জনপ্রশাসনে পদোন্নতি: গোদের ওপর বিষফোড়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোদ পদস্ফীতিজনিত একটি রোগ। এটা হলে রোগাক্রান্ত ব্যক্তির চলাফেরা করা যন্ত্রণাদায়ক। একইভাবে তার কাজের গতি মন্থর হয়ে পড়ে। আর বিষফোড়ার সঙ্গে পাঠককে নতুনভাবে পরিচয় করিয়ে দেওয়ার আবশ্যকতা নেই। অনেককেই সেই ফোড়ার যন্ত্রণাও হয়তো বা সহ্য করতে হয়েছে কখনো কখনো। সেটি যদি গোদ রোগাক্রান্ত ব্যক্তির গোদের ওপর হয়, তাহলে সেই যন্ত্রণা আরও বেড়ে যাবে, এটা বলার অপেক্ষা রাখে না। অভিধানে তাই গোদের ওপর বিষফোড়ার অর্থও করা হয়েছে যন্ত্রণার ওপর অধিকতর যন্ত্রণা।প্রসঙ্গটি টেনে আনা হলো জনপ্রশাসনে পদোন্নতির ভাবনার কথা বিভিন্ন গণমাধ্যম থেকে জেনে। জানা যায়, উপসচিব থেকে তদূর্ধ্ব সব স্তরে আবার পদোন্নতির জন্য বড় ধরনের প্রক্রিয়া চলছে। পদোন্নতি চাকরিজীবীদের জন্য খুবই প্রত্যাশিত একটি বিষয়। সবার মধ্যেই সেই প্রত্যাশা থাকে। আর প্রত্যাশা ও প্রাপ্তির সংযোগ তখনই ঘটার কথা, যখন ওপরের দিকে পদ শূন্য হয়। আর যোগ্য, অভিজ্ঞ ও দক্ষ হন সেই কর্মকর্তা। দীর্ঘদিন একই পদে থেকে কাজ করলে কর্মকর্তাদের কর্মস্পৃহা হ্রাস পায়। হারিয়ে ফেলেন উদ্যম। কিন্তু বেশ কিছুকাল ধরে পদোন্নতি প্রদানের যেসব শর্ত ওপরে আলোচিত হয়েছে, তা সঠিকভাবে অনুসৃত হচ্ছে না। অধিকতর মেধাবী, যোগ্য, দক্ষ ও জ্যেষ্ঠ কর্মকর্তাদের পদোন্নতি থেকে বঞ্চিত করার অভিযোগ প্রায় ক্ষেত্রেই রয়েছে। তদুপরি শূন্য পদ ব্যতিরেকেই লাগামহীন পদোন্নতি দেওয়া হচ্ছে ঊর্ধ্বতন পদে।বর্তমানে জনপ্রশাসনের মান ক্রমনিম্নমুখী বলে দেশের সুধীজন অব্যাহতভাবে অভিযোগ করছেন। আর এটা পুরোপুরি অস্বীকারও করা যাবে না। এর কিছু কিছু কারণও অনেকেরই জানা। সূচনাতেই নিয়োগপর্বে ৫৫ শতাংশ নিয়ে নেয় বিভিন্ন কোটা। মেধা কোটার জন্য থাকে মোটে ৪৫ শতাংশ। অর্থাৎ, চাকরিতে অধিকতর মেধাবীদের প্রবেশ পর্যায়েই অন্তরায় সৃষ্টি করে রাখছি আমরা। তা ছাড়া অপর্যাপ্ত বেতন-ভাতাদি ও সুযোগ-সুবিধা এবং ক্রমহ্রাসমান মর্যাদা তেমনটি আকর্ষণ করতে পারছে না অধিক মেধাবীদের। তার মধ্যেও যেসব মেধাবী প্রার্থী প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশ নেন, তাঁদের অনেকেই কোটার কারণে কাঙ্ক্ষিত পদে নিয়োগ পান না। এরপর ঘটতে থাকে পদায়ন ও পদোন্নতির কালে স্তরে স্তরে বঞ্চনা ও অনিয়ম। অতিসাধারণ মানের কর্মকর্তাদের কেউ কেউ ক্ষমতায় যে দলটি থাকে, তাদের বন্দনা করে ঢাকতে চেষ্টা করেন নিজের দুর্বলতা। অর্জন করেন পদোন্নতি ও পছন্দের পদ। সময়মতো তাঁদের কেউ কেউ আবার দক্ষতার সঙ্গে পক্ষও পরিবর্তন করে ফেলেন। আর এই ‘গুণাবলি’ যাঁদের নেই, তাঁরা যত মেধাবী, দক্ষ, যোগ্য ও অভিজ্ঞ হোন, খেলতে দেওয়া হয় সাইডলাইনে। কেউ বা অতিরিক্ত খেলোয়াড়ের তালিকায় চলে যান ওএসডি হয়ে। এ ক্ষেত্রে দক্ষ, মেধাবী ও একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবিলায় সক্ষম রাজনৈতিক প্রভাবমুক্ত জনপ্রশাসন গড়ে তোলা কি সম্ভব? এ কথায় জবাব আসবে, নিশ্চয়ই নয়। অথচ বর্তমান ক্ষমতাসীন দলের নির্বাচনী ম্যানিফেস্টো দিনবদলের সনদে এ অঙ্গীকারই করা হয়েছিল অতিদৃঢ়তার সঙ্গে।ফল কী হয়েছে? আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের অনেকেই আজ দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় আলোচনায় কোনো ছাপ রাখতে পারছেন না অন্য পক্ষের ওপর। তাই বেশ কিছু ক্ষেত্রে আমাদের দেশের স্বার্থে সিদ্ধান্ত নেওয়ায় তাঁরা সক্ষম হচ্ছেন না—এ রকম অভিযোগও আছে। আর এ ঘাটতি মোকাবিলায় শীর্ষস্থানীয় পদগুলোতে সিভিল সার্ভিসের বাইরে থেকে সমান্তরাল নিয়োগের আইনগত বিধানের প্রচেষ্টা চলছে সরকারের দায়িত্বশীল মহল থেকেই। এ প্রস্তাব আমাদের দেশের প্রেক্ষাপটে গ্রহণযোগ্য নয়, এটা বলার অপেক্ষা রাখে না। কেননা, এতে নিছক দল বা ব্যক্তির পছন্দই প্রাধান্য পাবে। অভিজ্ঞতা ও যোগ্যতা তেমন কোনো গুরুত্ব পাবে না; এমনটা মনে করলে অসংগত হবে না। এভাবে নিযুক্তি দেওয়া হলে তাঁরা অন্যদের টিমভুক্ত করে নেতৃত্ব দিতেও কতটা সক্ষম হবেন, এ বিষয়ে সংশয় রয়েছে। ভিন্ন কর্ম-সংস্কৃতি থেকে সরাসরি সরকারি ওপরের পদে এলে খাপ খাইয়ে নিতে তাঁরা সহজেই সক্ষম হবেন না। সর্বোপরি জনপ্রশাসনের ঊর্ধ্বতন পর্যায়ে পদোন্নতির সুযোগ সংকুচিত হয়ে যাবে। ফলে সে ক্ষেত্রে পেশাদার কর্মকর্তাদের মধ্যে সৃষ্টি হবে ক্ষোভ ও হতাশা। তবে আমাদের বিদ্যমান জনপ্রশাসন কাঙ্ক্ষিত মান অর্জনে ক্রমান্বয়ে ব্যর্থ হতে থাকলে এমন প্রচেষ্টা তারা ঠেকিয়ে রাখতে সক্ষম হবে কি না, এ বিষয়েও সন্দিহান হতে হয়।ভবিষ্যৎ পদোন্নতির সুযোগ সম্পর্কে হিসাব-নিকাশ না করে প্রশাসন ক্যাডারে ১৯৭৩, ১৯৮৩, ১৯৮৪, ১৯৮৫ ও ১৯৮৬ সালে ভিত্তিস্তরে অনেক বেশিসংখ্যক কর্মকর্তাকে নিয়োগ দেওয়া হয়। ১৯৭৩ সালে অন্য কয়েকটি ক্যাডারেও তা-ই ঘটেছিল। সময়ান্তরে তাঁদের পদোন্নতি বড় ধরনের সমস্যার সৃষ্টি করবে, এটা বিবেচনাতেই নেওয়া হয়নি। পিরামিড আকৃতির প্রশাসনে ওপরের দিকে পদসংখ্যা ক্রমান্বয়ে কমে আসে। এসব অবিবেচনাপ্রসূত নিয়োগ আর শূন্য পদে স্বচ্ছতার ভিত্তিতে পদোন্নতি না হওয়ায় সৃষ্টি হয়েছে এখনকার এ সংকট। আর এর রাশ টেনে ধরে বাস্তবধর্মী পদক্ষেপ না নিলে সংকটটি আরও তীব্র হবে।দীর্ঘদিন ধরেই শূন্য পদের অতিরিক্ত কিছুসংখ্যক কর্মকর্তাকে পদোন্নতি দেওয়ার রেওয়াজ চালু রয়েছে। তখন অবশ্য অতিরিক্ত কর্মকর্তাদের সূচনাতে পদায়ন না করা গেলেও দ্রুতই পরবর্তী শূন্য পদের বিপরীতে পদায়ন করা যেত। তবে কোনো শূন্য পদ ব্যতীত পদোন্নতির রেওয়াজ কিন্তু ছিল না। যতটুকু জানা যায়, বিগত চারদলীয় জোট সরকারের একেবারে শেষ সময়ে কোনো শূন্য পদ ব্যতিরেকে প্রায় ৪০০ কর্মকর্তাকে উপসচিব পদে পদোন্নতি দেওয়া হয়। ২০০৭-এ সরকার পরিবর্তনের পর উপসচিবের প্রায় ৩০০ সুপার নিউমারারি পদ সৃষ্টি করে তখনকার মতো পরিস্থিতিকে কিছুটা সামাল দেওয়া হয়।বর্তমান সরকারের সময়ে শুরুর দিকেও শূন্য পদের সঙ্গে কিছু অতিরিক্ত পদ ধরে পদোন্নতির প্রক্রিয়া আবার চালু হয়। কিন্তু সর্বশেষ সব স্তরে যে বিপুলসংখ্যক কর্মকর্তাকে পদোন্নতি দেওয়া হয়, তার বিপরীতে কোনো শূন্য পদই ছিল না। ফলে বড় ধরনের পদায়ন-সংকট সৃষ্টি হয়। অতিরিক্ত সচিব, যুগ্ম সচিব আর উপসচিব পদে নির্বিচারে সুপার নিউমারারি পদ সৃষ্টি করে সচিবালয়ে এক বিশৃঙ্খল পরিবেশের সূচনা করা হয়েছে। যুগ্ম সচিবেরা উইং প্রধান হিসেবে সরাসরি সচিবের অধীনে থাকার কথা হলেও রুলস অব বিজনেসের ব্যত্যয় ঘটিয়ে অতিরিক্ত সচিবের মাধ্যমে তাঁদের নথি সচিব-পর্যায়ে পাঠাতে হয়। এতে অকারণে একটি স্তর সৃষ্টি হলো। স্বাভাবিকভাবেই এতে সরকারি কাজে সময় বেশি লাগছে। সহকারী সচিবের কাজ এখন উপসচিবেরাই করছেন। আর উপসচিবের কাজে আছেন কোথাও যুগ্ম সচিব, আর কোথাও বা অতিরিক্ত সচিব। কয়েকজন সচিবকেও সংস্থার প্রধান হিসেবে কাজ করতে হচ্ছে। প্রাধিকার হিসেবে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের বসার স্থান, সহায়ক কর্মচারী ও যানবাহনের সুবিধা পাচ্ছেন না অনেক ক্ষেত্রে। এসব করেও প্রায় সাড়ে তিন শ কর্মকর্তা এখনো ওএসডি আছেন বলে জানা যায়। তদুপরি এ পদোন্নতির প্রক্রিয়াগুলোর সব কটিতে ব্যাপক দলীয়করণের অভিযোগ রয়েছে, যেমনটা ছিল চারদলীয় জোট সরকারের সময়কালে। দিনবদলের কর্মসূচির প্রতিশ্রুতির কোনো প্রতিফলনই এখানে নেই। জনপ্রশাসনের মান ক্রমেই নিম্নমুখী।সর্বশেষ তথ্য অনুযায়ী, বর্তমানে তিনটি স্তরে অনুমোদিত ও নিয়োজিত কর্মকর্তাদের পরিসংখ্যান তুলে ধরছি। উপসচিব পদে অনুমোদিত পদের সংখ্যা ৮৩০, কিন্তু নিয়োজিত আছেন এক হাজার ৫৩০ জন। যুগ্ম সচিব পদে অনুমোদিত পদের সংখ্যা ৪৩০, নিয়োজিত আছেন ৬২৩ জন। অতিরিক্ত সচিব পদে অনুমোদিত পদের সংখ্যা ১০৭, নিয়োজিত আছেন ২৪৯ জন।অথচ উপসচিবের নিচের স্তরে কর্মকর্তার স্বল্পতা রয়েছে বিভিন্ন ক্ষেত্রে। আর পদোন্নতিপ্রাপ্তদের অনেকেই উচ্চতর দায়িত্ব পালনে সুযোগ পাচ্ছেন না। ফলে একটি জগাখিচুড়ি অবস্থার সৃষ্টি করে জনপ্রশাসনের গতিকে ব্যাহত করে দেওয়া হয়েছে। গোদ রোগের পদস্ফীতির মতো এর কার্যক্রমেও স্থবিরতার অভিযোগ এখন অনেক ক্ষেত্রেই।এর মধ্যে আবার সব স্তরে পদোন্নতির দামামা বেজে উঠেছে। উপরিউক্ত তিনটি স্তরে যেখানে অনুমোদিত পদসংখ্যার প্রায় দ্বিগুণসংখ্যক কর্মকর্তা নিয়োজিত, সেখানে এ পদোন্নতি দেওয়া হবে কোথায়? আর কেনই বা এ পদোন্নতি? পদোন্নতি হবে পদের বিপরীতে। একটিও শূন্য পদ নেই, বরং রয়েছেন প্রায় দ্বিগুণসংখ্যক কর্মকর্তা, এমন ধরনের পদের বিপরীতে পদোন্নতির দাবির বিধিগত ও নৈতিক কোনো ভিত্তিই নেই। শুধু যাঁরা পদোন্নতি থেকে বঞ্চিত, তাঁদের বিষয়টি যদি অনুরাগ ও বিরাগের বশবর্তী না হয়ে যোগ্যতা, দক্ষতা ও মেধার ভিত্তিতে বিবেচনা করা হয়, তবে অনৈতিক হবে না। কেননা, তাঁদের কনিষ্ঠরা ইতিমধ্যে উচ্চতর পদে পদোন্নতি পেয়েছেন। হয়তো বা কিছুটা হবে বোঝার ওপর শাকের আঁটি। আর শাকের ওজন তেমন বেশি হয় না। তাই বোঝার ওপরও হয়তো বা তা নেওয়া যায়।কিন্তু তা হবে বলে মনে হয় না। আমাদের নিকট অতীতের প্রশাসনিক সংস্কৃতি তো সম্পূর্ণ ভিন্ন রূপ। জানা যাচ্ছে, নতুন কর্মকর্তাদের পদোন্নতি দেওয়া হবে ঢালাওভাবে। সে ক্ষেত্রে অধিক আলোচনা না করেও বলা চলে, সেটা জনপ্রশাসনে আরেকটি বিষফোড়ার সৃষ্টি করবে। তা করবে ইতিমধ্যে সৃষ্ট এর গোদের ওপর। আলী ইমাম মজুমদার: সাবেক মন্ত্রিপরিষদ সচিব।[email protected]