সাংসদদের সম্পর্কে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) সাম্প্রতিক প্রতিবেদনটিতে এক ভয়াবহ চিত্র প্রকাশিত হয়েছে। জরিপধর্মী এই প্রতিবেদনে বলা হয়েছে, যে ১৪৯ জন সাংসদের ওপর জরিপ চালানো হয়েছে, তাঁদের ৯৭ শতাংশ নেতিবাচক কর্মকাণ্ডে যুক্ত। এঁদের মধ্যে সাড়ে ৫৩ শতাংশ সদস্য সরাসরি অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত। এই যদি হয় আমাদের সর্বোচ্চ জনপ্রতিনিধিদের অবস্থা, তা হলে জনগণ কার ওপর আস্থা রাখবে?এই প্রতিবেদনের প্রতিক্রিয়ায় সরকারদলীয় সাংসদেরা তোলপাড় সৃষ্টি করেছেন। অতিরঞ্জন বলে উড়িয়ে দিয়েছেন। টিআইবির গবেষণার পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলেছেন। সংস্থাটির রাজনৈতিক পক্ষপাতিত্ব এবং অশুভ উদ্দেশ্য আছে বলেও কেউ কেউ মন্তব্য করেছেন।সাংসদেরা নিজেদের ইমেজ সম্পর্কে কী ভাবেন, তা তাঁরাই জানেন। তবে তাঁদের সম্পর্কে জনগণের ধারণা ও টিআইবির প্রতিবেদনের মধ্যে যে বিশেষ পার্থক্য নেই, তা বিভিন্ন সামাজিক মিডিয়ার মন্তব্যগুলো থেকে অনুমান করা যায়। উন্নত দেশগুলোতে ভালো গবেষণা পদ্ধতি অনুসরণ করে জরিপ চালানো হয়। তার পরও জরিপে ২ থেকে ৫ শতাংশ ভুলের আশঙ্কা থাকে। সামাজিক বিষয়ের গবেষণায় একে স্বাভাবিক বলেই ধরে নেওয়া হয়। কাজেই টিআইবির গবেষণায় পদ্ধতি ও বিশ্লেষণগত ভুল একেবারেই হয়নি, এমন দাবি সংস্থাটিও করবে না। এমনকি তাদের ভুলের মাত্রা যদি ৭ শতাংশও ধরা হয়, তা হলেও প্রতিবেদনটিতে জনপ্রতিনিধিদের যে চিত্র ফুটে উঠেছে, তাতে শিউরে ওঠা ছাড়া উপায় থাকে না। প্রশ্ন করতে ইচ্ছা করে, সাড়ে ৫৩ শতাংশ সাংসদের জায়গায় ৫০ শতাংশ সাংসদ দুর্নীতিতে যুক্ত হলে এবং ৯৭ শতাংশের জায়গায় ৯০ শতাংশ সাংসদ নেতিবাচক কর্মকাণ্ডে জড়িত হলে কি পরিস্থিতির ইতরবিশেষ হয়? মানুষ কি স্বস্তি বোধ করতে পারে?টিআইবির বিরুদ্ধে রাজনৈতিক পক্ষপাতিত্বের অভিযোগটা শুধু ভিত্তিহীনই নয়, হাস্যকর। টিআইবির ট্রাস্টি বোর্ডের সদস্যদের কেউই বিরোধী রাজনৈতিক ঘরানার নন।জাতীয় সংসদ সদস্যদের এত বিচ্যুতির একটি প্রধান কারণ হচ্ছে তাঁদের পরিচিতি। তাঁরা কিন্তু আসলে রাজনীতিবিদ নন। রাজনীতি এখন আর রাজনীতিবিদদের হাতে নেই। আগের দিনে রাজনীতি করতেন এবং আইনসভার সদস্য হতেন আইনজীবী, অধ্যাপক শ্রেণীর মানুষ; সমাজসেবা ছিল যাঁদের ব্রত, যাঁরা আদর্শগত কারণে নিজের টাকা মানুষের কল্যাণে ব্যয় করতেন। রাজনীতি অর্থ উপার্জনের কোনো পেশা ছিল না, ছিল একটি ব্রত। কিন্তু এখন রাজনীতি নিয়ন্ত্রণ করেন সাধু-অসাধু, নীতিবান-নীতিহীন ব্যবসায়ী, ব্যাংকার, তৈরি পোশাক কারখানার মালিক, আদম ব্যাপারী, আমদানি-রপ্তানিকারক, ইনডেন্টর, হাউজিং প্রকল্পের মালিকেরা। সবাই নীতিবান ও সৎ হলে সমস্যা এই পর্যায়ে যেত না। মোদ্দা কথা, রাজনীতি এঁদের ব্রত তো নয়ই, পেশাও নয়। এঁদের আসল পেশা হচ্ছে ব্যবসা। ব্যবসার জন্য এঁরা রাজনীতি করেন, রাজনীতির জন্য ব্যবসা নয়। আগে তাঁরা চাঁদা দিয়ে রাজনীতিতে প্রভাব রাখতেন, আর এখন সরাসরি সাংসদ হয়ে রাজনীতি নিয়ন্ত্রণ করেন। দুই-আড়াই দশক আগে ড. তালুকদার মনিরুজ্জামান এ বিষয়ে গবেষণা করে রাজনীতিটা কীভাবে রাজনীতিবিদদের হাতছাড়া হয়ে অসৎ লোকদের হাতে চলে যাচ্ছে, তার একটি চিত্র ও অশনিসংকেত তুলে ধরেছিলেন। ইতিমধ্যে অবস্থা প্রায় নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। এমনও শোনা যায়, দুটি বড় দল নির্বাচনের আগে অনেক আসনই নিলামে চড়ায়। যিনি সবচেয়ে বেশি চাঁদা দিতে পারেন, ওই আসনে মনোনয়ন নাকি তাঁকেই দেওয়া হয়। আর এভাবে যে প্রার্থী ১০-১৫ কোটি টাকা খরচ করে মনোনয়ন পান এবং নির্বাচিত হন, তিনি যে পরে এর বদৌলতে ৫০ কোটি টাকা উঠিয়ে নিতে চাইবেন, তা-ই তো স্বাভাবিক। আর এই অর্থ ওঠাতেই তাঁকে নানা নেতিবাচক কর্মকাণ্ড এবং দুর্নীতিতে জড়িয়ে পড়তে হয়, যা টিআইবির প্রতিবেদনে উঠে এসেছে।সবচেয়ে দুর্ভাগ্যের বিষয় হলো, অঢেল অর্থ ঢেলে সাংসদ নির্বাচিত হওয়ার পর তাঁরা ব্যাপক দুর্নীতি এবং নেতিবাচক কর্মকাণ্ডে জড়িয়ে পড়লে পাঁচটি বছরের মধ্যে তাঁদের হাত থেকে নির্বাচকমণ্ডলী এবং জনগণের নিস্তার বা পরিত্রাণ নেই। তাঁরা সিন্দবাদের দৈত্যের মতো ঘাড়ে বসে থাকেন। এই জগদ্দল পাথর বুক থেকে জনগণ সরাতে পারে না। অথচ বিশ্বের অনেক দেশেই তা সরানোর ব্যবস্থা আছে। সেটি হচ্ছে জনপ্রতিনিধিদের রিকল বা প্রত্যাহার করার বিধান। আসলে এটি তাঁদের পদচ্যুত করার একটি সাংবিধানিক পদ্ধতি। এই বিধান বা পদ্ধতি অনুযায়ী কোনো সাংসদ বা জনপ্রতিনিধির বিরুদ্ধে অত্যন্ত গুরুতর কোনো অভিযোগ (বিশ্বাসযোগ্য এবং দৃশ্যমান ভিত্তিসহ) থাকলে সংশ্লিষ্ট নির্বাচনী এলাকার ভোটারদের একটি উল্লেখযোগ্য অংশ (২০ বা ২৫ শতাংশ) লিখিত স্বাক্ষরসহ তাঁকে অপসারণ করার অথবা ওই এলাকায় নতুন করে নির্বাচন অনুষ্ঠানের দাবি জানাতে পারেন। নির্বাচন কমিশন স্বাক্ষরের সত্যতা যাচাই করার পর ওই আসনে নতুন করে নির্বাচনের ব্যবস্থা করে। রিকল করার এই ব্যবস্থা আমাদের সংবিধানে নেই। যেখানে গণভোটের ব্যবস্থা সংবিধানে থাকলেও জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে গণভোট নেওয়া হয় না, সেখানে জনপ্রতিনিধি প্রত্যাহারের বিধান চালু বা কার্যকর করার আশা দুরাশাই বটে। তবু দেশের স্বার্থেই এই ব্যবস্থা থাকা এবং কার্যকর করা দরকার। মাত্র মাস খানেক আগে যুক্তরাষ্ট্রে একটি রাজ্যের গভর্নর এই বিধানের আওতায় নতুন করে নির্বাচনে যেতে বাধ্য হন। অবশ্য পুনর্নির্বাচনেও তিনি বিজয়ী হন। তবে আমাদের দেশে এই ব্যবস্থা কার্যকর করার আগে নিশ্চিত হতে হবে, যেন এর মাধ্যমে প্যান্ডোরার বাক্স খুলে দেওয়া না হয়। দেশটি যেভাবে প্রায় সমান শক্তিতে দুই মেরুতে বিভক্ত হয়ে গেছে, কোনো সাংসদের বিরুদ্ধে বিরোধী পক্ষ থেকে ২০ শতাংশ ভোটারের স্বাক্ষর গ্রহণ করা অসম্ভব নয়। যাঁকে রিকল বা প্রত্যাহার করার জন্য ব্যবস্থা নিতে বলা হবে, তাঁর বিরুদ্ধে অবশ্যই দুর্নীতি বা বিচ্যুতির বিশ্বাসযোগ্য গুরুতর অভিযোগ থাকতে হবে। সাংসদের গাড়িতে লাশ পাওয়া যাওয়া, বন্দুক দিয়ে নিজ দলের লোকদের ওপর দিনদুপুরে প্রকাশ্যে আক্রমণ করতে উদ্যত হওয়া, সরকারি কর্মকর্তাদের কিল-ঘুষি মারা কি কোনো সাংসদের পদের সঙ্গে সংগতিপূর্ণ? সাগর চুরির সমান আর্থিক দুর্নীতির অভিযোগও কম সাংসদের বিরুদ্ধে নেই। এঁদের রিকল বা প্রত্যাহার করার অধিকার জনগণের অবশ্যই থাকতে হবে। সংসদের পাঁচ বছরের মেয়াদকালে যদি পাঁচজন সাংসদকেও এ ধরনের গুরুতর অপরাধে ভোটের মাধ্যমে প্রত্যাহার বা সোজা কথায় পদচ্যুত করা হয়, তা হলে তা অন্য সাংসদেরাও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে বিরত থাকবেন। আমাদের সংবিধান বিশেষজ্ঞরা বিষয়টি গুরুত্বের সঙ্গে ভেবে দেখতে পারেন।আনিসুর রহমান: সুইডেনপ্রবাসী সাংবাদিক[email protected]