জনগণের ওপর আস্থা রাখুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আচরণবিধি ভঙ্গ করে লাগানো ​ব্যানার পোস্টার তুলে নিয়ে যাচ্ছে আইনশৃৃঙ্গলা রক্ষাকারীবাহিনী
আচরণবিধি ভঙ্গ করে লাগানো ​ব্যানার পোস্টার তুলে নিয়ে যাচ্ছে আইনশৃৃঙ্গলা রক্ষাকারীবাহিনী

ঢাকা ও চট্টগ্রামের তিনটি সিটি করপোরেশনের আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে বড় দুই দলের নেতা–নেত্রীদের সঙ্গে দেশের আমজনতার মধ্যেও নির্বাচনী উদ্দীপনা দেখা যাচ্ছে। জনগণকে যাতে হতাশ হতে না হয়, সে জন্য নির্বাচন কমিশন ও সরকারকে যথাযথ নির্বাচনী পরিবেশ সৃষ্টি করে প্রধান বিরোধী দল বিএনপির অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।
আগামী সিটি করপোরেশনের নির্বাচন সুষ্ঠুভাবে সম্পূর্ণ হওয়ার মধ্য দিয়ে চলমান সহিংস রাজনীতিতে গণতান্ত্রিক ধারা ফিরে আসবে বলে অনেকে মনে করছেন। গণতান্ত্রিক শাসনব্যবস্থার যে কোনো বিকল্প নেই, তা এত দিনে সবাই বুঝে গেছে। সরকার যত বেশি গণতান্ত্রিক ও উদার হবে, দেশের মানুষ তত বেশি স্বাচ্ছন্দ্য ও স্বাধীনতা ভোগ করবে। আর যদি রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা সম্ভব না হয়, তাহলে অর্থনৈতিক মুক্তি, সুখ, স্বাচ্ছন্দ্য আসা সম্ভব নয়।
সিটি করপোরেশন নির্বাচন যদি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সমাপ্ত হয়, তাহলে চলমান হিংসাত্মক ও ধ্বংসাত্মক রাজনীতিতে কিছুটা হলেও বিরতি আসবে। মানুষের জানমালের নিরাপত্তার পাশাপাশি আগামী জাতীয় সংসদ নির্বাচনী প্রক্রিয়াও অনেকখানি সুগম হবে। তাই সরকার ও নির্বাচন কমিশনকে এ ব্যাপারে সতর্ক থাকতে হবে, যাতে বড় দুই দলের অংশগ্রহণ নিশ্চিত করা সম্ভব হয় এবং সিটি করপোরেশন নির্বাচনটি সার্থক হয়। অন্যথায় রাজনৈতিক পরিস্থিতি আরও সহিংস হয়ে উঠতে পারে।
২৮ এপ্রিল অনুষ্ঠেয় তিনটি সিটি করপোরেশনের এই নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যে দলীয় প্রার্থীদের হাসিমাখা ছবিসংবলিত নতুন নতুন পোস্টার রাস্তার পাশে ও অলিতে-গলিতে শোভা পাচ্ছে। জনগণের কাছে দোয়া প্রার্থনা করে দলীয় নেতা মহোদয়গণ আকুতি জানাচ্ছেন। জনগণও তাদের আকুতিতে সাড়া জানাতে প্রস্তুত হয়ে আছে। জনগণের প্রতি আস্থা রাখলে জনগণ অবশ্যই সে আস্থার প্রতিদান দেবে। কিন্তু সেই আস্থার মূল্যায়ন সঠিকভাবে রাজনৈতিক নেতারা করেন কি?
আমরা এভাবে চিরকাল থাকতে চাই না। আশা করি, সবাই শান্তি, স্থিতিশীলতা, পরমতসহিষ্ণুতা ও গণতান্ত্রিক রীতিনীতির পথে ফিরে আসবেন। গণতন্ত্রের জয় হোক।
লেখক: নাগরিক, ঢাকা।