জনগণ কীভাবে সহজে তথ্য পেতে পারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৮ সেপ্টেম্বর প্রতিবছর আন্তর্জাতিকভাবে তথ্য জানার দিবস হিসেবে পালিত হয়। এ দিনটি বাংলাদেশেও বেসরকারি পর্যায়ে উদ্যাপন করা হয়। জনগণের তথ্য পাওয়া সহজ করার জন্য ২০০৯ সালে তথ্য অধিকার আইন গৃহীত হয়েছে। বর্তমান সরকার নির্বাচনে জয়ী হয়ে সংসদের প্রথম অধিবেশনেই আইনটি পাস করে, সে বছরের ১ জুলাই থেকে এর বাস্তবায়ন শুরু হয়। এ দেশের জনগণ এখন এই আইন ব্যবহার করে সরকারি, স্বায়ত্তশাসিত, সংবিধানের বলে গঠিত সংস্থা ও বিদেশি সাহায্যপ্রাপ্ত সংগঠনগুলো থেকে তাঁর প্রয়োজনীয় ও চাহিদামতো তথ্য নিতে পারবেন। তথ্য অধিকার আইনে সব সরকারি প্রতিষ্ঠান, সংস্থাকে কর্তৃপক্ষ বলা হয়েছে। কর্তৃপক্ষের কাছে তথ্যের জন্য অনুরোধ জানালে তারা তথ্য দেবে, এটাই আইনের বিধান। আইনে তথ্য দেওয়ার জন্য প্রতিটি দপ্তরে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা নিয়োগ বাধ্যতামূলক করা হয়েছে।এ দেশে এখন তিন সদস্যবিশিষ্ট একটি তথ্য কমিশন আছে। তথ্য অধিকার আইন ব্যবহার করে যাঁরা আবেদন ও আপিল আবেদন করেও তথ্য পান না, তাঁদের অভিযোগ গ্রহণ করা ও তা আইন অনুযায়ী নির্ধারিত পদ্ধতিতে নিষ্পত্তি করা তথ্য কমিশনের অন্যতম মূল দায়িত্ব। অর্থাৎ, এই আইনের বলে নাগরিকদের জন্য তথ্য চাওয়া-পাওয়ার ক্ষেত্রে প্রতিবন্ধকতা দূর হয়েছে এবং কেউ তথ্য পেতে ব্যর্থ হলে আপিল বা কমিশনে অভিযোগ জানিয়েও তথ্য পাওয়ার সুযোগ এই আইনে রাখা হয়েছে। কেউ তথ্য দিতে অস্বীকার করলে কমিশন তাঁর বিরুদ্ধে জরিমানা আরোপ করতে পারে। কিছুদিন আগে তথ্য না দেওয়ার জন্য একজন কর্মকর্তাকে তথ্য কমিশন দোষী সাব্যস্ত করে জরিমানা করেছে। মোট কথা, তথ্য চাওয়া এবং পাওয়া এখন প্রত্যেক নাগরিকের আইনগত অধিকার। এই অধিকার থেকে কোনো নাগরিককে বঞ্চিত করা যাবে না।তথ্য অধিকার ফোরাম নামের একটি নেটওয়ার্ক চার বছর ধরে তথ্য অধিকারের বিভিন্ন ইস্যুতে কাজ করছে। এই ফোরাম ২০১১ সালে তথ্য জানার অধিকার দিবসে একটি জরিপ প্রতিবেদন প্রকাশ করে। এই প্রতিবেদন থেকে জানা যায়, জরিপে অংশগ্রহণকারী ব্যক্তিদের ৪৪ দশমিক ২ শতাংশ এই আইন সম্পর্কে জানেন না। যাঁরা আইনটি সম্পর্কে জানেন, তাঁদের ১৬ দশমিক ৪ শতাংশ আইন ব্যবহার করে তথ্য চাননি। এখানে বলা ভালো, আইনে তথ্য চাওয়ার জন্য নির্দিষ্ট ফরম ব্যবহারের কথা বলা হয়েছে। তবে ফরম পাওয়া না গেলে সাদা কাগজে তথ্যের আবেদন করার সুযোগও আইনে দেওয়া হয়েছে।এখানে একটি বিষয় স্পষ্ট, তিন বছর আগে এই আইন পাস হলেও আবেদন করে আইনের নির্দিষ্ট উপায়ে তথ্য পাওয়া যায় এবং তথ্য না পেলে অভিযোগ জানানোর বিষয়ে জনসাধারণ ঠিকভাবে জানে না। এ ছাড়া কর্তৃপক্ষ বা আইন অনুসারে যারা তথ্য দিতে বাধ্য, তারা ঠিক পদ্ধতিতে তথ্য দিচ্ছে না বা দিতে পারছে না। এর কারণ এই আইনের ব্যবহার ও প্রয়োগ সম্পর্কে জনগণ ও কর্তৃপক্ষ কারোরই স্বচ্ছ ধারণা এখনো তৈরি হয়নি।এ কথা ঠিক, বাংলাদেশে সরকারি অফিসগুলোতে তথ্য প্রদানে অনেক বাস্তব অসুবিধা আছে। যেমন তথ্য গুছিয়ে রাখার ব্যবস্থা খুবই পুরোনো। এখন পর্যন্ত অনেক তথ্য প্রদানকারী দপ্তর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা নিয়োগ দিতে পারেনি। যাঁদের তথ্য দেওয়ার জন্য নিয়োগ দেওয়া হয়েছে, তাঁদের অনেকে আইন সম্পর্কে ভালোভাবে জানেন না। যাঁরা তথ্য চাইবেন, তাঁদের পক্ষ থেকেও অনেক অসুবিধা আছে। আমাদের দেশের স্বল গুশিক্ষিত জনগণের পক্ষে তথ্য আবেদন ফরম সংগ্রহ করে তা সঠিকভাবে পূরণ করে তথ্য চাওয়া একটু কঠিন ও সময়সাপেক্ষ। একজন স্বল্প শিক্ষিত, খেটে খাওয়া মানুষের পক্ষে আয় বন্ধ রেখে একাধিক দিন তথ্য পাওয়ার জন্য দপ্তরগুলোতে যাতায়াত করা ব্যয়বহুল বটে।তবে সমস্যাগুলো কাটানোর জন্য কিছু সহজ উপায় চালু করলে আইনের বাস্তবায়ন কোনো কঠিন ব্যাপার নয়। যেমন, প্রতিটি সরকারি দপ্তর, বিশেষত যাদের তথ্য প্রদানে আইনি বাধ্যবাধকতা রয়েছে, তারা যদি নিজ উদ্যোগে নিজ দপ্তরের প্রয়োজনীয় তথ্যগুলো গুছিয়ে প্রকাশের ব্যবস্থা করে, তা হলে জনগণের তথ্য পাওয়া অনেক সহজ হয়ে যায়। কোন তথ্যগুলো প্রকাশ করতে হবে, তা আইনেই উল্লেখ আছে। তথ্যগুলো গোপনীয় নয়, সেগুলো জনগণকে জানানো ওই দপ্তরের কাজের মধ্যেই পড়ে। বিশেষ করে সেবা, ভর্তুকি, লাইসেন্স, ত্রাণ, টেন্ডার, নিয়োগ, চুক্তি—এ-সংক্রান্ত তথ্য নিজ উদ্যোগে প্রকাশ করে জনগণের কাছে পৌঁছানোর ব্যবস্থা করতে হবে। সরকারি-বেসরকারি সংবাদমাধ্যম এবং স্থানীয় পর্যায়ে কমিউনিটি রেডিও এ ক্ষেত্রে অত্যন্ত কার্যকর ভূমিকা রাখতে পারে। আইন অনুযায়ী, তথ্য প্রকাশ ও প্রচারের সঙ্গে আর্থিক সংশ্লিষ্টতা থাকতে পারে, তাই বাজেটের আগে প্রতিটি মন্ত্রণালয়, ক্ষেত্রবিশেষে দপ্তর এবং সংস্থাগুলো তথ্য অধিকার আইন বাস্তবায়নের জন্য কিছু বরাদ্দ রাখতে পারে।ইউনিয়ন পর্যায়ে জনগণের তথ্য পাওয়ার ক্ষেত্রে আরও সহজ উপায় হচ্ছে, ইউনিয়ন তথ্যসেবাকেন্দ্রগুলোকে ব্যবহার করা। তথ্যসেবাকেন্দ্রগুলো পরিচালনার জন্য তথ্য উদ্যোক্তা তৈরি করা হয়েছে, যাঁদের কম্পিউটার পরিচালনার ন্যূনতম দক্ষতা আছে। এই তথ্য উদ্যোক্তারা ফটোকপি, কম্পিউটার প্রশিক্ষণ ও বিভিন্ন সেবা দেওয়ার বিনিময়ে আয় করে থাকেন। একই সঙ্গে এই কেন্দ্রগুলোতে যদি ওই ইউনিয়নের সব সুযোগ-সুবিধা ও সেবা, দপ্তরওয়ারি সেবা ও তার মূল্যতালিকাসহ সব প্রতিষ্ঠানের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের নামের তালিকা থাকে, তবে তৃণমূল পর্যায়ের বিভিন্ন শ্রমজীবী মানুষের পক্ষে তথ্য সংগ্রহ সুবিধাজনক হবে। প্রতিটি তথ্যকেন্দ্রে অর্থের বিনিময়ে সেবা প্রদান করার পাশাপাশি আইন অনুযায়ী যেসব তথ্য বিনা মূল্যে পাওয়ার কথা, সেগুলো দিতে পারলে জনগণ উপকৃত হবে।সরকার ২০০৯ সালের তথ্য অধিকার আইন প্রণয়ন করেছে। কিন্তু একটি আইন প্রণয়ন করলেই যথেষ্ট নয়, এর বাস্তবায়ন এবং এর থেকে জনগণ উপকৃত হচ্ছে কি না এবং সুফল পাচ্ছে কি না, সেটাও সমান জরুরি। আইনের প্রারম্ভিক অংশে বলা আছে, ‘জনগণ প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক ও জনগণের ক্ষমতায়নের জন্য তথ্য অধিকার নিশ্চিত করা অত্যাবশ্যক।’ অতএব, অধিকাংশ তথ্য সহজ উপায়ে ও মাধ্যমে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে, নইলে আইনটি জনগণের ক্ষমতায়নে সহায়ক ভূমিকা রাখতে পারবে না। এবং এ জন্য শুধু সরকার একা নয়, যাঁরা তথ্য অধিকার নিয়ে কাজ করেন—তৃণমূল জনগোষ্ঠীর অধিকার নিয়ে সোচ্চার—তাঁরাও জনগণকে সচেতন করার দায়িত্ব নিতে পারেন।সানজিদা সোবহান: গভর্ন্যান্স কো-অর্ডিনেটর, মানুষের জন্য ফাউন্ডেশন।