জব্বারের বলীখেলা ও মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবদুল জব্বারের বলীখেলা আজ (২৫ এপ্রিল, ১২ বৈশাখ) অনুষ্ঠিত হচ্ছে চট্টগ্রামের লালদীঘির ময়দানে। জব্বারের বলীখেলা হিসেবে প্রসিদ্ধ এ খেলার আসল তাৎপর্য ছাপিয়ে মেলার জৌলুশের কথাই আজকাল বেশি আলোচিত। খেলাকে কেন্দ্র করে তিন দিনের আনুষ্ঠানিক মেলা বসার কথা থাকলেও কার্যত পাঁচ-ছয় দিনের মেলা বসে লালদীঘির ময়দানের চারপাশের এলাকা ঘিরে। ২৫ এপ্রিল বিকেল চারটায় লালদীঘির মূল মাঠে বলীখেলার (কুস্তি প্রতিযোগিতা) সময় নির্ধারণ হয়েছে, তবে ইতিমধ্যে মেলার কার্যক্রম অর্থাৎ, দোকানপাট সাজানো ও বেচাকেনা শুরু হয়েছে। বৈশাখী মেলা হিসেবে খ্যাত এ মেলার বিস্তৃতি আন্দরকিল্লা মোড় থেকে বক্সিরহাট পুলিশ বিট হয়ে লালদীঘির চারদিক, হজরত আমানত শাহ (রহ.)-এর মাজার পেরিয়ে জেল রোডের বিস্তীর্ণ অংশ, দক্ষিণে বাংলাদেশ ব্যাংক চত্বর পেরিয়ে কোতোয়ালি থানার মোড় এবং পশ্চিমে কেসি দে রোড হয়ে সিনেমা প্যালেস পর্যন্ত বিশাল এলাকাজুড়ে। অতীত অভিজ্ঞতার আলোকে বলা যায়, ২৭ এপ্রিল পর্যন্ত জমজমাট থাকবে মেলা এবং সাঙ্গ হবে ২৮ এপ্রিল।এই বলীখেলার মূল উদ্যোক্তা ছিলেন চট্টগ্রাম নগরের বক্সিরহাট ওয়ার্ডের বদরপাতি এলাকার বিশিষ্ট ব্যবসায়ী প্রয়াত আবদুল জব্বার সওদাগর। প্রবীণ ব্যক্তিদের কাছে জানা যায়, বাঙালি সংস্কৃতির বিকাশ এবং একই সঙ্গে বাঙালি যুবসম্প্রদায়ের মধ্যে ব্রিটিশবিরোধী মনোভাব গড়ে তোলা এবং শক্তিমত্তা প্রদর্শনের মাধ্যমে তাদের মনোবল বাড়ানোর উদ্দেশ্যে আবদুল জব্বার বলীখেলার আয়োজনের সিদ্ধান্ত নেন। ১৯০৯ সালের ১২ বৈশাখ নিজ নামে লালদীঘির মাঠে এই বলীখেলার সূচনা করেন তিনি।ব্রিটিশ ও পাকিস্তানি আমলে বৃহত্তর চট্টগ্রাম ছাড়াও বার্মার আরাকান অঞ্চল থেকেও নামী-দামি বলীরা এ খেলায় অংশ নিতেন। এখন বৃহত্তর চট্টগ্রামের কিছু শৌখিন বলীই এই খেলার ঐতিহ্য ধরে রেখেছেন বলা যায়। কারণ, একসময় রাজা-বাদশা, গ্রামীণ সরদার-মাতব্বরসহ বিভিন্ন মহলে বলী তথা কুস্তিগীরদের কদর ছিল। তাঁদের দেখা হতো বীর হিসেবে। আধুনিক যুগে শত্রুর বিরুদ্ধে লড়াইয়ের জন্য অস্ত্র চালনাসহ বিভিন্ন কৌশল আবিষ্কার হওয়ায় প্রতিযোগিতার চর্চা তেমন নেই বললেই চলে। তাই খেলার চেয়ে মেলাই বলীখেলার মূল উপজীব্য হয়ে উঠেছে।জব্বারের বলীখেলার মেলায় মানুষের কোনো না-কোনো কাজে আসে, এমন সামগ্রীই পাওয়া যায়। ছোটদের খেলনা যেমন: নানা আকৃতি-প্রকৃতির প্লাস্টিকের পুতুল, ঘরবাড়ি, বন্দুক, বাস-কার, ঘড়ি, রেডিও, বল, পশুপাখি (মাটির তৈরি), টমটম, বাঁশি ইত্যাদি থাকে। হস্তশিল্পজাত দ্রব্য যেমন পাটের শিকে, দোলনা, থলে, টেবিল ম্যাট, শাড়ি, লুঙ্গি, শার্টসহ ছেলেমেয়েদের নানা রকম কাপড় এবং কাঠ, স্টিল, প্লাস্টিক ও বেতের তৈরি বিভিন্ন ডিজাইনের আসবাব থাকে। গ্রাম-গ্রামান্তরে তৈরি নানা রং ও রূপে সাজানো ঐতিহ্যবাহী খাদ্যদ্রব্য যেমন: গজা, খই, মুড়ি-খইয়ের মোয়া, তিলের মোয়া, চিনি মাখা ছোলা ও বুট, মুড়ি, বাতাসা, নাড়ু, যব ও ভুট্টা, জিলাপি, মিষ্টি, দই, শনপাপড়ি, চানাচুর, বাঙ্গি, তরমুজ, ডাব ও নারকেলসহ মৌসুমি ফলমূল; বিভিন্ন জাতের ফলমূলের বীজ, গাছের চারা (পুরো নার্সারি সাজিয়ে বসে মেলায়) দেশি-বিদেশি পোষা পাখি, নানা জাতের শুঁটকিসহ কী থাকে না মেলায়? মেলায় থাকে নাগরদোলা, ভ্যারাইটি শো, সার্কাস, পুতুলনাচ, কৌতুক বা ম্যাজিক শো ইত্যাদি।বৃহত্তর চট্টগ্রাম ছাড়াও নোয়াখালী, কুমিল্লা, ফেনী, সিলেট, ময়মনসিংহসহ বিভিন্ন অঞ্চল থেকে উদ্যোক্তা-বিক্রেতারা আসেন তাঁদের বাছাই করা পণ্য নিয়ে। মেলা পরিচালনা কমিটির সম্পাদক সাংবাদিক স্বপন মহাজন জানান, বলীখেলা বা মেলা উপলক্ষে হাজারের বেশি দোকান বসে। কারও কাছ থেকে কমিটি কোনো ভাড়া বা চাঁদা নেয় না।একসময় মেলার সবচেয়ে বড় আকর্ষণ ছিল মৃৎপাত্র। মিষ্টি ও রান্নাবান্নার হাঁড়ি-পাতিল, তরকারি রান্নার তেলইন, বরুণা (ঢাকনা), ভাত খাওয়ার পাত্র ‘হানক’, ‘হদ্দা’ বা খোরা (ছোট আকারের মাটির গামলা), মাছের আঁশ ছাড়ানোর পাত্র ছাঁড়ি, মেজবানি বা বিয়ের অনুষ্ঠানে মাংস পরিবেশনের বড় পাত্র, বদনা, পিঠা তৈরির পাতিল ‘ফঁইন’, দুধের পাত্র ‘আউত্তা’ ধান, চাল, ডাল ও সুপারি রাখার বড় পাত্র ‘মোটকা’, চেরাগ, শীতে আগুন পোহানোর পাত্র ‘আইল্যা’, বিভিন্ন ধরনের পিঠা তৈরির ডায়াস (ভ্যুঁই), কলস, ফিরনির বাটি ইত্যাদি ঘরে ঘরে ব্যবহার হতো। বছরের চাহিদা অনুযায়ী মানুষ মেলা থেকে নিয়ে যেত এসব সামগ্রী। রাউজানের কদলপুর, হাটহাজারীর মির্জাপুর, জোবরা; পটিয়ার কেলিশহর, চন্দনাইশের কাঞ্চননগর, কুলালপাড়া, হাশিমপুর; বাঁশখালীর কালীপুর ও ঢেঁইছড়া এলাকার মৃৎশিল্পের (মাটির তৈরি পাত্র) সুনাম ছিল ক্রেতা-বিক্রেতা সবার মুখে মুখে। কিন্তু আধুনিক প্রযুক্তির উৎকর্ষের যুগে এসবের ব্যবহার আজকাল নেই বললেই চলে। তবে যুগের বিবর্তনের সঙ্গে পাল্লা দিয়ে সৌন্দর্য অন্বেষার ফলে মৃৎপাত্রগুলোর গঠন, অলংকরণ ও নকশা এখন বহু গুণে রুচিমান মানুষের দৃষ্টি আকর্ষণে এখনো সক্ষম। তাই মেলায় পুরোনো দিনের আকার-আকৃতির জিনিসপত্র সামান্য এলেও মূল জায়গা দখল করেছে আধুনিক নকশার মৃৎপাত্রগুলো। সেই সঙ্গে অবশ্য নতুন প্রযুক্তির সঙ্গে তাল মেলাতে না পারা মৃৎশিল্পীরা হয়ে পড়েছেন বেকার।ঐতিহ্যের স্মারক জব্বারের বলীখেলার ১০২ বছর পূর্ণ হচ্ছে এবার। অন্য বছরের মতো এবারও জাঁকজমকপূর্ণভাবে খেলা ও মেলা আয়োজনের সব প্রস্তুতি ইতিমধ্যে শেষ হয়েছে। এবার খেলার উদ্বোধন করবেন কৃষি উন্নয়ন ও গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ।মুহাম্মদ শামসুল হক