
আজ আমি আমার জীবনের ৭৫ বছর পূর্ণ করলাম। রবীন্দ্রনাথের মহাপ্রয়াণের দুই দিন পর আমার জন্ম বলে এই মহামানবের সঙ্গে আমি একটা কল্পিত সম্পর্ক স্থাপন করে গর্ববোধ করি। রবীন্দ্রনাথ ৭৭ বছর পূর্তির জন্মদিনে লিখেছিলেন, ‘আজ মম জন্মদিন। সদ্যই প্রাণের প্রান্ত পথে/ ডুব দিয়ে উঠেছে সে বিলুপ্তির অন্ধকার হতে/ মরণের ছাড়পত্র নিয়ে।’ আমারও আজ মনে হচ্ছে দিন তো ফুরিয়ে এল। এত দিন বাঁচলাম, তবু প্রিয়জনদের সান্নিধ্যে আরও কয়েক বছর বাঁচার সাধ যে মেটে না। তা ছাড়া অজানা গন্তব্যে যাওয়ার শঙ্কা তো রয়েছেই।
আমি জন্মদিনের কোনো আনুষ্ঠানিকতা পছন্দ করি না, যেটুকু হয় তাতেই বিব্রত বোধ করি। মঞ্চে বসে নানাজনের প্রশংসা (আন্তরিক না হলেও) শোনা অত্যন্ত অস্বস্তিকর। এ যেন শোকসভার বক্তৃতা আগেই শুনে যাওয়া। তাই আমি আমার বন্ধুবান্ধবকে সব সময় নিরস্ত করেছি আনুষ্ঠানিক আয়োজন করতে।
আমি জন্মেছি এক মধ্যবিত্ত পরিবারে। পিতা-পিতামহের সততা ও পরিশ্রমের ফলে আমাদের ছিল সচ্ছল জীবন, কোনো দিন কোনো কিছুর অভাব বোধ করিনি। তবে বিলাসিতা একেবারেই ছিল না। আমি আমার বাবার কাছ থেকে পেয়েছি সততা ও নৈতিকতার শিক্ষা, মায়ের কাছ থেকে পেয়েছি মমতা, যা আমাকে শিখিয়েছে মানুষকে ভালোবাসতে। আর দুজনেই দিয়েছেন আমাকে জীবনের চলার পথে অবাধ স্বাধীনতা।
আজ পেছন ফিরে তাকালে অনুভব করি এক জীবনে আমি যা পেয়েছি, তা আমার মতো মানুষের জন্য অপ্রত্যাশিত। এবং সেটা সম্ভব হয়েছে বাংলাদেশ স্বাধীন হয়েছিল বলেই। তার জন্য আমি প্রণতি জানাই বঙ্গবন্ধুকে, শহীদদের ও মুক্তিযোদ্ধাদের। তাঁদের ত্যাগের বিনিময়েই আজ আমরা প্রত্যেকে নিজ নিজ অবস্থানে, এ কথাটা যেন আমরা কখনো ভুলে না যাই। মুক্তিযুদ্ধ কেবল আমাদের অহংকার নয়, আমাদের আত্মপরিচয়ের ভিত্তি।
আজ আমার হৃদয় বিদীর্ণ হয়ে যায় যখন বাংলাদেশের বর্তমান সামাজিক অবস্থা প্রত্যক্ষ করি। সাম্প্রদায়িক রাজনীতির হাত ধরে আসা জঙ্গিবাদ আমাদের সোনার দেশটাকে রক্তাক্ত করছে। একের পর এক নিরপরাধ মানুষ প্রাণ হারাচ্ছেন। ১ জুলাই হলি আর্টিজান ক্যাফেতে যে নৃশংস হত্যাযজ্ঞ সংঘটিত হলো, তা আমাদের হৃদয়কে ভেঙে চুরমার করে দিয়েছে। আমার চোখের সামনে বারবারই ভেসে উঠছে ঢাকা আর্ট সেন্টারে একসময় আমার প্রিয় সহকর্মী ইশরাত আখন্দের হাসিমাখা মুখ। আমি কল্পনাও করতে পারি না, মানসিকভাবে কতটা অসুস্থ হলে এই জঙ্গি তরুণেরা এতটা হিংস্র হয়ে এতগুলো নির্দোষ মানুষকে খুন করতে পারে। পাশাপাশি ফারাজের মতো তরুণের নৈতিক অবস্থানে থেকে আত্মদান আমাদের মনে আশা জাগায়, এদের মতো তরুণেরাই পারবে আমাদের দেশকে জঙ্গিবাদের হাত থেকে রক্ষা করতে।
আমাদের বর্তমান সংকট যতটা না রাজনৈতিক, তার চেয়েও বেশি সাংস্কৃতিক। যারা শৈশবে বাঙালির অসাম্প্রদায়িক লোকাচারের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পায় না, ধর্মের প্রকৃত শিক্ষা লাভ করে না, তারাই পরবর্তীকালে সহজেই ধর্মের ভুল ব্যাখ্যায় বিভ্রান্ত হয়। পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠান একটি শিশুকে প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলতে পারে, এর কোনো বিকল্প নেই। আজ প্রয়োজন পারিবারিক বন্ধন দৃঢ় করা, শিশু-কিশোরদের কেতাবি শিক্ষার বাইরে প্রকৃত মানুষ হওয়ার শিক্ষা দেওয়া।
যা পেয়েছি তা নিয়ে তৃপ্ত হতে আজ যেন আমরা ভুলে গেছি। আমাদের আরও চাই। অর্থ, বিত্ত, ক্ষমতার আকাঙ্ক্ষা আমাদের যেন সীমাহীন। যেকোনো পন্থায় তা অর্জন করতে হবে। সমাজে চলছে এক অসুস্থ প্রতিযোগিতা। ভয়াবহ এক ভোগবাদী সমাজ আমাদের চারপাশে। যারা সমাজের চরম দরিদ্র অংশ, তাদের যদি আমি আমার সহায়তার হাত বাড়িয়ে দিই, তবে যে অপার আনন্দ লাভ করতে পারি, সে অভিজ্ঞতা থেকে আমরা অনেকেই বঞ্চিত।
আমি সব সময় বিশ্বাস করি নিজে সুখে থাকার মধ্যে কৃতিত্ব নেই, অন্যের জন্য, সমাজের জন্য কতটা করতে পারলাম, তাতেই আমার জীবন অর্থবহ হবে। আমি খুবই সাধারণ একজন মানুষ, সংস্কৃতিকে জীবনের প্রধান ক্ষেত্র হিসেবে বেছে নিয়েছি। সব সময় চেষ্টা করেছি ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে উঠে সবাইকে নিয়ে চলতে। ইন্টারন্যাশনাল থিয়েটার ইনস্টিটিউটের বিশ্ব সভাপতির পদ লাভ করে আমি আমার সাংগঠনিক কর্মকাণ্ডের আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছি। সেটা সম্ভব হয়েছে বাংলাদেশের নাট্যকর্মীদের নিরলস কর্মকাণ্ড ও আমার ওপর আস্থার কারণেই। আজ যখন বিভিন্ন সভা-সমাবেশে আমাকে বাংলাদেশের সংস্কৃতিকর্মীদের অভিভাবক বলে সম্বোধন করা হয়, তখন কৃতজ্ঞতায় আমার চোখ ভিজে আসে। আর কী চাওয়ার আছে আমার?
আমাকে সত্যের পথে থাকতে নিরন্তর প্রেরণা জুগিয়েছে আমার স্ত্রী-কন্যা। আমি গর্বিত আমার সততা ও নৈতিকতা আমার কন্যার ক্ষেত্রে আরও দৃঢ়তর হয়েছে। সংস্কৃতি ও অন্যান্য ক্ষেত্রে আমার বন্ধুদের ভালোবাসার ঋণ আমি কোনো দিন শোধ করতে পারব না। আপনারা আমাকে আশীর্বাদ করবেন, জীবনের শেষ দিন পর্যন্ত যেন আপনাদের বিশ্বাসের মর্যাদা রক্ষা করতে পারি, মানুষের কল্যাণে কাজ করে যেতে পারি।
আমার একটাই অতৃপ্তি। আমি এখনো স্থায়ী কাজ করতে পারলাম না। আশা করি, যদি আর কয়েক বছর সুস্থ শরীরে বেঁচে থাকি, তবে থিয়েটার স্কুল নিয়ে আমার লালিত একটি স্বপ্নের বাস্তবায়ন করব।
জন্মদিনে আমার এই প্রার্থনা, বাংলাদেশ থেকে সাম্প্রদায়িকতা, জঙ্গিবাদ নির্মূল হোক, আমাদের যা কিছু আছে তাই নিয়ে সবাই সুখে থাকি, শান্তিতে থাকি। আজ রজনীকান্ত সেনের গানের কথা ধার করে বারবার বলতে চাই, ‘আমি অকৃতি অধম বলেও তো কিছু কম করে মোরে দাওনি’। সকলের কল্যাণ হোক।
রামেন্দু মজুমদার: নাট্যব্যক্তিত্ব।