আমার বয়স যখন ১৬ বছর চার মাস, তখন বাংলাদেশের জনগণ পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে এক মরণপণ সংগ্রামে ঝাঁপিয়ে পড়ে। ১৯৭১ সালের ২৫ মার্চের পর যে যুদ্ধ আমরা শুরু করেছিলাম, তা ছিল অনেকখানি ‘যার যা কিছু আছে’ তাই নিয়ে শত্রুর মোকাবিলা করার জন্য ঝাঁপিয়ে পড়ার মতো এক যুদ্ধ। অনেক ‘বিজ্ঞ লোক’ তখন ভেবেছিলেন, বাঁশের লাঠি দিয়ে সর্বাধুনিক অস্ত্রে সজ্জিত পাকিস্তানি বাহিনীর সঙ্গে বাঙালিরা কখনোই যুদ্ধে জিততে পারবে না। কিন্তু আমার মতো কোটি কোটি আবেগদীপ্ত তরুণ-কিশোর তখন ভেবেছিল, আর নয়, যথেষ্ট হয়েছে—এবার ‘করেঙ্গে ইয়া মরেঙ্গে’! পরে ইতিহাস পড়ে বুঝেছি, ‘জনগণের শক্তি’ কত বিরাট শক্তি। রবার্ট ম্যাকনামারাকেও স্বীকার করতে হয়েছিল, শত শত মেগাটন বোমা ফাটিয়েও ভিয়েতনামের জনগণের আদর্শ ও চেতনাকে পরাজিত করা সম্ভব নয়। চীনেও ‘বোকা বুড়োরাই’ পাহাড় সরাতে সক্ষম হয়েছিলেন। আর ল্যাটিন আমেরিকায় আবার মৃত চে’র পুনরুত্থান হচ্ছে, আমরা দেখছি। এসবই প্রমাণ করে, জনগণের প্রকৃত উত্থানকে কোনো শক্তিই দাবিয়ে রাখতে পারে না। প্রগতির চাকা সাময়িকভাবে থেমে যেতে পারে, এমনকি পিছিয়েও যেতে পারে, কিন্তু কখনোই তা স্থায়ীভাবে থামেনি, ভবিষ্যতেও থামবে না। এগিয়ে সে যাবেই। জীবন আছে বলেই তার সঙ্গে ছায়ার মতো মৃত্যুও থাকে। কিন্তু প্রগতিশীল মানুষের জন্য মৃত্যু শেষ কথা নয়, জীবনই শেষ কথা!মুক্তিযুদ্ধে জনগণের উত্থানআমাদের মুক্তিযুদ্ধ ছিল প্রকৃত অর্থে একটি জনযুদ্ধ। বাঙালি জাতির সব শ্রেণীর সব সদস্যই এর পক্ষে অবস্থান নিয়েছিলেন। এমনকি যাঁরা পাকিস্তানি শাসকশ্রেণীর অনুগ্রহপুষ্ট সুবিধাভোগী ছিল, তারাও ২৫ মার্চ পাকিস্তানি বাহিনীর নৃশংস আক্রমণের পর আর স্থির থাকতে পারেনি, স্বাধীনতার পক্ষে চলে এসেছিল। একমাত্র ‘অন্ধ মৌলবাদী’ ও মুষ্টিমেয় দালাল ছাড়া কেউই পাকিস্তানের ওই নৃশংস আক্রমণ মানতে পারেননি। কিছু সুবিধাবাদী অবশ্য শেষ মুহূর্ত পর্যন্ত ছিল। তারা ‘মার্কটাইম’ করছিল। যেদিক জিতবে, সেদিকেই যাবে—এটাই ছিল তাদের চিন্তা। খোদ আমেরিকা, চীন ও সৌদি আরবের জনগণও শত অপপ্রচার সত্ত্বেও তাদের শাসকশ্রেণীর বিরূপ ভূ-রাজনৈতিক অবস্থান উপেক্ষা করে বাংলাদেশের জনগণের মুক্তিসংগ্রামের পক্ষে অবস্থান গ্রহণ করেছিল। এভাবে বাংলাদেশকে কেন্দ্র করে ১৯৭১ সালে গড়ে উঠেছিল বিশ্বমানবতার এক অপূর্ব ঐকতান! প্রকৃত পক্ষে ২৫ মার্চই পাকিস্তানের ললাটে পরাজয়ের বিধিলিপিটি লেখা হয়ে গিয়েছিল। মনে পড়ে, যুদ্ধ চলাকালে অল্প দিন পরই এক পাকিস্তানি সাধারণ সৈনিকের হতাশোক্তি: ‘যাব আওয়াম আপকা সাথ নেহি রাহেগা—জংমে আপ ক্যায়সে জিতেগা?’ (যখন জাতি আপনার সঙ্গে থাকবে না, তখন আপনি যুদ্ধে কীভাবে জিতবেন?)মুক্তিযুদ্ধের ইস্পাত তৈরি হয়েছিল কীভাবে?আমরা অনেকেই পাভেল করচাগিনের কথা ও ইস্পাত উপন্যাসটি মুক্তিযুদ্ধ-পরবর্তীকালে পড়ে থাকব। মহৎ ঘটনা ঘটানোর মধ্য দিয়ে সাধারণ মানুষের চরিত্রও কীভাবে পরিবর্তিত হয়ে মহৎ হয়ে ওঠে, তার একটি অনবদ্য বর্ণনা ওই উপন্যাসে রয়েছে। বর্তমানে বাংলাদেশে সর্বাধিক প্রচলিত প্রথম আলো পত্রিকায়ও এ রকম একটি স্লোগান দেওয়া হয়েছে—‘বদলে যাও বদলে দাও’। ফয়েরবাখের ওপর মার্ক্সের ১১টি থিসিসের নির্যাসও তাই! যেকোনো মহাসংগ্রাম আগুনের মতো, যা শুধু ধ্বংসই করে না, আগুনে পুড়িয়ে পুড়িয়ে লোহাকে ইস্পাতেও পরিণত করে। পৃথিবীর সব মহাযুদ্ধের মধ্যেই—প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, অসংখ্য মুক্তিযুদ্ধ বা আরও আগে প্রাচীনকালের গ্রিক যুদ্ধ থেকে শুরু করে কুরু-পাণ্ডবের কুরুক্ষেত্র—সব যুদ্ধের মধ্যেই আমরা শুধু ধ্বংস ও অশান্তি দেখলে ভুল করব। ওই সব ধ্বংসের আড়াল থেকে মহৎ সৃষ্টি সব সময়ই উঁকি মেরেছে। আমরা দেখতে পেয়েছি, মানবের অসাধ্য কিছুই নেই। মানুষের মধ্যেই রয়েছে সুর, রয়েছে অসুর। রয়েছে দানব, রয়েছে দেবতা। দানবের মন্থন থেকেই দেবতার উদ্ভব হয়েছে। বদলে দেওয়ার মহৎ সংগ্রামের মাধ্যমেই আমরা নিজেদেরও মহৎ মানুষে পরিণত করছি। নিজেদের বদলে দিচ্ছি।একটি ‘খাবারের’ কথাসম্ভবত ১৯৭১ সালের সেপ্টেম্বর মাস। আমরা তখন গোকুলনগর ট্রানজিট ক্যাম্পে ঠান্ডা শীতে ঠি-ঠি করে কাঁপছি এবং অপেক্ষা করছি কখন ডাক আসবে—কখন মুক্তিযুদ্ধে প্রশিক্ষণের জন্য ট্রানজিট ক্যাম্প ছেড়ে ট্রেনিং ক্যাম্পে যেতে পারব। মনে একটিই বাসনা, ‘ট্রেনিং নিয়ে বন্দুক হাতে দেশে যাব—যুদ্ধ করব।’ অন্যদিকে পাকিস্তানি বাহিনী তখন দ্রুত একের পর এক হার মানছে এবং পশ্চাদপসরণ করতে শুরু করেছে। ভারত থেকে দলে দলে মুক্তিযোদ্ধা দেশের ভেতর প্রতিদিন ঢুকছেন। আমরা ট্রানজিট ক্যাম্পে বসে থাকতে থাকতে প্রতি মুহূর্তে অধৈর্য হয়ে পড়ছি, কখন ডাক আসবে। এই চেতনায় অস্থির, উন্মুখ হয়ে অপেক্ষা করছি।এ রকম মুহূর্তে ট্রানজিট ক্যাম্পের বদ্ধ জীবনটা আমাদের জন্য মোটেও কাম্য ছিল না। সুখপ্রদ তো নয়ই। ক্যাম্পের কনিষ্ঠতম সদস্যদের একজন হওয়ার কারণে আমাদের ক্যাম্পের প্রধান কঠিন কঠোর ব্রহ্মচারীর মতো দৃঢ়চেতা কমরেড জ্ঞান চক্রবর্তী আমাকেই একটি কঠিন দায়িত্ব দিয়েছিলেন। দায়িত্বটি হচ্ছে, দুপুরবেলায় লাইন করে যখন সবাই খাবারের বাসনটি নেবে, তখন সেই লাইনে টিকিট বিতরণের দায়িত্ব আমার। ফলে প্রতিদিন সবাইকে টিকিট দিয়ে আমার খেতে খেতে দুপুর গড়িয়ে বিকেল হয়ে যেত। কিন্তু বয়স আমার কম ছিল বলে বয়স্ক ক্যাম্প-সাথিরা ধৈর্য ধরে লাইনে দাঁড়িয়ে থাকতেন। লজ্জায় কেউ লাইন ভাঙতেন না। ভাবতেন, ওই বাচ্চাটাই যখন এতক্ষণ অপেক্ষা করছে, আমরা কেন পারব না।আমরা তখন খোলা ময়দানে বাঁশের চাটাইয়ের ওপর বসে দুপুরের ভাত বিকেলে খেতাম। রাতেও হ্যাজাকের আলোয় ময়দানেই খাওয়া চলত। সুশৃঙ্খল লাইনে দাঁড়িয়ে একই পদ্ধতিতে। গভীর রাতে পোকামাকড় এসে ভাতের থালায় পড়লে আমরা সেটাই কড়মড়িয়ে খেতাম এবং মধ্যবিত্ত কমরেডরা একে অপরকে ঠাট্টা করে বলতাম, ‘প্রোটিন’ খাচ্ছি! আমাদের প্রতি বেলা আহার বরাদ্দ ছিল খুবই সামান্য। সকালে দুটো আটার রুটি ও এক চামচ বুটের ডাল। দুপুরে মাপা এক কাপ ভাত এবং এক হাতা ‘ঘ্যাট’ নামের বিচিত্র এক তরকারি। অর্থাৎ যা কিছু শাকসবজি, কচুঘেচু সংগৃহীত হয়েছে, তার সম্মিলিত এক রূপ। রাতেও দুপুরের মতো একই খাবার। স্বভাবতই আমরা সবাই থাকতাম অর্ধভুক্ত, বিশেষত শ্রমিক-কৃষক সাথিদের এত অল্প ভাতে চলত না, তাদের হাতে বাইরে থেকে কোনো কিছু কেনার পয়সাও ছিল না। আমরা মধ্যবিত্তরা তখন এক কাপ চা কিনে কীভাবে চারজনে ভাগ করে খেতে হয় তা শিখেছিলাম। মূল কথা, এভাবেই বহু ধনীর দুলাল, বহু আদরের ছেলেমেয়ে মুক্তিযুদ্ধের ওই অগ্নিঝরা দিনগুলোতে ধীরে ধীরে কঠিন কঠোর যোদ্ধায় পরিণত হচ্ছিল। পাশাপাশি ক্যাম্পের অন্য সংখ্যাগরিষ্ঠ শ্রমজীবী সাথিরা অনেকটা মমতা ও স্নেহের সঙ্গে আমাদের এই কৃচ্ছ্রকে দেখতেন এবং আমাদের দিকে আন্তরিক বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছিলেন। এভাবে বাস্তব জীবনের পারস্পরিক সমবেদনা আমাদের দুই ভিন্ন শ্রেণীকে একসূত্রে গেঁথে দিয়েছিল। এভাবে আমরা এক অজেয় গণবাহিনীতে পরিণত হয়েছিলাম। মধ্যবিত্তের নেতৃত্বে পরিচালিত হলেও আসলে সেটা ছিল জনগণেরই গণবাহিনী। ‘প্রিন্সিপাল-এজেন্ট’সমস্যা একদম যে ছিল না তা নয়, তবে সেটা ততটা গভীর ও বিস্তৃত হতে পারেনি।বিচ্যুত মধ্যবিত্ত এজেন্টএকদিন আমাদের একজন বয়োজ্যেষ্ঠ দায়িত্বশীল নেতা আমাদের মতো ‘সুশিক্ষিত’ ‘মধ্যবিত্ত’ কিছু নেতাকে ডেকে বললেন, আজ একটা পৃথক খাদ্যের আয়োজন করেছি। আসলে তিনি পার্শ্ববর্তী শরণার্থীশিবির থেকে কীভাবে জানি কিছু পুঁটি মাছ সংগ্রহ করে নিয়ে এসেছিলেন। দুপুরে সেটাই রান্না করে আমরা পাঁচ-ছয়জন সবার চোখ এড়িয়ে গোপনে খেতে বসেছিলাম। কিন্তু কীভাবে জানি, সম্ভবত গন্ধের কারণেই সেটা জানাজানি হয়ে গেল। সেদিন অবশ্য আমাদের ক্যাম্পের পরিচালক অগ্নিযুগের বিপ্লবী জ্ঞান চক্রবর্তী আগরতলা শহরে গিয়েছিলেন বিশেষ কাজে। ফলে তাঁকে ছাড়াই আমরা এই কাজটা করেছিলাম। যা হোক, রাতে তিনি যখন ফিরে এলেন, তখন তাঁর জন্য রেখে দেওয়া বিশেষ পুঁটি মাছের তরকারিটি তাঁকে সাধা হলো। তিনি জানতে চাইলেন, কেন এবং কীভাবে এই ‘বিশেষ আয়োজন’। সব ঘটনা শুনে তিনি সেদিন আমাদের বলেছিলেন, কাজটা করা আমাদের ঠিক হয়নি। ব্যাপারটা হয়তো সামান্যই। সুবিধাটাও খুবই ছোট আকারের। কিন্তু এটা গোপনে সাথিদের না জানিয়ে কিছুটা চুরি করে খাওয়ার মতো একটা ব্যাপার হয়ে গেছে, যেটা ক্যাম্প-শৃঙ্খলা বা মুক্তিযুদ্ধের যে নৈতিক শ্রেণীগত ভিত্তি রয়েছে, তাকে দুর্বল করে দেয়।সব শুনে সেদিন আমাদের মনে প্রশ্ন জেগেছিল, আমরা কি আমাদের জ্ঞান-বুদ্ধির জোরে ক্যাম্পের ম্যানেজমেন্টের দায়িত্ব পেয়ে বাড়তি অগ্রহণযোগ্য সুবিধা নিয়েছি? আমরা কি বিশ্বাসঘাতক? ঘটনা ছোট, কিন্তু প্রশ্নটি ছিল বিশাল।ছোট ঘটনা বড় প্রশ্ন—সাম্প্রতিক ভাবনাপরবর্তীকালে এ নিয়ে আমি ব্যক্তিগতভাবে অনেক ভেবেছি। এ কথা ঠিক, সমাজতন্ত্রে ‘মুড়িমুড়কি’র সমান দর হবে না। কিন্তু এ কথাও ঠিক যে যখন নিম্নতম প্রয়োজনই সবার মেটেনি, তখনো কি এ ধরনের বাড়তি ভোগ করাটা সমীচীন হবে, ‘ক্রুশ্চেভপন্থী’রা মনে করেছিলেন, ‘বস্তুগত প্রেরণা’ ছাড়া উৎপাদনশক্তির বিকাশ ঘটাতে অধিকতর দক্ষ ব্যক্তিরা অনুপ্রাণিত হবেন না এবং সে জন্য সেটুকু প্রেরণা তাদের অন্তর্বর্তীকালীন সময়ে দিতে হবে। মার্ক্স ও লেনিনের কোনো কোনো লেখায় এর অনুমোদন পাওয়া যায়। আবার চে’র অনুসারীরা ভাবেন, নৈতিকভাবে উদ্বুদ্ধ হয়ে মানুষ কোনো পুরস্কার ছাড়াই অসাধ্য সাধনের আনন্দের জন্য অসাধ্য সাধন করবেন। একবিংশ শতাব্দীতে আবার আধুনিক চীনের স্রষ্টা দেং চীনাদের বলতেন, ‘আমরা রাষ্ট্র তোমাদের সব সুযোগ তৈরি করে দেব। বাজারকে ব্যবহার করে প্রতিযোগিতার মাধ্যমে তোমরা সবাই ধনী হওয়ার চেষ্টা করো। তাতে কিছুটা অসমতা তৈরি হবে। উৎপাদনশক্তির বিকাশ হলে সেটা আমরা আবার সংশোধন করে নেব।’ এ পর্যন্ত ইতিহাসের অভিজ্ঞতা থেকে দেখা যায়, এর কোনটা যে ঠিক তা বলা বেশ মুশকিল। অবশ্য এত কথা লিখছি, কিন্তু এ কথাও তো সত্য যে আমাদের মতোই অন্য বিভিন্ন ক্যাম্পে এর চেয়ে তীব্রতর আরও অনেক অসমতার ঘটনা ঘটেছে এবং সেই অমীমাংসিত অসমতা-সমস্যার বীজ ধারণ করেই আমাদের মুক্তিযুদ্ধ সামনে অগ্রসর হয়েছে, এমনকি এ কথাও ঠিক যে তা বিজয়ও অর্জন করেছে। তাই ভাবি, অসাম্যের সমস্যার সঠিক সমাধান নিশ্চয়ই একদিন হবে।উৎপাদনশক্তির বিকাশ ও সাম্যের সোনালি সূত্রের সন্ধান মানবিকতার অসীম প্রগতিশীল যাত্রার মধ্যেই নিহিত আছে। সম্ভবত পাঁচ আঙুলের অসমতার কিন্তু আবার কার্যকারিতার যে চরিত্র রয়েছে, তার সমাধান এমনভাবেই আমাদের করতে হবে, যাতে অসমতা দূর হয় কিন্তু কার্যকারিতা যেন নষ্ট না হয়ে আরও বৃদ্ধি পায়। এর কোনো সহজ-সরল ‘ধর তক্তা মার পেরেক’মার্কা নিয়ম নেই। পাঁচ আঙুল মাও সেতুং একসময় হুকুম দিয়ে কেটে সমান করার চেষ্টা করেছিলেন, তা চীনের জন্য সুফল বয়ে আনতে পারেনি। হয়তো এমন কোনো নতুন কৌশল খুঁজে বের করতে হবে, যেখানে ছোট আঙুলগুলোর জন্য রইবে বাড়তি সুযোগ বা affirmative recognition-এর ব্যবস্থা। বড় আঙুলগুলো না কেটেই ছোট আঙুলগুলোর প্রবৃদ্ধির বা বিকাশের গতিবেগ বৃদ্ধি করে হয়তো আমরা একই সঙ্গে আরও আধুনিক কিন্তু আরও সুষম সমাজ নির্মাণে সক্ষম হব। কিন্তু যা-ই আমরা চাই না কেন, জনগণের উত্থান ছাড়া যে তা হবে না সেটা নিশ্চিত। আর জনগণের উত্থানের সঙ্গে যুক্ত হতে হবে তাদের নিজস্ব বিকশিত জ্ঞান-সম্পর্ক। তাহলেই উত্থানের ফলাফলও কখনোই তাদের হাতছাড়া হবে না। স্বচ্ছতা-জবাবদিহি তো লাগবেই, কিন্তু তারও আগে লাগবে জাগ্রত, সাহসী ও সক্ষম জনগণ। এম এম আকাশ: অধ্যাপক, অর্থনীতি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়।