
মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. মিজানুর রহমান সম্প্রতি একটি ঘটনায় আহত ব্যক্তিকে দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান। সেই ব্যক্তি পুলিশের গুলিতে আহত হয়ে চিকিৎসাধীন ছিলেন। হাসপাতালে মিজানুর রহমান উপস্থিত সাংবাদিকদের কাছে মন্তব্য করেন, ‘পুলিশের চেইন অব কমান্ড ভেঙে পড়েছে। পুলিশের সাম্প্রতিক কার্যক্রম সাংঘাতিক রূপ নিয়েছে।’ এ ছাড়া ঘটনায় তিনি তাঁর তীব্র ক্ষোভ প্রকাশ করে আরও কিছু কথা বলেছেন। তাঁর মন্তব্যে ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকেও প্রতিক্রিয়া ব্যক্ত করা হয়। তাদের মতে, এ ধরনের মন্তব্যে জঙ্গিবাদ উৎসাহিত হতে পারে। তা ছাড়া, পুলিশ বাহিনীর চেইন অব কমান্ড সম্পর্কে মানবাধিকার কমিশন চেয়ারম্যানের বক্তব্য এ বাহিনীর মনোবলে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তারা আরও জানায়, আহত চিকিৎসাধীন ব্যক্তি নিষিদ্ধঘোষিত একটি জঙ্গি সংগঠনের সদস্য। এ ধরনের একজন ব্যক্তির বক্তব্যকে নির্ভর করে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান বক্তব্য রেখেছেন বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। বিবৃতি আর পাল্টা-বিবৃতি কয়েক দফা চলেছে। এরপর স্বাভাবিক নিয়মে গেছে থেমে।
ওপরে উল্লেখিত কারও বক্তব্যকেই উপেক্ষা করার সুযোগ নেই। তবে এগুলো কিছুটা বিশ্লেষণের দাবি রাখে। মিজানুর রহমান অতি গুরুত্বপূর্ণ একটি সংস্থায় সম্মানজনক পদে আসীন। কোথাও মানবাধিকার লঙ্ঘিত হলে এর প্রতিবাদ করা ও প্রতিকারের জন্য সম্ভাব্য পদক্ষেপ নেওয়া তাঁর দায়িত্বের অংশ। সংস্থাটির বিচারিক ক্ষমতা নেই। তদন্ত করার ক্ষমতা থাকলেও প্রশিক্ষিত জনবলসংকট সেই পর্যায়ে এটাকে নিতে পারেনি। তবে ক্ষেত্রবিশেষে তারা প্রাথমিক তদন্ত করে। মূলত, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও আইন প্রয়োগকারী সংস্থাগুলোর দৃষ্টি আকর্ষণ করার মধ্যেই কমিশনের দায়িত্ব অনেকটা সীমাবদ্ধ থাকে। বারবার তাগাদা দিয়ে তদন্তকাজে গতি আনে ক্ষেত্রবিশেষে। তবে চেইন অব কমান্ড নিয়ে ড. মিজানের বক্তব্যটি ঢালাওভাবে মেনে নেওয়া যায় না। এটা যদি ভেঙেই পড়ত, তাহলে ভেঙে পড়ত আইনশৃঙ্খলা-ব্যবস্থা।
তবে আইনশৃঙ্খলা-ব্যবস্থা যে একটি চ্যালেঞ্জের মুখে আছে, এটাও অস্বীকার করার সুযোগ নেই। জঙ্গিবাদের পাশাপাশি পেশাদার সন্ত্রাসীদের তৎপরতা ক্রমান্বয়ে বাড়ছে। এ পরিস্থিতি মোকাবিলায় প্রধান আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশ ও র্যা ব সব ক্ষেত্রে সময়োচিত পদক্ষেপ নিতে পারছে না। অন্যদিকে তাদের কোনো কোনো সদস্য অপরাধমূলক কাজের সঙ্গে অধিক হারে জড়িয়ে পড়ছেন। তদুপরি তারা আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ক্ষেত্রবিশেষে আইনবহির্ভূত পন্থায় অগ্রসর হচ্ছে। একজন ঘৃণ্য অপরাধীরও আইনের আওতায় বিচার পাওয়ার অধিকার রয়েছে—ড. মিজানের এ বক্তব্যের সঙ্গে দ্বিমত প্রকাশের সুযোগ নেই।
এরপর আলোচনার দাবি রাখে চেইন অব কমান্ড ভেঙে পড়ার বিষয়টি। অভিযোগটি এসেছে একটি মাত্র সংস্থার বিরুদ্ধে। হয়তো বা বিবেচ্য ঘটনায় সে সংস্থাই প্রাসঙ্গিক বলে তা এসেছে। তবে গোটা দেশের শাসনব্যবস্থার চেইন অব কমান্ডের আলোকেই এটাকে দেখা সংগত হবে। কোথাও এটা ভেঙে পড়েছে—এমন বলা যাবে না। তবে বিপন্ন বা ক্ষতবিক্ষত হয়েছে অনেক প্রতিষ্ঠানের ক্ষেত্রে, এটা বলাও অসংগত হবে না। বিশ্লেষণ করা সমীচীন এর কারণ। সমাধানের সম্ভাব্য পথও খুঁজে দেখা দরকার। আলোচনা করা যেতে পারে চেইন অব কমান্ডের সংজ্ঞা নিয়ে। কোনো প্রতিষ্ঠানের মানবসম্পদ ব্যবস্থাপনা প্রক্রিয়ায় সে প্রতিষ্ঠানের সদস্যদের অবস্থান ও পারস্পরিক সম্পর্ক এর মাধ্যমে নির্ধারণ করা হয়। এখানে আদর্শ অবস্থান হচ্ছে প্রত্যেকে নির্ধারিত একজনের অধীনে কাজ করবেন। গ্রহণ করবেন তাঁর আদেশ। তাঁর কাছেই জানাবেন কার্যক্রমের বিবরণ। এর ব্যত্যয় কাজের স্বাভাবিক গতিকে করে ব্যাহত। অন্যের অধিকারে করে অযাচিত হস্তক্ষেপ।
যেমন ‘ক’ ইউনিটের কোনো কর্মকর্তা আদেশ করবেন তাঁর অধীনস্থদের নির্দিষ্ট নিয়মে। ‘খ’ ইউনিটের কাউকে সরাসরি আদেশ করা হবে অসংগত ও অযৌক্তিক। আর চেইন অব কমান্ড যত দৃঢ় হবে, নিয়ন্ত্রণ হবে তত কার্যকর। ফলে সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়ন-প্রক্রিয়া ত্বরান্বিত হবে। দক্ষতাও বাড়বে সে সংস্থার। পক্ষান্তরে আমাদের দেশে রাজনৈতিক নিয়ন্ত্রণ কথাটির অপব্যাখ্যার সুযোগ নিয়ে ক্ষমতাসীন দলের স্থানীয় পর্যায়ের নেতা-কর্মীরা নিয়ন্ত্রণ করছেন প্রশাসন, পুলিশসহ প্রায় সব বিভাগের কাজকর্ম। উপজেলা নির্বাহী কর্মকর্তাকে এখানে জেলা প্রশাসকের আদেশের চেয়ে ক্ষেত্রবিশেষে গুরুত্ব দিতে হয় সেই রাজনৈতিক কর্তৃপক্ষের ‘সুপারিশকে’। একইভাবে জেলা পর্যায়ের কর্মকর্তারাও সরকারি নির্দেশ যা-ই থাকুক, স্থানীয় নেতাদের অভিপ্রায় সামলানোতেই নিজেদের নিয়োজিত রাখেন।
বলার অপেক্ষা রাখে না, এরই ফলে প্রায় প্রতিটি সংস্থার চেইন অব কমান্ড হয়েছে বিপর্যস্ত ও বিপন্ন। আর এ ধরনের আদেশ, অভিপ্রায় কিংবা সুপারিশ জনকল্যাণের নামে হলেও মূলত ব্যক্তিস্বার্থেই হয়। এর নেই কোনো প্রাতিষ্ঠানিক স্বীকৃতি এবং আইনগত বৈধতা। তবু তা চলছে আর জোরদার হচ্ছে। এরই ধারাবাহিকতায় স্থানীয় রাজনৈতিকদের সমর্থনপুষ্ট কিছু সরকারি কর্মকর্তা আইনকানুনের ধার না ধেরে নিজেদের স্বার্থ সিদ্ধিতেও নেমে পড়েছেন। পুলিশেরও কেউ কেউ আছেন সেই কাতারে। শুধু মাঠ প্রশাসন নয়, সচিবালয়, দপ্তর, অধিদপ্তর ও স্বায়ত্তশাসিত সংস্থার চেইন অব কমান্ডও এখন চ্যালেঞ্জের মুখে। এর দায় অংশত রাজনৈতিক কর্তৃপক্ষের হলেও একশ্রেণির কর্মকর্তার ওপরও সমান তালে বর্তায়। তাঁরা নিজেদের স্বার্থে ভাঙছেন চেইন অব কমান্ড। ক্ষেত্রবিশেষে যোগ্য জ্যেষ্ঠ কর্মকর্তাকে অতিক্রান্ত করে কনিষ্ঠ এবং এমনকি কম যোগ্য ব্যক্তিকে ‘বস’ বানিয়ে দেওয়াও পরিস্থিতির অবনতিতে প্রভাব ফেলছে। অস্ত্রধারী বাহিনী বলে পুলিশ ও র্যা বের চেইন অব কমান্ড অনেক গুরুত্বপূর্ণ, সন্দেহ নেই। তবে অন্য সব সংস্থাতেও তা না থাকলে শাসনব্যবস্থা মুখ থুবড়ে পড়বে।
দেখা যেতে পারে এটা কখন শুরু হয়। স্থানীয় রাজনৈতিক নেতা-কর্মীরা প্রশাসনকে প্রভাবিত করার চেষ্টায় সক্রিয় রয়েছেন পাকিস্তান আমল থেকেই। বাংলাদেশ হওয়ার পরও এ প্রবণতা অব্যাহত থাকে। সময়ে সময়ে বৃদ্ধি পায়। তবে আগ্রাসী রূপ নিয়েছে ২০০১ সালের নির্বাচনের পর থেকে। এরপর দিন দিন বেড়েই চলছে। একে থামানোর কোনো কার্যকর উদ্যোগ লক্ষণীয় নয়। এটা অনস্বীকার্য যে, দেশে শাসনকাজ চলবে রাজনৈতিক নিয়ন্ত্রণে। জাতীয় সংসদ আইন প্রণয়ন করবে, সেই আইন বাস্তবায়নের দায়িত্বে থাকবে আইন দ্বারা নির্ধারিত কর্তৃপক্ষ। আইনের অধীনে সরকার বিধি প্রণয়ন করে। সেই বিধিতেও বাস্তবায়ন-পদ্ধতি আর কার কী দায়িত্ব, তা উল্লেখ থাকে। বিধি অনুমোদনের ক্ষমতাও রাজনৈতিক কর্তৃপক্ষের। সরকারের নীতিনির্ধারণী আদেশের জারি হয় মন্ত্রীর অনুমোদন নিয়ে।
এ ধরনের আইন, বিধি আর নির্দেশ প্রতিপালনের দায়িত্বে যাঁরা রয়েছেন, তাঁদের স্তরে স্তরে তদারক ও নিয়ন্ত্রণব্যবস্থাও আছে। মূলত, তাঁরা সে চেইন অব কমান্ডের মাধ্যমে সরকারের কাছেই দায়বদ্ধ। তা সত্ত্বেও সংশ্লিষ্ট কর্মকর্তারা তাঁদের দায়িত্ব সঠিকভাবে পালন করছেন কি না, তা স্থানীয় জনপ্রতিনিধিরা লক্ষ রাখতে পারেন। ব্যত্যয় ঘটলে দিতে পারেন পরামর্শ। সরকারের নজরেও নিতে পারেন বিষয়টি। এসব কিছু না করে তাঁদের কারও কারও ইচ্ছা বা সুবিধামতো আইন প্রয়োগ বা সিদ্ধান্ত গ্রহণের জন্য স্থানীয়ভাবে চাপ প্রয়োগ অনভিপ্রেত। আর সেই চাপ প্রয়োগের কাজ করতে বাধ্য হচ্ছেন অনেকেই। এসব যাঁদের তদারক করার কথা, তাঁরা হচ্ছেন উপেক্ষিত। এর ফলে আজ চেইন অব কমান্ড বিপর্যয়ের বিষয়টি আলোচিত হচ্ছে ব্যাপকভাবে। এটা শুধু পুলিশের সমস্যা নয় বলে সামগ্রিকভাবেই আলোচনা করা সংগত।
কোনো কিছুকে ভেঙে ফেলা সহজ, কিন্তু গড়ে তোলা অনেক কঠিন। বস্তুতপক্ষে, সরকারের কর্তৃত্বের ওপর হস্তক্ষেপ করছেন অননুমোদিত ব্যক্তিরা। সরকার বা জাতীয় সংসদ প্রণীত আইনে নির্ধারিত ব্যক্তির ক্ষমতা বা দায়িত্ব নিয়ন্ত্রণ করছেন অন্যরা। আইন বা বিধি তাঁদের সেই দায়িত্ব দেয়নি। এটা কোনো সরকারের জন্য সুফল বয়ে আনে না। প্রতিটি সরকার তার কর্মসূচি বাস্তবায়নে চায় একটি কার্যকর ও দক্ষ প্রশাসন। কিন্তু দুর্ভাগ্যক্রমে আমাদের প্রশাসনে নির্ধারিত ব্যক্তিদের কাজে অযাচিত হস্তক্ষেপ বন্ধে দৃশ্যমান কোনো পদক্ষেপ নিচ্ছে না কোনো সরকার। বেসামরিক প্রশাসনের কার্যকারিতা বিভিন্ন কারণে ক্রমহ্রাসমান। আলোচ্য বিষয়টিও এতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তাই জনস্বার্থে এ প্রবণতা বন্ধ করার উদ্যোগ আজ সময়ের দাবি। বিষয়টি সম্পর্কে সরকারের নীতিনির্ধারণী মহল অজ্ঞাত, এমনটা মনে করার সংগত কোনো কারণ নেই। সত্যকে জানা আর ভুল পথ পরিহার করার মধ্যে কোনো গ্লানি নেই; বরং সেটা করলেই রাষ্ট্রনায়কেরা বিচক্ষণ ও সাহসী বলে বিবেচিত হন।
আলী ইমাম মজুমদার: সাবেক মন্ত্রিপরিষদ সচিব।
[email protected]