জনগণকেই এগিয়ে আসতে হবে

পেশোয়ার হত্যাকাণ্ড: পাকিস্তানের পেশোয়ারের সেনা পরিচালিত স্কুলে সম্প্রতি এক নারকীয় হামলায় ১৩২ শিশুসহ ১৪১ জন নিহত হয়। পৃথিবীর সব প্রান্তের মানুষই এ ঘটনার নিন্দা জানিয়েছেন। এ বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের শীর্ষ দৈনিক নিউইয়র্ক টাইমস-এর অনলাইনে দ্য অপিনিয়ন পেজের রুম ফর ডিবেটে সমাজের বিভিন্ন ব্যক্তির মতামত প্রকাশিত হয়েছে। সেখান থেকে দুজন বিশিষ্ট পাকিস্তানির মতামত তুলে ধরা হলো।
পেশোয়ারের এই জঘন্য হত্যাকাণ্ড পাকিস্তানের ইতিহাসে এক বাঁক পরিবর্তনকারী ঘটনা হিসেবে চিহ্নিত হবে। এর পর থেকে পাকিস্তান নিজের মধ্যেই জীবন সঞ্চার করতে পারে। অথবা প্রতিশোধের আরেকটি সুযোগ হারানোর জন্য নিন্দিত হতে পারে। পেশোয়ারে নিহত শিশুদের জন্য ধর্মীয় আচার–অনুষ্ঠান এখনো শেষ হয়নি। কিন্তু এর মধ্যেই অনেক ধারাভাষ্যকার অনিবার্যভাবেই বলতে শুরু করেছেন, ‘হয়তো পাকিস্তানের শিক্ষা হয়েছে। এর পর থেকে তারা তালেবানদের মধ্যে ভালো ও খারাপ ভেদ করার চেষ্টা করবে না।’
কিন্তু এই ‘শিক্ষা’ নতুন কিছু নয়। ২০১১ সালে যুক্তরাষ্ট্রের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন ইসলামাবাদ সফরে এসে বলেছিলেন, ‘আপনি পেছনের উঠানে সাপ রেখে ভাববেন সেই সাপ শুধু আপনার প্রতিবেশীকে কামড়াবে, সেটা হয় না।’ তিনি তখন ভুল বলেননি, এমনকি এখনো নয়। সেই বিষধর সাপেরা পাকিস্তানের সমাজের গভীরে এক মরণঘাতী ছোবল মেরেছে।
সামরিক ও রাজনৈতিক নেতাদের ওপর ভীষণ চাপ, তাঁদের প্রতিক্রিয়া দেখাতে হবে। তাঁদের সেটা করতে হবে। জনরোষ খুব সহজেই ঠাহর করা যায়। মানবাধিকারকর্মী মোহাম্মদ জিবরান নাসির লাল মসজিদের মওলানা আবদুল আজিজের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন, তখন অনেকেই সেটা অবাস্তব আখ্যা দেন। একজন সন্ত্রাসের মদদদাতা মওলানাকে তাঁর নিজের মসজিদেই চ্যালেঞ্জ জানানোর সাহস কে রাখে? হাজার হাজার মানুষ তা করেছে, সেটাই হয়েছে। পেশোয়ার আক্রমণ পাকিস্তানে সে রকম একটি মতৈক্যের আবহ তৈরি করেছে।
দুর্ভাগ্যজনকভাবে, এই ‘সময়’ নতুন কোনো ব্যাপার নয়। ২০০৭ সালে পাকিস্তানি তালেবানের উত্থানের পর থেকে পাকিস্তানে নানা কায়দায় হামলা হওয়ায় দেশটি নিষ্ঠুরতার বলি হয়ে আসছে। হাসপাতাল, স্কুল, সুপার মার্কেট, মসজিদ, চার্চ, বাস স্টপেজ, মাজার, সামরিক স্থাপনা—কোনো কিছুই হামলার হাত থেকে বাঁচেনি।
অতীতকালে এ রকম মতৈক্য খুব তাড়াতাড়িই ভেঙে গেছে। মূলত, এই মধ্যযুগের অন্ধকারের শক্তির হাতে বন্দুক আছে (আত্মঘাতী বোমা হামলাকারী আছে), আধুনিক ও বহুত্ববাদী পাকিস্তানের প্রবক্তাদের হাতে তা নেই।
সামরিক বাহিনী, গোয়েন্দা সংস্থা, পুলিশ, আদালত, আইনজীবী ও আইনপ্রণেতাদের কাজ হচ্ছে তাঁদের রক্ষা করা। বহুদিন ধরেই রাষ্ট্রের এসব উপাদান অসংলগ্নভাবে বেড়ে উঠেছে। এতে পাকিস্তানের নিরাপত্তাই বিঘ্নিত হয়েছে।
রাষ্ট্র সবকিছু ঠিকঠাক করে দেবে, এমন চিন্তা অনেকটা জুয়ার মতো। সুশীল সমাজের নেতা নাসিরের মতো মানুষের নেতৃত্বে দেশটি থেকে মৌলবাদী চিন্তা দূর করার চেষ্টা করছে। তাঁরা মসজিদ ও মাদ্রাসার প্রতি চ্যালেঞ্জ জানিয়েছেন। এ পথে প্রতি পদক্ষেপেই বিপদ লুকিয়ে রয়েছে। একমাত্র বিকল্প হচ্ছে আশা। আর আশা কোনো কৌশল নয়।
মোশাররফ জাইদি: পাকিস্তানে দ্য নিউজ–এর কলামিস্ট।