বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর ২০তম জাতীয় সম্মেলনের স্লোগানটিই বর্তমান বাংলাদেশের সার্বিক পরিস্থিতি মূল্যায়নের সত্য চিত্র। আর সে কারণেই এবারের স্লোগানটিই লেখার শিরোনাম হিসেবে ব্যবহৃত হয়েছে। উদীচী তার প্রতিষ্ঠার পর থেকেই মানুষের অধিকার, স্বাধীনতা আর সাম্যের জন্য সাংস্কৃতিক সংগ্রাম করে আসছে। ১৯৬৮ থেকে ১৯৭১ সাল পর্যন্ত বাঙালির সার্বিক মুক্তির চেতনাকে ধারণ করে উদীচী যেমন অংশ নিয়েছে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠার আন্দোলনে, তেমনি মুক্তিযুদ্ধের পর স্বাধীন বাংলাদেশের যেকোনো ক্রান্তিলগ্নে উদীচী প্রতিবাদের মিছিলে হেঁটেছে আদর্শের মশাল হাতে।
সাংস্কৃতিক সংগ্রামের মধ্য দিয়ে মানুষের অধিকার–চেতনার লড়াইকে গ্রামে-গঞ্জে, শহরে-বন্দরে সর্বত্র ছড়িয়ে দিতে উদীচীর ৭১টি সাংগঠনিক জেলা সংসদ ও জেলা সংসদের অধীনে ৩১৫টি শাখা একযোগে কাজ করে যাচ্ছে। দেশের বাইরেও উদীচীর ছয়টি শাখা রয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, ফ্রান্স ও অস্ট্রেলিয়াতে। বিপ্লবী কথাশিল্পী সত্যেন সেন, রণেশ দাশগুপ্তসহ এক ঝাঁক তরুণ ১৯৬৮ সালে প্রতিষ্ঠা করেন উদীচী। প্রতিষ্ঠাকালীন প্রতিটি মানুষের আদর্শ, ত্যাগ আর সংগ্রামের ইতিহাস উদীচীর কর্মী হিসেবে আমাদের প্রতিদিনের পাঠ্য।
সুদীর্ঘ সংগ্রামের পথচলায় মানুষের মুক্তির লক্ষ্যে জীবনের গান গেয়ে দ্রোহের বীণায় উদীচী শুনিয়েছে অসুরবিনাশী সুর। আজ ২২ ডিসেম্বর যখন শুরু হতে যাচ্ছে উদীচীর ২০তম জাতীয় সম্মেলন, তখন উদীচীর গানেই যেন স্মরণ করতে হয় আমাদের বর্তমান পরিস্থিতিকে—‘তোমার স্বদেশ লুট হয়ে যায় প্রতিদিন প্রতি রাতে/ বিরুদ্ধতার চাবুক ওঠাও হাতে’। ২৪ তারিখ পর্যন্ত চলবে এ সম্মেলন।
যদিও ১৯৬৮ সালের ২৯ অক্টোবর প্রতিষ্ঠিত হয় বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী; কিন্তু সত্যেন সেনের নেতৃত্বে তার পটভূমি তৈরি হতে থাকে আরও আগেই। দেশভাগের এক বছর আগেই, ১৯৪৬ সালে মানবিক ও সাম্যের সমাজ প্রতিষ্ঠার লক্ষ্য নিয়েই সত্যেন সেন গঠন করেন কবিয়াল দল। এরপর দীর্ঘ প্রায় এক দশক কারাবরণসহ শাসনযন্ত্রের নানা নির্যাতনের শিকার হন তিনি। কিন্তু এই মহান বিপ্লবী ও তাঁর সহযোদ্ধাদের আদর্শিক লড়াই থেমে থাকেনি। কৃষিপ্রধান বাংলার সামগ্রিক নৈতিক ও সাংস্কৃতিক উদ্বোধনের মূল শক্তিই হলেন বাংলার কৃষকেরা—এ সত্য তাঁরা উপলব্ধি করেছিলেন তখনই। ফলে শাসকের নিপীড়ন আর নির্যাতনের রক্তচাপ উপেক্ষা করে কৃষকদের মাঝেই কাজ চালিয়ে গেছেন তাঁরা। তখনই সত্যেন সেন উপলব্ধি করেন সংস্কৃতি মানুষকে যতটা উদ্বুদ্ধ করতে পারে, ততটা পারে না রাজনৈতিক বক্তব্য। তাঁর এই উপলব্ধি একটি তাগিদ হিসেবে কাজ করে ঢাকা জেলা কৃষক সম্মেলনে, ফলে শিল্পী-সংগ্রামী সত্যেন সেন এমন একটি সংগঠন গড়ে তোলার চিন্তা করেন সমাজ বদলের ক্ষেত্রে, যার হাতিয়ার হবে সংস্কৃতি। শিল্পী সত্যেন সেন, রণেশ দাশগুপ্তের এই চিন্তাধারার ফসল বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী।
উদীচীর প্রতিষ্ঠা এমন একটি সময়ে, যখন বাংলার মানুষ দুর্বার প্রাণশক্তিতে শামিল হচ্ছেন স্বাধীনতার সংগ্রামে। প্রতিষ্ঠার মাত্র দুই বছরেই উদীচী তার সবটুকু সম্বল নিয়ে সাড়া দিয়েছে মানবিক ও দ্রোহের ডাকে। মহান মুক্তিযুদ্ধে উদীচীর শিল্পী–কর্মীরা অস্ত্র হাতে যুদ্ধ করেছেন, আবার দেশ স্বাধীন হওয়ার পর অস্ত্র জমা রেখে ঢোল, করতাল, হারমোনিয়াম, তবলা, নাটকের পাণ্ডুলিপি হাতে দেশ গড়ার সংগ্রামে শামিল হয়েছেন। বাহাত্তরের সংবিধানে মুক্তিযুদ্ধের চেতনার যে প্রতিফলন ঘটেছিল, সে পথেই একটি ধর্মনিরপেক্ষ ও অসাম্প্রদায়িক সাম্যের অর্থনৈতিক ব্যবস্থার বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে উদীচী তার কাজ করে গেছে। পঁচাত্তরে জাতির জনককে সপরিবারে এবং কারা অন্ধকারে জাতীয় চার নেতাকে হত্যার পর বাহাত্তরের সংবিধান থেকে ছিটকে পড়ে বাংলাদেশ। সব রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ড মুখ থুবড়ে পড়ে। কিন্তু শত নির্যাতনেও উদীচী তার লক্ষ্যে অবিচল থেকেছে। ১৯৭৫ সালের ডিসেম্বর মাসে সব বাধা অতিক্রম করে উদীচীর শিল্পীরা শিল্পকলা একাডেমির অনুষ্ঠানে সমবেত কণ্ঠে প্রতিবাদী গান ধরেন। ১৯৭৬ সালের একুশের অনুষ্ঠানে উদীচী তার প্রতিবাদের আরেক নজির স্থাপন করে।
উদীচী কখনোই গণসংস্কৃতির চর্চা থেকে দূরে সরে যায়নি। ১৯৯০ সালের জানুয়ারি মাসে কেন্দ্রীয় শহীদ মিনারে উদীচী প্রথমবারের মতো আয়োজন করে তিন দিনব্যাপী লোকসংগীত উৎসবের। ১৯৯১ সালের জানুয়ারি মাসে দ্বিতীয়বারের মতো আয়োজিত হয় লোকসংগীত উৎসব। এরপর ১৯৯৩ সালে যশোরে এবং ১৯৯৭ সালে ঢাকায় আয়োজন করা হয় গণসংগীত উৎসবের। এরপর ২০০৯ সাল থেকে দেশের সর্বস্তরের মানুষের মধ্যে গণসংগীতকে ছড়িয়ে দিতে সত্যেন সেনের জন্মদিবস উপলক্ষে প্রতিবছরই উদীচী আয়োজন করছে ‘সত্যেন সেন গণসংগীত উৎসব ও জাতীয় গণসংগীত প্রতিযোগিতা’র।
উদীচীর সুদীর্ঘ ইতিহাস নানা চড়াই-উতরাই, বাধাবিপত্তি, আনন্দ-বেদনার ইতিহাস। ধর্মান্ধ জঙ্গিগোষ্ঠীর নির্মম হামলার শিকার হতে হয়েছে উদীচীকে। রাষ্ট্রীয় নিপীড়নের খড়্গ নেমে এসেছে কখনো কখনো। কিন্তু উদীচীর পথচলা থেমে থাকেনি, থাকবেও না। প্রতিষ্ঠালগ্ন থেকে অদ্যাবধি বাঙালির সব গণতান্ত্রিক ও সাংস্কৃতিক সংগ্রামে অনবদ্য ভূমিকা পালন এবং অসাম্প্রদায়িক, বিজ্ঞানমনস্ক ও প্রগতিশীল জাতি গঠনে ভূমিকা রেখে চলেছে উদীচী। জাতীয় পর্যায়ে এ অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ ২০১৩ সালে উদীচীকে প্রদান করা হয়েছে ‘একুশে পদক’।
সত্যেন সেন খুব সচেতনভাবেই উদীচী নামটি নির্বাচন করেছিলেন। ব্যাখ্যা দিয়েছিলেন, উদীচী অর্থ উত্তর দিক বা ধ্রুবতারার দিক। দিকহারা নাবিকেরা যেমন উত্তর দিকে ধ্রুবতারার অবস্থান দেখে তাঁদের নিজ নিজ গন্তব্য স্থির করেন, তেমনি এ দেশের সংস্কৃতি তথা গণমানুষের সংস্কৃতি, সাংস্কৃতিক আন্দোলন—সবকিছুই উদীচীকে দেখে তার চলার পথ চিনতে পারবে। সত্যেন সেনের এই চেতনার পরিপ্রেক্ষিতে উদীচীর ২০তম জাতীয় সম্মেলনটি গুরুত্বপূর্ণ, গুরুত্বপূর্ণ তার স্লোগানটিও। আজ যখন বাংলাদেশ আক্রান্ত দানবের অপশক্তিতে, আজ যখন নানা কারণেই দ্বিধাবিভক্ত আমরা, তখন উদীচীর এই ঐক্যের আহ্বান আমাদের নিশ্চিত নতুন পথের দিশা দেবে। জয় উদীচী।
সঙ্গীতা ইমাম: সহসাধারণ সম্পাদক, বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী।