বাংলাদেশের স্বাস্থ্য মন্ত্রণালয় ২০১০ সালে একাধিক গবেষণা প্রতিষ্ঠান ও দাতা সংস্থার সহায়তায় মাতৃমৃত্যু ও মাতৃস্বাস্থ্যসেবার সার্বিক পরিস্থিতি নিয়ে দেশব্যাপী একটা সমীক্ষা জরিপ চালিয়েছিল। ওই সমীক্ষায় ১ লাখ ৭৫ হাজার পরিবারের তথ্য সংগ্রহ করা হয়েছিল। সমীক্ষাটির ভিত্তিতে যে প্রতিবেদন তৈরি করা হয়েছিল, তাতে একটা বিশেষ লক্ষণীয় পরিসংখ্যান ছিল সন্তান প্রসব সম্পর্কে। সেটা হলো, ২০০১ সালে বাংলাদেশে যত শিশুর জন্ম হয়েছে, তাদের মধ্যে ২ দশমিক ৬ শতাংশের জন্ম হয়েছে অস্ত্রোপচারের মাধ্যমে। কিন্তু ১০ বছর পরে ২০১০ সালে দেখা গেল, এই হার বেড়ে হয়েছে ১২ দশমিক ২ শতাংশ। অর্থাৎ এই শতকের প্রথম এক দশকে অস্ত্রোপচারের মাধ্যমে সন্তান জন্মদানের হার বেড়েছে পাঁচ গুণেরও বেশি।
তখন এটা একটা ইতিবাচক অগ্রগতি হিসেবেই বিবেচিত হয়েছে। কারণ, অস্ত্রোপচারের মাধ্যমে সন্তান জন্মের হার ক্রমেই বৃদ্ধি পাওয়ার একটা মানে, ক্রমেই আরও বেশিসংখ্যক পরিবার প্রসূতির সন্তান প্রসবের সময় হাসপাতাল-ক্লিনিকের সেবা পাচ্ছে। অর্থাৎ মানুষের আর্থিক সামর্থ্য বাড়ছে এবং যোগাযোগব্যবস্থার উন্নতি হচ্ছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলে, একটি জনগোষ্ঠীতে সাধারণত ১০-১৫ শতাংশ শিশুর জন্মের সময় অস্ত্রোপচারের প্রয়োজন হতে পারে। কিন্তু আমাদের দেশে বিপুলসংখ্যক পরিবারের তেমন আর্থিক সামর্থ্য ছিল না। প্রসূতিদের অপুষ্টির হার ছিল খুব বেশি, তাঁদের গর্ভকালীন নানা সমস্যার কারণে সন্তান প্রসবকালে জটিলতা সৃষ্টি হতো। তখন প্রসূতি ও নবজাতকের প্রাণ ও স্বাস্থ্য রক্ষার স্বার্থে অস্ত্রোপচারের প্রয়োজন হতো। কিন্তু অধিকাংশ প্রসূতি সন্তান প্রসব করতেন বাড়িতে, প্রশিক্ষণপ্রাপ্ত ধাত্রীদের সাহায্য ছাড়াই। যেসব প্রসূতির অস্ত্রোপচারের প্রয়োজন অনিবার্য হয়ে উঠত, তাঁদের অধিকাংশই আর্থিক ও অন্যান্য কারণে সেই সুযোগ পেতেন না। ফলে সন্তান প্রসবের সময় প্রসূতির মৃত্যুর হার অনেক বেশি ছিল।
অবস্থা যখন এ রকম ছিল, তখন অস্ত্রোপচারের মাধ্যমে সন্তান প্রসবের হার ক্রমেই বৃদ্ধি পাওয়া অবশ্যই ছিল স্বস্তিদায়ক অগ্রগতির লক্ষণ। আন্তর্জাতিক নানা গবেষণায় দেখা গেছে, যেসব দেশে প্রসবকালীন অস্ত্রোপচারের হার খুব কম, সেসব দেশে প্রসূতি ও নবজাতকের মৃত্যুহার বেশি। প্রসবকালীন অস্ত্রোপচারের হার বাড়তে থাকলে প্রসূতি ও নবজাতকের মৃত্যুহার কমতে থাকে। দেখা গেছে, অস্ত্রোপচারের হার বাড়তে বাড়তে ১০ শতাংশ পর্যন্ত উঠলে প্রসূতি ও নবজাতকের মৃত্যুহার যথেষ্ট কমে যায়। কিন্তু ১০ শতাংশের বেশি হলে এবং তার পরেও ক্রমাগত বাড়তে থাকলে যে প্রসূতি ও নবজাতকের মৃত্যুহার আরও কমে—এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি। অর্থাৎ প্রসবকালীন অস্ত্রোপচারের উচ্চহার প্রসূতি ও নবজাতকের মৃত্যুর ঝুঁকি কমায় না।
কিন্তু তা সত্ত্বেও বিশ্বজুড়ে প্রসবকালীন অস্ত্রোপচারের হার ক্রমাগত বেড়ে চলেছে। বাংলাদেশে বাড়ছে অস্বাভাবিক দ্রুতগতিতে। ২০০১ থেকে ২০১৬—এই ১৫ বছরে প্রসবকালীন অস্ত্রোপচারের হার বেড়েছে প্রায় ১৫ গুণ। বর্তমানে এই হার ৩০ শতাংশ। এ দেশে গত বছর ৫ লাখ ৭১ হাজার শিশুর জন্ম হয়েছে অস্ত্রোপচারের মাধ্যমে এবং এর পেছনে ব্যয় হয়েছে ২ হাজার ৫২৩ কোটি টাকা। আন্তর্জাতিক সংস্থা সেভ দ্য চিলড্রেন বলছে, এসব অস্ত্রোপচারের ৭০ শতাংশই অপ্রয়োজনীয়। অর্থাৎ আড়াই হাজার কোটি টাকার ৭০ শতাংশ বা ১ হাজার ৭৬৬ কোটি টাকা অপচয় করা হয়েছে।
অস্ত্রোপচারের মাধ্যমে সন্তান প্রসবের হার উন্নত দেশগুলোতেও বেশি: যেমন যুক্তরাজ্যে ২৬ দশমিক ২ শতাংশ, কানাডায় ২৬ দশমিক ৩ শতাংশ, আয়ারল্যান্ডে ২৮ দশমিক ৫ শতাংশ, অস্ট্রিয়ায় ২৮ দশমিক ৫ শতাংশ, জার্মানিতে ৩০ দশমিক ৯ শতাংশ, যুক্তরাষ্ট্রে ৩২ দশমিক ২ শতাংশ, সুইজারল্যান্ডে ৩২ দশমিক ৫ শতাংশ ইত্যাদি। কিন্তু বলা হচ্ছে না যে এসব দেশে প্রসবকালে বিনা প্রয়োজনে অস্ত্রোপচার করা হয়। অবশ্য প্রসূতির প্রসববেদনা এড়ানো, পেটের সৌন্দর্য রক্ষা, অস্ত্রোপচার করলে নবজাতকের প্রসবকালীন ট্রমা এড়ানো যাবে, এমন ভুল ধারণা ইত্যাদি কারণেও কিছু প্রসূতি স্বাভাবিক প্রসবের তুলনায় অস্ত্রোপচার বেশি পছন্দ করেন বটে, তবে তাঁদের সংখ্যা বেশি নয়। মোটের ওপর, এসব উন্নত দেশে প্রসবকালে অস্ত্রোপচার করা হয় প্রসূতি ও নবজাতকের জীবনের ঝুঁকি এড়ানোর উদ্দেশ্যে; এটাই প্রধান প্রবণতা। বিনা প্রয়োজনে অস্ত্রোপচারের প্রবণতা যেটুকু আছে, তা খুব বড় উদ্বেগের বিষয় বলে মনে করা হচ্ছে না। বরং অস্ত্রোপচারের প্রয়োজন যাতে কম হয়, সেই চেষ্টা চলছে। প্রসূতিদের স্থূলতা এবং বেশি বয়সে সন্তান নেওয়ার প্রবণতা কমানোসহ নানাভাবে প্রসবকালীন ঝুঁকি কমানোর ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
কিন্তু আমাদের দেশের সর্বসাম্প্রতিক চিত্র হলো, প্রসবকালীন অস্ত্রোপচারের ৭০ শতাংশই নিষ্প্রয়োজন। এটা একটা বিরাট কৌতূহলোদ্দীপক বিষয়। সেভ দ্য চিলড্রেন কী পদ্ধতিতে এই হিসাবটা করেছে, তা আমার জানা নেই, তবে কিছু পরিসংখ্যান লক্ষ করলে ব্যাপক পরিসরের গবেষণা ছাড়াই এ রকম অনুমানে পৌঁছানো যায়। যেমন বাংলাদেশ ডেমোগ্রাফিক অ্যান্ড হেলথ সার্ভে ২০১৪ অনুযায়ী, এ দেশের সরকারি হাসপাতালগুলোতে অস্ত্রোপচারের মাধ্যমে সন্তান প্রসবের হার ৩৮ শতাংশ, কিন্তু বেসরকারি হাসপাতাল-ক্লিনিকগুলোতে এই হার ৮০ শতাংশ। এটা সরকারি হিসাব, প্রকৃতপক্ষে বেসরকারি হাসপাতাল-ক্লিনিকে প্রসবকালীন অস্ত্রোপচারের হার আরও অনেক বেশি হবে। আমি দেশের বিভিন্ন জেলায় অন্তত ৫০টি বেসরকারি ক্লিনিকে খোঁজ নিয়ে দেখেছি, স্বাভাবিক প্রসবের সংখ্যা অতি নগণ্য। প্রায় প্রতিটি বেসরকারি ক্লিনিকে আমি একটা প্রশ্ন করি: আপনাদের এখানে কি নরমাল ডেলিভারি হয়? উত্তর পাই এ রকম: হয় মাঝেমধ্যে, দু-একটা।
সরকারি হাসপাতালগুলোতে যদি ৬২ শতাংশ প্রসূতির স্বাভাবিক প্রসব সম্ভব হয়, তাহলে বেসরকারি হাসপাতাল-ক্লিনিকগুলোতেও তা সম্ভব। কিন্তু তা হচ্ছে না কেন? কেন বেসরকারি হাসপাতাল-ক্লিনিকে অস্ত্রোপচারই সন্তান প্রসবের একমাত্র পদ্ধতি হয়ে উঠছে? কেন স্বাভাবিক সন্তান প্রসব বলে কিছু আর থাকছে না? সেভ দ্য চিলডে৶ন বলছে, স্বাভাবিক প্রসবের পরিবর্তে অস্ত্রোপচারের সুপারিশ করেন এমন চিকিৎসকের সংখ্যা দিন দিন বাড়ছে। যে বেসরকারি হাসপাতাল বা ক্লিনিকে প্রসূতি ভর্তি হন, সেখানে তাঁর স্বাভাবিকভাবে সন্তান প্রসব হলে ওই প্রতিষ্ঠানের যে পরিমাণ অর্থ আয় হয়, অস্ত্রোপচার করা হলে আয় হয় তার চেয়ে আট গুণ বেশি।
অর্থাৎ অস্ত্রোপচারের মাধ্যমে সন্তান জন্মদান বেসরকারি হাসপাতাল-ক্লিনিকগুলোর জন্য অত্যন্ত লাভজনক একটা ব্যবসা। আর যে ব্যবসায় লাভ এত বেশি, তার প্রসার অপ্রতিরোধ্য। আসলে প্রতিরোধ করার দায়িত্ব যাদের, সেই স্বাস্থ্য মন্ত্রণালয়ের তেমন সদিচ্ছা ও সক্ষমতা আছে কি না, তা নিয়েই সন্দেহ আছে। সবচেয়ে বড় দুঃখের বিষয়, বেসরকারি হাসপাতাল-ক্লিনিকগুলোর এই ব্যবসার মূল সহায়ক হলো চিকিৎসকদের একটা অংশ। চিকিৎসকদের এই অংশের ওপর নির্ভর করেই এই ব্যবসা গড়ে উঠেছে এবং দিন দিন বাড়ছে। কোন প্রসূতির প্রসবকালে অস্ত্রোপচার করা অবশ্যপ্রয়োজন, কোন প্রসূতি ঝুঁকিমুক্তভাবে স্বাভাবিকভাবেই সন্তান প্রসব করবেন, এসব নিরূপণ করতে পারেন শুধু সংশ্লিষ্ট চিকিৎসক। তিনি যদি দেখেন কোনো প্রসূতির স্বাভাবিকভাবেই প্রসব হবে, অস্ত্রোপচারের প্রয়োজন নেই, তাহলে ওই প্রসূতি ও তাঁর স্বজনদের এটা জানানো ওই চিকিৎসকের দায়িত্ব। কিন্তু বেসরকারি হাসপাতাল-ক্লিনিকগুলোতে সাধারণত এমনটা ঘটে না। বরং উল্টোটাই বেশি ঘটে।
রাজধানী ঢাকাসহ বড় শহরগুলোতে সামর্থ্যবান যেসব পরিবারের নারীরা গর্ভধারণের পর থেকে নিয়মিতভাবে কোনো নির্দিষ্ট চিকিৎসকের কাছে যান, তাঁদের মধ্যে খুব অল্পসংখ্যক সৌভাগ্যবান নারী স্বাভাবিকভাবে সন্তান প্রসব করতে পারেন। কারণটা অদ্ভুত, কিন্তু এড়ানো খুব কঠিন। কোনো প্রসূতি সন্তান প্রসবের মুহূর্তে তাঁর নির্দিষ্ট চিকিৎসকের সেবা পাবেন এমন নিশ্চয়তা ওই চিকিৎসক দিতে পারেন না, তাই ওই নারীর যখন প্রাকৃতিকভাবে প্রসব হওয়ার কথা, তার কিছু সময় আগে বা কাছাকাছি সময়ে ওই চিকিৎসক তাঁকে অস্ত্রোপচার করার সময় নির্ধারণ করে দেন। ওই প্রসূতির স্বাভাবিকভাবে সন্তান প্রসবের কোনো সুযোগই থাকে না। বিশেষত, রাজধানীতে এই চিত্র এখন ব্যাপক।
জেলা শহরগুলোর সরকারি হাসপাতালে চাকরি করেন, আবার ওই শহরের বিভিন্ন বেসরকারি ক্লিনিকেও রোগী দেখেন, অস্ত্রোপচার করেন—এমন চিকিৎসকদের অনেকেই সরকারি হাসপাতালে ভর্তি হওয়া প্রসূতিকে সেখানে অস্ত্রোপচার না করে বেসরকারি ক্লিনিকে স্থানান্তর করতে উৎসাহিত করেন। বিষয়টি গভীরভাবে ভেবে দেখলে বেসরকারি হাসপাতাল-ক্লিনিকগুলোর প্রসবকালীন অস্ত্রোপচার ব্যবসার অপ্রতিরোধ্য প্রবণতাটি বেশ ভালোভাবে উপলব্ধি করা যাবে। অবশ্য প্রসূতি ও তাঁর স্বজনদের কিছু প্রবণতাও উল্লেখ করা দরকার। এমনও হয়, প্রসূতি ব্যথা সহ্য করতে পারছেন না, তাঁর স্বজনেরা ঝুঁকি নিতে চাইছেন না; এমন ক্ষেত্রে প্রসূতি ও তাঁর স্বজনেরাই অস্ত্রোপচার করতে বলেন।
প্রসূতি ও নবজাতকের জীবন রক্ষা করতে প্রসবকালে অস্ত্রোপচারের বিকল্প নেই। কিন্তু অপ্রয়োজনীয় অস্ত্রোপচারে প্রসূতি ও নবজাতক উভয়ের জন্য অনেক রকমের ঝুঁকি সৃষ্টি হয়। সব ঝুঁকি কাটিয়ে শিশুর জন্ম হলেও তার নিজের ও তার মায়ের অনেক রকমের ক্ষতি হতে পারে। তা ছাড়া আর্থিক অপচয়ও কম গুরুত্বপূর্ণ বিষয় নয়। লক্ষ করা দরকার, অস্ত্রোপচারের মাধ্যমে সন্তান প্রসবের আর্থিক সামর্থ্য দরিদ্র জনগোষ্ঠীর নেই। এই জনগোষ্ঠীর কোনো প্রসূতির সন্তান প্রসবকালে অস্ত্রোপচারের প্রয়োজন অনিবার্য হয়ে উঠলেও তিনি এই সেবা পান না অর্থের অভাবে। একদিকে যাঁদের প্রয়োজন নেই, তাঁরা অস্ত্রোপচারের মাধ্যমে অর্থের অপচয় করছেন; অন্যদিকে যাঁদের প্রয়োজন, তাঁরা অর্থের অভাবে তা করাতে পারছেন না, তাঁদের প্রসূতি ও নবজাতকের মৃত্যু হচ্ছে—এই নিষ্ঠুর বৈষম্যও গ্রহণযোগ্য নয়।
মশিউল আলম: সাহিত্যিক ও সাংবাদিক।
[email protected]