জন্মশতবার্ষিকীর পথে আলোকপ্রাপ্ত নারী জাহান আরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাহান আরা রহমান

শিক্ষার প্রসার ছিল বিংশ শতাব্দীতে বাঙালি মুসলমানদের রেনেসাঁর উৎস। ঊনবিংশ শতাব্দীর শেষ দিকে মুসলমান পুরুষদের মধ্যে শিক্ষার প্রসার শুরু হয়। কিন্তু মেয়েদের মধ্যে শিক্ষার বিস্তারে একটি বড় বাধা ছিল কুসংস্কার ও অন্ধবিশ্বাস। বিংশ শতাব্দীর প্রথম ভাগে নবাব ফয়জুন্নেসা ও বেগম রোকেয়ার মতো মহীয়সী নারীদের নেতৃত্বে মুসলমান মেয়েরা লেখাপড়া ও সমাজসেবা শুরু করে। এর পরবর্তী প্রজন্মে শামসুন্নাহার মাহমুদ এবং খোদেজা খাতুনের মতো শিক্ষাবিদেরা বাংলার মুসলমান নারীদের জাগরণের পথ সৃষ্টি করেন। তৃতীয় প্রজন্মে কলকাতা এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষিত অনেক মুসলমান নারী শিক্ষা বিস্তারে এবং সমাজসেবায় অংশগ্রহণ করেন। তবে বেশির ভাগ সমাজসেবীই পরবর্তীকালে রাজনীতিতে যোগ দেন। এই প্রজন্মের যে কজন মুষ্টিমেয় নারী রাজনীতির প্রলোভন সত্ত্বেও রাজনীতি থেকে অনেক দূরে থেকে শুধু সমাজসেবা করে গেছেন, তাঁদের মধ্যে জাহান আরা রহমানের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য।

জাহান আরা রহমান ১৯২২ সালের ২৭ আগস্ট কুমিল্লা শহরে নানার বাড়িতে জন্মগ্রহণ করেন। তাঁর বাবা মফিজউদ্দিন আহমদ ছিলেন বাংলা প্রদেশের সিভিল সার্ভিসের সদস্য। ১৯৫০-এর দশকে পূর্ব পাকিস্তান সরকারের রিলিফ কমিশনারের পদ থেকে তিনি অবসর নেন। মায়ের নাম ছিল ছালেহা খাতুন। সরকারি আমলার কন্যা হওয়ায় জাহান আরাকে পরিবারের সঙ্গে নানা জায়গায় ঘুরতে হয়েছে। সে সময় অনেক জেলা শহরে মেয়েদের হাইস্কুল ছিল না। তাই কখনো স্কুলের বদলে তাঁকে প্রাইভেট পড়তে হয়েছে।

১৯৩৮ সালে তাঁর বাবা দার্জিলিং থেকে বদলি হয়ে গেলেন এমন এক স্থানে, যেখানে কোনো মেয়েদের স্কুল ছিল না। তিনি তখন দশম শ্রেণির ছাত্রী। এই পরিস্থিতিতে তাঁর মা–বাবা তাঁকে জলপাইগুড়ির মেয়েদের স্কুলে আবাসিক ছাত্রী হিসেবে হোস্টেলে ভর্তি করিয়ে দেন। তখনকার দিনে প্রত্যেক ছাত্রীকে আরবি, ফারসি, সংস্কৃত বা পালি—এসব ভাষার মধ্যে একটি ভাষায় পরীক্ষা দিতে হতো। জলপাইগুড়ি স্কুলে আরবি বা ফারসি পড়ানোর কোনো শিক্ষক ছিলেন না। তাই তাঁকে সংস্কৃত ভাষায় পরীক্ষা দিতে হয়। এই অসুবিধা সত্ত্বেও তাঁর প্রধান শিক্ষিকা সুনীতিবালা চন্দ্রের বিশেষ তত্ত্বাবধানে তিনি প্রবেশিকা পরীক্ষায় ১৯৩৯ সালে প্রথম বিভাগে পাস করেন এবং প্রথম শ্রেণির বৃত্তি পান।

১৯৩৯ সালে কলকাতায় মুসলমান ছাত্রীদের জন্য লেডি ব্রেবোর্ন কলেজ প্রতিষ্ঠা করা হয়। এই কলেজে মুসলিম ছাত্রীদের জন্য হোস্টেল করা হয়। একই ক্যাম্পাসে হোস্টেল ও কলেজ থাকায় মুসলিম ছাত্রীরা পর্দা মেনে পড়াশোনা করতে পারছিল। তাই এই কলেজ ‘পর্দা কলেজ’ নামে পরিচিত ছিল। কলেজটির প্রতিষ্ঠায় নেতৃত্ব দিয়েছিলেন তৎকালীন বাংলার মুখ্যমন্ত্রী শেরেবাংলা এ কে ফজলুল হক। এই কলেজে জাহান আরা চার বছর পড়েছেন। আইএ পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ হন। তবে তিনি দ্বিতীয় শ্রেণির বিএ ডিগ্রি লাভ করেন। ব্রেবোর্ন কলেজে তাঁর সব সহপাঠী ইতিমধ্যে ইন্তেকাল করেছেন। ২০১৪ সালে তিনি কলকাতা সফরে গেলে ব্রেবোর্ন কলেজের প্রথম ব্যাচের একমাত্র জীবিত ছাত্রী হিসেবে তাঁকে বিশেষ সংবর্ধনা দেওয়া হয়।

১৯৪৬ সালে কলকাতার ট্রপিক্যাল মেডিকেল স্কুলের চিকিৎসক সন্দ্বীপের বাসিন্দা মুজিবুর রহমানের সঙ্গে তাঁর বিয়ে হয়। দেশ বিভাগের পর রহমান পরিবার ঢাকায় চলে আসে। ঢাকায় বিভিন্ন সমাজসেবামূলক ক্রিয়াকাণ্ডে যুক্ত ছিলেন তিনি। পূর্ব পাকিস্তানের তৎকালীন গভর্নর মালিক ফিরোজ খান নূনের স্ত্রী ভিকারুননিসা নূনের নেতৃত্বে ঢাকায় ভিকারুননিসা নূন স্কুল স্থাপনে বিশেষ অবদান রাখেন তিনি। বিশেষ করে কন্যাসন্তানদের স্কুলে পাঠাতে রাজি করানোর জন্য বাড়ি বাড়ি গিয়ে অভিভাবকদের সম্মতি আদায় করেন। পঞ্চাশের দশকে খুলনায় একটি বড় বন্যা হয়েছিল। মিসেস জাহান আরা রহমান ঢাকা থেকে একটি ত্রাণের বড় দল নিয়ে বন্যার্তদের সাহায্য করেন।

১৯৬০-এর দশকে তিনি অল পাকিস্তান উইমেন্স অ্যাসোসিয়েশনের (এপিডব্লিউএ) পূর্ব পাকিস্তান শাখার সভাপতি নির্বাচিত হন। তাঁর মেয়াদকালে পশ্চিম পাকিস্তানের মারি শহরে অনুষ্ঠিত এপিডব্লিউএর সাধারণ সভায় তিনি পূর্ব পাকিস্তান দলের নেতৃত্ব দেন। ষাটের দশকে উইমেন্স ভলান্টারি অ্যাসোসিয়েশনের (ডব্লিউভিএ) সঙ্গে কাজ শুরু করেন। তিনি বাংলাদেশে ডব্লিউভিএর সভাপতি নির্বাচিত হন এবং লালমাটিয়ায় মেয়েদের জন্য ডব্লিউভিএ কলেজ স্থাপনে নেতৃত্ব দেন। তাঁর ছোট বোন নার্গিস খান এই কলেজে অর্থনীতির অধ্যাপক ও কলেজের অধ্যক্ষ হিসেবে কাজ করেছেন। তাঁর নেতৃত্বে ডব্লিউভিএ ঢাকার উপকণ্ঠ বাসাবোতে মেয়েদের বৃত্তিমূলক শিক্ষার জন্য একটি প্রতিষ্ঠান গড়ে ওঠে।

১৯৯৪ সালে জাহান আরা রহমান ঢাকায় লেডি ব্রেবোর্ন কলেজের প্রাক্তন ছাত্রীদের সমিতির সভাপতি নির্বাচিত হন। তাঁর নেতৃত্বে ব্রেবোর্ন বিচিত্রা নামে একটি বই প্রকাশিত হয়। মিসেস আকতার ইমামের সভাপতিত্বে বর্ষীয়ান মহিলাদের জন্য হৈমন্তিকা নামে একটি সংগঠন গড়ে ওঠে এবং জাহান আরা রহমান এই প্রতিষ্ঠানের জন্মলগ্ন থেকেই উপদেষ্টা হিসেবে কাজ করেছেন। ১৯৪৭ সালে নুরজাহান বেগমের বেগম পত্রিকায় প্রথম থেকেই জাহান আরা রহমান কবিতা, গল্প এবং প্রবন্ধ প্রকাশ করেছেন। আশির দশক পর্যন্ত এখানে লেখালেখি চালিয়ে যান তিনি।

১৯৯১ সালে তাঁর স্বামী ড. মুজিবুর রহমান ইন্তেকাল করেন। দীর্ঘদিন ধরে তিনি পক্ষাঘাতগ্রস্ত ছিলেন। তাঁর সেবাযত্নের জন্য আশির দশকের শেষ দিকে সমাজসেবার কাজ অনেক কমিয়ে এনেছিলেন জাহান আরা রহমান। তাঁর এক ছেলে ও এক মেয়ে। মেয়ে হামীম খান ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগ থেকে স্নাতকে প্রথম শ্রেণি লাভ করেন এবং প্রায় তিন দশক ঢাকার সানবিমস স্কুলে অঙ্কের শিক্ষক হিসেবে কৃতিত্বের সঙ্গে কাজ করেছেন। ২০১৬ সালে হামীম খান এবং তার এক বছর আগে তাঁর একমাত্র সন্তান নেহরীন খান ইন্তেকাল করেন। জাহান আরা রহমানের জামাতা (মেয়ে হামীম খানের স্বামী) আকবর আলি খান মন্ত্রিপরিষদ সচিব এবং সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ছিলেন। জাহান আরা রহমানের ছেলে এহসানুর রহমান একজন হৃদ্‌রোগ বিশেষজ্ঞ, ৫০ বছর ধরে যুক্তরাষ্ট্রে কাজ করছেন।

জাহান আরা রহমান বর্তমানে শারীরিকভাবে অসুস্থ। তবে মানসিকভাবে এখনো তিনি সক্রিয় রয়েছেন। শতবার্ষিকীতে তিনি সবার, বিশেষ করে শুভানুধ্যায়ীদের দোয়া কামনা করছেন।

● শাকিলা হক সহসম্পাদক, প্রথম আলো