জননী, তুমি সাহসিকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২৬ মার্চ, ১৯৯২। ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে যুদ্ধাপরাধী গোলাম আজমের প্রতীকী বিচারের জন্য গঠিত গণআদালতে রায় ঘোষণার পর জনতার উদ্দেশে বিজয়সূচক ‘ভি’ চিহ্ন দেখান শহীদজননী জাহানারা ইমাম। আজ সোমবার তাঁর ২৩ তম মৃত্যুবার্ষিকী। ছবি: ফোকাস বাংলা
২৬ মার্চ, ১৯৯২। ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে যুদ্ধাপরাধী গোলাম আজমের প্রতীকী বিচারের জন্য গঠিত গণআদালতে রায় ঘোষণার পর জনতার উদ্দেশে বিজয়সূচক ‘ভি’ চিহ্ন দেখান শহীদজননী জাহানারা ইমাম। আজ সোমবার তাঁর ২৩ তম মৃত্যুবার্ষিকী। ছবি: ফোকাস বাংলা

১৯৭১ সালে বাংলাদেশের মহান স্বাধীনতাযুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন এবং একজন শহীদ মুক্তিযোদ্ধার জননী হওয়া যেমন ছিল গৌরবের, তার চেয়ে বেশি গৌরবময় অধ্যায় ছিল শহীদজননী জাহানারা ইমামের জীবনের শেষ আড়াই বছর। বাংলাদেশে জামায়াত-শিবির চক্রের ফ্যাসিস্ট সাম্প্রদায়িক রাজনীতিকে প্রতিহত করার জন্য যুদ্ধাপরাধীদের বিচার এবং সামাজিক ও রাজনৈতিকভাবে তাদের নির্মূল করার জন্য তিনি যে আন্দোলন শুরু করেছিলেন, তার নজির ইতিহাসে বিরল।

মহান মুক্তিযুদ্ধে জাহানারা ইমামের পুরো পরিবার প্রত্যক্ষভাবে অংশ নেয়। তাঁর জ্যেষ্ঠ সন্তান রুমী উজ্জ্বল ভবিষ্যতের হাতছানিকে উপেক্ষা করে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েন। জাহানারা ইমাম ও তাঁর স্বামী শরীফ ইমাম মুক্তিযুদ্ধের পুরোটা সময় ঢাকায় থেকে মুক্তিযোদ্ধাদের সক্রিয় সহযোগিতা দেন। মুক্তিসেনাদের নিজ বাড়িতে আশ্রয় দেওয়া, তাঁদের খাবার ও আর্থিক সহযোগিতা দেওয়া, পানির ট্যাংকে অস্ত্র লুকিয়ে রাখা, খবর আদান-প্রদান প্রভৃতি দায়িত্ব তাঁরা পালন করেন অসীম সাহসের সঙ্গে। পাকিস্তানি বাহিনীর হাতে শহীদ হন তাঁর ছেলে। একই বছরে স্বামীর মৃত্যু তাঁকে নিঃসঙ্গ করে ফেললেও ভেঙে পড়েননি তিনি। বরং স্বাধীনতার পরে বাংলাদেশে আবির্ভূত হন মুক্তিযুদ্ধের প্রেরণাদাত্রী হিসেবে। তরুণ প্রজন্মের সামনে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরার জন্য রচনা করেন মুক্তিযুদ্ধের অমূল্য দলিল ‘একাত্তরের দিনগুলি’।

১৯৯১ সালের ২৯ ডিসেম্বর একাত্তরের চিহ্নিত নরঘাতক গোলাম আযমকে জামায়াতে ইসলামী তাদের দলের আমির ঘোষণা করলে সচেতন দেশবাসী বিক্ষোভে ফেটে পড়ে। মৌলবাদী, ধর্মান্ধ ও সাম্প্রদায়িক অশুভ গোষ্ঠী এবং মুক্তিযোদ্ধা ও স্বাধীনতাবিরোধী শক্তি যখন মাথা চাড়া দিয়ে দেশে সামাজিক ও রাজনৈতিকভাবে পুনরুজ্জীবিত ও প্রতিষ্ঠিত হতে চলেছে, ঠিক তখনই এই অকুতোভয় সাহসী জননী তাঁর আশ্চর্য সাংগঠনিক ক্ষমতাবলে ঘাতক দালাল নির্মূল কমিটি গঠন করে তাদের অগ্রযাত্রাকে প্রতিহত করেন। তিনি সোচ্চার হন একাত্তরের চিহ্নিত ঘাতকদের বিচার করতে।

১৯৯২ সালে ২৬ মার্চ গণ-আদালতের রায়ে উচ্চারিত হয় গোলাম আযমের ফাঁসির দণ্ড। ঘাতকদের বিচার চাইতে গিয়ে জাহানারা ইমামকে নিদারুণ কষ্ট সহ্য করতে হয়েছে। একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সঙ্গে সম্পৃক্ত হওয়ার অনেক আগেই তাঁর দেহে বাসা বাঁধে মরণব্যাধি ক্যানসার। ভয়াবহ রাজনৈতিক দুঃসময় ও নৈতিক অবক্ষয়ে গর্জে ওঠার মধ্য দিয়ে জাহানারা ইমামের তীব্র মানসিক শক্তি প্রকাশ পায়। ক্যানসারে আক্রান্ত কোনো মানুষের পক্ষে দৃঢ় মনোবল নিয়ে নিজের যাবতীয় কাজ সুসম্পন্ন করা সম্ভব নয়। কিন্তু জাহানারা ইমাম সেই অসম্ভবকে সম্ভব করেছেন। রাষ্ট্রদ্রোহ মামলা মাথায় নিয়ে তাঁকে যেমন ঘুরতে হয়েছে, তেমনি রাজপথে পুলিশের লাঠিপেটার শিকার হয়েছেন। ১৯৯৪ সালের ২৬ জুন দেশ যখন একাত্তরের ঘাতক-দালালদের বিচারের দাবিতে উত্তাল, সে সময় ঘাতকদের বিচারের দায়িত্বভার জনগণের ওপর অর্পণ করে সমগ্র জাতিকে শোকসাগরে ভাসিয়ে শহীদজননী পাড়ি জমান না-ফেরার দেশে।

এ কথা বলার অপেক্ষা রাখে না যে বর্তমানে চলমান যুদ্ধাপরাধীর বিচার শহীদজননী জাহানারা ইমামের আন্দোলনেরই অবদান। শহীদজননী তাঁর ব্যক্তিগত শোককে অমোঘ শক্তিতে রূপান্তরের মাধ্যমে এক নজিরবিহীন দৃষ্টান্ত স্থাপন করে গেছেন। যুদ্ধাপরাধীদের বিচার তিনি দেখে যেতে পারেননি ঠিকই, কিন্তু তাঁর আহূত আন্দোলনের ফলেই আজ বাঙালি জাতি কলঙ্কমুক্ত। তাঁর ২৩তম মৃত্যুবার্ষিকীতে জাতির শ্রদ্ধাঞ্জলি।

*লেখক: সহযোগী তত্ত্বাবধায়ক, শহীদজননী জাহানারা ইমাম স্মৃতি জাদুঘর।