কার্বন নিঃসরণ হ্রাস করার লক্ষ্যে প্যারিস চুক্তি স্বাক্ষরিত হওয়ায় বৈশ্বিক উষ্ণায়নের বৈরী প্রভাবে বিপদাপন্ন অবকাঠামো (সড়ক, রেল, সেতু, বৈদ্যুতিক সঞ্চালন লাইন, পোর্ট, পানি-গ্যাসের পাইপলাইন ইত্যাদি) নিয়ে বাংলাদেশসহ অনেক দেশ আশাবাদী হয়েছিল। এই চুক্তির সুবাদে আশাবাদ তৈরি হয়েছিল যে, ‘ক্লাইমেট ফান্ড’ থেকে আমাদের মতো বৈশ্বিক উষ্ণায়নে ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য কিছু সহায়তা পাওয়া যাবে। ধরিত্রী রক্ষার শপথে উদ্বুদ্ধ হয়ে বিশ্বের ১৯৫টি দেশ ২০১৫ সালের ডিসেম্বরে ফ্রান্সের রাজধানী প্যারিসে যে চুক্তিতে সম্মত হয়, তার অন্যতম উদ্যোক্তা ছিলেন সে সময়ের মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।
২ জুন বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন—যুক্তরাষ্ট্রের সরকার প্যারিস চুক্তি থেকে বেরিয়ে যাবে। বিশ্বের আবহাওয়ামণ্ডলে যুক্তরাষ্ট্র একাই প্রায় ১৫ শতাংশ কার্বন নিঃসরণকারী ও দ্বিতীয় বৃহত্তম দূষণকারী দেশ। প্যারিস চুক্তির আওতায় ওবামা প্রশাসন ২০২৫ সাল নাগাদ পৃথিবীর উষ্ণায়নের জন্য দায়ী ২৬-২৮ শতাংশ কার্বন ও অন্যান্য গ্রিনহাউস গ্যাস নিঃসরণ হ্রাস করতে সম্মত হয়েছিল। এ জন্য জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমানোসহ দূষণ নিয়ন্ত্রণের বিভিন্ন পদক্ষেপ গ্রহণ এবং নতুন প্রযুক্তির ব্যবহার উৎসাহিত করার কথা। কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প নির্বাচনী প্রচারণার সময় থেকেই তীব্র ভাষায় প্যারিস জলবায়ু চুক্তির বিরোধিতা করে আসছিলেন। তাঁর বিবেচনায় প্যারিস জলবায়ু চুক্তির ফলে যুক্তরাষ্ট্রের প্রায় ৩ ট্রিলিয়ন ডলার এবং ৬৫ হাজার কর্মসংস্থানের সম্ভাবনা ক্ষতিগ্রস্ত হবে। ট্রাম্প প্রশাসন আরও মনে করে যে প্যারিস জলবায়ু চুক্তি বহাল থাকলে যুক্তরাষ্ট্রের নিজস্ব জ্বালানিসম্পদের ব্যবহার বাধাগ্রস্ত হবে। তিনি মনে করেন, প্যারিস জলবায়ু চুক্তির মধ্য দিয়ে চীন ও ভারত লাভবান হয়েছে। ট্রাম্প প্রশাসন ‘আমেরিকার স্বার্থের জন্য ক্ষতিকর’ অন্যান্য আন্তর্জাতিক চুক্তি থেকে বেরিয়ে যাওয়া অথবা চুক্তিগুলোকে নতুন আলোচনার বিষয়ে পরিণত করার ইঙ্গিত দিয়েছে। ট্রাম্প প্রশাসন যুক্তরাষ্ট্রের বিদ্যুৎ উৎপাদনকেন্দ্র ও মোটরগাড়ির দূষণ হ্রাসসংক্রান্ত আইনকানুন পর্যালোচনা শুরু করেছে। মার্কিন যুক্তরাষ্ট্র প্যারিস জলবায়ু চুক্তি থেকে নিজেকে সম্পূর্ণ সরিয়ে নিতে কয়েক বছর সময় পাবে; আবার সরকার চাইলে প্যারিস চুক্তিতে ফেরতও আসতে পারবে।
অবশ্য প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে যুক্তরাষ্ট্রের সবাই প্যারিস জলবায়ু চুক্তিকে একই দৃষ্টিতে দেখছেন না। যুক্তরাষ্ট্রের ‘কনফারেন্স অব মেয়রস’ কড়া ভাষায় প্রেসিডেন্ট ট্রাম্পের প্যারিস চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্তের সমালোচনা করেছে। যুক্তরাষ্ট্রের ৬১টি নগরীর মেয়ররা তাঁদের নগরীর গ্রিনহাউস গ্যাস নিঃসরণ হ্রাস কার্যক্রম অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন। নিউইয়র্ক নগরীর সাবেক মেয়র মাইকেল ব্লুমবার্গ কেবল সমালোচনা করেননি, তাঁর প্রতিষ্ঠিত ‘দাতব্য প্রতিষ্ঠান’ থেকে জাতিসংঘের জলবায়ুসংক্রান্ত ‘ইউএনএফসিসি’র পরিচালনা ব্যয় মেটানোর তহবিলের (যুক্তরাষ্ট্রের অংশ) জোগান দিতে চেয়েছেন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট প্যারিস জলবায়ু চুক্তির সমালোচনা ও চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিলেও ইউরোপীয় নেতারা কড়া ভাষায় তার সমালোচনা করেছেন। কানাডা, যুক্তরাজ্য, ফ্রান্স, ইতালি ও জার্মানি ট্রাম্পের সঙ্গে দ্বিমত লুকিয়ে রাখেনি। চীন ও ভারত প্যারিস জলবায়ু চুক্তির পক্ষে তাদের অবস্থান অটুট রেখেছে।
জলবায়ু চুক্তি থেকে যুক্তরাষ্ট্র নিজেকে প্রত্যাহার করে নেওয়ার অর্থ স্বয়ংক্রিয়ভাবে প্যারিস জলবায়ু চুক্তির বিদায়ঘণ্টা বেজে যাওয়া নয়। তবে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম কার্বন দূষণকারী দেশ জলবায়ু চুক্তি থেকে সরে গেলে তার নেতিবাচক প্রভাব কম নয়। বৈশ্বিক জলবায়ু চুক্তির লক্ষ্যমাত্রা অনুযায়ী এখন বায়ুমণ্ডলে কার্বন নিঃসরণ হ্রাস করার লক্ষ্য অর্জন বিলম্বিত হবে। যেসব দেশ ও প্রতিষ্ঠান প্যারিস জলবায়ু চুক্তির বাধ্যবাধকতা (আইনি বাধ্যবাধকতা নয়) পূরণে আগ্রহী নয়, তারা যুক্তরাষ্ট্রের অবস্থানকে ঢাল হিসেবে ব্যবহারের চেষ্টা করবে। তা ছাড়া আবহাওয়ামণ্ডলের উষ্ণায়নের ফলে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশগুলো (যেমন বাংলাদেশ) আরও বেশি বিপন্ন হয়ে উঠবে। দুর্ভাগ্যজনকভাবে বৈশ্বিক জলবায়ুর বৈরী আচরণের সামান্য দায় বাংলাদেশের মতো দেশের। কিন্তু এর নেতিবাচক প্রভাব মারাত্মকভাবে আঘাত করছে আমাদের। অসময়ে বন্যা, তীব্রতর ও ঘনঘন জলোচ্ছ্বাস, সাইক্লোন, ঝড়, খরা, লবণাক্ততার বিস্তার, ম্যালেরিয়া, ডেঙ্গু জ্বরের মতো রোগের বিস্তারের সঙ্গে বৈশ্বিক উষ্ণায়নের সম্পর্ক এখন প্রতিষ্ঠিত। জলবায়ুর পরিবর্তনজনিত ক্ষয়ক্ষতি মোকাবিলায় এবং পরিবর্তিত বাস্তবতায় খাপ খাওয়ানোর জন্য সহায়তার যে নগণ্য তহবিল প্যারিস জলবায়ু চুক্তির কাঠামোর ভেতর রয়েছে, যুক্তরাষ্ট্র প্রশাসন নিজেকে তা থেকে প্রত্যাহার করার ‘ক্ষতি’ও আমাদের মতো দেশের জন্যই বেশি হবে।
আশার কথা, অতীতের মতো বিশ্বের অধিকাংশ দেশ যুক্তরাষ্ট্রের প্রশাসনের দিকে চেয়ে বৈশ্বিক উষ্ণায়ন ও জলবায়ু পরিবর্তনসংক্রান্ত নীতিনির্ধারণ করছে না। বরং যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে তার পরীক্ষিত বন্ধুরা। বৈশ্বিক উষ্ণায়নের প্রভাব মোকাবিলায় বিশ্বজুড়ে অভূতপূর্ব ঐকমত্য দেখা দিচ্ছে। সেই সঙ্গে সবুজ অর্থনীতির বিকাশ, নবায়নযোগ্য জ্বালানি ও দূষণমুক্ত বিভিন্ন প্রযুক্তির বিকাশ ও তাদের মূল্যহ্রাস নতুন বৈশ্বিক বাণিজ্যের আকর্ষণ তৈরি করেছে। জলবায়ুর উষ্ণায়ন রোধ করার প্রশ্নে এ কারণগুলো উপেক্ষার নয়।
ড. মুশফিকুর রহমান: খনি প্রকৌশলী, জ্বালানি ও পরিবেশবিষয়ক লেখক।