জলবায়ু নিয়ে নতুন অঙ্গীকারের এক বছর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>

লরেন্স তুবিয়ানা
লরেন্স তুবিয়ানা

২০১৭ সাল শেষ হচ্ছে। আর মাত্র এক দিন পরই নতুন বছর শুরু হবে। বছরের শেষ প্রান্তে পৃথিবীর সাম্প্রতিক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে প্রখ্যাত কিছু মানুষের লেখা আমরা অনুবাদ করে ছাপছি, যেগুলো আমাদের বৈশ্বিক বিভিন্ন প্রবণতা যেমন বুঝতে সহায়তা করবে, তেমনি আগামী দিনের দিকনির্দেশনাও দেবে। প্রজেক্ট সিন্ডিকেটের এই লেখাগুলো বাংলাদেশে শুধু আমরাই বাংলা ভাষায় ছাপাব। এর অংশ হিসেবে আজ ছাপা হলো অর্থনীতিতে নোবেল বিজয়ী অ্যাঙ্গাস ডিটন ও ইউরোপিয়ান ক্লাইমেট ফাউন্ডেশনের প্রধান নির্বাহী লরেন্স তুবিয়ানার লেখা। 

২০১৭ সালজুড়ে ট্রাম্প প্রশাসনের প্রভাব ও কর্মফল নিয়ে যে প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল, এবার তার উত্তর পাওয়া শুরু হলো। তা ছাড়া ট্রাম্প যদিও সামরিক আঘাত হানার নির্দেশনার ক্ষেত্রে সবচেয়ে ক্ষমতাধর আসনে অধিষ্ঠিত ছিলেন, তবু জলবায়ু পরিবর্তন নিয়ে বৈজ্ঞানিক ঐকমত্য ভ্রান্ত প্রমাণ করা এবং বৈশ্বিকভাবে অর্থনীতির সবুজ রূপান্তরে বাধাদানে তঁার ক্ষমতা বরং সীমিতই ছিল।

ট্রাম্প মারাকেশে যে প্রতিবন্ধগুলোর সম্মুখীন হতেন, সেগুলো আপাতত দৃশ্যমান ছিল। ২০১৫ সালের প্যারিস জলবায়ু চুক্তি নিয়ে ট্রাম্প যে সমালোচনা করেছিলেন, তা ব্যাপকভাবে প্রত্যাখ্যাত হয়েছে এবং উপস্থিত সব দেশ সমস্বরে তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। ট্রাম্প তঁার নির্বাচনী ইশতেহারে ‘প্যারিস চুক্তি’ বাতিলের শপথে যতই অটল থাকুন না কেন, অন্য সব দেশই গ্রিনহাউস গ্যাস নির্গমন কমানোর ব্যাপারে অঙ্গীকারবদ্ধ ছিল।

অবশ্য ট্রাম্প তঁার নির্বাচনী ইশতেহারে অটল থাকবেন কি না, এটা দেখতে দেখতেই ২০১৭ সালের কয়েক মাস চলে গেল, শুধু হোয়াইট হাউসের ধারাবাহিক নাটকীয়তায় অথবা প্রহসনের মাধ্যমে। তবে ট্রাম্পের মেয়ে ইভানকা ও জামাতা জারেড কুশনার খোলাখুলিভাবেই প্যারিস চুক্তি সমর্থন করেছেন। কিন্তু পরিবেশ রক্ষা সংস্থার প্রশাসক স্কট প্রুইট এবং তঁার সমমনা জলবায়ু পরিবর্তন অস্বীকারকারীরা ট্রাম্পকে যুক্তি-তর্ক দিয়ে যুক্তরাষ্ট্রকে প্যারিস চুক্তি থেকে প্রত্যাহার করতে বা গুটিয়ে নিতে পরামর্শ দিয়েছেন।

জলবায়ু পরিবর্তিত হচ্ছে, ট্রাম্প যাই বলুন না কেন
জলবায়ু পরিবর্তিত হচ্ছে, ট্রাম্প যাই বলুন না কেন

পয়লা জুনের সেই ঘোষণা খুবই হতাশাব্যঞ্জক ছিল। কিন্তু এই ঘোষণা হাতে জমা থাকা কাজগুলোতে নতুন গতি এনে দিল। মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে ওয়াশিংটন রাজ্যের গভর্নর জে ইন্সলি ঘোষণা দিলেন, ‘আমরা শুনেছি যে প্রেসিডেন্ট আত্মসমর্পণের শ্বেতপতাকা উড়িয়েছেন। আমরা বিশ্বকে একটা কড়া বার্তা পাঠাতে চাই যে আমরা আত্মসমর্পণ করব না।’ ট্রাম্পের দাবি, ‘পিটসবার্গের নাগরিকদের প্রতিনিধিত্ব করতেই তঁাকে নির্বাচিত করা হয়েছিল।’ এ কথা শুনেই পিটসবার্গের মেয়র বিল পেদুতো ঘোষণা দেন, ‘ইস্পাতের শহরটি’ ২০৩৫ সাল নাগাদ শতভাগ নবায়নযোগ্য জ্বালানির উৎসে রূপান্তরিত হবে।

ট্রাম্পকে পেদুতোর এই মৌখিক তিরস্কারের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রজুড়ে বিপ্লবের নতুন দিগন্ত উন্মোচিত হলো। পেদুতোসহ মোট ৩৮২ জন মেয়র জলবায়ু মেয়র জোট গঠন করেন, যা বিশ্বের ৬ কোটি ৮০ লাখ মার্কিন নাগরিকের প্রতিনিধিত্ব করে। একইভাবে যুক্তরাষ্ট্রের ১৪টি রাজ্য ও ঘূর্ণিঝড়ে বিধ্বস্ত পুয়ের্তো-রিকো একত্র হয়ে যুক্তরাষ্ট্র জলবায়ু জোট তৈরি করে। এসব নগর ও রাজ্য বারাক ওবামা প্রণীত ক্লিন পাওয়ার প্ল্যান্ট বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ হয়, যদিও প্রুইট এই উদ্যোগ নস্যাৎ করার প্রচেষ্টা চালাচ্ছেন। তা ছাড়া এক হাজারের বেশি আমেরিকান কোম্পানি প্যারিস জলবায়ু চুক্তির প্রতি আমেরিকার অঙ্গীকার মেনে চলার প্রতিশ্রুতি দিয়েছে।

এই ধারা শুধু যুক্তরাষ্ট্রেই সীমাবদ্ধ নয়। চীন বিশ্বে গ্রিনহাউস গ্যাস উৎপাদনে শীর্ষে এবং তার প্রেসিডেন্ট সি চিন পিংও প্যারিস জলবায়ু চুক্তির প্রতি তঁার সমর্থন পুনর্ব্যক্ত করেছেন। তিনি অন্য শীর্ষ নেতাদেরও উৎসাহ দিয়ে যাচ্ছেন। চীনের কমিউনিস্ট পার্টির ১৯তম জাতীয় কংগ্রেসের সভায় তিনি গুরুত্বারোপ করে বলেন, চীন জলবায়ু পরিবর্তনের এই আন্তর্জাতিক সহযোগিতায় ‘চালকের আসনে’ আছে।

২০১৭-এর জুলাইয়ে যুক্তরাষ্ট্র ছাড়া সব জি-২০-এর সরকারপ্রধান প্যারিস চুক্তির ওপর গুরুত্ব এবং এর অপরিহার্যতার জন্য একটা স্মারক বা বিবৃতিতে স্বাক্ষর করেন।

ট্রাম্প জুনে যে ঘোষণা দিয়েছিলেন, সেই ঘোষণার প্রতিক্রিয়ায় জার্মান, ইতালীয় ও ফরাসি সরকারপ্রধানের ঘোষণার মূলভাব এই বিবৃতিতে প্রতিধ্বনিত হচ্ছে। ট্রাম্পের যুক্তরাষ্ট্রকে প্যারিস চুক্তি থেকে প্রত্যাহার করে নেওয়ার সিদ্ধান্তকে জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল ‘চরম অনুশোচনীয়’ সিদ্ধান্ত হিসেবে আখ্যা দিয়েছেন। ফরাসি রাষ্ট্রপতি এমানুয়েল মাখোঁ ইংরেজিতে একটি বিবৃতি দিয়েছেন, যাতে কোনো আমেরিকান তঁার বিবৃতির ভুল ব্যাখ্যা দিতে না পারে, তিনি ট্রাম্পের ওই সিদ্ধান্তকে ‘ভয়ংকর ভুল’ বলে আখ্যা দিয়েছেন।

বিভিন্ন দেশের সরকারগুলো মৌখিক বার্তার বাইরে গিয়ে গভীর সত্যে পৌঁছেছে। অক্টোবর মাসে ভারত ও ইউরোপীয় ইউনিয়ন দূষণমুক্ত জ্বালানি প্রকল্প উন্নয়নের জন্য অংশীদারত্ব চাঙা করেছে। একই সঙ্গে নিকারাগুয়া ও সিরিয়াও যুক্তরাষ্ট্রকে অগ্রাহ্য করে প্যারিস চুক্তিতে শামিল হওয়ার ঘোষণা দেয়। ট্রাম্প নির্বাচিত হওয়ার পর থেকে এ পর্যন্ত অস্ট্রেলিয়া, ইতালি, স্পেন, ব্রিটেনসহ (যদিও ব্রেক্সিটের কারণে কিছুটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হয়েছিল) মোট ৬৬টি দেশ এই চুক্তি অনুমোদন করেছে।

কূটনৈতিক সহায়তার এই উত্তাল সময়ে প্যারিস চুক্তি উদ্‌যাপন করার মধ্যেও আমাদের মৌলিক বিষয়াবলি, যথা বৈশ্বিক গ্রিনহাউস নির্গমন ইস্যু, যা তিন বছর ধরে ঝিমিয়ে পড়েছে, তা থেকে চোখ ফেরালে চলবে না। দুর্ভাগ্যক্রমে এই নির্গমন হ্রাস আমাদের কাঙ্ক্ষিত মাত্রার ধারেকাছেও নেই।

২০১৭ সাল আমাদের কাছে যে স্পষ্ট বার্তা দিয়েছে তা হলো, আমরা যদি আরও সচেষ্ট না হই, তবে আমাদের জন্য বড় দুর্দশা অপেক্ষা করছে। সম্প্রতি ক্যারিবীয় দেশসমূহ, হিউস্টন, টেক্সাসের উপসাগরীয় অঞ্চল ও ফ্লোরিডার বিশাল এলাকা নজিরবিহীন ঘূর্ণিঝড়ের কবলে পড়েছিল। এ ছাড়া দক্ষিণ ইউরোপ, অস্ট্রেলিয়া ও আমেরিকার পশ্চিমাঞ্চল দাবানলের ভয়াবহতা দেখেছে। দক্ষিণ আমেরিকা, ভারতীয় উপমহাদেশসহ অনেক অঞ্চলে দাবদাহ, ফসল বিপর্যয় ও বন্যা ব্যাপক সংকট সৃষ্টি করেছে। এ ছাড়া দুই মেরুতেই বরফের স্তর গলতে শুরু করেছে, তা অ্যান্টার্কটিকায় প্রকাণ্ড লারসেন সি আইস শেলফের নাটকীয় ভাঙন দেখলেই উপলব্ধি করি। দুঃখভরে বলতে হচ্ছে যে ট্রাম্প প্রাকৃতিক অথবা অর্থনৈতিক বাস্তবতা—কোনোটি দ্বারাই বিচলিত নন। যদিও এই মুহূর্তে কয়লাশিল্প অপেক্ষা নবায়নযোগ্য শক্তিতেই যুক্তরাষ্ট্রের দ্বিগুণ কর্মসংস্থান আছে, তবু ট্রাম্প কয়লাশিল্পকেই জাগাতে চাইছেন।

কিন্তু ট্রাম্প এটি পছন্দ করুন আর না-ই করুন, নবায়নযোগ্য জ্বালানি শুধু যুক্তরাষ্ট্রকেই নয়, বরং সমগ্র বিশ্ব অর্থনীতিকেই পাল্টে দিচ্ছে। ২০১৭ সালে নবায়নযোগ্য জ্বালানি অন্য সব জ্বালানির ওপরে আছে এবং বড় গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানগুলো অভ্যন্তরীণ দহননির্ভর ইঞ্জিনগুলোকে বিদ্যুৎ-চালিত ইঞ্জিনে রূপান্তরের ঘোষণা দিয়েছে। তা ছাড়া সমগ্র বিশ্বে জলবায়ু পরিবর্তনের হুমকি ইমারত নির্মাণ বিনিয়োগের ক্ষেত্রে একটা চাবিকাঠি হিসেবে কাজ করছে।

২০১৭-এর নভেম্বরে জার্মানির বনে অনুষ্ঠিত জাতিসংঘের জলবায়ু পরিবর্তনের সম্মেলনে আমরা দেখতে পাই যে চীন ও ইউরোপীয় ইউনিয়ন আমেরিকার ছেড়ে যাওয়া বৈশ্বিক জলবায়ু কার্যক্রম চালিয়ে নিচ্ছে। আমরা আশাবাদী যে ২০১৮ সালেও এ রকম আরও দৃষ্টান্ত ও প্রচেষ্টা দেখব। যদি আমরা প্যারিস চুক্তির লক্ষ্যে পৌঁছাতে চাই, তবে ভবিষ্যতে আরও বড় পরিসরে এবং আরও উচ্চাভিলাষী পরিকল্পনা হাতে নিতে হবে। ২০১৭ আমাদের শিখিয়েছে যে ট্রাম্প আমাদের সঙ্গে থাকুন আর না-ই থাকুন, নবায়নযোগ্য শক্তির অপরিহার্যতা অনস্বীকার্য এবং এই শক্তিই যুক্তরাষ্ট্রসহ সর্বত্র পরিবর্তন নিয়ে আসছে।

স্বত্ব: প্রজেক্ট সিন্ডিকেট, অনুবাদ: মো. ফাহাদ হোসেন।

লরেন্স তুবিয়ানা: ইউরোপিয়ান ক্লাইমেট ফাউন্ডেশনের প্রধান নির্বাহী।