যতই অর্থহীন, অর্থপূর্ণ কিংবা উদ্দেশ্যমূলক বিতর্ক করুন না কেন, দেশে আসলে জঙ্গিবাদের বিরুদ্ধে এক অপরূপ জনমত গড়ে উঠেছে। ১৬ কোটি মানুষের দেশে ১৬০০ মানুষ পাওয়া যাবে কি না সন্দেহ, যারা ধর্মের নামে মানুষ হত্যা সমর্থন করে। আমাদের আলেম-ওলামা-ইমাম সাহেবরা বলে চলেছেন, মানুষ হত্যা ধর্ম নয়, এরা ধর্মবিরোধী। পাশাপাশি সারা দেশে জঙ্গিবাদের বিরুদ্ধে প্রবল ধিক্কার, তা প্রতিরোধে প্রবল জনসচেতনতা ও কর্তব্য তাগিদ দেখা দিয়েছে। বাংলাদেশ সব সময়ই মধ্যপন্থার দেশ। এই দেশের মানুষ কখনোই মৌলবাদ, চরমপন্থা ও জঙ্গিবাদকে বিন্দুমাত্র সমর্থন দেয়নি। আজও দিচ্ছে না। অবস্থা এমন যে নিহত জঙ্গিদের মৃতদেহ তার পরিবার নিতে আগ্রহ প্রকাশ করছে না।
বিদেশি প্রচারমাধ্যমেও বাংলাদেশের মানুষের আন্তরিকতা, অতিথিপরায়ণতা, শান্তিপ্রিয়তার কথাই এখন বারবার করে উঠে আসছে। অস্ট্রেলিয়ার উন্নয়ন অর্থনীতিবিদ ব্রাড ওয়ং যেমনটা বলেছেন, ঢাকা পাগলপারা সুন্দর, সন্ত্রাসবাদের কাছে এর মাথা নত করা উচিত নয়। তিনি বলেছেন, পৃথিবীর প্রত্যেক নাগরিক সন্ত্রাসবাদের বিরুদ্ধে একটা কর্তব্য করতে পারে, আর তা হলো, ভয় না পাওয়া।
আমাদের কর্তব্য হবে ভয় না পাওয়া, স্বাভাবিক কাজকর্ম অব্যাহত রাখা। ওরা আমাদের ভয় দেখাতে চায়, আর আমরা যদি ভয় পাই, তাহলেই ওরা উৎসাহিত হয়, ওদের উদ্দেশ্যকে আমরা সাফল্যমণ্ডিত করি। আমাদের উচিত হবে, ভয় না পাওয়া। জঙ্গিরা হেরে যাবে যদি আপনি ভয়কে জয় করতে পারেন। ফ্রান্সের নিস শহরে জনসমাবেশের ওপরে ট্রাক তুলে দেওয়ার পরে ওখানে যে সমাবেশটা হয়েছে, তা ছিল আরও বড়। আমাদের এখানেও রমনা বটমূলে বোমা হামলার পরে পয়লা বৈশাখ সারা দেশে আরও বিপুলভাবে পালিত হয়। সেটাই আমাদের সমাধানের পথ।
গতকাল ডেইলি স্টার-এ দেখলাম, গুলশানের রেস্তোরাঁগুলো খাঁ খাঁ করছে। আমরা আবেদন জানাব, আসুন, আমরা এখন বরং বেশি বেশি করে হাটে-বাজারে যাই, স্কুল-কলেজে যাই, রেস্তোরাঁ-ক্যাফেতে যাই, গিয়ে প্রমাণ করি যে সন্ত্রাসীদের উদ্দেশ্য ব্যর্থ হয়েছে। আর আমাদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব যথাযথ কর্তৃপক্ষের। তাঁরা তাঁদের কর্তব্য সঠিকভাবে পালন করুন, আমরা তাঁদের সহযোগিতা করব। নিরাপত্তা–বিষয়ক বিধি মেনে চলব। তাঁদের তথ্য দেব। নিজের পরিবারকে সময় দেব, পড়শিকে জানব, সহকর্মীকে জানব। অর্থাৎ বিপুলভাবে জীবনকে আঁকড়ে ধরব, জাপটে ধরব, তুমুলভাবে বাঁচব। গাব্রিয়েল গার্সিয়া মার্কেস নোবেল পুরস্কার ভাষণে তাঁর গুরু উইলিয়াম ফকনারকে উদ্ধৃত করে বলেছিলেন, মানুষের পরাজয় মেনে নিতে আমি অস্বীকার করি। তিনি বলেছিলেন, মানুষ হারবে না, তা এ জন্য নয় যে তার ভাষা আছে, তা এ জন্য যে তার আত্মা আছে। বাঙালিও হারবে না, কারণ তার আত্মা আছে, অবিনাশী আত্মা, যা একাত্তরে হারেনি, পয়লা বৈশাখে বা আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারিতে যে আত্মার অবিশ্বরতার প্রমাণ আমরা বারবার করে পাই।
শোকাবহ আগস্টের দিনে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসের ভাষণ থেকেও আমরা সাহস নিতে পারি, ‘আমার সেলের পাশে আমার জন্য কবর খোঁড়া হয়েছে। আমি প্রস্তুত হয়েছিলাম, বলেছিলাম, আমি বাঙালি, আমি মানুষ, আমি মুসলমান, একবার মরে, দুইবার মরে না...আমার মৃত্যু এসে থাকে যদি আমি হাসতে হাসতে যাব, আমার বাঙালি জাতিকে অপমান করে যাব না, তোমাদের কাছে ক্ষমা চাইব না, এবং যাওয়ার সময় বলে যাব জয় বাংলা, স্বাধীন বাংলা, বাঙালি আমার জাতি, বাংলা আমার ভাষা, বাংলার মাটি আমার স্থান।’
আনিসুল হক: সাহিত্যিক ও সাংবাদিক।