জনগণই জয়ী হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্প্রতি তারা পাকিস্তানের সরকারের সঙ্গে সামরিক বাহিনীর দূরত্ব নিয়ে একটি সংবাদ প্রতিবেদন প্রকাশ করে। এতে নওয়াজ সরকার উত্তেজিত হয়ে পত্রিকাটিকে এ সংবাদের উৎস প্রকাশ করতে বলে। কিন্তু তারা সেটা করেনি। এরপর পাকিস্তান সরকার প্রেস কাউন্সিলের কাছে যায়, কিন্তু তারা পত্রিকার পক্ষেই রায় দেয়। অর্থাৎ তাদের উৎসের নাম প্রকাশ করতে হবে না।

এতে সেখানে দেশজুড়ে এক বিতর্ক শুরু হয়। সেটা হলো, উৎসের নাম প্রকাশ করা হবে কি হবে না। দেখা গেল, বেশির ভাগ মানুষই দ্য ডন-এর অবস্থান সমর্থন করল।

একটি সংবাদপত্রের পক্ষে সেনাবাহিনীর মুখোমুখি অবস্থানে যাওয়া অনেক সাহসের ব্যাপার, যেখানে কার্যত সেনাবাহিনীই দেশ চালায়। একই সঙ্গে, এতে পাকিস্তানের গণমাধ্যমের নাছোড়বান্দা মনোভাব জানা গেছে, আর নওয়াজ শরিফের সরকারের দুর্বল অবস্থানও। আমরা জানি না, এ ব্যাপারটার সমাধান শেষমেশ কীভাবে হবে। কিন্তু এ মুহূর্তে পাকিস্তানের গণমাধ্যম খেলায় জিতে গেছে।

এখান থেকে ভারতীয় গণমাধ্যম যে শিক্ষাটা নিতে পারে তা হলো, সরকার যতই শক্তিশালী হোক না কেন, গণমাধ্যমে নিজের অবস্থানে অটল থাকলে সোচ্চার হতে পারে। তাদের সরকারের চাপের মুখে নতি স্বীকার করতে হবে না। কথা হচ্ছে, দ্য ডন যে খবরটি ছেপেছে, যদি সত্যি হয় এবং তারা যে মন্তব্য করেছে, তা যদি ঘৃণাপূর্ণ না হয়, তাহলে ক্ষমতাকাঠামোর ব্যাপারে ভীত হওয়ার কারণ নেই।

আজ থেকে কয়েক বছর আগে পাকিস্তানের গণমাধ্যমে যা হয়েছিল তার সঙ্গে কিন্তু এর তেমন মিল নেই। এরা তখন ইসলামাবাদের দিকে তাকিয়ে থাকত। আর সরকারের সুবিধা করার জন্য নীতির ব্যত্যয় ঘটাত। এমনকি তৎকালীন সেনাপ্রধান জেনারেল পারভেজ মোশাররফের কারগিল অভিযানও তারা নির্দ্বিধায় মেনে নিয়েছিল। গণমাধ্যমের খবরে সরকারের ইতিবাচক প্রভাব, ভাবমূর্তি প্রকাশিত না হলে সাংবাদিকদের প্রকাশ্যে কটাক্ষও করা হতো।

দুর্ভাগ্যজনকভাবে ভারতীয় গণমাধ্যম এখন দ্য ডন-এর উদাহরণ মেনে চলছে না। পাঠানকোটের হামলার ঘটনা নিয়ে সংবাদ প্রচারের কারণে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় যখন এক দিনের জন্য এনডিটিভির সম্প্রচার বন্ধ রাখল, তখন তারা নিজেরাই এর সাফাই গাইল। এরপর এডিটরস গিল্ড প্রতিবাদ না করা পর্যন্ত অন্যরা এতে ঢোকেনি। তবে শেষ পর্যন্ত এনডিটিভি সুপ্রিম কোর্টে একটি মামলা করেছে।

এর মধ্যে অন্য রাজনৈতিক দলের চাপও বেড়েছে। এনডিটিভির মালিক প্রণয় রায়কে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে হাজির হতে বলা হয়েছিল, যেখানে তাঁর কাছে আপসের সূত্র দেওয়া হয়। কিন্তু তাঁকে কৃতিত্ব দিতেই হয়; কারণ, তিনি নিজের অবস্থান থেকে সরে আসেননি।

তথ্যমন্ত্রী ভেঙ্কাইয়া নাইডু যখন বলেন, জাতির স্বার্থেই এনডিটিভি এক দিনের জন্য বন্ধ করা হয়েছিল, তখন তাঁকে অনেক ছোট দেখায়। জাতীয় স্বার্থ কী, সেটা ঠিক করার তিনি কে। এ ক্ষমতা তাঁকে কে দিয়েছে? তবে মনে হচ্ছে, মন্ত্রী নিজের ভুল বুঝতে পেরেছেন, তাই তিনি এ বিষয়টি নিয়ে আর ঘাঁটাঘাঁটি করেননি।

গণমাধ্যমের পরিস্থিতি বদলে গেছে। টাইমস অব ইন্ডিয়ার তৎকালীন মালিক শান্তি প্রসাদ জৈনের কথা আমার মনে আছে। সম্পাদক শ্যাম লাল আমাকে বলেছিলেন, মালিক তাঁকে কখনো সরাসরি বলেননি, কী ছাপা যাবে, আর কী ছাপা যাবে না। জৈন গান্ধীর আদর্শ মেনে চলতেন। কারণ, গান্ধী সংবাদপত্রের মালিকদের স্রেফ ট্রাস্টি হিসেবে অভিহিত করেছিলেন।

>সরকারকে অগ্রাহ্য করে দ্য ডন পাকিস্তানের মানুষকে স্মরণ করিয়ে দিয়েছে, তারা প্রকৃত অর্থেই সামরিক শাসকদের অগ্রাহ্য করে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারে

ইন্ডিয়ান এক্সপ্রেস-এর মালিক রামনাথ গোয়েনকার ভূমিকাও একইভাবে প্রণিধানযোগ্য। আমি এ পত্রিকায় কাজ করেছি। ইন্দিরা গান্ধীর সরকার এই পত্রিকার বিজ্ঞাপন প্রাপ্তিতে বাধা সৃষ্টি করায় তিনি চরম আর্থিক সংকটে পড়েছিলেন। কিন্তু তিনি এক ইঞ্চিও ছাড় দেননি। তিনি সম্পাদকদের সরকারবিরোধী মনোভাব প্রকাশের পূর্ণ স্বাধীনতা দিয়েছিলেন। জরুরি অবস্থার মুখে ইন্ডিয়ান এক্সপ্রেস ক্ষমতাকাঠামোর ভয়ানক রোষের মুখে পড়েছিল। তা সত্ত্বেও তারা সরকারের বিরুদ্ধে নিঃসঙ্গ লড়াই চালিয়ে গেছে। অন্তত কয়েকবার তারা সেন্সরশিপ মানেনি।

আজকের ভারতীয় পত্রিকাগুলো ক্ষমতাকাঠামোর বিরোধী নয়। সাংবাদিকেরাও এখন চলতি হাওয়ায় গা ভাসিয়ে দিতে চান। এমনকি তাঁদের অনেকের সততা নিয়েও প্রশ্ন উঠেছে, যেটা আগে হয়নি।

মনোভাবের এই পরিবর্তনের নানা কারণ থাকতে পারে। প্রথমত, মালিকেরা এটাকে অন্য ব্যবসার মতোই বাণিজ্যিক ব্যাপার মনে করছেন। তাঁদের লক্ষ্য হচ্ছে মুনাফা, নীতি নয়। এতে যে কজন সাংবাদিক সততার সঙ্গে কাজ করতে চান, তাঁদের পক্ষেও পূর্ণ স্বাধীনতা নিয়ে কাজ করা কঠিন হয়ে ওঠে।

দ্য ডন-এর এই উদাহরণ থেকে অন্যদের সাহস নেওয়া উচিত। গণতান্ত্রিক ব্যবস্থায় গণমাধ্যমের স্বাধীনতা লঙ্ঘন করা যায় না। কোনো অবস্থাতেই এর সঙ্গে আপস চলে না। শাসকেরা মানুষের স্বাধীনতা কেড়ে নিলে তারা প্রতিশোধ নেয়।

ইন্দিরা গান্ধীর জন্মশতবর্ষ উদ্‌যাপিত হচ্ছে। তাঁর পার্টি কংগ্রেস ১৯৭৭ সালে ক্ষমতাচ্যুত হয়। জরুরি অবস্থা তুলে নেওয়ার পর এমন অবস্থা হয় যে, তিনি নিজেই নির্বাচনে হেরে যান। যেকোনো গণতান্ত্রিক ব্যবস্থায় জনগণই সার্বভৌম ক্ষমতার মালিক। বারবারই দেখা গেছে, তারাই শাসকদের ভাগ্য নির্ধারণ করে দিচ্ছে।

সরকারকে অগ্রাহ্য করে দ্য ডন পাকিস্তানের মানুষকে স্মরণ করিয়ে দিয়েছে, তারা প্রকৃত অর্থেই সামরিক শাসকদের অগ্রাহ্য করে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারে। ক্ষমতার ব্যাপারে রাজনৈতিক দলগুলোর কায়েমি স্বার্থ আছে, যেখানে মানুষ চায় উন্নয়ন ও কল্যাণ। শেষোক্তরাই জয়ী হোক।

অনুবাদ: প্রতীক বর্ধন।

কুলদীপ নায়ার: ভারতীয় সাংবাদিক।