
মুখ্যমন্ত্রী হিসেবে আদালতে হাজির হয়ে রায়ের পর সরাসরি জেলে যেতে হলো জয়ললিতাকে। ভারতের ইতিহাসে এমন ঘটনা এটাই প্রথম। আয়ের সঙ্গে মিল নেই, এমন সম্পদ অর্জনের জন্য, অর্থাৎ স্রেফ দুর্নীতির মামলায় আদালত যখন জয়ললিতাকে চার বছরের জেল ও ১০০ কোটি রুপি জরিমানা গুনতে বলেছেন, তখন তিনি তমিলনাড়ুর মুখ্যমন্ত্রী। আদালত থেকেই জেলে গেলেন তিনি, ছাড়তে হলো মুখ্যমন্ত্রীর পদ। মুখ্যমন্ত্রী থেকে কয়েদি—সকাল থেকে বিকেলের মধ্যে এই ব্যবধান গড়ে দিয়েছে শুধু আদালতের একটি রায়। এসব থেকে আমাদের কিছু শেখার আছে কি? নাকি আমরা সব শেখাশিখির ঊর্ধ্বে?
নিজের রাজ্য তামিলনাড়ুতে জয়ললিতার যে জনপ্রিয়তা বা তাঁর প্রতি সমর্থকদের ভক্তি-শ্রদ্ধার যে প্রকাশ, তা অন্তত আমাদের দেশে কোনো রাজনীতিকের প্রতি দেখা যায় না। অনেক জনসভায় তাঁকে হেলিকপ্টারে করে যেতে হতো। মাঠভর্তি সমর্থক ও নেতারা যখন নেত্রীর জন্য অপেক্ষা করতেন, তখন আকাশে হেলিকপ্টার দেখা গেলে নাকি সবাই হাত তুলে প্রণাম করতেন। রাজ্যের অনেকের কাছেই তিনি ‘আম্মা’। এর চেয়ে বড় ভালোবাসার প্রকাশ আর কী হতে পারে! কিন্তু তাঁর আয়ের সঙ্গে সম্পদের কোনো মিল নেই। এ নিয়ে মামলা হয়েছিল সেই কবে, ১৯৯৬ সালে। পরের বছর তাঁর বাড়িতে যখন অভিযান চালানো হয়েছিল, তখন সেখান থেকে কী কী বাজেয়াপ্ত করা হয়েছিল, তা অনেকেই জানেন। নতুন পাঠকদের জন্য নতুন করেই তা উল্লেখ করছি: ২৮ কেজি সোনা, ৮০০ কেজি রুপা, সাড়ে ১০ হাজার শাড়ি, ৭৫০ জোড়া জুতা, ৯১টি হাতঘড়ি, কোটি টাকার প্রসাধনী। এ ছাড়া ১৯৯১ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত তিনি যে সম্পদ বানিয়েছেন, তার মধ্যে রয়েছে বেশ কিছু বাগানবাড়ি, বাংলো, কৃষিজমি, চা-বাগান, ১৭টি দামি গাড়ি, ব্যাংক আমানত, শেয়ার—এসব মিলিয়ে আরও প্রায় ৬৭ কোটি রুপি।
দুর্নীতি ছাড়া এত অল্প সময়ে এই সম্পদের মালিক হওয়ার যে কোনো সুযোগ নেই, তা আমরা সাধারণ জ্ঞান-বুদ্ধিতেই বুঝি। কিন্তু আইন-আদালতের কিছু নিয়মকানুন আছে, কাউকে দোষী রায় দিতে অনেক প্রমাণ, সাক্ষীসাবুদ লাগে, অভিযুক্ত ব্যক্তিকেও আত্মপক্ষ সমর্থনের সব সুযোগ দিতে হয়। ফলে মামলা আর দণ্ড পাওয়ার মধ্যে সময় কেটে গেছে ১৮ বছর। দুর্নীতির এই মামলা থেকে বাঁচতে আইনের সব সুযোগ, প্রভাব-প্রতিপত্তি ও জনপ্রিয়তা—সবকিছুকেই কাজে লাগিয়েছেন তিনি। তা না হলে হয়তো আরও আগেই এই রায় পাওয়া যেত।
১৯৯৬ সালে এই মামলায় গ্রেপ্তার হওয়ার পর কয়েক সপ্তাহ জেলে থেকে জমিনে মুক্তি পান জয়ললিতা। এর মধ্যেই ২০০১ সালের মে মাসে ভোটে জিতে মুখ্যমন্ত্রী হন তিনি, আবার সেপ্টেম্বরেই আদালতের নির্দেশে মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিতে হয় তাঁকে। ২০০২ সালে উপনির্বাচন করে আবার মুখ্যমন্ত্রী হন জয়া। নানাভাবে এই মামলাকে প্রভাবিত করার চেষ্টা করছিলেন তিনি। এমন পরিস্থিতিতে ২০০৩ সালে তামিলনাড়ু থেকে মামলা বেঙ্গালুরুতে সরিয়ে নেওয়ার নির্দেশ দেন সুপ্রিম কোর্ট। বেঙ্গালুরুর একটি বিশেষ আদালত থেকে শেষ পর্যন্ত এই রায় আসে।
অনেক কাঠখড় পুড়িয়ে ক্ষমতাসীনের দুর্নীতির বিরুদ্ধে পাওয়া এই রায় ভারতে এক বড় দৃষ্টান্ত হয়েই থাকবে। দুর্নীতিবিরোধী আইনে ক্ষমতায় থাকা একজন মুখ্যমন্ত্রী দণ্ড পেলেন, তাঁকে পদ ছাড়তে হলো এবং রায়ের পরই জেলে গিয়ে কয়েদ খাটা শুরু করতে হলো—এর তাৎপর্য অস্বীকার করার উপায় নেই। এতে প্রমাণিত হলো, প্রাতিষ্ঠানিক জবাবদিহি ও স্বচ্ছতা বজায় রাখা গেলেই অনেক কিছু সম্ভব। এই রায়ের মধ্য দিয়ে যে দৃষ্টান্ত স্থাপিত হলো, তা হচ্ছে, কেউই আইনে ঊর্ধ্বে নন। রাজনৈতিকভাবে শক্তিশালী হলেও দুর্নীতি বা এ ধরনের অপকর্ম করলে তাঁকে বিচারের মুখোমুখি হতে হবে, বিচার বাধাগ্রস্ত করার চেষ্টা হলেও শেষ পর্যন্ত একটি সাহসী রায় পাওয়া যাবে।
এমন একটি পরিস্থিতি এমনি এমনি তৈরি হয়নি। ভারতে বেশ কয়েক বছর ধরেই দুর্নীতির বিরুদ্ধে বিচ্ছিন্ন ও সংগঠিতভাবে নানা প্রতিবাদ ও আন্দোলন গড়ে উঠছিল। সাম্প্রতিক সময়ে দুর্নীতির বিরুদ্ধে আম আদমি পার্টি বা আন্না হাজারের আন্দোলনের বিষয়গুলো আমরা বিবেচনায় নিতে পারি। আম আদমি পার্টির কেজরিওয়াল তো দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নিয়ে দিল্লির মুখ্যমন্ত্রী পর্যন্ত হয়েছিলেন। তিনি ও তাঁর দল ক্ষমতা ধরে রাখতে পারেনি, কিন্তু ক্ষমতাবানদের দুর্নীতি থেকে মুক্তি পেতে নাগরিকেরা যে কতটা মরিয়া, তার একটি দৃষ্টান্ত রেখে যেতে পেরেছে। মোদি যে এবার এক ব্যাপক বিজয় নিয়ে ক্ষমতায় এলেন, তার পেছনেও ছিল কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ সরকারের মাত্রাছাড়া দুর্নীতি। জয়ললিতার রায় যেন ভারতীয় জনগণের মধ্যে গড়ে ওঠা দুর্নীতিবিরোধী জনচেতনারই প্রতিফলন ঘটিয়েছে।
তবে মোদি সরকার ক্ষমতায় আসার পর কেন দীর্ঘদিন ঝুলে থাকা মামলাটির এমন রায় পাওয়া গেল, সে প্রশ্ন উঠেছে। আর ১৯৯৬ সালে জয়ললিতার বিরুদ্ধে মামলাটিও করেছিলেন বিজেপির এক নেতা। কিন্তু বর্তমান ক্ষমতাসীন বিজেপি সরকার এ ক্ষেত্রে কোনো ভূমিকা পালন করেছে কি না, এর কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ মেলেনি। এই রায়ের পেছনে মোদি সরকারের যদি কোনো রাজনৈতিক প্রভাব থেকে থাকে, তবে এটাও দেখতে হবে যে জয়ললিতাও দুর্নীতির মামলা থেকে নিজেকে বাঁচাতে কম প্রভাব খাটাননি; যে কারণে মামলা চেন্নাই থেকে বেঙ্গালুরুতে সরিয়ে নেওয়ার আদেশ দিতে হয়েছে হাইকোর্টকে।
দুর্নীতির কারণে জয়ললিতার শাস্তির ঘটনা দুর্নীতির মামলায় অভিযুক্ত অন্য নেতাদের বুকে ধড়ফড় ধরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। জামিনে থাকা বিহারের সাবেক মুখ্যমন্ত্রী লালু প্রসাদের এখন নির্বাচনের অংশ নেওয়ার অধিকার নেই। তাঁর বিরুদ্ধে চলা পশুখাদ্য মামলার রায় এখনো হয়নি। একই অবস্থায় আছেন ঝাড়খন্ডের সাবেক মুখ্যমন্ত্রী মধু কোডা। আয়ের সঙ্গে মিল নেই—এমন সম্পত্তি থাকার অভিযোগে মামলা চলছে মুলায়ম সিং যাদবের বিরুদ্ধে। দুর্নীতির মামলা চলছে মায়াবতীর বিরুদ্ধে। ভারতের পত্রপত্রিকাগুলো বলছে, মোদি সরকার সম্ভবত দুর্নীতির প্রশ্নে আঞ্চলিক দলগুলোর চাপের কাছে মাথা না নোয়ানোর সিদ্ধান্ত নিয়েছে। সুপ্রিম কোর্টের মামলা বা সিবিআইয়ের তদন্ত, কোনো কিছুতেই কেন্দ্র নাক গলাবে না।
অসম্ভব জনপ্রিয় এক নেতা জয়ললিতা। জনপ্রিয় তাঁর দলও। মাস চারেক আগে যে নির্বাচনে মোদি এমন বিজয় পেলেন, সে সময়েও লোকসভায় তামিলনাড়ুর ৩৯টি আসনের মধ্যে ৩৭টিতেই জিতেছে জয়ললিতার দল এডিএমকে। দুর্নীতির অভিযোগে সাজাপ্রাপ্ত নেতার জন্য এমন বিক্ষোভের নজিরও খুব কম। রাস্তায় নেমে গাড়ি ভাঙচুর, আগুন লাগানো, শহর অচল করে দেওয়া, আত্মাহুতি এবং এর চেষ্টা—সবই হয়েছে তামিলনাড়ুজুড়ে। এসব ঘটনায় সব মিলিয়ে এখন পর্যন্ত মারা গেছে ১৮ জন। এই সংখ্যা যে আরও বাড়বে না, সেটা নিশ্চিত করে বলা যাচ্ছে না। কারণ, রায় ঘোষণার পর ‘আম্মার’ সমর্থনে যে উন্মাদনা দেখা যাচ্ছে, তা সহজে থামবে বলে মনে হয় না। শপথ নিতে এসে নতুন মুখ্যমন্ত্রী ও মন্ত্রীরা কান্নাকাটি পর্যন্ত করেছেন।
ভারত, বাংলাদেশ বা এ ধরনের গণতান্ত্রিক দেশগুলোয় অনেক ক্ষেত্রেই জনপ্রিয়তা ও দুর্নীতি মিলেমিশে একাকার। এসব দেশে একজন নেতা জনপ্রিয় হলেই যে দুর্নীতিবাজ হবেন না, তার কোনো নিশ্চয়তা নেই। আবার একজন দুর্নীতিগ্রস্ত হয়ে পড়লেই যে জনপ্রিয়তা হারিয়ে ফেলবেন, এমনও নয়। দুর্নীতির অভিযোগ আছে—এমন লোকেরা ভারতের মতো বাংলাদেশেও সহজেই নির্বাচিত হন। দুর্নীতির অভিযোগে অভিযুক্ত ও মামলার ভয়ে বিদেশে পালিয়ে আছেন—এমন কোনো নেতার জনপ্রিয়তা কমেছে, সেটাও জোর দিয়ে বলা যাবে না। বিষয়টি আসলে সাংস্কৃতিক, দীর্ঘদিন ধরে চলে আসা সংস্কৃতির প্রকাশ। দুর্নীতিবাজ রাজনৈতিক নেতারা যদি সাধারণভাবে বিচারের বাইরে থেকে যান, তখন দুর্নীতি যে একটি অপরাধ, এই বিবেচনা বোধ জনগণের মধ্যে কাজ করে না। আবার দুর্নীতিগ্রস্ত কোনো কোনো নেতা নানাভাবে সমাজে একটি সুবিধাভোগী জনগোষ্ঠী তৈরি করতে সক্ষম হন, যারা বরাবরই সেই নেতাদের অনুগত থেকে যায়। থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার ক্ষেত্রেই একই বিষয় লক্ষণীয়। দুর্নীতির জন্য আদালতে অভিযুক্ত ও শাস্তি পেলেও থাইল্যান্ডের গ্রামাঞ্চলের জনগণের মধ্যে তাঁর যথেষ্ট জনপ্রিয়তা রয়েই গেছে।
জনপ্রিয়তা ও দুর্নীতির মিলমিশের এই বৈপরীত্য তখনই কাটতে শুরু করবে, যদি জনপ্রিয়তার কারণে কোনো দুর্নীতিগ্রস্ত নেতাকে ছাড় দেওয়া না হয়। জয়ললিতার বিরুদ্ধে বেঙ্গালুরুর বিশেষ আদালতের দেওয়া চার বছরের কারাদণ্ডের রায় যদি শেষ পর্যন্ত টিকে যায়, তবে চার বছর জেলবাস ও এর কারণে জনপ্রতিনিধিত্ব আইন অনুযায়ী পরে আরও ছয় বছর নির্বাচনে অংশ না নিতে পারার কারণে প্রায় ১০ বছর আর মুখ্যমন্ত্রী হওয়ার কোনো সুযোগই পাবেন না বর্তমানে ৬৬ বছর বয়সী এই প্রতাপশালী নেতা।
দুর্নীতিতে একসময়ের হ্যাটট্রিক চ্যাম্পিয়ন বাংলাদেশে এমন একটি দৃষ্টান্তমূলক রায় পেতে আমাদের কত দিন অপেক্ষা করতে হবে?
এ কে এম জাকারিয়া: সাংবাদিক।
[email protected]