জনগণের ট্রেন চাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম-চাঁদপুর রেল যোগাযোগ একটি রাষ্ট্রীয় গণপরিবহন মাধ্যম এবং চট্টগ্রাম থেকে চাঁদপুর হয়ে দক্ষিণাঞ্চলে যাতায়াত অতি সহজ, দ্রুত ও সাশ্রয়ী। ব্রিটিশ শাসনামলে এ রেলপথের গুরুত্ব ছিল। কিন্তু এ রেলপথে বর্তমানে মাত্র দুটি ট্রেন চলাচল করছে।
শুধু বিদ্যমান সময়সূচির কারণে মেঘনা এক্সপ্রেস ট্রেনে বৃহত্তর ফরিদপুরের পাঁচটি জেলা ও খুলনা বিভাগের ১০টি জেলার একজন যাত্রীও চলাচল করতে পারছে না। বরিশাল বিভাগের দু-চারজন যাত্রী এ ট্রেনে চাঁদপুর গিয়ে ঢাকা থেকে আগত যাত্রীবোঝাই লঞ্চে ঠাঁই পায় না। ‘সাগরিকা এক্সপ্রেস’ ট্রেনটি কার্বন ডাই-অক্সাইডের জেনারেটর ও টিটিই-গার্ড-ড্রাইভারের ট্রেন হিসেবে খ্যাত। অতি মন্থর গতি ও যত্রতত্র বিরতিই এর বৈশিষ্ট্য।
পথের মধ্যে ট্রেনটি যত্রতত্র দাঁড় করিয়ে রাখার কারণে চট্টগ্রাম-চাঁদপুর ১৮০ কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে ট্রেনটির তিন ঘণ্টার স্থলে আট-নয় ঘণ্টা লেগে যায়। চট্টগ্রামের নিকটবর্তী লোকাল স্টেশনের যাত্রীরা এ ট্রেনের সিট দখল করে রাখে। এ কারণে চাঁদপুরের সরাসরি ও দক্ষিণাঞ্চলের যাত্রীরা চট্টগ্রাম রেলস্টেশন থেকে সাগরিকা এক্সপ্রেসে উঠতে পারে না।
এসব লোকাল স্টেশনের প্রায় সব যাত্রীই বিনা টিকিটে ভ্রমণ করে। টিটিই-গার্ড-ড্রাইভারের সমন্বয়ে এ অপকর্মটি সম্পন্ন হয়। এ লাইনে চলাচলকারী সব শ্রেণি ও পেশার যাত্রীদের অভিযোগ, একটি চক্র বাস মালিকদের কাছ থেকে নিয়মিত মোটা অঙ্কের মাসোহারা পাচ্ছে। এ কারণে চাঁদপুরের সরাসরি ও দক্ষিণাঞ্চলের ২১ জেলার যাত্রীরা এ ট্রেনে চলাচল করতে পারছে না। ষড়যন্ত্রমূলকভাবে ট্রেনটিকে চাঁদপুর পৌঁছানো হয় বিকেল তিন-চারটায়, যাতে করে দক্ষিণাঞ্চলের যাত্রীরা বেলা একটা পর্যন্ত মেঘনা পারাপারের নিয়মিত লঞ্চগুলো ধরতে না পারে। পড়ন্ত বেলায় ছোট নৌযানে প্রশস্ত, গভীর ও উত্তাল মেঘনা পার হতে গিয়ে অনেক যাত্রী নৌ–দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে। ফিরতি পথে ট্রেনটি প্রায়ই মধ্যরাতে চট্টগ্রাম পৌঁছায়। নারী ও শহরতলির বাসিন্দারা রেলস্টেশন থেকে বাসভবনে ফিরতে অহরহ ছিনতাইয়ের শিকার হয়।
পূর্বাঞ্চলীয় রেল প্রশাসনের চরম অব্যবস্থাপনার কারণেই দক্ষিণাঞ্চলের যাত্রীরা চট্টগ্রাম থেকে ভায়া ঢাকা পথে গন্তব্যে যেতে ২০০ কিলোমিটার বা ততোধিক অতিরিক্ত পথ পরিক্রমণে বাধ্য হচ্ছে। চট্টগ্রাম থেকে লাকসাম পর্যন্ত লোকাল যাত্রীদের আপডাউন যাতায়াতে ৩০টি ট্রেনে চলাচলের সুযোগ আছে। তা ছাড়া রেলপথের সমান্তরালে সড়কপথে আছে হরেক রকমের হাজার হাজার যানবাহন এবং এসব যাত্রীর কোনো বিপজ্জনক নদী পারাপারের প্রয়োজন নেই। এ ক্ষেত্রে সাগরিকা এক্সপ্রেস ট্রেনে সরাসরি ও দক্ষিণাঞ্চলের যাত্রীদের চলাচলে অগ্রাধিকার দেওয়া জরুরি। সাগরিকা এক্সপ্রেসকে আন্তনগর ট্রেনে উন্নীত করে চির অবহেলিত দক্ষিণাঞ্চলের জনগণকে চলাচলের সুযোগ দিলে ট্রেনটি রেলের সবচেয়ে লাভজনক ট্রেনে পরিণত হবে।
লেখক: সহযোগী অধ্যাপক, পদার্থবিজ্ঞান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।