১ আগস্ট। সকাল সাড়ে আটটা। এক পশলা বৃষ্টি নেমেছিল খানিক আগে। বাড়ির সামনের রাস্তার পিচ ভিজে আছে। সিঁড়ি বেয়ে উঠে গেলাম দোতলায়। ড্রইংরুমে শোরগোল। তিনি বসে আছেন সোফায়। প্রিয় স্যারকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে এসেছেন তাঁর শিক্ষার্থীরা। তাঁদের একজন ফুল দিতে দিতে বললেন, ‘স্যার, আপনি শতায়ু হোন।’ তিনি খানিকটা হেসেই বললেন, ‘কলিকালে শতায়ু হোন—এটা আশীর্বাদ, না অভিশাপ?’ তারপর ক্লিক, ক্লিক, ক্লিক। তাঁর সঙ্গে সবাই চাইছেন একটি ছবি তুলতে। তিনি বসেছিলেন সোফায়। পরনে শার্ট আর লুঙ্গি। বিখ্যাত শিশুরোগ বিশেষজ্ঞ ডা. এম আর খানের কথা বলছি। ১ আগস্ট তাঁর ৮৫তম জন্মদিন। ১৯২৮ সালের এই দিনে সাতক্ষীরার রসুলপুর গ্রামে তিনি জন্মেছিলেন। আজ আপনার দিনটি শুরু হলো কীভাবে? তিনি চশমার কাচ মুছতে মুছতে বলেন, ‘আজ আমার জন্মদিন। সেই হিসেবে আজ বেশ ফুরফুরে লাগছে। তবে প্রতিদিনকার নিয়মের কোনো অনিয়ম ঘটেনি। ভোর পাঁচটায় উঠে প্রার্থনায় বসেছি। তারপর ছাদে গিয়ে ফুলগাছে পানি দিয়েছি। সেখানে একটি অ্যালুমিনিয়ামের পাত্র রাখা থাকে। আমি প্রতিদিন সকালে সেটা পানিতে পূর্ণ করি। সারা দিন বিভিন্ন তৃষ্ণার্ত পাখি এই পানি খায়। পরদিন আবারও পানি দিই। হাঁটলাম কিছুক্ষণ। রেডিওতে খবর শুনলাম। পত্রিকাও পড়লাম।’শিক্ষার্থীদের দিকে ইঙ্গিত করে বললেন, ‘তার পরই ওরা এসেছে। এখনই বেরিয়ে পড়ব হাসপাতালের উদ্দেশে।’ জানালাম, আজকের দিনটা আপনার কেমন কাটে দেখতে চাই। সানন্দে রাজি হলেন। কিছুক্ষণের মধ্যেই তৈরি হয়ে এলেন তিনি। পরনে নেভি ব্লু সাফারি স্যুট। বারান্দায় রাখা গাড়িটায় উঠে বসলাম। গন্তব্য ধানমন্ডির সেন্ট্রাল হাসপাতাল। হাসপাতালের লিফট দোতলায় পৌঁছাতেই কয়েকজন ডাক্তার এগিয়ে এলেন। উচ্ছ্বসিত মুখে। ‘স্যার, শুভ জন্মদিন।’ রাশি রাশি শুভেচ্ছা নিয়ে ২০২ নম্বর কক্ষে ঢুকলেন। কিছুক্ষণ বসলেন। সহকর্মীদের হাসপাতাল সম্পর্কে টুকিটাকি জিজ্ঞেস করলেন। তারপর আবার লিফটে করে তিনতলা। এখানে আইসিইউ, এনআইসিইউ কক্ষ। প্রথমেই ঢুকলেন এনআইসিইউতে। এটি নবজাতকদের ইনটেনসিভ কক্ষ। তাঁকে দেখেই ডাক্তাররা এগিয়ে এসে জন্মদিনের শুভেচ্ছা জানালেন। এই কক্ষের বেডগুলোয় ছোট ছোট শিশু শুয়ে আছে। একটা শিশুর বেডের কাছে গিয়ে বললেন, ‘ওর কি কিছুটা উন্নতি দেখা যাচ্ছে? আর মেডিসিন কী কী দেওয়া হচ্ছে?’ তারপর ডাক্তারদের প্রয়োজনীয় নির্দেশ দিয়ে শিশুটির দিকে আরেকবার তাকালেন। এরপর চারতলার ৪০৫ নম্বর কক্ষ। এটি শিশু ওয়ার্ড। রোগীদের ঘুরে ঘুরে দেখতে লাগলেন। অন্যদিনের মতো। এই বেলার মতো দিকনির্দেশনা দিয়ে হাসপাতাল থেকে বের হয়ে এলেন। এবারের গন্তব্য ওসমানী মিলনায়তন। গাড়িটা সায়েন্স ল্যাবরেটরির লাল বাতিতে দাঁড়াতেই একজন জানালার কাচে টোকা দিল। তাকিয়ে দেখলাম ১০-১২ বছরের একটা মেয়ে। তিনি গাড়িচালককে বললেন, ‘এই টাকা দাও।’ গাড়িচালক নির্দেশ পালন করলেন। সঙ্গে সঙ্গে আরও দুজন এল। তাদেরও দেওয়া হলো। ভাবলাম, এই বোধহয় শেষ। ভুলটা ভাঙল নীলক্ষেত মোড়ে এসে। এখানে আরও বেশি দরিদ্র কিশোর-কিশোরী আর ভিক্ষুকের দেখা মিলল। গাড়িচালক দিতে দেরি করছিলেন। এরই মধ্যে সবুজ বাতিটা জ্বলে উঠল। তিনি অস্থির হয়ে বললেন, ‘দাও তাড়াতাড়ি। সিগন্যালটা তো ছেড়ে দিল।’ তাদেরও দেওয়া হলো। আরেক এম আর খানকে চেনা হলো। নিজেই বললেন, ‘রোজগারের একটা অংশ প্রতি মাসেই দিয়ে দিই গরিবদের জন্য। ওদের জন্য কিছু করে আনন্দ পাই। তারপর খানিকটা স্মৃতি হাতড়ে বললেন, ‘ডাক্তার হিসেবেও আনন্দ পাই। রোগী সুস্থ হলে। ঠিক মেয়ে ম্যান্ডির জন্মগ্রহণের সময় যে আনন্দ পেয়েছিলাম।’আপনার এই জীবনে অনুপ্রেরণা পান কার কাছ থেকে?‘আমার শিক্ষক মণি দে।’তারপর খানিকটা থেমে আবারও বললেন, ‘আর একজন আছে, তিনি অধ্যাপক ইব্রাহিম। মজার ব্যাপার হলো, আমাদের দুজনের শিক্ষকই ছিলেন মণি দে।’জীবনে আর কী করতে চান?যত দিন বেঁচে আছি, দেশের জন্য, শিশুদের জন্য সেবা করে যেতে চাই।উৎসুক হয়ে জানতে চাইলাম, এই যে প্রতিদিন এত কাজ করছেন, ক্লান্ত লাগে না?অদ্ভুত একটা উত্তর দিলেন, ‘আমার কাজ করতেই ভালো লাগে। বাড়িতে বসে থাকলেই ক্লান্ত হয়ে যাই।’গাড়িটা পৌঁছে গেল ওসমানী স্মৃতি মিলনায়তনের করিডরে। ১ থেকে ৭ আগস্ট বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ। এ উপলক্ষে আয়োজন করা হয়েছে উদ্বোধন অনুষ্ঠান।এখানে সবচেয়ে যে চমকটি অপেক্ষা করছিল সবার জন্য, সেটা স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হকের বক্তব্য। তিনি মঞ্চে উঠেই এম আর খানের জন্মদিনের ঘোষণাটি দিয়ে দিলেন এবং শুভেচ্ছা জানালেন। অনুষ্ঠান শেষ হতেই আবারও গন্তব্যের পথে। এবার বাড়ি। খানিক বিশ্রাম। আবারও রোগী দেখা।জন্মদিনটি তিনি কাটালেন কাজের মধ্য দিয়েই। সুচিত্রা সরকার